পদ ছাড়লেন আইজিপি, স্বরাষ্ট্রে জমা দিলেন পদত্যাগপত্র
চুক্তিভিত্তিক নিয়োগে থাকা পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার সকালে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতি ও নিয়মিত সভায় সভাপতিত্ব করেন আইজিপি বাহারুল আলম। সেখানেই তিনি উপস্থিত কর্মকর্তাদের নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। এ সময় কর্মকর্তারা তাকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেন।
বৈঠকে চূড়ান্ত কোনো ঘোষণা না দিলেও দুপুরের দিকে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র পাঠান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আইজিপির পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তের খবর তারা পাননি। তবে পদত্যাগপত্র মন্ত্রণালয়ে পৌঁছেছে বলে জানা গেছে।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে আইজিপি বাহারুল আলম তার সরকারি পাসপোর্ট জমা দিয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। সেই ধারাবাহিকতায় একই বছরের ২১ নভেম্বর বাহারুল আলমকে আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি এর আগে ২০২০ সালে পুলিশ বিভাগ থেকে অবসরে যান।
অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে আইজিপি পদে নিয়োগ দিয়েছিল। সে অনুযায়ী চলতি বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের আগেই তিনি পদত্যাগপত্র জমা দিলেন।
একাধিক পুলিশ কর্মকর্তা জানান, নির্বাচন অনুষ্ঠানের পরপরই দায়িত্ব ছাড়ার বিষয়ে তিনি ঘনিষ্ঠজনদের কাছে ইঙ্গিত দিয়ে আসছিলেন। অবশেষে রোববার দুপুরে পদত্যাগপত্র পাঠানোর বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এই মুহূর্তে তার পদত্যাগপত্র গ্রহণ করতে চাচ্ছে না সরকার। সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, পদত্যাগপত্র জমা দেওয়া হলেও সেটি গ্রহণ না করা পর্যন্ত তিনি আইজিপি হিসেবেই দায়িত্বে থাকবেন। পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
এদিকে জানা গেছে, আগামী মঙ্গলবার নতুন সরকার শপথ নেওয়ার পর আইজিপিকে তার পদত্যাগপত্র নতুন সরকারের কাছে পুনরায় উপস্থাপনের পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে আইজিপির পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আপাতত সময়ের ওপরই নির্ভর করছে।

আপনার মতামত লিখুন
Array