খুঁজুন
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১৮ ফাল্গুন, ১৪৩২

আত্মাকে পবিত্র করতে চান? রমজানে মানুন এই ৫ উপায়

ইসলাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৭:৪৬ এএম
আত্মাকে পবিত্র করতে চান? রমজানে মানুন এই ৫ উপায়

রমজান শুধু রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি ও হৃদয়ের চিকিৎসার শ্রেষ্ঠ সময়। সারা বছরের গুনাহ, গাফেলতি ও দুনিয়ার ব্যস্ততায় মানুষের অন্তর কঠিন হয়ে যায়। রমজান সেই অন্তরকে কোমল করার, আল্লাহর দিকে ফিরে আসার এবং ইমানকে নবায়ন করার এক অনন্য সুযোগ।

আল্লাহ তাআলা এই মাসে কুরআন নাজিল করেছেন, শয়তানকে বন্দি করা হয় এবং বান্দার জন্য রহমত ও মাগফিরাতের দরজা খুলে দেওয়া হয়। তাই আল্লাহর নৈকট্য লাভের জন্য এ সময়টিই সবচেয়ে উপযোগী।

প্রখ্যাত আলেম ইয়াহিয়া ইবন মুয়াজ (রহ.) বলেছেন— কুরআন তিলাওয়াত, কম খাওয়া, কিয়ামুল লাইল করা, সেহরির সময় দোয়া করা এবং নেককারদের সঙ্গ—এই পাঁচটি বিষয়ই রমজানের প্রধান ফোকাস হওয়া উচিত। এগুলোই অন্তরের প্রকৃত মহৌষধ।

নিচে এই পাঁচটি আমলের গুরুত্ব কুরআন ও হাদিসের আলোকে তুলে ধরা হলো—

১. কুরআন বুঝে পড়া

রমজান মাস মূলত কুরআনের মাস। মানবজাতির হেদায়েতের জন্য এই মাসে কুরআন নাজিল হয়েছে। তাই শুধু তিলাওয়াত নয়, বুঝে পড়া এবং নিজেদের জীবনে তা বাস্তবায়ন করা জরুরি। আল্লাহ তাআলা বলেন

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ

‘রমজান মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে—মানুষের জন্য হেদায়েত এবং সত্য-মিথ্যার স্পষ্ট প্রমাণস্বরূপ।’ (সুরা আল-বাকারা: আয়াত ১৮৫)

আরও বলা হয়েছে—

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ

‘তারা কি কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না?’ (সুরা আন-নিসা: আয়াত ৮২)

২. কম আহার করা

কম খাওয়া আত্মসংযম শেখায় এবং ইবাদতে মনোযোগ বাড়ায়। অতিরিক্ত আহার মানুষের অন্তরকে কঠিন করে এবং অলসতা সৃষ্টি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَا مَلَأَ آدَمِيٌّ وِعَاءً شَرًّا مِنْ بَطْنٍ، بِحَسْبِ ابْنِ آدَمَ أُكُلَاتٌ يُقِمْنَ صُلْبَهُ

‘মানুষ পেটের চেয়ে নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করেনি। মানুষের জন্য এতটুকু খাদ্যই যথেষ্ট, যা তার দেহকে সচল রাখে।’ (তিরমিজি ২৩৮০)

রমজানের উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জন, আর সংযম ছাড়া তাকওয়া অর্জন সম্ভব নয়।

৩. কিয়ামুল লাইল করা

রাতের ইবাদত মানুষের অন্তরকে জীবিত করে। রমজানের তারাবিহ ও তাহাজ্জুদ বিশেষ মর্যাদাপূর্ণ ইবাদত। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

مَنْ قَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

‘যে ব্যক্তি ইমান ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদত করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।’ (বুখারি ২০০৯, মুসলিম ৭৬০)

আল্লাহ তাআলা বলেন—

كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ

‘তারা রাতে অল্প সময়ই নিদ্রা যেত।’ (সুরা আয-যারিয়াত: আয়াত ১৭)

৪. শেষ রাতে আল্লাহর কাছে দোয়া করা

সেহরির সময় আল্লাহর রহমত বিশেষভাবে নাজিল হয়। এটি দোয়া ও ইস্তেগফারের সবচেয়ে উত্তম সময়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—

يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ فَيَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ

‘প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের প্রতিপালক দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন—কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব?’ (বুখারি ১১৪৫, মুসলিম ৭৫৮)

আল্লাহ তাআলা নেককারদের সম্পর্কে বলেন

‘আর তারা শেষ রাতে ক্ষমা প্রার্থনা করত।’ (সুরা আয-যারিয়াত: আয়াত ১৮)

৫. দ্বীনি সহচার্য লাভ করা

নেককারদের সঙ্গ মানুষের ঈমান বৃদ্ধি করে এবং অন্তরকে আল্লাহমুখী করে তোলে। ভালো মানুষের সঙ্গ মানুষকে ভালো পথে পরিচালিত করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন

 يُخَالِلُ

‘মানুষ তার বন্ধুর দ্বীনের ওপর থাকে। তাই তোমরা দেখো কাকে বন্ধু বানাচ্ছ।’ (আবু দাউদ ৪৮৩৩, তিরমিজি ২৩৭৮)

আর আল্লাহ তাআলা বলেন—

وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ

‘তুমি নিজেকে তাদের সঙ্গেই রাখো, যারা সকাল-সন্ধ্যা তাদের প্রতিপালককে ডাকে।’ (সুরা আল-কাহফ: আয়াত ২৮)

রমজান একটি সীমিত সময়ের নিয়ামত, কিন্তু এর প্রভাব হতে পারে আজীবন। এই মাসে কুরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলা, কম খাওয়া, রাত জেগে ইবাদত করা, শেষ রাতে দোয়া করা এবং নেককারদের সঙ্গ গ্রহণ— এই পাঁচটি আমল মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ খুলে দেয়।

যদি আমরা এই রমজানে অন্তরের চিকিৎসা করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যেতে পারে। কারণ সুস্থ হৃদয়ই হলো সফলতার মূল চাবিকাঠি— দুনিয়াতেও, আখিরাতেও।

সূত্র: যুগান্তর

গরমের সঙ্গে ঝড়ের বার্তা—মার্চে আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:৩৬ এএম
গরমের সঙ্গে ঝড়ের বার্তা—মার্চে আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী

চলতি মার্চ মাসে দেশে ১-২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার (০১ মার্চ) মার্চ মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, মার্চ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় অথবা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই।

পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি মৃদু (৩৬-৩৭.৯°সে.) থেকে মাঝারি (৩৮-৩৯.৯°সে.) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। চলতি মাসে ২-৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা অথবা মাঝারি ধরনের এবং ১-২ দিন তীব্র কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বিরাজ থাকতে পারে বলে জানানো হয়।

সূত্র : যমুনা টিভি

সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন পাঁচ সাংবাদিক

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৬:২৩ এএম
সরকারি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন পাঁচ সাংবাদিক

প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘স্পিচ রাইটার’ হিসেবে নিয়োগ পেয়েছেন এস এ এম মাহফুজুর রহমান। তিনি বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক। এ ছাড়া চার সাংবাদিককে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব নিয়োগের কথা জানানো হয়। সবাইকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।

‘স্পিচ রাইটার’ মাহফুজুর রহমানকে গ্রেড-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া উপ–প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একাত্তর টিভির ডেপুটি হেড অব নিউজ মোস্তফা জুলফিকার হাসান, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম, বাংলা ভিশনের সাংবাদিক মো. সুজাউদ্দৌল্লা এবং সাংবাদিক শাহাদাৎ হোসেন স্বাধীন । তাঁরা জাতীয় বেতন স্কেলের গ্রেড–৪ অনুযায়ী বেতন পাবেন।

এ ছাড়া পৃথক প্রজ্ঞাপনে দুজনকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁরা হলেন কে এম নাজমুল হক এবং আব্দুল্লাহ আল মাহমুদ।

এর আগে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে আবু আবদুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব হিসেবে নিয়োগ পান আতিকুর রহমান রুমন।

মশার কয়েলেই সর্বনাশ! মধুখালীতে পুড়ল বসতঘর, মারা গেল গরু-ছাগল

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯:৫১ পিএম
মশার কয়েলেই সর্বনাশ! মধুখালীতে পুড়ল বসতঘর, মারা গেল গরু-ছাগল

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন পূর্বপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দরিদ্র পরিবারের বসতবাড়ি ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

রবিবার (০১ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে দিনমজুর মো. মিঠু শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ আগুনের শিখা দেখা দিলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরে। দাহ্য উপকরণ থাকার কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে ঘরের আসবাবপত্র, খাদ্যশস্যসহ গৃহস্থালির প্রায় সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় একটি গাভী গরু ও দুটি ছাগল আগুনে পুড়ে মারা যায়। এছাড়া ঘরে সংরক্ষিত পেঁয়াজ, রসুন, ধান ও চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীও সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে, যা ওই পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং পানি ও বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, তবে ততক্ষণে সবকিছু পুড়ে যায়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে। মাথা গোঁজার ঠাঁই ও খাদ্য সংকটে পড়েছে তারা। এলাকাবাসী জানায়, দিনমজুর মিঠু শেখের এই বাড়িটিই ছিল তার একমাত্র সম্বল।

সোমবার (০২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং দ্রুত আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

তিনি বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত পরিবারটি যেন দ্রুত ঘুরে দাঁড়াতে পারে, সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারিভাবেও সহায়তার ব্যবস্থা করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, জেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারি নওসের আলী চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারি সহায়তা প্রদান এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি এমন দুর্ঘটনা এড়াতে ঘরে আগুন ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানান সচেতন মহল।