ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষে বাস সুপারভাইজার নিহত, আহত ১৫
ফরিদপুরের মধুখালীতে ঢাকা-খুলনা মহাসড়কে পার্কিং করা ট্রাকের পেছনে বাসের সজোরে ধাক্কায় পূর্বাশা পরিবহনের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন বাসযাত্রী।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহাসড়কের শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বাস সুপারভাইজারের নাম মো. জুয়েল (২৮)। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৪৫৮৫) ও মাগুরাগামী ময়দাবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-২৮৭৪) একই দিকে যাচ্ছিল। পথিমধ্যে শাহ হাবিব দাখিল মাদ্রাসার সামনে পৌছালে ট্রাকটির একটি টায়ার পাংচার হয়। ট্রাকচালক রাস্তার ওপর গাড়িটি পার্কিং করে চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির পূর্বাশা পরিবহনের বাসটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
সংঘর্ষের সময় বাসের বাম পাশে ইঞ্জিন কভারের ওপর বসে থাকা সুপারভাইজার জুয়েল ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুস সালাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন
Array