খুঁজুন
রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৮ চৈত্র, ১৪৩২

আমেরিকান ক্রীড়া রুচিকে প্রভাবিত করছেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ এএম
আমেরিকান ক্রীড়া রুচিকে প্রভাবিত করছেন মেসি

ফুটবলের মাধ্যমে লিওনেল মেসি আর্জেন্টিনাকে গর্বিত করে চলেছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার আমেরিকান ক্রীড়াজগতে এমন এক বিপ্লব ঘটাতে চলেছেন, যা পেলেও পারেননি। আমেরিকার সংবাদপত্র ক্লারিন সম্প্রতি এ সংক্রান্ত এক সংবাদ প্রকাশ করেছে, যার আলোকে তৈরি করা হয়েছে এ প্রতিবেদন।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন মেজর লিগ সকারে (এমএলএস) আমেরিকাকে চ্যাম্পিয়ন বানিয়েছেন। উত্তর আমেরিকার সবচেয়ে জনপ্রিয় খেলাগুলোর সঙ্গে ‘সকারকে’ কাঁধে কাঁধ মিলিয়ে চলতে সাহায্য করছেন। আড়াই বছর আগে মেসি ইন্টার মায়ামিকে বাজি হিসেবে বেছে নিয়েছিলেন। অনেকে বলছিলেন, বিলাসবহুল অবসরের জন্য মেসি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন। লিওনেল মেসির পরিকল্পনা ছিল ভিন্ন। এ কিংবদন্তি আসলে ইতিহাস গড়তে চেয়েছিলেন, নিজেকে আরও দৃঢ় করতে চেয়েছিলেন। ইন্টার মায়ামির হয়ে তিনি ঠিক এটাই করেছেন। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার উত্তর আমেরিকায় পায়ের জাদু দিয়ে প্রায়ই অবমূল্যায়িত ‘সকার’ খেলাকে সম্পূর্ণ নতুন মাত্রা দিচ্ছেন। এটা ঠিক যে, খ্যাতি ও মানের দিক থেকে এমএলএস ইউরোপের প্রধান লিগগুলোর পর্যায়ে নেই। এটি প্রিমিয়ার লিগের উন্মত্ত গতি বা লা লিগার তারকাদের উজ্জ্বলতা থেকে অনেক দূরে। ইতালির পুনরুত্থিত সিরি-এ এবং প্রায়শই অবমূল্যায়িত বুন্দেসলিগা থেকে ততটা দূরেও নয়। এমনকি এতে ফ্রান্সের লিগ-ওয়ানের মতো তীব্রতাও নেই। মেসি এমন একটি লিগে এসেছেন, যা ক্রমাগত প্রসারিত এবং বিকশিত হচ্ছে। এখানে জেতাটা মোটেও সহজ নয়।

গত মৌসুমে জেরার্দো মার্তিনোর অধীনে ইন্টার মায়ামি প্লে-অফের প্রথম রাউন্ড থেকে ছিটকে গিয়েছিল। ব্যতিক্রমী নিয়মিত মৌসুমের পরে ক্লাবটি সাপোর্টার্স শিল্ড জিতেছিল। নিশ্চিত করেছিল ক্লাব বিশ্বকাপ। ক্লাবটির যখন কাঙ্ক্ষিত এমএলএস কাপের দিকে প্রথম ধাপ নেওয়ার পালা, তখন আটলান্টা ইউনাইটেডের মুখোমুখি হয়ে শূন্য হাতে ফিরতে হয়েছে। মেসি ভুল থেকে শিক্ষা নিয়েছেন। টাটা মার্তিনোর পর হাভিয়ের মাশ্চেরানোকে এমন একজন কোচ হিসেবে খুঁজে পান, যিনি সেরাটা বের করে এনেছেন। এজন্য তিনি মেসির বন্ধু লুইস সুয়ারেজকে বেঞ্চে বসাতে দ্বিধা করেননি। আক্রমণভাগে আরও বেশি পাসিং বিকল্প এবং গতির খোঁজেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ৩৮ বছর বয়সে মেসির অভাবনীয় পরিসংখ্যান নিয়ে মৌসুম শেষ করার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মেসি ৩৪ ম্যাচের ৩২টিতে শুরু থেকে খেলেছেন। ৩৫ গোল করেছেন—নিয়মিত মৌসুমে ১৯ এবং ২৩টি অ্যাসিস্ট করেছেন; প্লে-অফের আগে করেছেন ১৬টি। পুরো অভিযানে হেরনসদের মোট ১০১ গোলের মধ্যে ৫৮টিতে জড়িত ছিলেন মেসি।

সব মিলিয়ে পুরো মৌসুমে মেসি ৫৪ ম্যাচে ৪৬ গোল করেছেন, অ্যাসিস্ট সংখ্যা ২৮। যা ১ হাজার ১৩৭ ক্যারিয়ার ম্যাচে মেসির গোলসংখ্যা ৮৯৬-এ উন্নীত করেছে। সঙ্গে ছিল ৪০৭ অ্যাসিস্ট। অবিশ্বাস্য ৪৭ শিরোপার সঙ্গে নিজের নাম জুড়ে দিয়েছেন মেসি। ইন্টার মায়ামির সঙ্গে তার আরও তিন মৌসুম বাকি আছে। দুয়ারে কড়া নাড়ছে ২০২৬ বিশ্বকাপ। আসরে মেসি নিজেকে স্থানীয় মনে করবেন।

হাঙ্গেরির কিংবদন্তি পুসকাসের সর্বকালের অ্যাসিস্টের রেকর্ড ভেঙে হাজার গোল করার রেকর্ডের দিকে ছুটছেন মেসি। ফুটবল ইতিহাসের শীর্ষ স্কোরার হওয়ার দৌড়ে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পেছনে থাকা মেসি উত্তর আমেরিকার খেলাধুলায়ও নিজের ছাপ ফেলছেন। শুধু খেলোয়াড় সত্তা দিয়ে নয়, মেজর লিগ সকারের সঙ্গে অংশীদারত্ব এবং অ্যাপল ও অ্যাডিডাসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে জোটবদ্ধ হয়ে আমেরিকান ক্রীড়া রুচিকে প্রভাবিত করে চলেছেন মেসি। ভ্যানকুভার হোয়াইট ক্যাপসকে ৩-১ গোলে হারানোর পর তিনি যে উদযাপন করেছেন, তা ১৯৭০-এর দশকে পেলে নিউইয়র্ক কসমসে গিয়ে করতে পারেননি।

ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
ফরিদপুরে ঈদের দিনে পাগলা কুকুরের কামড়ে আহত ১৬ 

ফরিদপুরের সদরপুরে ঈদের নামাজের পর একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন। 

শনিবার (২১ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পরে দুইটার দিকে স্থানীয়রা কুকুরটিকে মেরে ফেলে বলে জানা গেছে।

হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের নামাজের পর উপজেলা সদরে একটি পাগলা কুকুর যাকে সামনে পেয়েছে তাকেই আকষ্মিকভাবে কামড়ে আহত করে। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী এক রোগীর স্বজন মো. সোহাগ মুন্সি বলেন, একটি পাগলা কুকুর হঠাৎ করে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়ে আহত করে। আমার ভাতিজা আরাফাতকে(১৪) কামড়ে আহত করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। মোট ১৬ জন বিভিন্ন বয়সী মানুষকে কুকুরটি কামড়ে আহত করে।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: মমিনুর রহমান সরকার বলেন, আহতদের মধ্যে এগারো জনকে আমাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি পাঁচ জন পার্শ্ববর্তী হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

 

ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ৪:০৩ পিএম
ফরিদপুরে ঈদের নামাজ শেষেই দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে ঈদের নামাজ শেষে দুই দল গ্রামবাসী মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় ১৫/২০ টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার (২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে চলে এ সংঘর্ষ। দুই পক্ষ ঢাল, সরকি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর ঝাপিয়ে পড়ে। এ সময় এলাকায় রণক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার (১৯ মার্চ) দিনগত রাত সাড়ে বারটার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬, ১:৩০ পিএম
বিএনপির সাবেক মহাসচিব ও মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের ২১ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৭ সালের ২১ মার্চ ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।  

কেএম ওবায়দুর রহমান ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন ও নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৬২-৬৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি নির্বাচিত হন। তিনি ১৯৬৩ থেকে ৬৫ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

১৯৭০ সালের সাধারণ নির্বাচনে তিনি ফরিদপুরের কোতোয়ালি ও নগরকান্দা থানা নিয়ে গঠিত আসন থেকে জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। স্বাধীনতার  পরে ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদপুরের নগরকান্দা আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন ও সরকারের প্রতিমন্ত্রী হন। ১৯৭৯ সালের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফরিদপুরের নগরকান্দা আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন ও সরকারের মন্ত্রী হন। এরপর তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য হন।তিনি ১৯৯৬ সালের ১২ জুনের ৭ম জাতীয় সংসদ ও ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর -২ (নগরকান্দা ও সালথা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

তাঁর ১৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বাংলাদেশে মরহুম কে এম ওবায়দুর রহমান একজন গণসম্পৃক্ত জাতীয় নেতা হিসেবে সবার নিকট সমাদৃত ছিলেন। ছাত্রজীবন থেকে শুরু পরবর্তীতে জাতীয় রাজনৈতিক জীবনে স্বাধীনতা ও গণতন্ত্র তথা সকল আন্দোলন -সংগ্রামে সোচ্চার থেকে তিনি আজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে নিজেকে নিবেদিত রেখেছিলেন। ‘

কেএম ওবায়দুর রহমানের একমাত্র সন্তান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘তিনি ছিলেন গণমানুষের নেতা, ন্যায় ও গণতন্ত্রের নির্ভীক সৈনিক। তার আদর্শ, সততা মানুষের জন্য কাজ আমাদের পথচলার প্রেরণা হয়ে আছে এবং থাকবে।

কে এম ওবায়দুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপি, নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকাল ৩ টায় নগরকান্দার লস্করদিয়ায় কে এম ওবায়দুর রহমানের কবরে শ্রদ্ধা অর্পণ ও আগামী ২৩ মার্চ বিকালে নগরকান্দা সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমি মাঠে স্মরণসভার আয়োজন করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন