খুঁজুন
, ,

ইরানে হামলায় কেন প্রশ্নবিদ্ধ ট্রাম্পের নীতি?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ণ
ইরানে হামলায় কেন প্রশ্নবিদ্ধ ট্রাম্পের নীতি?

গত শুক্রবার সকালবেলা ইরানের ওপর ইসরায়েল যেই আক্রমণ চালিয়েছে, সেই আক্রমণে ইরানের শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানীদের পাশাপাশি প্রাণ হারিয়েছেন দেশটির অনেক বেসামরিক ব্যক্তি ও সাধারণ জনগণ। এ কারণে ইসরায়েলের ওপর পাল্টা আক্রমণ চালাতে বাধ্য হয়েছে ইরান সরকার। মধ্যপ্রাচ্যের অবস্থা এরই মধ্যে যথেষ্ট অস্থিতিশীল ছিল, বিশেষ করে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল পরিচালিত নিরবচ্ছিন্ন গণহত্যার কারণে। এখন ইরানের সঙ্গে ইসরায়েলের এ সংঘর্ষ নতুন করে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতাকে বহুগুণ বৃদ্ধি করল।

অশান্তিকর পরিস্থিতি বজায় রাখা এবং গণহত্যা চলমান রাখার মাধ্যমে ইসরায়েল তার অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়েছে। কিন্তু হাস্যকর ব্যাপার হলো, যাদের সঙ্গে এ রাষ্ট্রটি আক্রমণাত্মক আচরণ করে, তাদের আগে গোটা বিশ্বের কাছে আক্রমণকারী হিসেবে চিহ্নিত করে এবং নিজেদের অসহায় পক্ষ হিসেবে উপস্থাপনের কৌশল অবলম্বন করে। এই একই কৌশল তারা প্রয়োগ করেছে ইরানের ক্ষেত্রেও। ইরানের ওপর আক্রমণ চালানোর আগে বহুকাল ধরেই তারা ইরানকে আগ্রাসী শক্তি হিসেবে উপস্থাপন করে আসছে। ইরানের কাছে আদতে পারমাণবিক অস্ত্র আছে কি না, তা প্রমাণ না করেই তারা দাবি করেছে যে ইরানের এই পারমাণবিক অস্ত্র সরাসরি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং ইসরায়েলের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনো ধরনের হুমকি ইরান দেয়নি। তার পরও নিরাপত্তার দোহাই দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রাইজিং লায়ন’ ঘোষণা করেছেন।

দুশ্চিন্তার একটা কারণ হলো এই যে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র না থাকলেও ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে। আর ইসরায়েলের কর্মকাণ্ডকে পশ্চিমা বিশ্ব যেভাবে সমর্থন দেয়, তাতে এটা মনে করা দোষের কিছু নয় যে, মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশের চরম আগ্রাসী হওয়ার সুযোগ না থাকলেও ইসরায়েলের সেই সুযোগ আছে। দেশের অভ্যন্তরে রাজনৈতিক বিরোধিতা এবং নানাবিধ দুর্নীতির অভিযোগের ঘূর্ণিপাকে কোণঠাসা নেতানিয়াহু পরিত্রাণের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন আন্তর্জাতিক দ্বন্দ্বকে। প্রতিরক্ষার নামে ইসরায়েলকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘর্ষে জড়িয়ে রাখলে দেশের ভেতরে জনগণ তার ওপর গদি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করবে না বলে তিনি বিশ্বাস করেন।

ইসরায়েলের সাম্প্রতিক এ হামলায় কোনো সক্রিয় ভূমিকা পালন করার কথা অস্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। অথচ আক্রমণের ঠিক এক দিন আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরানের ওপর যে কোনো সময় ইসরায়েলের হামলা চালানোটা অস্বাভাবিক কিছু নয়। চলতি বছরের মার্চ মাসে ‘গাজায় ইসরায়েলের কাজ সমাপ্ত করার জন্য প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করছেন’ বলে বড়াই করে বক্তৃতা দিয়েছিলেন ট্রাম্প। সম্প্রতি তিনি নেতানিয়াহুর অসন্তোষের কারণ হয়ে ওঠেন যখন ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধের বদলে কূটনৈতিক পথ অবলম্বন করে ইরানের সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানান।

ইরানের ওপর তথাকথিত ‘প্রতিরোধমূলক হামলা’ চালিয়ে ইসরায়েল কার্যত যে কোনো ধরনের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে ধূলিসাৎ করে দিয়েছে। ইরানকে বেসামরিক পারমাণবিক সমৃদ্ধিকরণ কর্মসূচি চালানোর অনুমতি দেওয়ার ব্যাপারে যে বহুপক্ষীয় আলোচনার সুযোগ তৈরি হয়েছিল, সেই সুযোগও নষ্ট করে দিয়েছে তারা। এরই মধ্যে বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেন যে, মধ্যপ্রাচ্যের কয়েকটি অঞ্চলে অবস্থানরত মার্কিন কূটনৈতিক ও সামরিক কর্মীদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার ভাষায়, ‘এটি বিপজ্জনক এলাকা হয়ে উঠতে পারে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তার ওপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’ এর থেকে বোঝা যায় যে, নিকট ভবিষ্যতে এই অঞ্চলে কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

ইরানের ওপর চালানো এ হামলার ঘটনায় হোয়াইট হাউস খুব বেশি বিচলিত হয়েছে বলে মনে হচ্ছে না। আক্রমণের এক দিন পর রাজধানী ওয়াশিংটন ডিসিতে জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আয়োজন করা হয়েছে, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও উপস্থিত ছিলেন। তাও সেই জরুরি বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল সকাল ১১টায়, যেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা স্বস্তিতে সকালের নাশতা সেরে আলোচনায় অংশ নিতে পারেন। এসব কর্মকাণ্ড দেখে বোঝা যায় যে, ইরানের দুর্দশা নিয়ে মোটেই তাড়াহুড়ো করছে না মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। বরং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ঘোষণা দিয়ে বলেছেন, ‘ইরানের ওপর চালানো হামলায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মধ্যপ্রাচ্যে মোতায়েনকৃত মার্কিন বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করায় আমাদের অগ্রাধিকার থাকবে। আমি স্পষ্ট করে সাবধান করে দিতে চাই, ইরান যেন যুক্তরাষ্ট্রের কোনো স্বার্থকে লক্ষ্য করে আক্রমণ না চালায় এবং আমেরিকান কর্মীদের যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না করে।’

অথচ ইরানের স্বার্থ ও কর্মকর্তাদের লক্ষ্য করে আক্রমণ চালানোর সময় যুক্তরাষ্ট্র কোনো সংকোচ বোধ করেনি। ২০২০ সালের জানুয়ারি মাসে মার্কিন ড্রোন হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর-এর কুদস্ ফোর্সের প্রধান কাসেম সুলায়মানির প্রাণ যায়। যুক্তরাষ্ট্রের এমন দ্বিমুখী নীতি তাদের সাম্রাজ্যবাদী আকাঙ্ক্ষার দৃষ্টান্ত হিসেবে রয়ে গেছে। ট্রাম্পের প্রথম দফার শাসনামলে সুলায়মানির হত্যাকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে বিবেচিত হলেও যুক্তরাষ্ট্রের সরকারকে সেজন্য কোনো খেসারত দিতে হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বৈদেশিক নীতির ব্যত্যয় ঘটানো এবং নিজস্ব স্বার্থ উদ্ধারে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা কোনো বিরল ঘটনা নয়। এমনকি যুক্তরাষ্ট্রের উদারপন্থি গণমাধ্যম, যারা আন্তর্জাতিক আইন মান্য করার ব্যাপারে সবাইকে উৎসাহিত করে থাকে, তাদের একাংশ কাসেম সুলায়মানির হত্যাকাণ্ডের ঘটনায় যথেষ্ট উচ্ছ্বাস প্রকাশ করেছিল। যেমন—‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকার বৈদেশিক নীতি বিষয়ক কলামিস্ট এ ঘটনার পর ইতিবাচক সাড়া দিয়ে লিখেছিলেন যে, ‘যা হয়েছে ভালো হয়েছে। এই কাজের জন্য একদিন তেহরানে প্রেসিডেন্ট ট্রাম্পের নামে হয়তো কোনো সড়কের নামকরণ করা হবে।’

এমনটা অবশ্য ঘটেনি। ট্রাম্পের প্রতি তেহরানবাসীর মনোভাব এখনো বৈরীই রয়ে গেছে। তবে ট্রাম্প যদি তার দ্বিতীয় দফার নির্বাচনী প্রচারণার মূলনীতি ‘আমেরিকা ফার্স্ট’-এ অটল থাকতেন, তাহলে হয়তো তার প্রতি তেহরানের বিদ্বেষের মাত্রা কিছুটা লোপ পেত। আমেরিকা ফার্স্ট নীতির নাম থেকেই স্পষ্ট বোঝা যায় যে, যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের স্বার্থ ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই এই নীতির মূল উদ্দেশ্য; অন্য দেশের সাধারণ জনগণের ওপর বোমাবর্ষণ করা নয়। কিন্তু ইরানের ওপর হামলার ঘটনায় ট্রাম্পের নীরব সমর্থন এই নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে। মনে হয়েছে, যেন যুক্তরাষ্ট্রের সরকার ‘আমেরিকা ফার্স্ট’ নয়; বরং ‘ইসরায়েল ফার্স্ট’ নীতি বাস্তবায়ন করতে উদ্যত হয়েছে।

যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নিজস্ব স্বার্থের ঊর্ধ্বে ইসরায়েলের নীতিগত উদ্দেশ্যকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ নতুন নয়। যুগে যুগে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় রাজনৈতিক দলের প্রশাসন ইসরায়েলের পেছনে কোটি কোটি ডলার অর্থ খরচ করে আসছে, যার প্রায় পুরোটাই গেছে ইসরায়েলের নিরাপত্তা অবকাঠামো তৈরিতে এবং ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ করতে। অথচ এই বিপুল পরিমাণ অর্থ যদি স্বল্পমূল্যের আবাসন প্রকল্প নির্মাণ এবং সুলভ স্বাস্থ্যসেবার মতো জরুরি খাতে যুক্তরাষ্ট্রের ভেতরে বিনিয়োগ করা হতো, তবে সাধারণ মার্কিন নাগরিক আরও সমৃদ্ধ ও সুরক্ষিত জীবনযাপন করতে সক্ষম হতো।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে এমন অভিযোগ উঠছে যে, ওয়াশিংটন ডিসিতে আমেরিকান নীতি নির্ধারণের ওপর ইসরায়েলের অনেক বড় প্রভাব এবং কোনো কোনো ক্ষেত্রে নিয়ন্ত্রণও রয়েছে। যুক্তরাষ্ট্র সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড দেখে এই অভিযোগকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু দিনশেষে সত্যিটা হলো, যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী প্রধান প্রধান খাত ইসরায়েলের আঞ্চলিক নৃশংসতার সুবাদে বিপুল পরিমাণ মুনাফা লুটে নিচ্ছে। যেমন—যুক্তরাষ্ট্রের অস্ত্রশিল্প পৃথিবীর মধ্যে বৃহত্তম। এই শিল্পের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি ইরানের ওপর ইসরায়েলের আক্রমণের প্রতি অসমর্থন জানাবে না। কারণ এই আক্রমণ তাদের জন্য উন্মোচন করে দিচ্ছে ব্যবসার নতুন দ্বার।

হামলার ঘটনার পর যুক্তরাজ্যের সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে যে, ইরানের সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘ইসরায়েল ও তার মিত্র শক্তি যুক্তরাষ্ট্রকে এই হামলার জন্য চরম মূল্য দিতে হবে।’ তিনি আরও বলেছেন, নিশ্চয়ই এ অভিযান চালানোর ক্ষেত্রে তেল আবিবকে সম্পূর্ণ সহায়তা দিয়েছে ওয়াশিংটন ডিসি। তবে যে মূল্যই তাদের দিতে হোক না কেন, এর ভেতর থেকে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত ঠিকই ফায়দা আদায় করে নেবে বলে ধরে নেওয়া যায়। কারণ মধ্যপ্রাচ্যের এই সংঘর্ষগুলোতে দিনশেষে আঞ্চলিক জনগোষ্ঠীই ক্ষতিগ্রস্ত হয়, আর পরাশক্তিগুলো নিজেদের লভ্যাংশটা যথাযথই বুঝে নেয়।

লেখক: আমেরিকান সাংবাদিক, কলামিস্ট ও লেখক। নিবন্ধটি আলজাজিরার মতামত বিভাগ থেকে অনুবাদ করেছেন অ্যালেক্স শেখ

ফরিদপুরে প্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষ, বদলে যেতে পারে কৃষির চিত্র

হারুন-অর-রশীদ, ফরিদপুর ও আবু নাসের হোসাইন, সালথা:
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ
ফরিদপুরে প্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষ, বদলে যেতে পারে কৃষির চিত্র

কৃষিপ্রধান জেলা ফরিদপুরে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন এক তরুণ কৃষি উদ্যোক্তা। প্রচলিত ধান, পাট, গম কিংবা সবজি চাষের গণ্ডি পেরিয়ে এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারস চাষ শুরু হয়েছে ফরিদপুরের সালথা উপজেলায়। উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের কৃষি উদ্যোক্তা মিলন ফকির ৮ বিঘা জমিতে আনারসের বাগান গড়ে তুলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ফরিদপুর অঞ্চলে এ ধরনের বৃহৎ পরিসরের আনারস চাষ আগে দেখা যায়নি। ফলে মিলন ফকিরের এই উদ্যোগ সফল হলে জেলার কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি কৃষকদের জন্য বিকল্প ও লাভজনক ফলচাষের পথ উন্মুক্ত হবে।

সরেজমিনে দেখা যায়, যদুনন্দী গ্রামের দুটি পৃথক প্লটে বিস্তীর্ণ জমিজুড়ে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে হাজার হাজার আনারসের চারা। পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত বাগানজুড়ে চলছে নিয়মিত পরিচর্যা। দূর থেকে দেখলে সবুজের সমারোহে ভরা বাগানটি যে কারও দৃষ্টি কাড়ে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে কৃষকরা বাগান পরিদর্শনে আসছেন এবং আনারস চাষের খুঁটিনাটি বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করছেন।

জানা গেছে, মিলন ফকির দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সবজি ও কৃষিপণ্য চাষের সঙ্গে যুক্ত। নতুন কিছু করার চিন্তা থেকেই দুই বছর আগে তিনি বাড়ির ছাদে পরীক্ষামূলকভাবে কয়েকটি আনারস গাছ লাগান। আশাতীত ফলন ও সফলতা তাকে বাণিজ্যিকভাবে আনারস চাষে উদ্বুদ্ধ করে। এরপর তিনি পরিকল্পিতভাবে আনারস চাষের জন্য জমি নির্বাচন করেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য সংগ্রহ শুরু করেন।

চলতি বছরে তিনি টাঙ্গাইলের মধুপুর অঞ্চল থেকে ক্যালেন্ডার ও জলডুগু জাতের প্রায় ৮০ হাজার আনারসের চারা সংগ্রহ করেন। পরবর্তীতে ৮ বিঘা জমিতে এসব চারা রোপণ করা হয়। বর্তমানে বাগানের গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠছে এবং আগামী বছর থেকে ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

কৃষি উদ্যোক্তা মিলন ফকির বলেন, “প্রথমে শখের বসে বাড়ির ছাদে কয়েকটি আনারস গাছ লাগিয়েছিলাম। গাছে ভালো ফল আসার পর আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তখন মনে হলো, বাণিজ্যিকভাবে আনারস চাষ করা সম্ভব। সেই চিন্তা থেকেই এবার বড় পরিসরে চাষ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “চারা সংগ্রহ, জমি প্রস্তুত, সেচ ব্যবস্থা, সার, শ্রমিক ও পরিচর্যাসহ এ পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী বছর ফল সংগ্রহ করা যাবে। তখন প্রায় ৮০ লাখ টাকার আনারস বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছি।”

মিলন ফকির জানান, শুধু ফল বিক্রিই নয়, ভবিষ্যতে আনারসের উন্নত জাতের চারা উৎপাদন ও বিক্রিরও পরিকল্পনা রয়েছে তার। এতে একদিকে যেমন অতিরিক্ত আয় হবে, অন্যদিকে স্থানীয় কৃষকরাও সহজে মানসম্পন্ন চারা সংগ্রহ করতে পারবেন।

তিনি বলেন, “আমার এই উদ্যোগ সফল হলে এলাকার অনেক কৃষক আনারস চাষে আগ্রহী হবেন। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ পেলে আগামীতে আরও বড় পরিসরে আনারসের আবাদ সম্প্রসারণ করবো।”

স্থানীয় বাসিন্দারা জানান, সালথা এলাকায় এর আগে কখনো এভাবে বাণিজ্যিক আকারে আনারস চাষ হতে দেখা যায়নি। ফলে বাগানটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহও অনেক বেশি।

স্থানীয় কৃষক আব্দুর রহমান বলেন, “আমরা সাধারণত ধান, পাট ও সবজি চাষ করি। আনারস চাষের কথা কখনো ভাবিনি। মিলন ফকিরের বাগান দেখে মনে হচ্ছে এটি লাভজনক হতে পারে। ফলন ভালো হলে আমরাও এ ধরনের ফলচাষে আগ্রহী হবো।”

আরেক কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, “বাগানটি দেখতে খুব সুন্দর। প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছে। সফল হলে এটি এলাকার কৃষকদের জন্য নতুন দৃষ্টান্ত হবে।”

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আনারস একটি লাভজনক ফল হিসেবে পরিচিত। বিশেষ করে টাঙ্গাইলের মধুপুর, গাজীপুর, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপকভাবে আনারসের চাষ হয়। বর্তমানে বাজারে আনারসের চাহিদা বাড়ছে এবং ফলটি পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও হজম সহায়ক উপাদান। ফলে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে আনারসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “সালথা উপজেলায় প্রথমবারের মতো ৮ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আনারস চাষ করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ। কৃষি অফিস থেকে নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে কৃষিতে বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাভজনক ফল ও ফসলের আবাদ বৃদ্ধি পেলে কৃষকদের আয় বাড়বে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে। মিলন ফকিরের এই উদ্যোগ সফল হলে জেলার অন্য কৃষকরাও উৎসাহিত হবেন বলে আমরা বিশ্বাস করি।”

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন বলেন, “ফরিদপুরে বাণিজ্যিকভাবে আনারস চাষের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের জেলায় সাধারণত ধান, পাট, গম ও বিভিন্ন সবজি চাষের প্রচলন বেশি থাকলেও কৃষিতে বহুমুখীকরণের লক্ষ্যে নতুন নতুন ফল ও ফসলের আবাদ সম্প্রসারণ অত্যন্ত প্রয়োজন। মিলন ফকিরের মতো উদ্যোক্তারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে আমরা বাগানের অবস্থা সন্তোষজনক দেখেছি এবং কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। যদি ফলন ও বাজারজাতকরণ সফল হয়, তাহলে ফরিদপুরের অনেক কৃষক আনারস চাষে আগ্রহী হবেন। এতে কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”

কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, জলবায়ু ও মাটির উপযোগিতা বিবেচনায় ফরিদপুর অঞ্চলেও আনারস চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যা, বাজার ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।

প্রচলিত ফসলের বাইরে গিয়ে নতুন সম্ভাবনার সন্ধানে মিলন ফকিরের এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যেই কৃষকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার স্বপ্ন সফল হলে শুধু একজন উদ্যোক্তার আর্থিক উন্নয়নই নয়, বরং ফরিদপুরে আনারস চাষের নতুন অধ্যায়ের সূচনা হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতিতে যোগ হবে নতুন সম্ভাবনা, সৃষ্টি হবে কর্মসংস্থান এবং কৃষকদের জন্য উন্মুক্ত হবে আয়ের নতুন দিগন্ত।

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ণ
কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

সুস্থ থাকতে ফলের কোনো বিকল্প নেই। তবে যখন প্রশ্ন আসে রক্তে শর্করার বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের, তখন অনেকেই দ্বিধায় পড়ে যান যে কোন ফলটি বেছে নেবেন। বিশেষ করে জনপ্রিয় দুটি ফল কমলা এবং কলার মধ্যে কোনটি ডায়াবেটিস রোগীদের জন্য বা যারা চিনি নিয়ে সচেতন তাদের জন্য বেশি উপকারী, তা নিয়ে বিতর্ক অনেক দিনের।

যদিও উভয় ফলেই প্রাকৃতিক চিনি থাকে, কিন্তু পুষ্টিগত গঠন এবং গ্লাইসেমিক ইনডেক্সের (জিআই) পার্থক্যের কারণে শরীরের রক্তে শর্করার মাত্রায় এদের প্রভাব ভিন্ন হয়।

আজকের ফিচারে আমরা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে খুঁজে দেখব, আপনার শরীরের জন্য এই দুটি ফলের মধ্যে কোনটি বেশি নিরাপদ এবং কীভাবে খেলে আপনার শর্করা থাকবে নিয়ন্ত্রণে।

গ্লাইসেমিক ইনডেক্সে কে এগিয়ে?

রক্তে শর্করার ব্যবস্থাপনায় কমলার পাল্লা কিছুটা ভারী বলে মনে করা হয়। কারণ কমলার গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) মাত্র ৩৫, যা বেশ কম। অন্যদিকে, একটি পাকা কলার গ্লাইসেমিক ইনডেক্স সাধারণত ৪৮ এর কাছাকাছি থাকে। যেহেতু কমলার জিআই কম, তাই এটি রক্তে শর্করার মাত্রা কলার তুলনায় ধীরে বৃদ্ধি করে।

পুষ্টির তুলনা: একনজরে

একটি মাঝারি আকারের কলা (১১৮ গ্রাম) এবং একটি মাঝারি কমলার (১৩১ গ্রাম) পুষ্টিগুণ বিশ্লেষণ করলে দেখা যায়:

ক্যালরি: কলায় থাকে ১০৫ ক্যালরি, যেখানে কমলায় থাকে মাত্র ৬১.৬ ক্যালরি।

কার্বোহাইড্রেট বা শর্করা: কলায় শর্করার পরিমাণ ২৬.৯ গ্রাম, অন্যদিকে কমলায় তা ১৫.৫ গ্রাম।

ভিটামিন সি: কমলায় প্রায় ৬৯ দশমিক ৭ মিলিগ্রাম ভিটামিন সি থাকে (দৈনিক চাহিদার ৭৭%), যা কলার (১০.৩ মিলিগ্রাম) তুলনায় অনেক বেশি। শর্করার পরিমাণ কম এবং ভিটামিন সি-এর আধিক্যের কারণে কমলা রক্তে শর্করার ভারসাম্য রক্ষায় কিছুটা বেশি সুবিধাজনক।

কলার গুণাগুণ: পাকা নাকি আধাপাকা?

কলা খাওয়ার ক্ষেত্রে এর পরিপক্কতা বা কতটা পেকেছে তা খুবই গুরুত্বপূর্ণ। কম পাকা বা কিছুটা সবুজ কলায় ‘রেজিস্ট্যান্ট স্টার্চ’ নামক এক ধরণের কার্বোহাইড্রেট থাকে, যা সহজে হজম হয় না এবং রক্তে শর্করার শোষণকে ধীর করে দেয়। গবেষণায় দেখা গেছে, এই ধরণের স্টার্চ ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতেও সাহায্য করতে পারে। তবে কলা যত বেশি পাকে, তার জিআই তত বাড়তে থাকে এবং তা দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে।

কমলার বিশেষ বৈশিষ্ট্য

কমলায় থাকা সাইট্রাস পেকটিন নামক দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং খাবারের পর রক্তে শর্করার শোষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা হেস্পেরিডিন এবং নারিঞ্জিনের মতো ফ্ল্যাভোনয়েডগুলি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা বিপাকীয় স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার কিছু কৌশল

আপনি কলা বা কমলা যা-ই পছন্দ করুন না কেন, রক্তে শর্করার প্রভাব কমাতে নিচের নিয়মগুলো মেনে চলতে পারেন:

১. আস্ত ফল খান, রস নয়: ফলের রস করলে এর প্রয়োজনীয় ফাইবার নষ্ট হয়ে যায়, ফলে তা দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয়। তাই সব সময় আস্ত ফল খাওয়ার চেষ্টা করুন।

২. প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাটের সাথে খান: ফলের সাথে কিছু বাদাম, গ্রিক ইয়োগার্ট বা পনির মিশিয়ে খেলে হজম ধীর হয় এবং সুগার স্পাইক বা শর্করার হঠাৎ বৃদ্ধি কমে।

৩. পরিমিত মাত্রা: ফল যত উপকারীই হোক না কেন, পরিমাণে বেশি খেলে কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায়। তাই সব সময় পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করুন।

৪. কলা কিনুন কিছুটা কাঁচা: ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস থাকলে খুব বেশি পাকা কলার চেয়ে কিছুটা কম পাকা বা শক্ত কলা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

শেষকথা

কমলা এবং কলা উভয়ই স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতে পারে। তবে যাদের রক্তে শর্করার সমস্যা আছে, তাদের জন্য কম শর্করার কারণে কমলা কিছুটা এগিয়ে থাকলেও, নিয়ম মেনে পরিমিত পরিমাণে কলা খাওয়াও সম্পূর্ণ নিরাপদ।

তথ্যসূত্র: ভেরিওয়েল হেলথ

 

ফরিদপুরে সাপের কামড়ে ছটফট করছিল শিশু আব্দুল্লাহ, ফকিরের আশ্বাসেই হারিয়ে গেল প্রাণ

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
ফরিদপুরে সাপের কামড়ে ছটফট করছিল শিশু আব্দুল্লাহ, ফকিরের আশ্বাসেই হারিয়ে গেল প্রাণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে সেক আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের সেক শাহেদের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল পরিবারের সবার ছোট এবং অত্যন্ত আদরের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পেছনে খেলাধুলা করছিল আব্দুল্লাহ। এ সময় একটি কংক্রিটের স্ল্যাবের নিচে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। কামড় খাওয়ার পর শিশুটি বাড়িতে এসে মাকে জানায়, তাকে ‘ব্যাঙে কামড় দিয়েছে’। প্রথমে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় পরিবারের সদস্যরা স্থানীয় এক ব্যক্তির কাছে নিয়ে যান, যিনি নিজেকে ঝাড়ফুঁক ও চিকিৎসাজ্ঞানসম্পন্ন বলে পরিচয় দেন।

শিশুটির চাচি আখি আক্তার জানান, স্থানীয় শহীদ ফকির নামে এক ব্যক্তির কাছে নেওয়ার পর তিনি কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, এটি সাপের কামড় নয়। তার কথায় আশ্বস্ত হয়ে কিছু সময় সেখানে কাটানো হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই আব্দুল্লাহর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে শুরু করে।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও দুপুরের দিকে শিশুটি মারা যায়।

গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রথমে শিশুটিকে স্থানীয় এক ফকিরের কাছে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

আব্দুল্লাহর অকাল মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো চর অমরাপুর গ্রাম। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।