খুঁজুন
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২৪ ফাল্গুন, ১৪৩২

অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০টি হালাল ব্যবসা

ইসলাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৯ পিএম
অল্প পুঁজিতে এখনই শুরু করতে পারেন এমন সেরা ১০টি হালাল ব্যবসা

বর্তমান সময়ে ব্যবসা শুরু করা যে কতটা চ্যালেঞ্জিং, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোটি কোটি টাকা খরচ করেও অনেক ব্যবসা টিকে থাকতে পারছে না। এমন বাস্তবতায় অল্প বা প্রায় বিনা পুঁজিতে হালাল ব্যবসা শুরু করা সম্ভব— এ কথাটি অনেকের কাছেই হয়তো অবিশ্বাস্য মনে হতে পারে।

তবে বাস্তবতা হলো, সঠিক পরিকল্পনা, অদম্য চেষ্টা, ধৈর্য ও সততার সমন্বয় ঘটাতে পারলে হালাল উপায়ে ব্যবসা করে সফল হওয়া এখনো সম্ভব। এখানে যেসব হালাল ব্যবসার কথা বলা হচ্ছে, সেগুলোর বেশিভাগ ক্ষেত্রেই বড় অঙ্কের মূলধনের প্রয়োজন নেই। বরং প্রয়োজন আন্তরিকতা, সময় দেওয়ার মানসিকতা এবং ধারাবাহিক পরিশ্রম।

চলুন, জেনে নেওয়া যাক এমন ১০টি হালাল ব্যবসার ধারণা, যেগুলো আপনি চাইলে এখনই শুরু করতে পারেন।

১. অনলাইন হালাল ফুড স্টোর (ড্রপশিপিং)

নিজের এলাকায় থাকা কোনো হালাল খাবারের দোকানের সঙ্গে চুক্তি করে তাদের পণ্য অনলাইনে বিক্রি করতে পারেন। নিজের ওয়েবসাইট বা ফেসবুক পেজে পণ্য তুলে অর্ডার নেবেন, টাকা পাওয়ার পর সরবরাহকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে কাস্টমারের কাছে পাঠিয়ে দেবেন।

এ পদ্ধতিকে বলা হয় ড্রপশিপিং। এতে আপনাকে আগে পণ্য কিনে রাখার প্রয়োজন নেই। বিশেষ করে মুসলিম সংখ্যালঘু দেশগুলোতে এই মডেল বেশ জনপ্রিয়।

২. গ্লোবাল ইসলামিক ইকোনমি নিয়ে ব্লগিং

আপনার লেখালেখির দক্ষতা থাকলে এবং হালাল অর্থনীতি নিয়ে আগ্রহ থাকলে ব্লগিং হতে পারে দারুণ একটি হালাল ব্যবসা। হালাল ফুড, ইসলামিক ফাইন্যান্স, মডেস্ট ফ্যাশন, হালাল ট্যুরিজম, হালাল কসমেটিকস— এ ধরনের বিষয়ে নিয়মিত মানসম্মত লেখা প্রকাশ করলে অল্প সময়েই পাঠক তৈরি করা সম্ভব।

‘দ্য হালাল টাইমস’ এ ধরনের ব্লগিংয়ের একটি বাস্তব উদাহরণ।

৩. অনলাইন বা অফলাইনে কোরআন শিক্ষা

যদি আপনি সঠিকভাবে কোরআন তিলাওয়াত ও শিক্ষা দিতে পারেন, তবে শিশু ও বড়দের জন্য অনলাইন বা অফলাইন কোরআন শিক্ষার ব্যবস্থা করতে পারেন।

বিশেষ করে মুসলিম সংখ্যালঘু দেশগুলোতে এর চাহিদা অনেক বেশি। সঠিক ব্যবস্থাপনায় এটি সময়ের সঙ্গে বড় পরিসরের ব্যবসায় রূপ নিতে পারে।

৪. অনলাইনে হিজাব ও মডেস্ট পোশাক বিক্রি

হিজাব ও পর্দাশীল পোশাকের চাহিদা বিশ্বজুড়ে বাড়ছে। স্বল্প পুঁজিতে চীন বা অন্য দেশ থেকে হিজাব সংগ্রহ করে ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি শুরু করা যায়। বিশেষ করে নারীদের জন্য এটি ভালো একটি পার্টটাইম হালাল ব্যবসা হতে পারে।

৫. হজ ও ওমরাহ ট্রাভেল এজেন্সি

হজ ও ওমরাহ সেবার সঙ্গে যুক্ত ব্যবসা একটি প্রতিষ্ঠিত ও আস্থাভিত্তিক হালাল ব্যবসা। শুরুতে কিছু অভিজ্ঞতা ও পার্টনারশিপ প্রয়োজন হলেও, একবার সঠিকভাবে দাঁড়িয়ে গেলে এটি লাভজনক একটি খাত।

৬. মডেস্ট ফ্যাশন ডিজাইনার হওয়া

বিশ্বব্যাপী মডেস্ট ফ্যাশন ইন্ডাস্ট্রির বাজার প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলার। ডিজাইন সম্পর্কে ধারণা থাকলে এবং নতুন কিছু উপস্থাপন করতে পারলে এই খাতে কাজের সুযোগ বিশাল।

৭. হালাল বেড অ্যান্ড ব্রেকফাস্ট

যদি আপনার বাড়িতে অতিরিক্ত কক্ষ থাকে এবং এলাকা পর্যটনসমৃদ্ধ হয়, তাহলে হালাল বেড অ্যান্ড ব্রেকফাস্ট চালু করতে পারেন। মুসলিম পর্যটকদের জন্য এটি বেশ আকর্ষণীয় একটি সেবা।

৮. হালাল বিজনেস ডিরেক্টরি তৈরি

ডিজিটাল মার্কেটিং ও ওয়েবসাইট ডেভেলপমেন্ট সম্পর্কে ধারণা থাকলে একটি অনলাইন হালাল বিজনেস ডিরেক্টরি তৈরি করতে পারেন। এতে বিভিন্ন হালাল ব্যবসা তালিকাভুক্ত করে বিজ্ঞাপন ও প্রমোশনের মাধ্যমে আয় করা সম্ভব।

৯. নারীদের জন্য হালাল মেকআপ সার্ভিস

নারীদের জন্য এটি একটি ভালো উদ্যোগ। ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে নিজের মেকআপ সার্ভিস প্রচার করে স্থানীয়ভাবে কাজ শুরু করা যায়।

১০. হিজামা (কাপিং থেরাপি) সেবা

হিজামা রাসুল (সা.)-এর সুন্নত। সাম্প্রতিক বছরগুলোতে এর চাহিদা অনেক বেড়েছে। প্রশিক্ষণ নিয়ে পেশাদারভাবে হিজামা সেবা চালু করলে অল্প সময়েই সুনাম ও গ্রাহক পাওয়া সম্ভব।

শেষ কথা

যে ব্যবসাই শুরু করুন না কেন- সাফল্যের মূল চাবিকাঠি হলো নিয়ত, সততা, পরিশ্রম ও ধৈর্য। হালাল ব্যবসা শুধু আয় নয়; এটি বরকত ও আত্মিক প্রশান্তির পথও খুলে দেয়। ভবিষ্যতে আরও নতুন হালাল ব্যবসার ধারণা নিয়ে আলোচনা করা হবে, ইনশাআল্লাহ।

সূত্র : দ্য হালাল টাইমস

ফরিদপুরে আ.লীগ নেতাকে জেলগেটে মালা পরালেন বিএনপির এমপি বাবুল

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৪:০১ পিএম
ফরিদপুরে আ.লীগ নেতাকে জেলগেটে মালা পরালেন বিএনপির এমপি বাবুল

ফরিদপুরে ১৭৫ দিন কারাগারে থাকার পরে রবিবার (৮ মার্চ) দুপুরে জেলা কারাগার থেকে জামিনে মুক্ত হলেন আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান ও ভাঙ্গায় ইউনিয়ন রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ম. ম. সিদ্দিক মিঞা (৫৭)।

মুক্তির পরে তাকে ফুলের মালা পড়িয়ে জেলগেটে স্বাগত জানান বিএনপির মনোনয়ন নির্বাচিত ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। এ সময় জেলগেটে একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে দেন।

ম. ম. সিদ্দিক মিঞা ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) সংসদীয় আসনে কেটে নেওয়ার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ছিলেন।

এ নিয়ে এলাকাবাসীর আন্দোলনের এক পর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ আটক করে। পরদিন ১৪ সেপ্টেম্বর তাকে পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।

রবিবার (৮ মার্চ) জেলমুক্তির পরে চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞাকে জেলগেটে স্বাগত জানান ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল। এ সময় জেলগেটে তারা একে অপরকে ফুলের মালা গলায় পরিয়ে দেন।

কারামুক্তির পরে ইউপি চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা বলেন, আমার জেলমুক্তির জন্য নবনির্বাচিত এমপি শহিদুল ইসলাম বাবুলের প্রতি আমি কৃতজ্ঞ।

অন্যদিকে ফরিদপুর-৪ আসনের এমপি শহিদুল ইসলাম বাবুল রবিবার বিকালে তার ফেসবুক আইডিতে লেখেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেপ্তারকৃত আলগী ইউনিয়নের চেয়ারম্যানসহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্ত করবো। আলহামদুলিল্লাহ আজকে সিদ্দিক চেয়ারম্যান মুক্ত হলো। আমি নিজে জেলগেটে থেকে তাকে রিসিভ করলাম।’

উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) থেকে কেটে ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। গত ৪ সেপ্টেম্বর এ বিষয়ে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের এ সিদ্ধান্ত মেনে নেয়নি এলাকাবাসী। এরপর থেকে ভাঙ্গায় প্রথমে দুই দফায় ৪ দিন মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ আলগী ও হামিরদী ইউনিয়নবাসী। এ আন্দোলনে সমর্থন জানায় ভাঙ্গার অন্যান্য ইউনিয়নের বাসিন্দারা। সমর্থন জানায় ভাঙ্গার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পুরো আন্দোলনের নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন আলগী ইউনিয়ন চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিঞা।

চার দিন অবরোধ চলার পরে আলগী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সেপ্টেম্বরের ১৪ তারিখ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন সকাল-সন্ধ্যা ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কর্মসূচি ঘোষণার কয়েক ঘণ্টা পরেই তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে পুলিশের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, পরবর্তীতে উচ্চ আদালতের মাধ্যমে ওই দুই ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ আসনে ফিরে আসে। এবং গত নির্বাচনে এ দুটি ইউনিয়নের বাসিন্দারা ফরিদপুর-৪ আসনেই ভোটাধিকার প্রয়োগ করেন।

শবে কদরের বিশেষ নামাজ ও আমলের বিধান

ইসলাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৫১ এএম
শবে কদরের বিশেষ নামাজ ও আমলের বিধান

লাইলাতুল কদর বা শবে কদর বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। রমজানের শেষ দশকের কোনো এক রাতে এই পবিত্র রজনী। নির্দিষ্ট করে লাইলাতুল কদর চিহ্নিত করা হয়নি। হাদিস শরিফে এসেছে, ‘তোমরা শেষ দশকের বেজোড় রাতে শবে কদর তালাশ করো।’ (বোখারি : ২০১৭)

মহিমান্বিত এই রজনী ঘিরে দেশের বিভিন্ন এলাকায় অনেক ধারণা প্রচলিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘শবে কদরের বিশেষ নামাজ ও আমল’। বিভিন্ন পুস্তিকায় এই নামাজ ও আমল নিয়ে বিভিন্ন নিয়মের কথাও লেখা থাকে।

আবার কেউ কেউ দাবি করেন, বিশেষ সুরা দিয়ে নামাজ পড়া বা নির্ধারিত রাকাত নামাজ বিশেষ সুরা দ্বারা আদায় করতে হয়। তাই প্রশ্ন জাগে, হাদিস শরিফে এই রাতে বিশেষ পদ্ধতির কোনো নামাজ বা আমল আছে কি? থাকলে এ ব্যাপারে শরয়ি বিধান কী?

এ প্রসঙ্গে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ বলেন, কোরআন-হাদিসে শবে কদর বা শবে বরাতের জন্য বিশেষ পদ্ধতির কোনো নামাজ নেই। সবসময় যেভাবে নামাজ পড়া হয়, সেভাবেই পড়বেন। অর্থাৎ দুই রাকাত করে যত রাকাত সম্ভব হয় আদায় করবেন এবং যে সুরা দিয়ে সম্ভব হয় পড়বেন। তদ্রূপ রোজা বা অন্যান্য আমলেরও বিশেষ কোনো পন্থা নেই।

এই দুই রাতে কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দোয়া-ইস্তেগফার ইত্যাদি নেক আমল যে পরিমাণ সম্ভব হয়, আদায় করবেন। তবে নফল নামাজ দীর্ঘ করা এবং সিজদায় দীর্ঘ সময় অতিবাহিত করা উচিত, যা হাদিস থেকে প্রতীয়মান হয়।

বিভিন্ন বই-পুস্তকে নামাজে যে নির্দিষ্ট নিয়ম-কানুন লেখা আছে, অর্থাৎ এত রাকাত হতে হবে, প্রতি রাকাতে এই এই সুরা এতবার পড়তে হবে- এগুলো ঠিক নয়। হাদিস শরিফে এ ধরনের কোনো নিয়ম নেই, এগুলো মানুষের মনগড়া পন্থা।

নফল আমল আদায়ের পদ্ধতি কী?

বিশুদ্ধ মতানুসারে, শবে বরাত ও শবে কদরের নফল আমলগুলো একাকী করণীয়। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে। এরপর যা কিছু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বেন। এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার প্রমাণ হাদিস শরিফে নেই , এমনকি সাহাবায়ে কেরামের যুগেও এর রেওয়াজ ছিল না। তবে কোনো আহ্বান ও ঘোষণা ছাড়া এমনিই কিছু লোক যদি মসজিদে এসে যায়, তাহলে প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবে, একে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টির কারণ হবে না। (ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম : ২/৬৩১-৬৪১ ও মারাকিল ফালাহ : পৃ. ২১৯)

সূত্র : কালবেলা

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করল সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৪৫ এএম
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করল সরকার

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মগুরুদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।

রোববার (৮ মার্চ) মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জাবিউল্লাহ জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার করে টাকা পাবেন। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা করে পাবেন।

প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে ৮ হাজার টাকা, এ থেকে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া প্রতি খ্রিস্টান চার্চের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পালক বা যাজক ৫ হাজার টাকা, সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা করে পাবেন।

প্রতি বছর ধর্মীয় উৎসবে মসজিদে কর্মরতদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ক্ষেত্রে ১ হাজার টাকা করে বছরে ২ বার এবং দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা বা বড়দিনের ক্ষেত্রে ২ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছেন ইসমাইল জাবিউল্লাহ। তবে যেসব মসজিদ সরকারি ও দেশি বা বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত, সেসব ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে।

তিনি আরও জানান, এ সম্মানী দেওয়ার ক্ষেত্রে চলতি অর্থবছরে মার্চ-জুনে ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। সম্মানীগুলো ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে দেওয়া হবে।