খুঁজুন
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ২২ ফাল্গুন, ১৪৩২

ভাঙাচোরা সড়কে চরম ভোগান্তি, সালথায় রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবাদ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:২৩ পিএম
ভাঙাচোরা সড়কে চরম ভোগান্তি, সালথায় রাস্তার মাঝে খুঁটি পুঁতে প্রতিবাদ

ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের রাঙারদিয়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১১ টার দিকে এলাকাবাসী রাস্তার মাঝখানে খুঁটি পুঁতে প্রতীকী প্রতিবাদ জানান এবং উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। তবে এর আগে একাধিক বার উপজেলা প্রশাসনের কাছে চিঠি দিয়েও প্রতিকার মেলেনি বলে ওই এলাকার একাধিক ব্যক্তির অভিযোগ।

স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে রাঙারদিয়া পূর্বপাড়া পাকা রাস্তা থেকে একই গ্রামের স্লুইচগেট এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এই সড়কটি বেহাল অবস্থায় রয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে হাঁটা-চলা তো দূরের কথা, কোনো যানবাহনও চলাচল করতে পারে না। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাতায়াত করাও হয়ে ওঠে অত্যন্ত দুরূহ।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দিয়ে নিয়মিত ভারী ট্রাক ও বড় যানবাহন চলাচল করায় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে গেছে। ফলে অনেক জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বাধ্য হয়ে স্থানীয় মানুষজন পাশের ফসলি জমির ভেতর দিয়ে চলাচল করছেন। এতে কৃষিজমির ফসল নষ্ট হচ্ছে এবং কৃষকরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

স্থানীয় বাসিন্দা ও সালথা উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “এই রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন চলাচল করতে হয়। কিন্তু বৃষ্টি হলে রাস্তাটা একেবারে কাদার সাগরে পরিণত হয়। আমাদের মা-বোনদের চলাচল করতে খুব কষ্ট হয়। অনেক সময় শিক্ষার্থীরাও স্কুলে যেতে পারে না।”

আরেক বাসিন্দা শারমিন আক্তার বলেন, “অসুস্থ রোগী নিয়ে এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়া প্রায় অসম্ভব হয়ে যায়। তাই দ্রুত রাস্তাটি মেরামত করা খুবই জরুরি।”

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ‘ফরিদপুর প্রতিদিন’-কে বলেন, “রাঙারদিয়া গ্রামের সড়কটির বিষয়ে আমরা অবগত নই, তবে আপনার মাধ্যমে এই প্রথম জানতে পারলাম। প্রতিবাদকারীরা আমাদের সাথে যোগাযোগ করলে অথবা ওই এলাকার ইউপি চেয়ারম্যান বা মেম্বার দিয়ে আমাকে অবহিত করলে গুরুত্ব অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে এলাকাবাসীর দাবি, সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা এবং ভারী যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হোক। এতে করে স্থানীয় মানুষের ভোগান্তি কমবে এবং কৃষিজমিরও ক্ষতি রোধ করা সম্ভব হবে।

গাড়িতে তেল নেওয়ার পরিমাণ বেঁধে দিল বিপিসি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম
গাড়িতে তেল নেওয়ার পরিমাণ বেঁধে দিল বিপিসি

মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। মানুষ আতঙ্কিত হয়ে ফিলিং স্টেশনে ভিড় করছে এবং বেশি বেশি তেল কিনছে। তাই ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

শুক্রবার (০৬ মার্চ) বিপিসির এক নির্দেশনায় বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে ২ লিটার পেট্রল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে ১০ লিটার তেল।

স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি (যা জিপ নামে পরিচিত) ও মাইক্রোবাস দিনে পাবে ২০ থেকে ২৫ লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে ৭০ থেকে ৮০ লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক দৈনিক ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারবে।

নির্দেশনায় বলা হয়েছে, দেশের ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় ৯৫ শতাংশ বিদেশ হতে আমদানি করতে হয়। বৈশ্বিক সংকটময় পরিস্থিতিতে দেশের জ্বালানি তেলের আমদানি ব্যবস্থাপনা মাঝেমধ্যে বাধাগ্রস্ত/বিলম্বিত হয়। চলমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে বিভিন্ন গণমাধ্যম/সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি নিয়ে নেতিবাচক সংবাদ প্রচার হওয়ায় ভোক্তা/গ্রাহকদের মধ্যে অতিরিক্ত চাহিদার প্রবণতা লক্ষ্যে করা যাচ্ছে। অতিরিক্ত চাহিদা পূরণের লক্ষ্যে ডিলারেরা বিগত সময়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ জ্বালানি তেল ডিপো থেকে সংগ্রহের চেষ্টা করছেন।

নির্দেশনায় আরও বলা হয়, কিছু কিছু ভোক্তা ও ডিলার ফিলিং স্টেশন হতে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে অননুমোদিতভাবে মজুত করার চেষ্টা করছেন মর্মে খবর প্রকাশ হচ্ছে, যা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসিসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।

জনগণের আতঙ্ক কমানোর লক্ষ্যের কথা জানিয়ে নির্দেশনায় বলা হয়, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য বিদেশ হতে আমদানি কার্যক্রম/সূচি নির্ধারিত রয়েছে। নিয়মিতভাবে চালান দেশে আনা হচ্ছে। পাশাপাশি ডিলারদের সাময়িকভাবে প্রধান স্থাপনা হতে সারা দেশের সব ডিপোতে নিয়মিতভাবে রেল ওয়াগন/ট্যাংকারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে। আশা করা যাচ্ছে, স্বল্প সময়ের মধ্যে দেশে জ্বালানি তেলের বাফার স্টক (পর্যাপ্ত মজুত) গড়ে উঠবে।

রসিদ দেখিয়ে তেল নিতে হবে

ফিলিং স্টেশন থেকে ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও দাম উল্লেখ করে রসিদ দিতে হবে এবং প্রতিবার তেল কেনার সময় আগের রসিদ দেখাতে হবে বলে উল্লেখ করা হয় নির্দেশনায়।

বিপিসি আরও বলেছে, ডিলারেরা বরাদ্দ ও ভোক্তার ক্রয় রসিদ গ্রহণ করে তেল সরবরাহ করবে। ফিলিং স্টেশনগুলো জ্বালানি তেলের মজুত ও বিক্রির তথ‍্য ডিপোতে প্রদান করে জ্বালানি তেল গ্রহণ করবে।

ডিলারদের জ্বালানি তেল সরবরাহের আগে বর্তমান বরাদ্দ ও মজুতের তথ‍্য পর্যালোচনা করে সরবরাহ করা হবে এবং কোনো অবস্থায় বরাদ্দের চেয়ে বেশি তেল দেওয়া যাবে না বলেও উল্লেখ করেছে বিপিসি।

এদিকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে আজ ছুটির দিনেও উপচে পড়া ভিড় দেখা গেছে।

যেমন পরিবাগে মেঘনা মডেল সার্ভিস সেন্টার ফিলিং স্টেশনের সামনে থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে হয়ে শাহবাগ মেট্রোরেলের নিচ পর্যন্ত মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন দেখা যায়। লাইনে দাঁড়ানো নিয়ে মোটরসাইকেল দুপুর সোয়া ১২টার দিকে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের মধ্যে তর্ক-বিতর্ক হতে দেখা যায়। কে কার আগে যাবেন, এ নিয়ে কেউ কেউ হাতাহাতিতে লিপ্ত হন।

৫০ মিনিট লাইনে দাঁড়িয়ে তেল নিয়েছেন উবারচালক নাজমুল হাসান। তিনি শাহবাগ মেট্রোরেলের স্টেশনের নিচ থেকে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন বলে জানান। প্রায় ৫০ মিনিট পর তেল নিতে পেরেছেন। এ সময়ে দুই থেকে তিনটি ভাড়া পেতেন বলে জানান এই চালক। বলেন, প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকার তেল লাগে। অন্যদের মানুষদের অল্প হলেও চলে, কিন্তু এই তেল ছাড়া তাঁদের চলবে না।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা চলছে ২৮ ফেব্রুয়ারি থেকে। ইরানও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে যুদ্ধ। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় জ্বালানি তেল নিয়ে সংকটের আশঙ্কা রয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বলছে, জ্বালানি পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। দেশে জ্বালানি তেলের মজুত ফুরিয়ে যায়নি। তবে অনেকে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে তেল কিনছেন।

সূত্র : প্রথম আলো

সেহরিতে দুধ-কলা: শক্তি নাকি ক্ষতি—জানুন সত্যটা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৯:০৪ পিএম
সেহরিতে দুধ-কলা: শক্তি নাকি ক্ষতি—জানুন সত্যটা

রোজায় সেহরিতে এমন খাবার বেছে নিতে হয়, যা সারাদিনের রোজা রাখার শক্তি জোগাবে। তাই সেহরিতে কী খাওয়া হচ্ছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে অনেক পরিবারেই সেহরির টেবিলে দেখা যায় দুধ, কলা ও ভাত খেয়ে থাকে।

পেট ভরানো ও দ্রুত প্রস্তুত করা যায় বলে এটি বেশ জনপ্রিয়। অনেকেই সেহরিতে দুধ ভাত না হলে চলে না। তবে প্রশ্ন হলো সেহরিতে দুধ,কলা ভাত খেলে শরীরে কী প্রভাব পড়ে তা জেনে নেওযা যাক ।

শক্তির ভালো উৎস

দুধ,কলা ভাত তিনটি খাবারই শক্তির ভালো উৎস। ভাত থেকে পাওয়া যায় কার্বোহাইড্রেট, যা শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয়ে দ্রুত শক্তি দেয়। কলা প্রাকৃতিক চিনি, পটাশিয়াম ও ফাইবারে সমৃদ্ধ। এটি পেশির কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে এবং দীর্ঘ সময় না খেয়ে থাকার সময় দুর্বলতা কমাতে সহায়ক হতে পারে। অন্যদিকে দুধে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম ও কিছু স্বাস্থ্যকর চর্বি, যা শরীরকে ধীরে ধীরে শক্তি জোগায়।

দীর্ঘক্ষণ পেট ভরা রাখে

এই তিনটি একসঙ্গে খেলে শরীর কার্বোহাইড্রেট, প্রোটিন ও খনিজ পাওয়া যায়। ফলে অনেকের ক্ষেত্রে দুপুর পর্যন্ত ক্ষুধা কম লাগে। বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন বা দীর্ঘ সময় কাজ করতে হয়, তাদের জন্য এই সংমিশ্রণটি তাৎক্ষণিক ও স্থায়ী শক্তি দুটোই দিতে পারে।

ঘুম হয়

ভাতে থাকা কার্বোহাইড্রেট শরীরে ট্রিপটোফ্যান নামের অ্যামিনো অ্যাসিডের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে, যা থেকে ‘সেরোটোনিন’ হরমোন তৈরি হয়। সেরোটোনিন মনের স্থিতি ভালো রাখতে এবং শরীরকে শান্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেহরিতে ভাত খেলে এই প্রক্রিয়ার মাধ্যমে শরীর কিছুটা আরাম অনুভব করতে পারে, ফলে খাওয়ার পর স্বাভাবিকভাবেই ঘুম ঘুম ভাব আসতে পারে।

পুষ্টিবিদদের মতে, সেহরির খাবারে জটিল কার্বোহাইড্রেট, পর্যাপ্ত প্রোটিন ও ফাইবার থাকা উচিত। দুধ,কলা,ভাতের সঙ্গে যদি সামান্য বাদাম, চিয়া সিড বা এক টুকরো ফল যোগ করা যায়, তাহলে পুষ্টিমান আরও বাড়ে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি, যাতে সারাদিন পানিশূন্যতা না হয়।

তবে সেহরিতে দুধ ভাত খেলে সমস্যা ও হয় যেমন –

অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিক

দুধ ও কলা একসঙ্গে খেলে অনেকের ক্ষেত্রে হজমে সমস্যা হয়। আবার কারো কারোক্ষেত্রে অস্বস্তি তৈরি হতে পারে। বিশেষ করে যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তারা দুধ খেলে পেট ফাঁপা, গ্যাস, পেটব্যথা কিংবা ডায়রিয়ার মতো সমস্যায় ভুগতে পারেন।

একইভাবে যাদের দুধে অ্যালার্জি আছে, তাদের জন্য দুধ–ভাতের সংমিশ্রণও হজমে সমস্যা তৈরি করতে পারে। ভাত বেশি পরিমাণে খাওয়া হলে তা হজম হতে সময় নেয়, ফলে পেটে ভারী ভাব বা অস্বস্তি বাড়তে পারে।

দ্রুত রক্তে শর্করা ওঠানামা

ভাত ও কলা-দুটিই কার্বোহাইড্রেটসমৃদ্ধ। একসঙ্গে বেশি পরিমাণে খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যেতে পারে। কিছুক্ষণ পর আবার তা কমে গিয়ে দুর্বলতা, মাথা ঘোরা বা অতিরিক্ত ক্ষুধা লাগতে পারে। তাই যাদের ডায়াবেটিস বা হজমের সমস্যা আছে, তারা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে সেহরির খাবার ঠিক করাই ভালো।

হজম ধীর হওয়া

দুধে থাকা প্রোটিন ও চর্বি এবং ভাতে থাকা কার্বোহাইড্রেট একসঙ্গে হজম হতে সময় নেয়। কারো কারো ক্ষেত্রে এতে অম্বল বা বুক জ্বালাপোড়া দেখা দিতে পারে এবং অস্বস্তি তৈরি করতে পারে।

যেভাবে অসুবিধা কমানো যায়

১. পরিমাণ কম রাখুন।

২. দুধের বদলে ল্যাকটোজ-ফ্রি দুধ ব্যবহার করতে পারেন (যদি সহ্য না হয়)।

৩. সাদা ভাতের বদলে লাল চাল বা পরিমিত পরিমাণ নিন।

৪. পর্যাপ্ত পানি পান করুন।

৫. খাওয়ার পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না।

ফরিদপুরে তিনদিনব্যাপী “রমাদান ফেস্টিভ্যাল” শুরু, গণইফতারে অংশ নিলেন দুই হাজার মানুষ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৭:৪৪ পিএম
ফরিদপুরে তিনদিনব্যাপী  “রমাদান ফেস্টিভ্যাল” শুরু, গণইফতারে অংশ নিলেন দুই হাজার মানুষ

পবিত্র মাহে রমজানকে ঘিরে ধর্মীয় আবহ, সামাজিক সম্প্রীতি ও উদ্যোক্তা কার্যক্রমকে উৎসাহিত করতে ফরিদপুরে শুরু হয়েছে তিনদিনব্যাপী “রমাদান ফেস্টিভ্যাল”।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে শহরের সিভিল সার্জন কার্যালয়ের সামনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়। স্থানীয় সামাজিক সংগঠন ইউনাইটেড ফরিদপুর এ আয়োজনের উদ্যোগ নেয়।

ফেস্টিভ্যালের উদ্বোধন উপলক্ষে বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গণইফতারের আয়োজন করা হয়। ইউনাইটেড ফরিদপুরের সভাপতি জুরাইস ইবনে আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব, সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক অধ্যাপক প্রফেসর আব্দুল বাতেন এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীমসহ অন্যান্য অতিথিরা।

এ সময় মাহে রমজানের তাৎপর্য ও মানবিক শিক্ষার ওপর আলোচনা করেন ফরিদপুর মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা হাবিবুর রহমান। তিনি বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি আত্মশুদ্ধি, সহমর্মিতা এবং সমাজে নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ সময়।

বক্তারা বলেন, এ ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে স্থানীয় ক্ষুদ্র ও নতুন উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ সৃষ্টি করে, যা স্থানীয় অর্থনীতিকে গতিশীল করতে সহায়ক।

অনুষ্ঠানের শেষপর্বে ফরিদপুরের খান ভিলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোহাম্মদ শাহাদাত হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পরে আয়োজিত গণইফতার মাহফিলে প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে সাধারণ মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নিয়ে একসঙ্গে ইফতার করেন।

রমাদান ফেস্টিভ্যাল উপলক্ষে প্রায় ৫০টি স্টল বসেছে, যেখানে দেশীয় খাবার, পোশাক, ইসলামী সামগ্রী, হস্তশিল্প ও বিভিন্ন উদ্যোক্তার পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। আগামী ৮ মার্চ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল।

আয়োজকরা জানান, প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা ও বিভিন্ন সামাজিক কার্যক্রমও অনুষ্ঠিত হবে।