খুঁজুন
, ,

চুক্তির প্রয়োজন নেই, ২-৩ সপ্তাহে শেষ হতে পারে ইরান যুদ্ধ: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
চুক্তির প্রয়োজন নেই, ২-৩ সপ্তাহে শেষ হতে পারে ইরান যুদ্ধ: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলা বন্ধ করতে পারে। তিনি আরও উল্লেখ করেছেন যে, জ্বালানি সরবরাহ বিঘ্নিত করা এবং বিশ্ব অর্থনীতিকে কাঁপিয়ে দেওয়া এই যুদ্ধ শেষ করার জন্য কোনো চুক্তির প্রয়োজন নেই।

তার এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি মঙ্গলবার আল জাজিরাকে জানিয়েছেন, ওয়াশিংটনের সাথে সরাসরি এবং পরোক্ষভাবে বার্তা আদান-প্রদান চললেও কোনো ধরনের আলোচনা বা সমঝোতা হচ্ছে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার প্রায় পাঁচ সপ্তাহ পার হয়েছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন যে ইরান আলোচনার টেবিলে আছে এবং তারা একটি চুক্তির জন্য ‘ভিক্ষা’ করছে। তবে মঙ্গলবার তথাকথিত এই কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে তার সুর কিছুটা বদলে গেছে বলে মনে হচ্ছে।

হোয়াইট হাউজে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, যুদ্ধ বন্ধ করার জন্য সফল কূটনীতি কোনো পূর্বশর্ত কি না– তখন তিনি বলেন, ‘ইরানকে কোনো চুক্তি করতে হবে না, না।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই সেখান থেকে চলে আসবে— ‘হয়ত দুই সপ্তাহ, বড়জোর তিন সপ্তাহ।


ট্রাম্প বলেন, ‘যখন আমাদের মনে হবে যে তারা দীর্ঘ সময়ের জন্য প্রস্তর যুগে ফিরে গেছে এবং তারা আর কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না, তখনই আমরা চলে আসব।’

যদিও ইরান সব সময়ই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং তারা কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করেনি।

কুইন্সি ইনস্টিটিউটের ইরান বিষয়ক পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ ত্রিতা পারসি আল জাজিরাকে বলেন, ট্রাম্পের এই বক্তব্যগুলোকে সতর্কতার সঙ্গে দেখা উচিত। তিনি উল্লেখ করেন, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া এবং হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই সংঘাত থেকে ট্রাম্পের পক্ষে হুট করে ‘বেরিয়ে আসা’ এত সহজ হবে না।

এই যুদ্ধে ইরান ও লেবাননে—যেখানে ইসরায়েল বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালাচ্ছে—প্রচুর বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
পারসি বলেন, ‘মনে করে দেখুন, শুরুতে তারা বলেছিল এই যুদ্ধ চার দিনে শেষ হবে। তারপর তিন সপ্তাহ আগে তারা বলেছিল এতে তিন সপ্তাহ সময় লাগবে। এখন তিন সপ্তাহ পার হয়ে যাওয়ার পর আমরা আবার শুনছি যে এটি শেষ হতে আরও দুই-তিন সপ্তাহ লাগবে।’

তিনি আরও যোগ করেন, ‘সময়সীমা কেবল পেছানোই হচ্ছে।

কারণ দিনশেষে এই যুদ্ধের ওপর যুক্তরাষ্ট্রের আর কোনো নিয়ন্ত্রণ নেই।’ তিনি এই পরিস্থিতিকে একটি ‘বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেন।
পারসি মনে করেন, ‘প্রকৃত আলোচনার মাধ্যমে ট্রাম্পের জন্য যত দ্রুত সম্ভব এটি শেষ করা অনেক ভালো হতো। এ পর্যন্ত যেসব দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা দিয়ে কাজ হবে না। অন্যথায়, তিন সপ্তাহ পরে আমরা আবারও শুনব যে এটি শেষ হতে আরও তিন সপ্তাহ সময় লাগবে।’

‘নিজেদের তেল নিজেরাই জোগাড় করো’

ট্রাম্পের এ মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানে হামলার ফলে উপসাগরীয় অঞ্চলের তেলের স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে ঘরোয়া বাজারে পেট্রোলের গড় দাম গ্যালন প্রতি ৪ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্বের পাঁচ ভাগের এক ভাগ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে যাতায়াত করে।

তবে যুদ্ধের তীব্রতা বাড়তে থাকায় ট্রাম্প সেইসব মিত্র দেশগুলোর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন যারা হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সহায়তা দেওয়ার আহ্বান প্রত্যাখ্যান করেছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্যের মতো দেশগুলোকে লক্ষ্য করে বলেন, যারা ‘ইরানকে নিশ্চিহ্ন করার কাজে অংশ নিতে অস্বীকার করেছে’, তারা যেন হয় যুক্তরাষ্ট্রের কাছ থেকে জ্বালানি কেনে অথবা এই দ্রুত বাড়তে থাকা যুদ্ধে যোগ দেয়।

তিনি বলেন, ‘আপনাদের নিজেদের জন্য লড়াই করা শিখতে হবে। আমেরিকা আর আপনাদের সাহায্য করতে আসবে না, ঠিক যেমন আপনারা আমাদের পাশে দাঁড়াননি। ইরান মূলত ধ্বংস হয়ে গেছে। কঠিন কাজ শেষ। এখন নিজেদের তেল নিজেরাই জোগাড় করে নিন।’

এর আগে মার্কিন প্রতিরক্ষা প্রধান পিট হেগসেথ যুদ্ধে যোগ দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের অনিচ্ছার কথা উল্লেখ করে বলেন, ‘আমি শেষবার যখন খোঁজ নিয়েছিলাম, তখন জানতাম একটি শক্তিশালী রয়্যাল নেভি আছে যারা এ ধরনের কাজ করার জন্য প্রস্তুত থাকার কথা।’

যুক্তরাজ্যের প্রতিরক্ষা সচিব জন হিলি এ সমালোচনার জবাব দিয়েছেন। কাতার সফরকালে তিনি জোর দিয়ে বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রধান মিত্র হিসেবেই আছে।

অন্য একটি পোস্টে ট্রাম্প ফ্রান্সের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়েন এবং দেশটিকে ‘খুবই অসহযোগিতামূলক’ বলে অভিহিত করেন। বিশেষ করে ইসরায়েলগামী সামরিক সরঞ্জামবাহী বিমানগুলোকে ফ্রান্সের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার কারণে তিনি বিরক্ত।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কার্যালয় থেকে জানানো হয়েছে, ইরানে হামলার জন্য ফরাসি ঘাঁটি ব্যবহার করতে না দেওয়ার সিদ্ধান্ত শুরু থেকেই স্পষ্ট ছিল।

তারা বলেছে, ‘আমরা এই টুইট দেখে অবাক হয়েছি। যুদ্ধের প্রথম দিন থেকেই ফ্রান্স তার অবস্থানে অনড় আছে এবং আমরা আমাদের এই সিদ্ধান্তের কথা আবারও নিশ্চিত করছি।’

বিশেষজ্ঞ পারসি বলেন, ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত করাকে মার্কিন যুদ্ধের লক্ষ্য নয় বলে দাবি করে আসলে একটি ‘সাফল্যের গল্প’ তৈরি করার চেষ্টা করছেন। কিন্তু একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ইউরোপীয় দেশগুলো এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দিতে সহায়তা না করায় হতাশা প্রকাশ করছেন।

পারসি প্রশ্ন তোলেন, ‘যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী নৌবাহিনী আছে। যুক্তরাষ্ট্র যদি এটি করতে না পারে, তবে ফরাসি বা অন্য ইউরোপীয়রা এসে কী পার্থক্য গড়ে দেবে?’ তিনি ভবিষ্যদ্বাণী করেন, ইরান হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করতে থাকবে এবং সম্ভবত সেখানে হামলাও চালিয়ে যাবে।

পারসি আরও উল্লেখ করেন, ইরানকে ‘প্রস্তর যুগে’ পাঠিয়ে দেওয়ার ট্রাম্পের এই দাবি আসলে আমেরিকার যুদ্ধের লক্ষ্যগুলোকে ‘ইসরায়েলীকরণ’ করার নামান্তর।

তিনি বলেন, ‘সরায়েলিরা ঠিক এভাবেই যুদ্ধ চালায়। তাদের কোনো দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য নেই; তারা কেবল চায় তাদের প্রতিবেশীরা যেন যতটা সম্ভব দুর্বল থাকে। তাই প্রতি দুই-তিন বছর অন্তর তারা তাদের ওপর বোমা ফেলে।’ ফিলিস্তিনিদের ওপর গত কয়েক দশকের ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে তিনি একে ‘ঘাস কাটার কৌশল’ (mowing the lawn strategy) হিসেবে অভিহিত করেন।

সোমবার একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ ‘মিশনের দিক থেকে অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়েছে, যদিও সময়ের দিক থেকে সেটা নাও হতে পারে।’ উল্লেখ্য, গাজায় গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

নেতানিয়াহু আরও বলেন, ‘তবে আমি এর শেষ হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে চাই না।’

সূত্র: আল জাজিরা

ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ফরিদপুরের সালথায় ৯ বছর বয়সী ৩য় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকত মিয়া (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) আবুল বাসার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর কড়া পুলিশ পাহারায় দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।

​দণ্ডপ্রাপ্ত শওকত মিয়া ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ মে বিকেলে সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামের ৩য় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের ওই শিশুটি বাড়ির পাশে নিজেদের শাক-সবজির (ডাটা) ক্ষেত দেখতে গিয়েছিল। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিবেশী শওকত মিয়া শিশুটিকে জোরপূর্বক তুলে নিয়ে পাশের একটি নির্জন পাটক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

​শিশুটির রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থা দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার’ (ওসিএসি)-এ ভর্তি করায়। ঘটনার পরদিনই নির্যাতিতা শিশুটির বাবা বাদী হয়ে সালথা থানায় শওকত মিয়াকে একমাত্র আসামি করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

​ঘটনা তদন্ত শেষে ২০২০ সালের ৫ অক্টোবর সালথা থানা পুলিশ আসামি শওকত মিয়াকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, প্রয়োজনীয় সাক্ষী গ্রহণ ও যুক্তিতর্ক শুনানি শেষে দীর্ঘ ৬ বছর পর আদালত আজ এ রায় প্রদান করেন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট অর্চনা দাস বলেন, “একটি অবুঝ শিশুকে নির্যাতন করে যে নৃশংসতা চালানো হয়েছিল, আজকের এই রায়ের মাধ্যমে তার ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলো। এই শাস্তি সমাজে অপরাধীদের মনে ভীতি সঞ্চার করবে এবং শিশু সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা এ রায়ে অত্যন্ত সন্তুষ্ট।”

ফরিদপুরের নদী-খালজুড়ে ‘চায়না দুয়ারি’, নিশ্চিহ্নের পথে দেশীয় মাছ

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৫৯ পূর্বাহ্ণ
ফরিদপুরের নদী-খালজুড়ে ‘চায়না দুয়ারি’, নিশ্চিহ্নের পথে দেশীয় মাছ

ফরিদপুরের বিভিন্ন নদী-নালা, খাল-বিল ও জলাশয়ে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’র অবাধ ব্যবহার দিন দিন উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। জেলার সদর, সালথা, নগরকান্দা, বোয়ালমারী, সদরপুর, চরভদ্রাসন, ভাঙ্গা ও আলফাডাঙ্গাসহ প্রায় সব উপজেলায় বর্ষা মৌসুমে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মাছ ধরার এই নিষিদ্ধ ফাঁদের বিস্তার ঘটেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রকাশ্যে এসব চায়না দুয়ারি বসিয়ে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে শিকার করা হলেও মৎস্য বিভাগের দৃশ্যমান অভিযান খুব একটা চোখে পড়ে না। ফলে দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন খাল, বিল ও নদীর শাখা-প্রশাখায় বাঁশ, জাল ও প্লাস্টিকের জাল দিয়ে তৈরি চায়না দুয়ারি বসানো হয়েছে। পানির প্রবাহের মুখে এসব ফাঁদ স্থাপন করায় ছোট পোনা থেকে শুরু করে ডিমওয়ালা মা মাছ পর্যন্ত আটকা পড়ছে। এতে প্রাকৃতিকভাবে মাছের বংশবিস্তার ব্যাহত হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা হৃদয় মোল্যা বলেন, “এ বছর মৎস্য বিভাগকে চায়না দুয়ারির বিরুদ্ধে কোনো অভিযান চালাতে দেখিনি। নদী-খালে অসংখ্য চায়না দুয়ারি বসানো হয়েছে। এগুলো না সরালে কয়েক বছরের মধ্যে দেশীয় মাছ খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে।”

সালথা উপজেলার রহিম শেখ বলেন, “আগে বর্ষা মৌসুমে খাল-বিলে জাল ফেললেই নানা প্রজাতির মাছ পাওয়া যেত। এখন চায়না দুয়ারির কারণে মাছের সংখ্যা অনেক কমে গেছে। প্রশাসনের আরও কঠোর হওয়া প্রয়োজন।”

নগরকান্দা উপজেলার আব্দুল জলিলের ভাষ্য, “অনেক সময় প্রকাশ্যেই চায়না দুয়ারি বসানো হয়। স্থানীয় লোকজন জানালেও দ্রুত ব্যবস্থা নেওয়া হয় না। নিয়মিত অভিযান হলে এভাবে কেউ নিষিদ্ধ ফাঁদ ব্যবহার করতে সাহস পেত না।”

বোয়ালমারী উপজেলার হায়দার মাতুব্বর বলেন, “চায়না দুয়ারি শুধু বড় মাছ নয়, ছোট পোনা পর্যন্ত ধরে ফেলে। এতে ভবিষ্যতে মাছের উৎপাদন ভয়াবহভাবে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।”

ভাঙ্গা উপজেলার কায়সার খাঁন বলেন, “সরকার প্রতি বছর মাছের উৎপাদন বাড়াতে নানা উদ্যোগ নেয়। কিন্তু চায়না দুয়ারির মতো নিষিদ্ধ ফাঁদ বন্ধ করা না গেলে সেই উদ্যোগের সুফল পুরোপুরি পাওয়া যাবে না।”

আলফাডাঙ্গা উপজেলার কেরামত আলী বলেন, “মৎস্য সম্পদ রক্ষা করতে হলে শুধু অভিযান চালালেই হবে না, যারা বারবার এই ফাঁদ ব্যবহার করছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।”

চরভদ্রাসন উপজেলার প্রকৃতি ও সংস্কৃতিকর্মী আবদুস সবুর কাজল বলেন, “চায়না দুয়ারি এখন ফরিদপুরের নদী-নালা ও খাল-বিলের জন্য নীরব দুর্যোগে পরিণত হয়েছে। এই অবৈধ ফাঁদে ছোট-বড় সব ধরনের মাছ, এমনকি রেণুপোনা ও ডিমওয়ালা মা মাছও ধরা পড়ছে। ফলে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি আরও বলেন, শুধু মাঝে মধ্যে অভিযান চালিয়ে নয়, নিয়মিত মনিটরিং, কঠোর আইন প্রয়োগ এবং স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে এ অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। অন্যথায় আগামী প্রজন্ম দেশীয় মাছের অনেক প্রজাতি শুধু বইয়ের পাতাতেই দেখতে পাবে।”

মৎস্য বিশেষজ্ঞদের মতে, চায়না দুয়ারি এমন একটি স্থায়ী ফাঁদ, যা পানির প্রবাহের মুখে বসানো হয়। এতে বড় মাছের পাশাপাশি রেণুপোনা, কিশোর মাছ এবং ডিমওয়ালা মা মাছও আটকা পড়ে। ফলে মাছের স্বাভাবিক প্রজনন চক্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে বাংলাদেশে দীর্ঘদিন ধরেই এই ধরনের ফাঁদ ব্যবহার নিষিদ্ধ।

সংশ্লিষ্টরা জানান, মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী নিষিদ্ধ জাল ও ফাঁদ ব্যবহার দণ্ডনীয় অপরাধ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে জরিমানা, জেল অথবা উভয় ধরনের শাস্তির বিধান রয়েছে। তারপরও সহজে বেশি মাছ ধরার আশায় অনেকেই এই অবৈধ পদ্ধতি ব্যবহার করছেন।

ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “শুধু অভিযান চালিয়ে চায়না দুয়ারি নির্মূল করা সম্ভব নয়। প্রথমেই এসব চায়না দুয়ারি কোথায় তৈরি ও সরবরাহ হচ্ছে, সেই উৎস চিহ্নিত করে উৎপাদন ও বিপণন বন্ধ করতে হবে। অন্যথায় মাঝে মধ্যে অভিযান চালিয়ে কিছু দুয়ারি জব্দ বা ধ্বংস করলেও সমস্যার স্থায়ী সমাধান হবে না। গত পাঁচ বছরে ফরিদপুরে চায়না দুয়ারির ব্যবহার ভয়াবহভাবে বেড়েছে। দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় প্রশাসন ও মৎস্য বিভাগকে আরও কঠোর ও নিয়মিত পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে।”*

ফরিদপুরের সচেতন নাগরিক কমিটির সদস্য সাংবাদিক হাসানউজ্জামান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, শুধু অভিযান পরিচালনা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, মৎস্যজীবী সংগঠন, পরিবেশ অধিদপ্তর এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি নিষিদ্ধ ফাঁদের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ব্যাপক জনসচেতনতাও গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় চায়না দুয়ারির বিরুদ্ধে নিয়মিত ও দৃশ্যমান অভিযান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বাড়ানো গেলে ফরিদপুরের নদী-নালা ও খাল-বিলে আবারও দেশীয় মাছের প্রাচুর্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তাইতো, জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদকে রক্ষায় সরকারকে আরও কঠোর হওয়া প্রয়োজন।

এ বিষয়ে ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “আমরা চায়না দুয়ারির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নিষিদ্ধ ফাঁদ অপসারণ করা হচ্ছে। ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে। কেউ নিষিদ্ধ ফাঁদ ব্যবহার করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

সদরপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

শিশির খাঁন
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ণ
সদরপুরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

ফরিদপুরের সদরপুরে মাদক সেবন করে এলাকাবাসীর সঙ্গে অশোভন আচরণ করায় আমিনুল কাজী (৩১) ও আজিজুল শেখ (২৮) নামে দুই তরুণকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২২ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া এলাকার রাজার চর ওয়াজ হাওলাদার কান্দি এলাকায় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া এই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আমিনুল কাজী উপজেলার ঢেউখালি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের মো. আশরাফ কাজী ছেলে ও আজিজুল শেখ একই গ্রামের খলিল শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আমিনুল কাজী (৩১) ও আজিজুল শেখ (২৮) প্রায়ই মাদক সেবন করে পরিবারসহ এলাকার আশপাশের লোকজনের সঙ্গে উচ্ছৃঙ্খল ও অপ্রীতিকর আচরণ করেন। এরই প্রেক্ষিতে বুধবারও তারা মাদক ক্রয় করার সময় গোপন তথ্যের ভিত্তিতে তাদের দুজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তল্লাশীকালে দুজনের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত ৬ পিস ইয়াবা ট্যাবলেট জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদরপুর থানার একদল পুলিশ সদস্য ।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সমাজে মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি প্রশাসনকে প্রয়োজনীয় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।