খুঁজুন
বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ২১ মাঘ, ১৪৩২

অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে যেসব খাবার এড়িয়ে চলবেন?

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৬:৪৩ এএম
অ্যাজমা নিয়ন্ত্রণে রাখতে যেসব খাবার এড়িয়ে চলবেন?

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হওয়া, বুক ভারী লাগা বা রাতে ঘুম ভেঙে যাওয়া; অ্যাজমা রোগীদের কাছে এসব খুব পরিচিত সমস্যা। কিন্তু অনেকেই জানেন না, প্রতিদিনের খাবারও কখনো কখনো এই শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে। আবার ঠিক খাবার বেছে নিলে অ্যাজমার উপসর্গ কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

চিকিৎসকরা বলছেন, অ্যাজমা কোনো খাবারে সেরে যায় না। তবে সঠিক খাদ্যাভ্যাস ফুসফুস ভালো রাখতে সাহায্য করে এবং শ্বাসনালির প্রদাহ কমাতে ভূমিকা রাখে। তাই অ্যাজমা থাকলে কোন খাবার খাবেন আর কোন খাবার এড়িয়ে চলবেন, তা জানা জরুরি।

অ্যাজমার জন্য কি আলাদা কোনো ডায়েট দরকার

অ্যাজমার জন্য নির্দিষ্ট কোনো ডায়েট এখনো নেই। তবে গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত ফাস্ট ফুড ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খান, তাদের মধ্যে অ্যাজমার সমস্যা বেশি দেখা যায়।

অন্যদিকে, তাজা ফল, শাকসবজি ও পুষ্টিকর খাবার খেলে ফুসফুসের কার্যক্ষমতা ভালো থাকে এবং শরীরের প্রদাহ কমে।

পুষ্টিকর খাবার কেন গুরুত্বপূর্ণ

ভিটামিন ও খনিজসমৃদ্ধ খাবার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে শ্বাসনালির ভেতরের জ্বালা বা ফোলা কমতে পারে। দীর্ঘদিন সুষম খাবার খেলে অ্যাজমার আক্রমণ তুলনামূলক কম হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করেন।

অ্যাজমা থাকলে যেসব খাবার উপকারী

ভিটামিন সি সমৃদ্ধ খাবার : কমলা, লেবু, স্ট্রবেরি, আপেল, ক্যাপসিকাম ও ব্রোকলি ফুসফুসের জন্য ভালো।

ভিটামিন ই : বাদাম, চিনাবাদাম, সূর্যমুখী বীজ ও অ্যাভোকাডো শ্বাসনালির প্রদাহ কমাতে সাহায্য করে।

ভিটামিন এ ও বিটা ক্যারোটিন : গাজর, মিষ্টি আলু, পালং শাক ও ব্রোকলি ফুসফুস সুস্থ রাখতে সহায়ক।

ভিটামিন ডি : সালমন মাছ, ডিম, ফোর্টিফায়েড দুধ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

সেলেনিয়াম : ডিম, মাছ, ব্রাউন রাইস ও বাদাম ফুসফুসের কর্মক্ষমতা ধরে রাখতে সাহায্য করে।

ম্যাগনেসিয়াম : কুমড়ার বীজ, ডার্ক চকলেট, টফু ও অ্যাভোকাডো শ্বাসপ্রশ্বাস সহজ করতে সহায়ক।

যেসব খাবার অ্যাজমার সমস্যা বাড়াতে পারে

কিছু খাবার অ্যাজমা রোগীদের জন্য ট্রিগার হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে যাদের সংবেদনশীলতা আছে, তাদের ক্ষেত্রে সমস্যা বেশি হয়।

সালফাইটযুক্ত খাবার : ওয়াইন, শুকনো ফল, আচার ও বোতলজাত লেবুর রস শ্বাসকষ্ট বাড়াতে পারে।

গ্যাস তৈরি করে এমন খাবার : বাঁধাকপি, পেঁয়াজ, বিট, কোমল পানীয় ও ভাজাপোড়া খাবার বুকের চাপ বাড়াতে পারে।

সালিসাইলেট সংবেদনশীলদের জন্য : কফি, চা ও কিছু মসলা কারও কারও শ্বাসকষ্ট বাড়াতে পারে।

অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার : ফাস্ট ফুড ও কৃত্রিম উপাদানযুক্ত খাবার শরীরে প্রদাহ বাড়ায়।

অ্যালার্জি সৃষ্টি করতে পারে এমন খাবার

দুধ, গম, সামুদ্রিক মাছ বা বাদাম কিছু মানুষের ক্ষেত্রে অ্যাজমা বাড়াতে পারে। এটি ব্যক্তি ভেদে আলাদা।

ওজন নিয়ন্ত্রণও জরুরি

চিকিৎসকরা বলছেন, অতিরিক্ত ওজন থাকলে অ্যাজমার সমস্যা আরও বেড়ে যেতে পারে। তাই স্বাস্থ্যকর ওজন ধরে রাখা খুব জরুরি। নিয়মিত হালকা ব্যায়াম ও সুষম খাবার অ্যাজমা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে ব্যায়াম শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অ্যাজমা নিয়ন্ত্রণের জন্য কোনো ম্যাজিক ডায়েট নেই। তবে প্রতিদিনের খাবারে একটু সচেতন হলেই শ্বাস নিতে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। ফাস্ট ফুড কমানো, বেশি করে ফল ও শাকসবজি খাওয়া এবং নিজের শরীর কোন খাবারে সমস্যা করছে তা বুঝে চলাই সবচেয়ে ভালো উপায়।

খাদ্যাভ্যাসে বড় পরিবর্তনের আগে চিকিৎসকের সঙ্গে কথা বলুন এবং নিজে থেকে কখনোই ওষুধ বন্ধ করবেন না। সুস্থ শ্বাসের জন্য খাবার হোক আপনার নীরব সহায়।

সূত্র : Health Line

ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি, শেষরক্ষা হলো না মাদক মামলার পলাতক আসামির

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৯ এএম
ফরিদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি, শেষরক্ষা হলো না মাদক মামলার পলাতক আসামির

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. সাদ্দাম শেখ (২৪)। তিনি ফরিদপুর শহরের খোদাবক্স রোড, কসাই বাড়ি সড়ক এলাকার বাসিন্দা এবং মো. শেখ শহিদের ছেলে।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প থেকে বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর সদরের শিবরামপুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-১০-এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে কোতয়ালী থানার জিআর মামলা নম্বর- ৫৫৬/১৪ এর আলোকে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার টেবিল ২২(গ) অনুযায়ী ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. সাদ্দাম শেখকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছে যে, সাজা এড়াতে সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। র‌্যাবের নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতার ফলে শেষ পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

র‌্যাব-১০-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক সংক্রান্ত অপরাধ দমনে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “মাদকদ্রব্য সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকি। মাদকের সঙ্গে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”

 

রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ফরিদপুর: আজ তারেক রহমানের জনসভা, প্রস্তুত বিএনপি

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৬ এএম
রাজনীতির কেন্দ্রবিন্দু এখন ফরিদপুর: আজ তারেক রহমানের জনসভা, প্রস্তুত বিএনপি

নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি) ফরিদপুরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে ফরিদপুর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। জনসভাকে ঘিরে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছেন।

বিএনপি সূত্রে জানা গেছে, এই প্রথম ফরিদপুর সফরে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে তাকে বহনকারী হেলিকপ্টার ফরিদপুর স্টেডিয়ামে অবতরণ করবে। সেখান থেকে একটি সুসজ্জিত গাড়িবহর নিয়ে তিনি সরাসরি শহরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভাস্থলে যাবেন। আজ দুপুর ২টায় শুরু হতে যাওয়া এ জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

বিভাগীয় এ জনসভাকে কেন্দ্র করে রাজেন্দ্র কলেজ মাঠ ও আশপাশের এলাকায় তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ। মাঠজুড়ে বসানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ফরিদপুরসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলা—ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর থেকে নেতা–কর্মী ও সমর্থকদের ঢল নামবে এই জনসভায়। এতে লাখো মানুষের সমাগম হবে বলে আশা করছেন আয়োজকরা।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি মো. রাজিব হোসেন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন,“তারেক রহমানের ফরিদপুর আগমন আমাদের জন্য ঐতিহাসিক ও প্রেরণাদায়ক একটি ঘটনা। তরুণ প্রজন্মের মাঝে বিএনপির রাজনীতিকে আরও শক্তিশালী করতে এই জনসভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যুবদলসহ বিএনপির সব অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দিনরাত পরিশ্রম করে জনসভা সফল করার জন্য কাজ করছে। আমরা আশা করছি, আজকের জনসভা ফরিদপুরের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “এই জনসভা থেকে তারেক রহমান দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন। তরুণ সমাজ তার বক্তব্য থেকে নতুন অনুপ্রেরণা পাবে।”

ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ নতুন উদ্যমে সংগঠিত হচ্ছে। ফরিদপুরের মানুষ দীর্ঘদিন ধরে তারেক রহমানকে সরাসরি দেখার অপেক্ষায় ছিল। সেই অপেক্ষার অবসান ঘটছে আজ। আমরা বিশ্বাস করি, এই জনসভা থেকে জনগণ গণতন্ত্র, ভোটাধিকার ও একটি জবাবদিহিমূলক সরকারের পক্ষে আরও ঐক্যবদ্ধ হবে।”

তিনি বলেন, “ফরিদপুর ঐতিহ্যগতভাবে গণতন্ত্রকামী মানুষের এলাকা। আজকের জনসভা প্রমাণ করবে, বিএনপি এখনো জনগণের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক শক্তি। আমরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছি।”

উল্লেখ্য, তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে ফরিদপুরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জনসভা সফল করতে বিএনপির স্থানীয় ইউনিটগুলো একযোগে কাজ করছে। সব মিলিয়ে আজকের জনসভাকে ঘিরে ফরিদপুরে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

‘ইনসাফের কথা’

মামুন সিকদার
প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৩ এএম
‘ইনসাফের কথা’

মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল,
এক হাদি’কে গুলিবিদ্ধ করে
ক্ষান্ত করিতে পারিবে না বল।

মোরা শত শত হাদি আছি বাংলা জুড়ে
ক’টা গুলি আছে বল? হায়েনার দল,
মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল।

মোরা থামবো না, মোরা থামবো না
ইনসাফের পথে করিবো সংগ্রাম,
বাংলা জুড়ে যারা করে ছল
অপশক্তি বিনাশ করিবো, আমরা আছি যারা।

তবু থামবো না, তবু থামবো না
আসুক যত ঝড় ও তুফান,
মোরা ঊষার পথের তরুণের দল
ইনসাফের কথা বলিবো সচল।