খুঁজুন
, ,

ফরিদপুরে নিখোঁজ অটোরিক্সা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, দুই আসামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৪ অপরাহ্ণ
ফরিদপুরে নিখোঁজ অটোরিক্সা চালক হত্যাকান্ডের রহস্য উদঘাটন, দুই আসামী গ্রেপ্তার
ফরিদপুর সদরে ফরহাদ প্রামানিক (২২) নামে এক অটোরিক্সা চালক হত্যাকান্ডের দুইদিনের মাথায় রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকান্ডে ব্যবহৃত প্লাস্টিকের রশি ও অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
এর আগে গত ৩১ জানুয়ারি নিখোঁজ অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশের প্রেসব্রিফিং ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের  ছাত্তার প্রামানিকের ছেলে ফরহাদ প্রামানিক (২২) গত বছরের প্রথমদিকে বিয়ে করে জেলার গোয়ালন্দ এলাকা দিয়ে রিক্সা চালাতে শুরু করেন। তিনি প্রতিদিনের ন্যায় অন্ত:স্বত্তা স্ত্রীকে রেখে গত ৩০ জানুয়ারি বিকেলে বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে বের হয়ে নিখোঁজ হন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ফোন দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। পরেরদিন শুক্রবার (৩১ জানুয়ারি) সকালের দিকে ফোনটি খোলা পেয়ে নিহতের স্ত্রী ফোন দিলে ফোনটি রিসিভ করেন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীটেকের এলাকার শেফালী বেগম নামে এক নারী। ফোনের সূত্র ধরে নিহতের পরিবারের লোকজন স্থানীয় মেম্বার রফিকুল ইসলামের যোগাযোগ করে পুলিশ নিয়ে ঘটনাস্থল এলাকায় আসেন। সেখানে স্থানীয় মেম্বার ও ফোনটি পাওয়া নারীকে সাথে নিয়ে ওই এলাকার কাচারীটেকের হাতেম মোল্যা পাড়া এলাকার একটি পুকুরপাড়ে নিহত ব্যক্তির পরনের প্যান্ট পাওয়া যায়। পুকুরের আশেপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে কলাবাগানের ভিতর কলাপাতা দিয়ে ঢাকা অবস্থায় নিখোঁজ ব্যক্তির মরদেহটি ওইদিন ৩১ জানুয়ারি বিকেলে লাশটি উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধারের পরেরদিন শনিবার (১ ফেব্রুয়ারি) নিহতের বাবা ছাত্তার প্রমানিক বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় অজ্ঞাতনামা আসামীদের নামে হত্যা মামলা করেন। মামলার পরেই পুলিশের একটি চৌকস টিম তদন্ত কাজ শুরু করেন। পুলিশের সোর্স ও তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২ ফেব্রুয়ারি) ফরিদপুর সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের সাইজুদ্দিন মাতুব্বরপাড়া রেজাউল করিম মিন্টুর (৪২) ভাঙ্গারি ব্যবসা প্রতিষ্ঠান হতে নিহতের চুরি হওয়া অটোরিক্সাটি ভাঙ্গা অবস্থায় এবং রিক্সার ৪টি ব্যাটারী উদ্ধার করে রেজাউল করিম মিন্টুকে পুলিশী হেফাজতে নেওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে হত্যাকান্ডের ১ নম্বর আসামী মো. সুমন শেখকে (২১) রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট এলাকা থেকে ওইদিন সন্ধ্যায় (রবিবার) গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, অটোরিক্সা চালক ফরহাদ প্রমানিক হত্যাকান্ডে জড়িত মূল আসামি সুমন শেখ ও তার সহযোগি ভাঙ্গারী ব্যবসায়ী রেজাউল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকান্ডে জড়িত থাকার কথা তারা স্বীকার করে লোমহর্ষক ঘটনা বর্ণনা দেয়।
দুই আসামীর বরাত দিয়ে পুলিশ সুপার বলেন, রিক্সাটি চুরি করার জন্য ফরহাদ প্রামানিককে ভাড়ায় নেওয়ার কথা বলে  ঘটনাস্থলে (ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীটেকের হাতেম মোল্যা পাড়া এলাকার পুকুরপাড় এলাকা)
নিয়ে গলায় প্রাস্টিকের রশি পেচিয়ে উপর্যুপরি আঘাত করে হত্যা নিশ্চিত করে রিক্সা চুরি করে নিয়ে মামলার ২ নম্বর আসামী ভাঙ্গারী ব্যবসায়ী রেজাউল করিম মিন্টুর কাছে ১১ হাজার টাকায় বিক্রি করে সুমন। এ ঘটনার সাথে জড়িত আরো আসামীদের গ্রেপ্তারে মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে তিনি জানান।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, অটোরিক্সা চালক ফরহাদ প্রমানিক হত্যাকান্ডের গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে আসামীরা জবানবন্দি দিবে।
প্রসঙ্গত, ফরিদপুর জেলা সদরে চলতি বছরের জানুয়ারি মাসেই ফরহাদ প্রমানিকসহ ৪ চালককে হত্যা করে অটোরিক্সা ও ইজিবাইক চুরির ঘটনা ঘটে।

সরকারি হচ্ছে ফরিদপুরের নগরকান্দার আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
সরকারি হচ্ছে ফরিদপুরের নগরকান্দার আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়করণের উদ্যোগে নতুন অগ্রগতি এসেছে। বিদ্যালয়টি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সদস্য সচিব (মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল) মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত ২৭ জুলাই ২০২৬ তারিখের এক চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবকে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ১৯ জুলাই ২০২৬ তারিখে আধা-সরকারি (ডিও) পত্রের মাধ্যমে বিদ্যালয়টি জাতীয়করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়টির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, নারী শিক্ষার প্রসার এবং পিছিয়ে পড়া জনপদের মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে ১৯৮৮ সালে নগরকান্দায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এলাকার অসংখ্য শিক্ষার্থীকে মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও রেজওয়ানা আফরিন বলেন, “প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিদ্যালয়টি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশনা এসেছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের কাজ করবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, বিদ্যালয়টি জাতীয়করণ হলে শিক্ষক সংকট দূর হওয়ার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং দরিদ্র ও গ্রামীণ পরিবারের মেয়েদের জন্য উন্নত শিক্ষার সুযোগ আরও সম্প্রসারিত হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ উদ্যোগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। তাদের প্রত্যাশা, সম্ভাব্যতা যাচাই শেষে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যালয়টি দ্রুত জাতীয়করণের আওতায় আনা হবে।

ফরিদপুরে এক সপ্তাহ ধরে থানায় আটক হাতি, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় পুলিশ

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:০৭ অপরাহ্ণ
ফরিদপুরে এক সপ্তাহ ধরে থানায় আটক হাতি, আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় পুলিশ

ফরিদপুরের সদরপুর উপজেলায় সড়কে হাতি নিয়ে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে ইজিবাইক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যুর সপ্তাহ পেরিয়ে গেলেও জব্দ করা হাতিটি এখনো সদরপুর থানা প্রাঙ্গণেই রয়েছে। হাতিটির মালিকানা ও পরবর্তী ব্যবস্থাপনা নিয়ে আদালতের নির্দেশনার অপেক্ষায় রয়েছে পুলিশ। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী হাতিটি মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হবে, নাকি বন বিভাগের জিম্মায় হস্তান্তর করা হবে -তা নির্ধারণ হবে।

থানা সূত্রে জানা গেছে, বর্তমানে হাতিটি সদরপুর থানা চত্বরে বিশেষ তত্ত্বাবধানে রাখা হয়েছে। হাতিটির দেখভাল ও পরিচর্যার জন্য মালিক পক্ষ থেকে দুইজন মাহুতকে থানায় পাঠানো হয়েছে। তারাই নিয়মিত হাতিটিকে গোসল করানো, খাওয়ানো ও সার্বক্ষণিক পরিচর্যার দায়িত্ব পালন করছেন।

তবে প্রতিদিন একটি হাতির জন্য বিপুল পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়। কলাগাছ, ঘাসসহ বিভিন্ন ধরনের খাবার সংগ্রহ করতে প্রতিনিয়ত বেগ পেতে হচ্ছে পুলিশ ও মাহুতদের। থানা প্রাঙ্গণে হাতির জন্য স্থায়ীভাবে খাবারের ব্যবস্থা না থাকায় খাদ্যসংকটও দেখা দিয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও হাতির মালিকের সহযোগিতায় খাবারের ব্যবস্থা করা হলেও তা সবসময় পর্যাপ্ত হচ্ছে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

থানায় অবস্থানকালে হাতিটি প্রায়ই মাহুতদের সঙ্গে থানা চত্বরে হেঁটে বেড়ায়। বিশাল আকৃতির প্রাণীটিকে দেখতে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় লক্ষ্য করা যায়। শিশু, কিশোর, তরুণ থেকে শুরু করে বৃদ্ধরাও পরিবার-পরিজন নিয়ে থানায় এসে হাতিটিকে দেখছেন। অনেকেই মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করছেন। স্থানীয়দের কাছে এটি যেন অপ্রত্যাশিত এক আকর্ষণে পরিণত হয়েছে। তবে জনসমাগম নিয়ন্ত্রণে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

সদরপুর থানার পলিশ উপ-পরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান জানান, আদালতের নির্দেশনা না পাওয়া পর্যন্ত হাতিটি থানার হেফাজতেই থাকবে। আদালত যদি মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন, তাহলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তা হস্তান্তর করা হবে। আর বন বিভাগের জিম্মায় দেওয়ার নির্দেশ এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ বলেন, হাতিটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আদালত যে সিদ্ধান্ত দেবেন, পুলিশ সেটিই বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, গত ২৮ জুলাই দুপুরে সদরপুর উপজেলার আটরশি এলাকায় হাতি নিয়ে সড়কে চাঁদা তোলার সময় চাঁদা এড়াতে গিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা ১০ মাস বয়সী আরিশা জান্নাত গুরুতর আহত হয়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার পর ক্ষুব্ধ জনতা হাতির মাহুত বকুল মিয়াকে গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহুতকে আটক এবং হাতিটিকে জব্দ করে সদরপুর থানায় নিয়ে আসে। এরপর থেকে হাতিটি থানার হেফাজতেই রয়েছে।

সালথায় সাপের কামড়ে প্রাণ গেল দুই সন্তানের জননীর

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
সালথায় সাপের কামড়ে প্রাণ গেল দুই সন্তানের জননীর

ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামে টয়লেট থেকে ফেরার পথে সাপের কামড়ে সরস্বতী মণ্ডল (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সরস্বতী মণ্ডল ওই গ্রামের প্রেমানন্দ মণ্ডলের স্ত্রী ও দুই সন্তানের জননী।

নিহতের পরিবার ও স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল ছয়টার দিকে বাড়ির পাশের টয়লেট থেকে ফেরার সময় সরস্বতী মণ্ডল অসাবধানতাবশত একটি ইঁদুরের গর্তে পা দেন। এ সময় গর্তে থাকা একটি সাপ তাঁকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেন। সকাল আটটার দিকে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, বিষধর গোখরা সাপের কামড়ে তাঁর মৃত্যু হয়েছে। তবে এ বিষয়ে চিকিৎসক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বল্লভদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খন্দকার সাইফুর রহমান শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পিসনাইল গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।