খুঁজুন
, ,

নগরকান্দায় ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ সুপার

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ৯:৩৪ অপরাহ্ণ
নগরকান্দায় ব্রিজের নিচে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ সুপার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নগরকান্দা থানা পুলিশ। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকাল ৯ টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ফরিদপুর–বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাংগী ইউনিয়নের নারানখালী ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহটির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে ব্রিজের নিচে পড়ে থাকা মরদেহটি দেখতে পেয়ে পথচারীরা থানায় খবর দেন। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক পর্যবেক্ষণে মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে এটি হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণে মৃত্যু—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার গুরুত্ব বিবেচনায় ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। এ সময় তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং তদন্ত কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি দ্রুত মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশনা প্রদান করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নগরকান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান এবং নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদসহ থানার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি আশপাশের থানা ও জেলার নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাই করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিত করতে গণমাধ্যম ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তাও চাওয়া হয়েছে।

এ ঘটনায় নগরকান্দা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে কলায় রাসায়নিক স্প্রে, ইউএনওকে দেখেই দোকান রেখে চম্পট ব্যবসায়ীর

রাসায়নিক স্প্রে ছিটিয়ে মাত্র তিন দিনে কাঁচা কলা পাকিয়ে বাজারে বিক্রির অভিযোগে ফরিদপুরের সালথায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

অভিযানের আঁচ পেয়ে দোকান রেখেই পালিয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী সেকেন শেখ। পরে তাঁর দোকানে তল্লাশি চালিয়ে কলায় স্প্রে করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও আলামত জব্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ফুলবাড়িয়া বাজারের ব্যবসায়ী সেকেন শেখ দীর্ঘদিন ধরে কাঁচা কলা সংগ্রহ করে তাতে রাসায়নিক স্প্রে প্রয়োগ করে দ্রুত পাকিয়ে আসছিলেন। স্বাভাবিকভাবে কলা পাকতে যে সময় লাগে, রাসায়নিকের মাধ্যমে মাত্র তিন দিনের মাথায় তা বিক্রির উপযোগী করা হচ্ছে। দেখতে চকচকে ও পাকা হলেও এসব কলায় কী ধরনের রাসায়নিক মেশানো হচ্ছে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকার মানুষ।

এলাকার বাসিন্দা এনামুল শেখ বলেন, ‘স্প্রে দেওয়া কলা কখনোই নিরাপদ হতে পারে না। এসব কলা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। না বুঝেই সাধারণ মানুষ এগুলো কিনে খাচ্ছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা দরকার।’

অভিযোগের বিষয়ে ব্যবসায়ী সেকেন শেখ বলেন, ‘এই কলা আমি নিজেও খাই, পরিবারকেও খাওয়াই। এখন পর্যন্ত কারও কোনো সমস্যা হয়নি। আমার ভুল হয়ে গেছে, সামনে আর এমন ব্যবসা করব না।’

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন বলেন, ‘অভিযান চালাতে গেলে দোকান ফেলে দৌড়ে পালিয়ে যান ওই ব্যবসায়ী। তাঁর দোকানে ঢুকে কলায় স্প্রে করার বিভিন্ন সামগ্রী পাওয়া গেছে। কী ধরনের রাসায়নিক ব্যবহার করা হতো, সেসবের আলামত সংগ্রহ করা হচ্ছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে।’

কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

শিশির খাঁন
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
কৃষকদল নেতা রাজু মোল্লা হত্যার বিচারের দাবিতে সদরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুরের সদরপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে এবং ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য (মেম্বার) মো. আক্তার মোল্লার ছেলে মো. রাজু মোল্লাকে মর্মান্তিক ভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীরা।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাহালুল মাতুব্বরের নেতৃত্বে সদরপুর উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরপুর টু কৃষ্ণপুর আঞ্চলিক সড়কটি প্রদক্ষিণ করে মোল্লা বাড়ির মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে বক্তারা অবিলম্বে রাজু মোল্লার মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি যেকোনো ধরনের নৈরাজ্য ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রব্বানী, উপজেলা যুবদল নেতা শরিফুল ইসলাম শরিফ, শ্রমিকদল নেতা মোতালেব হোসেন পেয়াদা, সদরপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শামীম শিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে বিএনপির মিছিল ও অবস্থান

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
ফরিদপুরে বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে বিএনপির মিছিল ও অবস্থান

ঝিরিঝিরি বৃষ্টি উপেক্ষা করে ঢাল-সরকি নিয়ে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দিয়ে কঠোর হুঁশিয়ারি দেন তারা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে নগরকান্দা উপজেলার কায়চাইল ইউনিয়নের ঝাটুরদিয়া বিশ্বরোড মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে ঢাল ও সরকিসহ দেশীয় অস্ত্র দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং লকডাউন বাস্তবায়ন করতে দেবেন না বলে জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহসভাপতি আলিমুজ্জামান সেলু, উপজেলা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন রাজু, পৌর যুবদলের আহ্বায়ক তৈবুর রহমান মাসুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু কায়েস মুন্সী, সদস্যসচিব জাহিদ মাতুব্বর, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম জন্টু এবং উপজেলা যুবদলের সদস্য মো. জুয়েল মাতুব্বর ও মো. জাকির হোসেনসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি নেতারা বলেন, এলাকায় কোনো ধরনের নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। লকডাউনের নামে জনজীবন ও স্বাভাবিক চলাচল ব্যাহত করার চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এ জন্য দলীয় নেতাকর্মীদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, সারা দেশে আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে নগরকান্দার ঝাটুরদিয়া বিশ্বরোড এলাকায় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।