খুঁজুন
, ,

ফাঁকা বেঞ্চ, স্তব্ধ পাঠদান: সংকটে ঐতিহ্যবাহী সরকারি নগরকান্দা কলেজ

এহসানুল হক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ণ
ফাঁকা বেঞ্চ, স্তব্ধ পাঠদান: সংকটে ঐতিহ্যবাহী সরকারি নগরকান্দা কলেজ

ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নগরকান্দা কলেজ এখন গভীর সংকটের মুখে। একসময় যে প্রতিষ্ঠানটি এ অঞ্চলের শিক্ষার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ছিল, বর্তমানে সেখানে শিক্ষাব্যবস্থার চিত্র ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। প্রশাসনিক দুর্বলতা, দীর্ঘদিনের অব্যবস্থাপনা এবং শিক্ষকদের দায়িত্বে অবহেলার কারণে কলেজটি ধীরে ধীরে শিক্ষার্থীশূন্য হয়ে পড়ছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহল।

১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘ পথচলায় বহু মেধাবী শিক্ষার্থী গড়ে তুলেছে। পরবর্তীতে ২০১৩ সালে জাতীয়করণের মাধ্যমে এটি সরকারি মর্যাদা লাভ করে। জাতীয়করণের পর শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় দৃশ্যমান উন্নতি এলেও শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে সেই তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। বরং স্থানীয়দের অভিযোগ, জাতীয়করণের পরপরই অনেক অভিজ্ঞ শিক্ষক ভালো প্রতিষ্ঠানে বদলির জন্য প্রতিযোগিতায় নেমে পড়েন, ফলে কলেজটিতে দীর্ঘ সময় ধরে শিক্ষক সংকট তৈরি হয়।

এই শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান কার্যক্রম ভেঙে পড়ে। গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত পাঠগ্রহণ থেকে বঞ্চিত হয়। এর ফলে ধীরে ধীরে কলেজে এক ধরনের জবাবদিহিতাহীনতার সংস্কৃতি গড়ে ওঠে, যা আজও পুরোপুরি কাটেনি বলে অভিযোগ রয়েছে। অনেক সময় ক্লাস সূচি থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি, ফলে শিক্ষার্থীদের মধ্যে অনাগ্রহ তৈরি হয়।

বর্তমানে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। যদিও সাম্প্রতিক সময়ে বিসিএসের মাধ্যমে কয়েকজন নতুন শিক্ষক এই কলেজে যোগদান করেছেন, তবুও শিক্ষার পরিবেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। শিক্ষক উপস্থিত থাকলেও শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি আশঙ্কাজনকভাবে কমে গেছে। অনেক শ্রেণিকক্ষে দেখা যায়, হাতে গোনা কয়েকজন শিক্ষার্থী নিয়ে ক্লাস পরিচালিত হচ্ছে, আবার কোথাও কোথাও শিক্ষার্থী কম থাকায় ক্লাসই নেওয়া হচ্ছে না—এমন অভিযোগও রয়েছে।

শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, নিয়মিত ও মানসম্মত ক্লাস না হওয়ায় তারা ধীরে ধীরে কলেজমুখী হওয়া বন্ধ করে দিয়েছে। অনেকেই কোচিং সেন্টার বা অন্য প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। কেউ কেউ ভালো শিক্ষার আশায় অন্য কলেজে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। ফলে একদিকে যেমন শিক্ষার্থীর সংখ্যা কমছে, অন্যদিকে কলেজের সামগ্রিক পরিবেশও স্থবির হয়ে পড়ছে।

অভিভাবকদের মধ্যেও এ নিয়ে উদ্বেগ বাড়ছে। তারা মনে করছেন, একটি সরকারি প্রতিষ্ঠানে এমন পরিস্থিতি অগ্রহণযোগ্য। তাদের দাবি, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং শিক্ষার মান উন্নয়ন, নিয়মিত ক্লাস নিশ্চিতকরণ এবং কঠোর প্রশাসনিক তদারকি এখন সময়ের দাবি।

কলেজের এই অব্যবস্থাপনার প্রভাব ইতোমধ্যেই একাডেমিক ফলাফলেও স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, মোট ৪২০ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১৫৪ জন উত্তীর্ণ হয়েছে, আর ২৬৬ জন অনুত্তীর্ণ হয়েছে। ফলে পাশের হার নেমে এসেছে মাত্র ৩৭ দশমিক ৬ শতাংশে, যা একটি সরকারি কলেজের জন্য অত্যন্ত হতাশাজনক। শিক্ষা বিশ্লেষকদের মতে, এমন ফলাফল কেবল শিক্ষার্থীদের দায় নয়, বরং পুরো ব্যবস্থার দুর্বলতার প্রতিফলন।

এ বিষয়ে নগরকান্দা কলেজ ছাত্রদলের সভাপতি আলী আকবার শরীফ আরমান বলেন, “নগরকান্দার একমাত্র সরকারি কলেজ আজ অব্যবস্থাপনা, দুর্নীতি ও উদাসীনতার চাপে ধুঁকছে। নেই কোনো কার্যকর উন্নয়ন পরিকল্পনা, নেই জবাবদিহিতা। শিক্ষক থাকলেও ক্লাস হয় না, শিক্ষার্থীরা আগ্রহ হারিয়ে ফেলছে। শিক্ষা সফরের নামে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে, জাতীয় দিবস ও সাংস্কৃতিক কার্যক্রমেও দেখা যায় চরম অবহেলা। সব মিলিয়ে কলেজটি ধীরে ধীরে অস্তিত্ব সংকটে পড়ছে।”

তিনি আরও বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে এ কলেজ তার ঐতিহ্য হারিয়ে ফেলবে এবং শিক্ষার্থীরা সম্পূর্ণভাবে অন্য প্রতিষ্ঠানের দিকে ঝুঁকে পড়বে।

অন্যদিকে কলেজ প্রশাসনও সমস্যার বিষয়টি স্বীকার করেছে, তবে তারা এর পেছনে শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতিকেও একটি বড় কারণ হিসেবে দেখছে। কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহিদুল ইসলাম বলেন, “শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে না এলে শিক্ষকদের পক্ষে পাঠদান কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা সম্ভব হয় না। আমরা ইতোমধ্যে উপস্থিতি বাড়াতে নোটিশ জারি করেছি, যেখানে বলা হয়েছে ন্যূনতম ৭০ শতাংশ উপস্থিতি না থাকলে একাদশ থেকে দ্বাদশ শ্রেণিতে উত্তীর্ণ করা হবে না এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হবে না।”

তিনি আরও জানান, শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে শিগগিরই অভিভাবক সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনিকভাবে কঠোর নির্দেশনা দেওয়া হবে। নিয়মিত ক্লাস মনিটরিং, একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ এবং ফলাফল উন্নয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশ্বাস দেন।

শিক্ষা সংশ্লিষ্টদের মতে, এ ধরনের সংকট উত্তরণে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শুধু প্রশাসন বা শিক্ষক নয়, শিক্ষার্থী ও অভিভাবকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। নিয়মিত ক্লাস নিশ্চিত করা, শিক্ষকদের জবাবদিহিতার আওতায় আনা, শিক্ষার্থীদের জন্য সহায়ক শিক্ষার পরিবেশ তৈরি করা এবং আধুনিক শিক্ষণ পদ্ধতি চালু করা—এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়ন করা জরুরি।

এছাড়া স্থানীয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রয়োজনে বিশেষ অডিট, একাডেমিক পরিদর্শন এবং কর্মক্ষমতা মূল্যায়নের মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিতে হবে।

সব মিলিয়ে বলা যায়, সরকারি নগরকান্দা কলেজ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে একসময়কার গৌরবময় এই প্রতিষ্ঠানটি তার স্বকীয়তা ও অবস্থান হারাতে পারে। তবে সঠিক পরিকল্পনা, আন্তরিকতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এখনও এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব—এমনটাই আশা করছেন স্থানীয়রা।

একটি পোটলা, একটি লাঠি আর এক বৃদ্ধার অপেক্ষাহীন জীবন

হারুন-অর-রশীদ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৩৯ পূর্বাহ্ণ
একটি পোটলা, একটি লাঠি আর এক বৃদ্ধার অপেক্ষাহীন জীবন

ঘড়ির কাঁটা রাত সাড়ে ৯টা ছুঁইছুঁই। বাইরে রিমঝিম বৃষ্টি। ফরিদপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে মিটমিট করে জ্বলছে ডিম লাইটের ক্ষীণ আলো। দূরে কোথাও ট্রেনের হুইসেল মিলিয়ে যায় রাতের নিস্তব্ধতায়। একটি কুকুর ধীরে ধীরে পাশ ঘেঁষে চলে যায়। চারপাশে মানুষের আনাগোনা কমে এসেছে, অথচ একজন মানুষ তখনও জেগে আছে—না, চোখে নয়; জীবনের কঠিন বাস্তবতায়।

প্ল্যাটফর্মের এক কোণে মাটিতে শুয়ে আছেন এক বৃদ্ধা। গায়ে একটি পুরোনো শাড়ি। মাথার নিচে ছোট্ট কাপড়ের বালিশ। পাশে একটি পোটলা—হয়তো এটাই তার সমস্ত সম্বল। একজোড়া পুরোনো স্যান্ডেল, একটি লাঠি, আর একটি প্লাস্টিকের গামলায় রাখা পানির বোতল ও কিছু সামান্য জিনিসপত্র। মনে হয়, এই অল্প কয়েকটি জিনিসই তার পুরো পৃথিবী।

বয়স হয়তো ষাট পেরিয়েছে। মুখে সময়ের নির্মম আঁচড়, শরীরে ক্লান্তির ছাপ। সারাদিন তিনি কী খেয়েছেন, আদৌ খেতে পেরেছেন কি না—সেই খবর রাখার মানুষ হয়তো আর কেউ নেই। মাথার ওপর নেই কোনো ছাদ, অপেক্ষায় নেই কোনো আপনজন। দিনের শেষে তার ঠিকানা এই রেলস্টেশনের প্ল্যাটফর্ম, আর আকাশটাই যেন তার একমাত্র ছাদ।

হয়তো একদিন তারও ছিল একটি সংসার। ছিল সন্তানের মুখ, ছিল হাসি-আনন্দে ভরা উঠোন। সময়ের নির্মম স্রোতে হারিয়ে গেছে সব। আজ তিনি সমাজের হাজারো ব্যস্ত মানুষের চোখের সামনে থেকেও অদৃশ্য এক মানুষ। শত শত যাত্রী তার পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু খুব কম মানুষই থেমে জানতে চায়—“মা, আপনি কেমন আছেন?”

সভ্যতার অগ্রগতির গল্প আমরা প্রতিদিন বলি। উন্নয়নের পরিসংখ্যান নিয়ে গর্ব করি। অথচ একটি অসহায় বৃদ্ধা যখন রেলস্টেশনের খোলা প্ল্যাটফর্মে বৃষ্টির রাতে ঘুমিয়ে থাকেন, তখন প্রশ্ন জাগে—আমাদের উন্নয়নের আলো কি তার কাছে পৌঁছেছে?

হয়তো এই বৃদ্ধা কোনো খবরের শিরোনাম হবেন না। কিন্তু তার নীরব ঘুম, তার পাশে পড়ে থাকা লাঠি আর ছোট্ট পোটলাটি আমাদের সমাজের এক কঠিন বাস্তবতার প্রতীক। মানবিকতার পরীক্ষা বড় বড় মঞ্চে নয়, এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই।

হয়তো একটি উষ্ণ খাবার, একটি শুকনো কম্বল, একটু চিকিৎসা কিংবা একটি নিরাপদ আশ্রয়—এসবই বদলে দিতে পারে তার আগামী সকাল। কারণ, প্রতিটি মানুষেরই সম্মান নিয়ে বেঁচে থাকার অধিকার আছে। আর সেই অধিকার নিশ্চিত করার দায়িত্ব শুধু রাষ্ট্রের নয়, আমাদের সবার।

লেখক: সংবাদকর্মী, ফরিদপুর

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৭ পূর্বাহ্ণ
এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ব্যক্তিগত ছবি বা ভিডিও হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই ভুক্তভোগীরা বুঝতেই পারেন না, কীভাবে তাদের ব্যক্তিগত মুহূর্ত অন্যের হাতে পৌঁছে গেল।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, দৈনন্দিন কিছু অসতর্ক অভ্যাসই এমন ঘটনার বড় কারণ। এসব অভ্যাস সম্পর্কে সচেতন থাকলে ব্যক্তিগত ছবি-ভিডিও ফাঁস বা ভাইরাল হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

কেন ভাইরাল হয় ব্যক্তিগত কনটেন্ট?

পুলিশি তদন্ত ও সাইবার বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে দেখা যায়, অনেক ক্ষেত্রে সম্পর্কের অবনতি বা বিশ্বাসভঙ্গের জেরে ব্যক্তিগত ছবি-ভিডিও বাইরে চলে যায়। এ ছাড়া ব্ল্যাকমেল বা আর্থিক লাভের উদ্দেশ্যে হ্যাকাররাও এগুলোকে হাতিয়ার বানায়। হোটেল কক্ষে লুকানো ক্যামেরা বসানো, অচেনা লিংকে ক্লিক করিয়ে ফোনে ক্ষতিকর অ্যাপ ঢুকিয়ে দেওয়া কিংবা ফ্রি ক্লাউড-লিংকের ফাঁদেও পড়েন অনেকে।

ঝুঁকি বাড়ায় যে ৪ অভ্যাস–

১. সন্দেহজনক লিংকে ক্লিক করা

ভাইরাল ভিডিও দেখার লোভে অনেকেই অচেনা লিংকে ক্লিক করেন। সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল বা বিভিন্ন ক্লাউড স্টোরেজে ঢুকে পড়েন। এতে অজান্তেই গ্যালারির অ্যাক্সেস দিয়ে ফেলেন ব্যবহারকারীরা। আর সেই সুযোগ কাজে লাগায় সাইবার অপরাধীরা।

২. ভুয়া অ্যাপ্লিকেশন ডাউনলোড

অজান্তে ভুয়া বা সন্দেহজনক অ্যাপকে গ্যালারির অনুমতি দিয়ে ফেলেন অনেকেই। এতে সরাসরি ব্যক্তিগত ছবি-ভিডিও চলে যায় হ্যাকারদের হাতে।

৩. সম্পর্কের টানাপড়েন

পুলিশি তদন্তে দেখা গেছে, ব্যক্তিগত মুহূর্ত ভাইরাল হওয়ার অন্যতম কারণ হলো সম্পর্ক ভেঙে যাওয়া বা বিশ্বাসঘাতকতা। সঙ্গীর হাতে ফাঁস হচ্ছে ব্যক্তিগত মুহূর্ত।

৪. হোটেল কক্ষের স্পাই ক্যামেরা

বিভিন্ন হোটেল কক্ষে লুকানো ক্যামেরার ফাঁদে পড়ে বহু মানুষ ব্যক্তিগত মুহূর্ত হারাচ্ছেন। পরে সেই ছবি বা ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

কীভাবে বাঁচবেন?

পারমিশন হাইজিন মানুন: অচেনা অ্যাপকে কখনোই Photos/Media/Camera/Microphone–এর অনুমতি দেবেন না। ফোনের Settings → Apps → Permissions গিয়ে সময় নিয়ে পরখ করুন, অপ্রয়োজনীয় অনুমতি বন্ধ করুন।

লিংক-শৃঙ্খলা: কোনো ভাইরাল ভিডিও/ফটো দেখার কথা বলে আসা লিংকে ক্লিক করবেন না। বিশেষ করে ব্রাউজার থেকে অ্যাপ ইন্সটল বা ‘Join/Download’ চাপতে বললে সতর্ক হোন।

অফিসিয়াল স্টোর ব্যবহার করুন: অ্যাপ নামালেই হবে না; রেভিউ, ডাউনলোড সংখ্যা, প্রকাশকের পরিচয় দেখে নিন। Unknown Sources/Install unknown apps বন্ধ রাখুন।

ক্লাউড ব্যাকআপ বুদ্ধিমানের মতো: স্বয়ংক্রিয় ব্যাকআপ চালু থাকলে ব্যাকআপ ফোল্ডার এনক্রিপ্ট করুন, দুই স্তরের নিরাপত্তা (2FA) চালু রাখুন এবং শেয়ার্ড-লিংক সীমিত রাখুন।

ডিভাইস সুরক্ষা: ফোনে শক্তিশালী পাসকোড/বায়োমেট্রিক, স্ক্রিন-লক টাইমআউট কম, Find My Device চালু, নিয়মিত সফটওয়্যার/সিকিউরিটি আপডেট ইনস্টল করুন।

হোটেল রুমে সতর্কতা: অস্বাভাবিক স্থানে (ধোঁয়া-সেন্সর, চার্জার, ঘড়ি, টিভির নিচে) লেন্সের মতো জিনিস দেখলে পরীক্ষা করুন। ফ্ল্যাট/রুম নেওয়ার পর আলো কমিয়ে টর্চ বা ফোনের ফ্ল্যাশে লেন্সের ঝিলিক আছে কি না দেখে নিন।

সূত্র: আনন্দবাজার ডটকম

ফরিদপুরে ৫৩ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
ফরিদপুরে ৫৩ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলার রঘুনন্দনপুর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫৩ লিটার চোলাই মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় চোলাই মদ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে রঘুনন্দনপুর গ্রামের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অভিযানের সময় ভারতী রানী দাস (৪০) নামে এক নারীর নিজ বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৪৮ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সময়ে আশেক মোল্লা (৩০) নামে অপর এক ব্যক্তির হেফাজত থেকে আরও ৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। সব মিলিয়ে মোট ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুজনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে গোপনে ওই এলাকায় চোলাই মদ তৈরি ও বিক্রির কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ ছিল। গোপন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানোর পর নিশ্চিত তথ্য পেয়ে অভিযান চালানো হয়।

ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৫৩ লিটার চোলাই মদ উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ফরিদপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও বলেন, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেন তিনি।