খুঁজুন
, ,

বয়সের ভারে ঝুলে গেছে ত্বক, যেভাবে ফিরে পেতে পারেন যৌবন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:২২ পূর্বাহ্ণ
বয়সের ভারে ঝুলে গেছে ত্বক, যেভাবে ফিরে পেতে পারেন যৌবন?

আপনার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকেও নানা পরিবর্তন দেখা দিয়েছে। এর মধ্যে অন্যতম হলো— চোয়ালের অংশের ত্বক ও পেশির ঝুলেপড়া, যা ‘জাওলস’ নামে পরিচিত। এর ফলে মুখের আকৃতি আগের মতো তীক্ষ্ণ ও টান টান থাকে না।

যদিও কিছু নির্দিষ্ট ফেস যোগা বা মুখের ব্যায়াম নিয়মিত করলে এ সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এসব মুখের পেশিকে সক্রিয় করে, রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বকের দৃঢ়তা বজায় রাখতে সাহায্য করে থাকে।

এখন প্রশ্ন আসছে— কেন হয় জাওলস? কারণ জাওলস বলতে মূলত চোয়ালের আশপাশের ত্বক ও পেশির ঢিলে হয়ে যাওয়াকে বোঝায়। এর প্রধান কারণ— বয়স বৃদ্ধি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের কোলাজেন ও ইলাস্টিনের পরিমাণ কমতে থাকে। তাই ত্বক তার স্বাভাবিক দৃঢ়তা হারিয়ে ফেলে এবং নিচের দিকে ঝুলতে শুরু করে।

এটা সাধারণত পারিবারিক বা জিনগত প্রবণতা, নিয়মিত ব্যায়ামের অভাব, শরীরে পানির ঘাটতি, অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের অভাব, ধূমপান ও মাদকাসক্তি কিংবা চোয়ালের পেশির কম ব্যবহার এ সমস্যার প্রধান কারণ।

ফেস যোগা মুখ ও চোয়ালের পেশিগুলোকে সক্রিয় করে। ফলে ওই অংশে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং ত্বকের কোষ পুনর্গঠনের সুযোগ পায়। এর পাশাপাশি মুখে জমে থাকা অতিরিক্ত পানি ও ফোলা ভাব কমাতেও সাহায্য করে। অনেকের মুখ ও চোয়ালের পেশিতে অপ্রয়োজনীয় টান থাকে, ফেস যোগা সেই চাপ কমাতেও কার্যকর ভূমিকা রাখে।

ফেস যোগা কোনো জাদুকরী সমাধান নয়। তাই এক-দুদিনে ফল পাওয়া সম্ভব নয়। তবে নিয়মিত অনুশীলন করলে ৪ থেকে ৮ সপ্তাহের মধ্যে পেশির টোন উন্নত হতে শুরু করে। ৮ থেকে ১৬ সপ্তাহের মধ্যে জ’লাইন আরও স্পষ্ট ও দৃঢ় দেখাতে পারে। দীর্ঘ সময় ধরে চর্চা করলে মুখের গঠনেও ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

এ ছাড়া আপনার জিভকে মুখের ওপরের তালুর সঙ্গে লাগিয়ে রাখতে হয়। একই সঙ্গে দাঁত হালকাভাবে জোড়া থাকে এবং মুখ বন্ধ রেখে নাক দিয়ে শ্বাস নিতে হবে। নিয়মিত এ অভ্যাস করলে চোয়াল ও মুখের মধ্যবর্তী অংশে দৃঢ়তা বাড়ে।

নিচের চোয়ালকে যতটা সম্ভব সামনের দিকে এগিয়ে দিন, যতক্ষণ না টান অনুভব করছেন। ১০ সেকেন্ড ধরে রেখে আবার ছেড়ে দিন। ১০ বার করে ২ সেট, দিনে ২ বার করলে ফল পাবেন।

ঠোঁট দিয়ে বড় ‘শূন্য’ আকৃতি তৈরি করুন। দাঁত যেন অবশ্যই ঠোঁটের আড়ালে থাকে সেদিকে খেয়াল রাখুন। ধীরে ধীরে মাথা ওপরের দিকে তুলুন। ১০ সেকেন্ড ধরে রেখে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। ৩ থেকে ৫ বারের সেট করুন। দিনে দুবার এ ব্যায়াম করলে উপকৃত হবেন।

মুখের দুই প্রান্ত বাইরে টেনে ধরুন যাতে দাঁত দেখা যায়। এতে ঘাড় ও চোয়ালে টান অনুভূত হবে। ১৫ সেকেন্ড এভাবে ধরে থাকুন। ৮ থেকে ১০ বারের সেট করুন। সারা দিনে ২ সেট করলেই উপকৃত হবেন।

এবার সোজা হয়ে বসে থুতনিকে গলার দিকে টেনে ডাবল চিন তৈরি করুন। ১০ সেকেন্ড ধরে রেখে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। ১০ বার করে ২ সেট, দিনে দুবার এ ব্যায়াম করতে পারেন।

সূত্র : যুগান্তর

ফরিদপুরে লুট হওয়া পুলিশের ২৭ রাউন্ড কার্তুজ-গ্রেনেড উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে লুট হওয়া পুলিশের ২৭ রাউন্ড কার্তুজ-গ্রেনেড উদ্ধার

ফরিদপুরের সদর উপজেলায় একটি পরিত্যক্ত ভবন থেকে পুলিশের লুট হওয়া ২৭ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, ১৩টি টিয়ার গ্যাস শেল ও ৭টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

​বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে কানাইপুর এলাকার আখ সেন্টার মাঠ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

​এসআরবি-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কানাইপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ওই ভবনে তল্লাশি চালিয়ে তাজা কার্তুজ ও দেশীয় নিরাপত্তা সরঞ্জাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

​প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, উদ্ধার হওয়া গোলাবারুদগুলো ২০২৪ সালের ৫ আগস্ট বিভিন্ন থানা ও পুলিশ বক্সে হামলা চালিয়ে লুট হওয়া অস্ত্রের অংশ।

​এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

ফরিদপুরে ‘গাঙচিল সাহিত্য আসর’ অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
ফরিদপুরে ‘গাঙচিল সাহিত্য আসর’ অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুরে কবি, সাহিত্যিক ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে ‘গাঙচিল সাহিত্য আসর’ অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের আলিপুর এলাকার সোহাগ ভিলায় এ সাহিত্য আসরের আয়োজন করা হয়।

​গাঙচিল সাহিত্য আসরের সভাপতি মোহাম্মদ ইয়ারাদ হোসেন রিয়াদ (বন্ধু রিয়াদ)-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আব্দুর রাজ্জাক রাজা। সাধারণ সম্পাদক জাহিদ হোসেন মোল্লার আমন্ত্রণে আয়োজিত এই আসরে জেলার প্রায় ৪১ জন কবি, সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমী অংশ নেন।

​দিনটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান পরিবেশন এবং সাহিত্য বিষয়ক নানা আলোচনা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— মো. বাহারুল ইসলাম (বাহার), মো. ইকবাল হোসেন, অধ্যাপক রোকেয়া বেগম, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, শাহনাজ পারভিন, ডা. হাফিজুর রহমান হাফিজ, সালমা ইসলাম, পলাশ নন্দী, যুগল কুমার দাস মিলন, আফরোজ জাহান পপি, আবিদা সুলতানা, ডা. হাসিনা বেগম, বীর মুক্তিযোদ্ধা নূরুদ্দীন শেখ, সুস্মিতা দাস, ঋষিতা দাস, সুমা সাহা, সিথী সাহা, রেজা হক, মিরাজ-ই-কবির খোকন, ইফরাজ হোসেন সায়ান, ইকারাদ হোসেন, মো. আক্তার হোসেন রিয়াদ, মো. শাহজাহান সরদার, আবু জাফর, মো. আব্দুছ ছামাদ, অজয় দাস তালুকদার, পারভীন, বাবল সরকার, সজল সিকদার বিদ্যুৎ, ফরিদ আহমেদ, শালমান শরিফ, দেবাশীষ মৌলি ও রোকিয়া হকসহ স্থানীয় গুণীজনেরা।

​আয়োজকরা জানান, নিয়মিত সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে স্থানীয় কবি-সাহিত্যিকদের মেলবন্ধন সুদৃঢ় করা এবং সৃজনশীলতা বৃদ্ধি করাই ‘গাঙচিল সাহিত্য আসর’-এর মূল লক্ষ্য।

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৬ পরিবহনকে জরিমানা

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৬ পরিবহনকে জরিমানা

শব্দদূষণ নিয়ন্ত্রণে ফরিদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ছয়টি পরিবহনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ফরিদপুর-মাগুরা মহাসড়কের বদরপুর-সালথা রাস্তার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।

​‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব মূলক প্রকল্প’-এর আওতায় পরিচালিত এ অভিযানে ৬টি পরিবহনের বিরুদ্ধে ৬টি মামলা দায়ের করা হয়। মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি যানবাহনগুলো থেকে ১১টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

​ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। অভিযানে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন ফরিদপুর জেলার আনসার সদস্যরা।

​পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ সুরক্ষায় ও ক্ষতিকর শব্দদূষণ নিরসনে এ ধরনের অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে।