খুঁজুন
, ,

রাজনীতিতে ‘পরিকল্পিত প্রতারণা’ ও আগামীর প্রত্যাশা

মাহবুব আজীজ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ণ
রাজনীতিতে ‘পরিকল্পিত প্রতারণা’ ও আগামীর প্রত্যাশা

চব্বিশের গণঅভ্যুত্থানের পর ঝঞ্ঝাক্ষুব্ধ রাজনৈতিক বাস্তবতায় বহু সীমাবদ্ধতার পরও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্রমেই স্বতন্ত্র জায়গা খোঁজার চেষ্টা করছে। ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত’ হিসেবে সমালোচনা থাকলেও গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের উপস্থিতির কারণে দলটির প্রতি মানুষের আগ্রহ রয়েছে। যদিও তরুণ নেতৃবৃন্দ দলের নীতি- আদর্শ এখনও সুস্পষ্টভাবে প্রকাশ করতে পারেননি। এর মধ্যে বিএনপি, জামায়াতসহ ২৫টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করলেও এনসিপি এখনও করেনি। বলছে, আইনি ভিত্তি নিশ্চিত হওয়ার আগে জুলাই সনদে স্বাক্ষর করবে না তারা। এ নিয়ে জামায়াতে ইসলামীর সঙ্গেও সুস্পষ্ট দূরত্বে দাঁড়িয়েছে দলটি। জুলাই গণঅভ্যুত্থানের পর সংস্কার, গণভোটসহ যাবতীয় রাজনৈতিক আলোচনায় জামায়াত ও এনসিপির ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসে। কিন্তু জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করলেও জামায়াতের ইতিবাচক সিদ্ধান্ত পুরো প্রেক্ষাপট বদলে দিয়েছে। এর কঠোর সমলোচনা করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘জাতীয় ঐকমত্য কমিশনের অধীন সংস্কারের বিষয়ে জামায়াত আকস্মিক যে অনুমোদন দিয়েছে, সেটি সংস্কার আকাঙ্ক্ষার ফল নয়; বরং একটি কৌশলগত অনুপ্রবেশ। সংস্কারবাদের ছদ্মবেশে এটি একটি রাজনৈতিক নাশকতা’ (সমকাল, ২০ অক্টোবর ২০২৫)। 

ইংরেজিতে দীর্ঘ পোস্টে তিনি আরও লিখেছেন, ‘জামায়াতের কথিত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের (পিআর) আন্দোলন একটি সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয়।’
নাহিদ অভিযোগ করেছেন, ‘আমরা মৌলিক সংস্কার এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে জুলাই সনদের আইনি কাঠামো তৈরি করার জন্য অন্দোলন গড়তে চেয়েছিলাম। কিন্তু জামায়াত ও তার সহযোগীরা এটি ছিনতাই করেছে। এটিকে তারা দলীয় ক্ষুদ্র স্বার্থ উদ্ধারের দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’

নাহিদের কঠোর অবস্থানের কারণ সম্পর্কে এনসিপির নীতিনির্ধারণী পর্যায়ের পাঁচজন নেতা জানিয়েছেন, জুলাই সনদে স্বাক্ষরসহ জামায়াতের সাম্প্রতিক কার্যক্রমে বিশ্বাসভঙ্গের বোধ তৈরি হয়েছে। সে কারণেই ‘রাজনৈতিক দ্বিচারিতার বিষয়টি জনসমক্ষে নিয়ে আসতে চাইছেন তারা’ (প্রথম আলো, ২০ অক্টোবর, ২৫)।

২.
উচ্চকক্ষে পিআর, প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা হ্রাসসহ সংবিধানকে আরও গণতান্ত্রিক করবার সংস্কার প্রস্তাবে শুরু থেকেই নিরলস এনসিপি। বিএনপির বেশ কয়েকটি ‘নোট অব ডিসেন্ট’ সত্ত্বেও এনসিপির দাবি, সংস্কার প্রস্তাবকে গণভোটের মাধ্যমে পাস করিয়ে আইনি কাঠামো দিতে হবে। জামায়াত বরাবর এই দাবির সঙ্গে থেকে আচমকা জুলাই সনদে স্বাক্ষর করে বসেছে। উপরন্তু আরও সাতটি ইসলামিক দলসহ উচ্চ ও নিম্নকক্ষে পিআর, জুলাইয়ের আইনি কাঠামোর দাবিতে রাজপথে আন্দোলন অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে!
জামায়াতের রাজনৈতিক দ্বিচারিতা নতুন নয়। মুক্তিযুদ্ধে দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছিল দলটি; পরে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সখ্য গড়ে তৃণমূলে প্রভাব বিস্তার করতে থাকে। কখনও আওয়ামী লীগ, কখনও বিএনপির প্রশ্রয়ে প্রভাব বাড়িয়ে এক পর্যায়ে সরকারের অংশী হয়। ইসলামিক শাসন পদ্ধতি তাদের অন্বিষ্ট; কিন্তু নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে দেশে শরিয়া আইন প্রবর্তনের ব্যাপারে অবস্থান স্পষ্ট করে না। আবার গত ৫০ বছরে উচ্চারণ না করলেও এখন পিআর পদ্ধতি প্রচলনের দাবিতে তারা আন্দোলনরত। সমীকরণ মেলানো সম্ভব– আওয়ামী লীগের অনুপস্থিতির সুযোগে বিএনপির সমান্তরালে জামায়াতও নিজেকে বড় দল হিসেবে প্রতিষ্ঠায় মরিয়া। জুলাই সনদের আইনি কাঠামোর সম্মিলিত দাবির মাঝপথে এনসিপিকে একলা রেখে জামায়াতের সনদে স্বাক্ষর এরই পরিষ্কার ইঙ্গিত!

৩.
এনসিপির রাজনীতিকরা তরুণ, অনভিজ্ঞ; তবে গণঅভ্যুত্থানের অমিত সাহসে প্রাণবন্ত। তাই স্পষ্টভাবে জামায়াতের দ্বিচারী আচরণকে রাজনৈতিক প্রতারণা হিসেবে চিহ্নিত করতে পেরেছেন। এখন এই তরুণ নেতৃত্বকে আরও গভীরে ভাবতে হবে। প্রতিটি বিষয় আরও সূক্ষ্মভাবে মিলিয়ে দেখতে হবে।

সংস্কার নিশ্চয়ই চলমান প্রক্রিয়া; তারপরও তরুণ নেতৃত্বকে ভাবতে হবে– যে ৮৪টি সংস্কার প্রস্তাব নিয়ে জুলাই সনদ প্রস্তুত হয়েছে, এতে মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি আকাঙ্ক্ষা অপসৃয়মাণ হবার আশঙ্কায়। বাহাত্তরের সংবিধানের মূল চার স্তম্ভ বাদ যাচ্ছে কাদের স্বার্থে? কেন? ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা বাতিল করে যুক্ত হচ্ছে– সকল সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা। এ দেশে ৯০ শতাংশ মুসলমান; অন্য ধর্মাবলম্বীরা সহাবস্থান নিশ্চয়ই করবেন। কিন্তু সুশাসন না থাকলে বৃহদাকার হস্তীর পাশে ক্ষুদ্রকায় পিপীলিকার সহাবস্থানের পরিণতি হতে পারে। কাজেই রাষ্ট্রকে ধর্মনিরপেক্ষ হতে হবে। আর ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়; সকল ধর্মের বিষয়ে রাষ্ট্রের অবস্থান হবে নৈর্ব্যক্তিক ও গণতান্ত্রিক– নাগরিকরা যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবেন।

পাকিস্তান তৈরি হয়েছিল ধর্মের নামে; ধর্মের দোহাই দিয়ে ২৩ বছর ধরে তারা পূর্ব পাকিস্তানকে নিপীড়ন করেছে। বায়ান্নর ভাষা আন্দোলন, ষাট দশকের জাতীয়তাবাদী আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধ– সবই অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ স্বাধীন বাংলাদেশ তৈরির লক্ষ্যে পরিচালিত। চব্বিশের গণঅভ্যুত্থান কোনোভাবেই মুক্তিযুদ্ধের সঙ্গে সাংঘর্ষিক নয়। ৫ আগস্টের আগে টানা কয়েকদিন উত্তাল রাজপথে নারী-পুরুষ, নবীন-প্রবীণ নির্বিশেষে কণ্ঠে তুলে নিয়েছিলেন অবিনাশী দেশের গান– ‘ধনধান্য পুষ্পভরা’। তখন কার পোশাক কেমন, কারও ভ্রুক্ষেপ ছিল না; সকলে ছিলেন একে অপরের সহযোদ্ধা। এই অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশের ছবি চূর্ণ হতে দেখি গণঅভ্যুত্থানের পর।

দেশজুড়ে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, ধানমন্ডির ৩২ নম্বরসহ অজস্র ঐতিহাসিক নিদর্শন ভাঙা চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল না। বরং এগুলোকে রাজনীতিতে ক্রমাগত ডানপন্থা ও উগ্রবাদের উত্থান-চিহ্ন হিসেবেই চিহ্নিত করতে হবে। তারই সঙ্গে সম্পর্কিত জুলাই সনদে ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া; ৭ মার্চের ভাষণকে বাতিল করা। ১৯৭১ সালের ৭ মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ সোপান। এই ভাষণ, মুক্তিযুদ্ধের অপরাপর স্মৃতি, চিহ্ন কোনো দল বা ব্যক্তির একক সম্পত্তি নয়। অনেকে বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় সম্পত্তি বানিয়েছিল। যদি সেই বিবেচনায় মুক্তিযুদ্ধের ইতিহাস অগ্রাহ্য হয়; তাহলে তা আওয়ামী লীগের সম্পত্তি হিসেবেই স্বীকার করে নেওয়ার শামিল। এই জাতির অনন্য বিজয়গাথা কোনো দলের সম্পত্তি হতে পারে না; মুক্তিযুদ্ধকে খাটো করে দেখবার প্রয়াস দেশের মানুষের ধারাবাহিক সংগ্রামকেই অস্বীকার করা; এতে সাম্প্রদায়িক শক্তিই কেবল লাভবান হয়। এ দেশের মানুষ কোনো রাষ্ট্রেরই দাসত্ব করতে পারে না। যেমন ভারতের দাসত্ব করতে পারে না, তেমনি পারে না পাকিস্তানের বাহুডোরে ধরা দিতে উৎসাহী হতে। স্বাধীন বাংলাদেশের মানুষ মাথা উঁচু করে বেঁচে থাকবে; সব বিদেশি শক্তির সঙ্গে সমান মর্যাদা ও স্বার্থের সম্পর্ক অক্ষুণ্ন রেখে।

অসাম্প্রদায়িকতা, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ– এ দেশের মানুষের আবহমানকালের সম্পদ। এনসিপির আহ্বায়ক রাজনৈতিক দলের প্রতারণা সম্পর্কে উচ্চকিত হয়েছেন; অভ্যুত্থানের বিজয়ী তারুণ্য একইভাবে স্বদেশের মৌলিক নিজস্বতায় অবিচল থেকে গণতন্ত্রের দ্বার উন্মুক্ত করবার কাজে ব্রতী হবেন। এই লক্ষ্যে দলীয় আদর্শ ও লক্ষ্য জাতির সামনে পেশ করতে হবে। সুস্পষ্টভাবে জানাতে হবে নিজেদের রাজনৈতিক মতাদর্শ। তবে আমরা কায়মনোবাক্যে প্রত্যাশা করি, গণঅভ্যুত্থানের তরুণদের একটিই পক্ষ– ‘বাংলাদেশ’; অসাম্প্রদায়িক ও মুক্তবুদ্ধির, উদার গণতান্ত্রিক বাংলাদেশ। যে কোনো রাজনৈতিক প্রতারণার বিরুদ্ধে তারা সুস্পষ্ট অবস্থান নেবে। অন্ধকার তাড়িয়ে আলো আনা প্রজন্মের কাছে আমাদের এই আকাঙ্ক্ষা।

মাহবুব আজীজ: উপসম্পাদক, সমকাল; সাহিত্যিক
mahbubaziz01@gmail.com

ফরিদপুরে ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৬:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরে ছাত্রলীগ নেতার মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

ফরিদপুরের মধুখালী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ আটক হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মো. ইশতিয়াক আহমেদ প্রান্তের (২৮) মৃত্যুর ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা পুলিশ।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. নজরুল ইসলাম। তিনি জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং সার্বিক পরিস্থিতি তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম এবং ডিআই-১ মো. মোশারফ হোসেন।

এর আগে শনিবার (২০ জুন) দিবাগত রাত ২টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় মাদক বিক্রির অভিযোগে প্রান্তকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করে পুলিশ।

ডিবি পুলিশের তথ্যমতে, আটকের প্রায় এক ঘণ্টা পর প্রান্ত শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শিকদার আফ্রিদি রিজভী জানিয়েছেন, হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সিটিস্কানে দেখা যায়, প্রান্ত ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তার মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরে কোনো আঘাত বা নির্যাতনের চিহ্ন পাওয়া যায়নি বলেও জানান তিনি।

পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “চিকিৎসকদের প্রাথমিক মতামত অনুযায়ী তিনি ব্রেনস্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তারপরও ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কমিটি সব দিক পর্যালোচনা করে প্রতিবেদন দেবে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।”

এদিকে প্রান্তের মৃত্যুর ঘটনায় সারাদেশে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত কমিটির অনুসন্ধান শেষ হলে বিষয়টি আরও স্পষ্ট হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফরিদপুরের মধুখালীতে গাঁজাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ১:৩৯ অপরাহ্ণ
ফরিদপুরের মধুখালীতে গাঁজাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফরিদপুরের মধুখালী উপজেলায় চলমান মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম মো. ইমতিয়াজ আহমেদ প্রান্ত (২৮)। তিনি মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোন্দারদিয়া এলাকার মৃত ইসকেন্দার হায়দারের ছেলে।

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তথ্যমতে, শনিবার (২০ জুন) দিবাগত রাত প্রায় ২টার দিকে মধুখালী পৌরসভার গোন্দারদিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির অভিযোগে প্রান্তকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আটকের ঘণ্টা খানেক পর প্রান্ত হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. শিকদার আফ্রিদি রিজভী বলেন, হাসপাতালে আনার পর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও সিটিস্কানে দেখা যায়, প্রান্ত ব্রেনস্ট্রোকের শিকার হয়েছেন। তার মাথায় বড় ধরনের রক্তক্ষরণ হয়েছে। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন বা নির্যাতনের আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি।

এ ঘটনায় ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলার পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, “মাদকবিরোধী অভিযানের সময় প্রান্তকে গাঁজাসহ আটক করা হয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, তিনি ব্রেনস্ট্রোকজনিত কারণে মারা গেছেন। তারপরও মৃত্যুর ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, প্রান্তের বিরুদ্ধে মধুখালী থানায় পূর্বেও মাদক-সংক্রান্ত মামলা রয়েছে। তার মৃত্যুর ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। এদিকে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত কমিটির অনুসন্ধান শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেলায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

ফরিদপুরে প্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষ, বদলে যেতে পারে কৃষির চিত্র

হারুন-অর-রশীদ, ফরিদপুর ও আবু নাসের হোসাইন, সালথা:
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ
ফরিদপুরে প্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষ, বদলে যেতে পারে কৃষির চিত্র

কৃষিপ্রধান জেলা ফরিদপুরে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন এক তরুণ কৃষি উদ্যোক্তা। প্রচলিত ধান, পাট, গম কিংবা সবজি চাষের গণ্ডি পেরিয়ে এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারস চাষ শুরু হয়েছে ফরিদপুরের সালথা উপজেলায়। উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের কৃষি উদ্যোক্তা মিলন ফকির ৮ বিঘা জমিতে আনারসের বাগান গড়ে তুলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ফরিদপুর অঞ্চলে এ ধরনের বৃহৎ পরিসরের আনারস চাষ আগে দেখা যায়নি। ফলে মিলন ফকিরের এই উদ্যোগ সফল হলে জেলার কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি কৃষকদের জন্য বিকল্প ও লাভজনক ফলচাষের পথ উন্মুক্ত হবে।

সরেজমিনে দেখা যায়, যদুনন্দী গ্রামের দুটি পৃথক প্লটে বিস্তীর্ণ জমিজুড়ে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে হাজার হাজার আনারসের চারা। পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত বাগানজুড়ে চলছে নিয়মিত পরিচর্যা। দূর থেকে দেখলে সবুজের সমারোহে ভরা বাগানটি যে কারও দৃষ্টি কাড়ে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে কৃষকরা বাগান পরিদর্শনে আসছেন এবং আনারস চাষের খুঁটিনাটি বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করছেন।

জানা গেছে, মিলন ফকির দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সবজি ও কৃষিপণ্য চাষের সঙ্গে যুক্ত। নতুন কিছু করার চিন্তা থেকেই দুই বছর আগে তিনি বাড়ির ছাদে পরীক্ষামূলকভাবে কয়েকটি আনারস গাছ লাগান। আশাতীত ফলন ও সফলতা তাকে বাণিজ্যিকভাবে আনারস চাষে উদ্বুদ্ধ করে। এরপর তিনি পরিকল্পিতভাবে আনারস চাষের জন্য জমি নির্বাচন করেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য সংগ্রহ শুরু করেন।

চলতি বছরে তিনি টাঙ্গাইলের মধুপুর অঞ্চল থেকে ক্যালেন্ডার ও জলডুগু জাতের প্রায় ৮০ হাজার আনারসের চারা সংগ্রহ করেন। পরবর্তীতে ৮ বিঘা জমিতে এসব চারা রোপণ করা হয়। বর্তমানে বাগানের গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠছে এবং আগামী বছর থেকে ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

কৃষি উদ্যোক্তা মিলন ফকির বলেন, “প্রথমে শখের বসে বাড়ির ছাদে কয়েকটি আনারস গাছ লাগিয়েছিলাম। গাছে ভালো ফল আসার পর আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তখন মনে হলো, বাণিজ্যিকভাবে আনারস চাষ করা সম্ভব। সেই চিন্তা থেকেই এবার বড় পরিসরে চাষ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “চারা সংগ্রহ, জমি প্রস্তুত, সেচ ব্যবস্থা, সার, শ্রমিক ও পরিচর্যাসহ এ পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী বছর ফল সংগ্রহ করা যাবে। তখন প্রায় ৮০ লাখ টাকার আনারস বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছি।”

মিলন ফকির জানান, শুধু ফল বিক্রিই নয়, ভবিষ্যতে আনারসের উন্নত জাতের চারা উৎপাদন ও বিক্রিরও পরিকল্পনা রয়েছে তার। এতে একদিকে যেমন অতিরিক্ত আয় হবে, অন্যদিকে স্থানীয় কৃষকরাও সহজে মানসম্পন্ন চারা সংগ্রহ করতে পারবেন।

তিনি বলেন, “আমার এই উদ্যোগ সফল হলে এলাকার অনেক কৃষক আনারস চাষে আগ্রহী হবেন। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ পেলে আগামীতে আরও বড় পরিসরে আনারসের আবাদ সম্প্রসারণ করবো।”

স্থানীয় বাসিন্দারা জানান, সালথা এলাকায় এর আগে কখনো এভাবে বাণিজ্যিক আকারে আনারস চাষ হতে দেখা যায়নি। ফলে বাগানটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহও অনেক বেশি।

স্থানীয় কৃষক আব্দুর রহমান বলেন, “আমরা সাধারণত ধান, পাট ও সবজি চাষ করি। আনারস চাষের কথা কখনো ভাবিনি। মিলন ফকিরের বাগান দেখে মনে হচ্ছে এটি লাভজনক হতে পারে। ফলন ভালো হলে আমরাও এ ধরনের ফলচাষে আগ্রহী হবো।”

আরেক কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, “বাগানটি দেখতে খুব সুন্দর। প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছে। সফল হলে এটি এলাকার কৃষকদের জন্য নতুন দৃষ্টান্ত হবে।”

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আনারস একটি লাভজনক ফল হিসেবে পরিচিত। বিশেষ করে টাঙ্গাইলের মধুপুর, গাজীপুর, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপকভাবে আনারসের চাষ হয়। বর্তমানে বাজারে আনারসের চাহিদা বাড়ছে এবং ফলটি পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও হজম সহায়ক উপাদান। ফলে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে আনারসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “সালথা উপজেলায় প্রথমবারের মতো ৮ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আনারস চাষ করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ। কৃষি অফিস থেকে নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে কৃষিতে বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাভজনক ফল ও ফসলের আবাদ বৃদ্ধি পেলে কৃষকদের আয় বাড়বে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে। মিলন ফকিরের এই উদ্যোগ সফল হলে জেলার অন্য কৃষকরাও উৎসাহিত হবেন বলে আমরা বিশ্বাস করি।”

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন বলেন, “ফরিদপুরে বাণিজ্যিকভাবে আনারস চাষের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের জেলায় সাধারণত ধান, পাট, গম ও বিভিন্ন সবজি চাষের প্রচলন বেশি থাকলেও কৃষিতে বহুমুখীকরণের লক্ষ্যে নতুন নতুন ফল ও ফসলের আবাদ সম্প্রসারণ অত্যন্ত প্রয়োজন। মিলন ফকিরের মতো উদ্যোক্তারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে আমরা বাগানের অবস্থা সন্তোষজনক দেখেছি এবং কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। যদি ফলন ও বাজারজাতকরণ সফল হয়, তাহলে ফরিদপুরের অনেক কৃষক আনারস চাষে আগ্রহী হবেন। এতে কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”

কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, জলবায়ু ও মাটির উপযোগিতা বিবেচনায় ফরিদপুর অঞ্চলেও আনারস চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যা, বাজার ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।

প্রচলিত ফসলের বাইরে গিয়ে নতুন সম্ভাবনার সন্ধানে মিলন ফকিরের এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যেই কৃষকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার স্বপ্ন সফল হলে শুধু একজন উদ্যোক্তার আর্থিক উন্নয়নই নয়, বরং ফরিদপুরে আনারস চাষের নতুন অধ্যায়ের সূচনা হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতিতে যোগ হবে নতুন সম্ভাবনা, সৃষ্টি হবে কর্মসংস্থান এবং কৃষকদের জন্য উন্মুক্ত হবে আয়ের নতুন দিগন্ত।