খুঁজুন
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১৭ চৈত্র, ১৪৩২

আজ একই দিনে ভোট ও গণভোট, ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে দেশ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৫২ পূর্বাহ্ণ
আজ একই দিনে ভোট ও গণভোট, ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে দেশ

নানা আলোচনা ও জল্পনার পর আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিগত শেখ হাসিনা সরকারের অধীনে তিনটি প্রশ্নবিদ্ধ জাতীয় নির্বাচনের পর এই নির্বাচন কবে হবে, কিংবা আদৌ হবে কী-না এ নিয়ে নানা প্রশ্নও ছিল।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত জাতীয় সংসদের ভোট অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নে গণভোটেও ভোট দিবেন দেশের প্রায় পৌনে তেরো কোটি ভোটার।

বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আগামী নির্বাচনকে ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন আখ্যা দিয়ে ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

তিনি বলেছেন, “আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনের সাক্ষী হতে পারবো”।

নির্বাচনের কয়েকদিন আগে শেরপুর-৩ আসনের একজন প্রার্থীর মৃত্যুতে ওইআসনে নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে ২৯৯টি আসনে অনুষ্ঠিত হবে ভোট। এতে ৫০টি রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে লড়বেন ১৭৫৫জন প্রার্থী।

২০২৪ সালে গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া। যে কারণে ভোটার উপস্থিতি নিয়েও এক ধরনের শঙ্কা দেখা গিয়েছিল।

তবে, এবারের নির্বাচনে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। আরো দুইদিন সরকারি ছুটি থাকায় বাস, ট্রেন ও লঞ্চে ভিড় ঠেলে অনেককে বাড়ি যেতে দেখা গেছে; আমেজ ছিল অনেকটা ঈদ উৎসবের মতোই।

আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া ভোট হলেও বিএনপি ও জামায়াত জোটের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে সারাদেশে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনটি বিতর্কিত নির্বাচন ঘিরে ভোটারদের বেশিরভাগই অংশ নিতে পারেনি। যে কারণে এবারের নির্বাচন ঘিরে মানুষের আগ্রহও অনেক বেশি।

তবে, তারা এটিও বলছেন যে, যদি এই নির্বাচন নিয়েও কোনো প্রশ্ন তৈরি হয় তা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য সংকট আরো বাড়াবে।

বহুল প্রত্যাশিত সংসদ নির্বাচন

বাংলাদেশের সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে মাত্র দুই বছর আগে ২০২৪ সালের সাতই জানুয়ারি। এর মাত্র দুই বছরের মাথায় আরো একটি সংসদ নির্বাচনের প্রেক্ষাপট তৈরি হয় চব্বিশের গণ-অভ্যুত্থানের মাধ্যমে।

গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের তিনদিনের মাথায় চব্বিশের আটই অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়। এর কয়েক মাসের মাথায়ই জাতীয় নির্বাচনের দাবি জানায় বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল।

এ নিয়ে বিএনপি ও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে টানাপোড়েনের মধ্যে গত বছরের জুনে লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠক হয় তারেক রহমানের।

এরপরই নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটে। ২০২৫ সালের পাঁচই অগাস্ট জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন আয়োজনের ঘোষণা হয়।

এই ঘোষণার পরও নির্বাচন হবে কী-না সেই প্রশ্ন ছিল দেশের সাধারণ মানুষ, রাজনৈতিক মহলসহ বিভিন্ন জায়গায়।

গত বছরের ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা হয়। তফসিল ঘোষণার পরেও দেশের বিভিন্ন জায়গায় সংঘাত সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রায় দুই দশক ধরে বাংলাদেশের মানুষের মাঝে নির্বাচন নিয়ে যে অভিজ্ঞতা তা থেকে ভোটাররা অনেকটাই নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এমন পরিস্থিতিতে এবারের সংসদ নির্বাচনটা ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা অনেক বেশি।

বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, “বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছরে মাত্র তিনটি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। ২০০১ সালের পর আর সব নির্বাচন নিয়েই ছিল নানা প্রশ্ন। এমন অবস্থায় এই সরকারকে আমরা যদি নিরপেক্ষ হিসেবে ধরি এই নির্বাচনটি ভাল হতে হবে”।

যে কারণে ভোটের আগের দিন সিইসি এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন, এবারের নির্বাচনটি ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে ভোট দিতে ভোটারদের অনুরোধও জানান তিনি।

গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে তরুণ ভোটাররা

এবারের নির্বাচনে পৌনে তেরো কোটিরও বেশি ভোটার। ভোটারদের বড় একটি অংশই এবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, পৌনে তেরো কোটি ভোটারের মধ্যে ৪ কোটি ৯০ লাখ ভোটারই তরুণ ভোটার। বিশ্লেষকরা মনে করছেন, এই নির্বাচনের ফলাফল নির্ধারণে মুখ্য ভূমিকা পালন করবেন এই তরুণ ভোটাররা।

ইসির তথ্য বলছে, এবার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন। নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।

নির্বাচনে ৪২ হাজার ৭৭৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এদের মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২১ হাজার ৫০৬টি।

৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন ভোটগ্রহণ কর্মকর্তা ভোট নেবেন। এদের প্রিজাইডিং অফিসার ৪২ হাজার ৭৭৯ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন, পোলিং অফিসার ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন।

এবারের নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামের দুই বিভাগীয় কমিশনার, ৬৪ জন জেলা প্রশাসক ও তিনজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন ৫৯৮ জন।

২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করছে। দলের প্রার্থী ১ হাজার ৭৫৫ জন। স্বতন্ত্র ২৭৩ জন। মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। এরমধ্যে দলীয় প্রার্থীর সংখ্যা ৬৩ জন। বাকি ২০ জন হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী।

ভোটের পুরুষ প্রার্থীর সংখ্যা ১ হাজার ৯৪৬ জন। এর মধ্যে ১ হাজার ৬৯২ জন দলীয় প্রার্থী। পুরুষদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৫৩ জন।

নিরাপত্তায় নয় লাখের বেশি আইনশৃঙ্খলা বাহিনী

ভোট চলবে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত। এবার একই দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ায় ফলাফলে দেরি হতে পারে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে সারাদেশের ৪২ হাজারেরও বেশি ভোটকেন্দ্রে। এর মধ্যে ৪০ শতাংশের ওপরে ভোটকেন্দ্রকে নানা কারণে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এবার নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্রের তালিকা প্রস্তুত করে সেই অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

এই নির্বাচনে ভোটের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে ৯ লাখেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এর মধ্যে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এক লাখ ৩ হাজার, নৌ বাহিনীর উপকূলীয় পাঁচ জেলায় ১৭ আসনে ৫ হাজার, আর বিমান বাহিনীর তিন হাজার ৫০০ সদস্য।

যে সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পুলিশ।

পুলিশ বলছে, যে সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে বাড়তি পুলিশ, সিসি ক্যামেরা ও বডিওর্ন ক্যামেরাও থাকবে।

কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর পরই ভোটকেন্দ্র প্রস্তুতের যাবতীয় কাজ শেষ করবেন প্রিসাইডিং অফিসার ও দায়িত্ব পালনকারী অন্য কর্মকর্তারা। তাদের সার্বিক নিরাপত্তা দিবে পুলিশ, আনসার, ভিডিপি।।

বুধবার ঢাকায় একটি সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য কমিশন দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের সহায়তায় ব্যাপক নিরাপত্তা ও সমন্বয় ব্যবস্থা কার্যকর রয়েছে”।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট শেষে পোলিং কর্মকর্তা, সাংবাদিক ও পর্যবেক্ষকদের সামনেই গণনা করা হবে ভোটের ফলাফল।

ভোট গণনা শেষে ফলাফল হবে কখন?

অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে এবারে ভোটার সংখ্যা অনেক বেশি। অন্যদিকে, জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিনই গোলাপি ব্যালটে অনুষ্ঠিত হবে গণভোট।

একই দিনে দুইটি ব্যালটে ভোট অনুষ্ঠিত হওয়ায় এবারের ভোট গণনা ও ফলাফল ঘোষণায় বিলম্ব হবে বলে আগেই জানিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, এবার প্রথমবারের মতো প্রবাসী ভোটার ও দেশের সরকারি কর্মকর্তা/কর্মচারীরা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার কারণে সেই ব্যালটও গণনা করতে হবে ইসিকে।

প্রতিটি ভোটকেন্দ্রে আলাদা করে সংসদ নির্বাচন ও গণভোটের ফলাফল গণনা করা হবে পোলিং এজেন্টদের সামনেই।

দুইটি ব্যালট আলাদাভাবে গণনা শেষে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট ফরমে কেন্দ্রভিত্তিক রেজাল্ট শিট প্রস্তুত করা হবে। পরে সেই ভোটের ফলাফল কেন্দ্রেই টানিয়ে দেবেন প্রিসাইডিং কর্মকর্তা।

কেন্দ্রের রেজাল্টের আরেকটি কপি প্রিসাইডিং কর্মকর্তা নিজের কাছে রাখবেন, আরেকটি সেট তিনি নির্দিষ্ট খামে পাঠিয়ে দেবেন নির্বাচন কমিশনে।

আর যে সব ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন সেটি থাকবে রিটার্নিং কর্মকর্তার দপ্তরে। ১২ই ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটার মধ্যে যে সব ব্যালট রিটার্নিং অফিসে জমা হবে সেগুলোও রাজনৈতিক দল ও প্রার্থীর এজেন্টদের সামনে গণনা করবেন রিটার্নিং কর্মকর্তা।

পরে গণনা শেষে কেন্দ্রের ফলাফল ও পোস্টাল ব্যালটের ফলাফল একত্রিত করে আসনভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রস্তুত করে তা ঘোষণা দিবেন রিটার্নিং কর্মকর্তা।

সেই ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হবে। নির্বাচন কমিশন থেকে একেক করে আসনভিত্তিক ফলাফল ঘোষণা করা হবে।

সম্প্রতি নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এবার দুইটি ভোট একদিনে অনুষ্ঠিত হওয়ায় নির্বাচনের ফলাফল ঘোষণায় সময় লাগবে বেশি।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা ধারণা দিচ্ছেন বৃহস্পতিবার ভোট শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে শুক্রবার বিকেল পর্যন্ত সময় লাগতে পারে।

সূত্র : বিবিসি বাংলা

নগরকান্দায় ভাগ্নের হাতে খালা খুন—৪ দিনেই পুলিশের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ভাগ্নে

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
নগরকান্দায় ভাগ্নের হাতে খালা খুন—৪ দিনেই পুলিশের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ভাগ্নে

ফরিদপুরের নগরকান্দায় চাঞ্চল্যকর জামেলা বেগম হত্যা মামলার রহস্য উদঘাটন করে ঘটনার মাত্র চার দিনের মাথায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের সমন্বয়ে পরিচালিত অভিযানে এ সাফল্য আসে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ফরিদপুরের নগরকান্দায় পুলিশের সার্কেল অফিসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, নিহত জামেলা বেগম (৬৫) জেলার সদরপুর উপজেলার জাকেরডাঙ্গী গ্রামের বাসিন্দা শেখ মোতালেবের বড় বোন। গত ২৭ মার্চ রাত থেকে ২৮ মার্চ ভোরের মধ্যে কোনো এক সময়ে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মরদেহ গুমের উদ্দেশ্যে বাড়ির পাশের সেফটি ট্যাংকে ফেলে দেয়।

এ ঘটনায় নিহতের ভাই শেখ মোতালেব বাদী হয়ে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর পরপরই সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমে ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসূল সামদানী আজাদ এবং তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজমুল ইসলামসহ অন্যান্য সদস্যরা।

পুলিশ জানায়, ঘটনার বিভিন্ন দিক বিশ্লেষণ, সম্ভাব্য মোটিভ খোঁজা এবং সন্দেহভাজনদের ওপর নজরদারির মাধ্যমে তদন্ত এগিয়ে নেওয়া হয়। তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় সূত্রের তথ্য যাচাই-বাছাই করে অবশেষে মূল আসামির পরিচয় নিশ্চিত করা হয়।

অতঃপর মঙ্গলবার (৩১ মার্চ) ভোর ৪টা ১৫ মিনিটে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাড়ীরটেক এলাকা থেকে মো. আলমগীর হোসেন (৪১) নামে এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নিহত জামেলা বেগমের ভাগ্নে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সে দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে আর্থিক সংকটে পড়ে। বিভিন্ন জায়গায় ঋণগ্রস্ত হয়ে পড়ায় সে তার খালা জামেলা বেগমের কাছে টাকা ধার চায়। কিন্তু খালা টাকা দিতে অস্বীকৃতি জানালে তার প্রতি ক্ষোভ জন্ম নেয়।

তদন্তে জানা যায়, জামেলা বেগমের স্বামী মৃত এবং তার দুই মেয়ে থাকলেও কোনো ছেলে সন্তান নেই। তিনি একাই বাড়িতে বসবাস করতেন। এছাড়া জমি বিক্রির কিছু টাকা স্থানীয় একটি এনজিওতে এফডিআর হিসেবে জমা ছিল, যা হাতিয়ে নেওয়ার পরিকল্পনা করে আলমগীর।

ঘটনার দিন জুমার নামাজের পর ঢাকা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও সে নগরকান্দার কৃষ্ণপুর বাজারে অবস্থান নেয়। পরে রাত ৮টার দিকে খালার বাড়িতে গিয়ে টাকা-পয়সা নিয়ে কথা বলে। একপর্যায়ে খালা টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতে ঘুমানোর পর ভোররাতে আলমগীর গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে।

হত্যার পর মরদেহ গোপন করতে বাড়ির পাশের সেফটি ট্যাংকে ফেলে রেখে বাইরে তালা লাগিয়ে ফজরের নামাজের পরপরই পালিয়ে যায় সে।

তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজমুল ইসলাম জানান, মামলার পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং ঘটনার সাথে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়দের মধ্যে এ হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন।

ফরিদপুরে কলাবাগানে পড়েছিল বিপুল পরিমাণ শর্টগানের কার্তুজ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ফরিদপুরে কলাবাগানে পড়েছিল বিপুল পরিমাণ শর্টগানের কার্তুজ

ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ শর্টগানের কার্তুজ ও টিয়ার গ্যাস সেল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে র‌্যাব-১০ এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানে ফরিদপুর সদরের করিমপুর এলাকায় জনৈক রইচ উদ্দিন মুন্সী (৫১) এর পোল্ট্রি ফার্মের পশ্চিম পাশে কানাইপুর-চাঁদপুর সড়কের পাশের একটি কলাবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি শর্টগানের কার্তুজ এবং ৯টি টিয়ার গ্যাস সেল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত এসব সামগ্রী পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করে এসব বিপজ্জনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে—এগুলোর উৎস ও কারা এর সঙ্গে জড়িত তা শনাক্তে কাজ চলছে।”

তিনি আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা রাষ্ট্রবিরোধী কার্যক্রম প্রতিরোধে আমরা কঠোর অবস্থান বজায় রেখেছি।”

জ্বালানি তেল নিয়ে সক্রিয় নানামুখী সিন্ডিকেট, বাড়ছে শঙ্কা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
জ্বালানি তেল নিয়ে সক্রিয় নানামুখী সিন্ডিকেট, বাড়ছে শঙ্কা

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আকস্মিক ইরানে হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানিখাতে অস্থিরতা দেখা দিয়েছে। জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী যুদ্ধের কেন্দ্রে পরিণত হওয়ায় এই অস্থিরতা ক্রমশ প্রকট হচ্ছে। ইউরোপ-আমেরিকার পাশাপাশি এর প্রভাব পড়ছে বাংলাদেশেও। আর এই পরিস্থিতিতেই জ্বালানি তেল নিয়ে সক্রিয় হয়েছে বিভিন্নমুখী সিন্ডিকেট।

এর মধ্যে আছে অতি মুনাফালোভী ও সরকারকে অস্থিতিশীল করার ছুতো খুঁজতে থাকা সিন্ডিকেট। আছে চোরাকারবারি চক্রও।
একাধিক গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন এবং সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন ও সূত্র মতে, জাহাজ, ডিপো, পেট্রোল পাম্প, গাড়ির ট্যাংক থেকে শুরু করে সব জায়গাতেই সক্রিয় ছোট-বড় চোরাকারবারিরা।

অবৈধ মজুতদাররা দ্বিগুণ দামেও বিক্রি করছে জ্বালানি তেল। শুধু যে চোরাই তেল দেশের বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে তা নয়, বিদেশেও পাচার হচ্ছে।
অন্যদিকে, পেট্রোল পাম্প মালিকদের একটা বড় অংশ পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের সমর্থক এবং সুবিধাভোগী। তারা কৃত্রিম জ্বালানি তেলের সংকট তৈরি করে পরিবহনসহ বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা অব্যাহত রেখেছে, যাতে সরকারে অস্থিরতা তৈরি করা যায়।

এ অবস্থায় গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে নেওয়া হচ্ছে পদক্ষেপ। আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিনই জব্দ হচ্ছে অবৈধভাবে মজুত করা তেল আর কালোবাজারে বিক্রির জন্য করা হচ্ছে জরিমানা। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা থাকলেও তা যথেষ্ট নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃত্রিম সংকট তৈরিতে সক্রিয় রাজনৈতিক চক্র:

নাম প্রকাশ না করার শর্তে একাধিক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, পেট্রোল পাম্প মালিকদের একটা বড় অংশ বিগত সরকারের সমর্থক ও সুবিধাভোগী। মূলত তারাই কৃত্রিম জ্বালানি তেলের সংকট তৈরি করে পরিবহনসহ বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা অব্যাহত রেখেছে।

জ্বালানি সংকট নিয়ে সাম্প্রতিক সময়ে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে নিয়মিত অবহিত করা হচ্ছে বলেও জানান তিনি। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রিপোর্টে বিভিন্ন সুপারিশও করা হয়েছে।
বিশ্বস্ত সূত্র জানিয়েছে, গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি করতে মূলত দুটি সিন্ডিকেট কাজ করেছে। প্রথমটি হচ্ছে, চট্টগ্রামের কর্ণফুলী ও বঙ্গোপসাগর কেন্দ্রিক সিন্ডিকেট। চট্টগ্রামের কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরের বহির্নোঙর হলো এই সিন্ডিকেটের মূল আখড়া। দ্বিতীয়টি হচ্ছে, ঢাকার সরবরাহ ও বিতরণ সিন্ডিকেট। ঢাকার সিন্ডিকেটটি মূলত তেল পৌঁছানোর পর খুচরা বাজার ও ডিলার পর্যায়ে কারসাজি করে।

গোয়েন্দা তথ্যানুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে ট্যাংক লরিগুলো থেকে তেল চুরি করা হয়। অনেক সময় ডিপোতে তেল লোড করার সময় কর্মকর্তাদের যোগসাজশে প্রতিটি লরিতে ১৫০-২০০ লিটার বাড়তি তেল দেওয়া হয়, যা পরে কালোবাজারে বিক্রি করা হয়। এছাড়া ডিপোগুলো থেকে তেল উত্তোলনের পর পাম্প মালিকরা তেলের দাম বাড়ার অপেক্ষায় মজুত করে রাখেন। বিশেষ করে তেলের দাম বাড়ার গুঞ্জন উঠলে রাজধানীসহ দেশের অনেক পাম্পে হঠাৎ ‘সাপ্লাই নেই’ বলে সংকট তৈরি করা হয়।

এ প্রসঙ্গে বিডিআরের সাবেক সিইও মেজর (অব.) ইমরান বলেন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী সরকারের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এছাড়া সীমান্তে নজরদারিও জোরদার করা উচিত। এরই মধ্যে কুষ্টিয়া অঞ্চলসহ দেশের বিভিন্ন সীমান্তে তেল পাচারের খবর পাওয়া গেছে, বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে রাস্তায় পরিবহনকারী লরি থেকে তেল বিক্রির তথ্য পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে অবৈধ মজুতের প্রমাণও মিলেছে। ২৭ মার্চ (শুক্রবার) সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০টি ড্রামে মজুত করা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করেছে জেলা প্রশাসন। ওইদিন মধ্যরাতে জামালপুরে ১৫টি ড্রামে জব্দ করা হয় ৩ হাজার লিটার পেট্রোল। ঠিক এর আগের দিন ২৬ মার্চ শেরপুর শহরের একটি পাঁচতলা আবাসিক ভবনের নিচতলায় ২৫ হাজার লিটার তেলের ট্যাংকের সন্ধান পায় ভ্রাম্যমাণ আদালত। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে ২ হাজার ৩৬৮ লিটার পেট্রোল, তিন হাজার ৭৬০ লিটার ডিজেল এবং তিন হাজার ৬৫৫ লিটার অকটেন মজুত থাকার পরও বন্ধ রাখা হয়েছিল তেল বিক্রি; অন্যদিকে ২৮ মার্চ রাতে চট্টগ্রামের হাটহাজারীর একটি পাম্পের রিজার্ভারে প্রায় ৬ হাজার লিটার অকটেনের মজুত পাওয়া যায়। তারাও বন্ধ রেখেছিল তেল বিক্রি।

এ প্রসঙ্গে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ডিলারস্ ডিস্ট্রিবিউটারস এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, যারা ন্যাশনাল ক্রাইসিসের সময় এ ধরনের গর্হিত কাজ করছে, তাদের বিরুদ্ধে সরকার যেকোনো ব্যবস্থা নিতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। আমার মনে হয় এখানে স্ট্রেট স্যাবোটাজ আছে। সরকারকে বেকায়দায় ফেলার জন্য কোনো চক্র জড়িত থাকতে পারে।

অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে সংগঠনের আরেক নেতা বলেন, অনেক পাম্প মালিক রয়েছেন, যারা বিগত সরকারের মনোনয়নে বিভিন্ন পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এখন তারা ভোল পাল্টে নীতিকথা বলছেন। এ বিষয়গুলো সরকারের খতিয়ে দেখা প্রয়োজন।

এ প্রসঙ্গে জ্বালানি বিশ্লেষক ড. শামসুল আলম বলেন, জাহাজ থেকে ডিপো কিংবা ডিপো থেকে পাম্প ও খুচরা পর্যায়ে প্রতিটি ক্ষেত্রে সরকারের কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োজন। ক্ষেত্রবিশেষে লাইসেন্স বাতিলের মতো দৃষ্টান্ত স্থাপনকারী পদক্ষেপও নিতে হবে। এক্ষেত্রে যেসব সরকারি কর্মকর্তা সিন্ডিকেটের কাছ থেকে অনৈতিক সুবিধা পাচ্ছেন, তারা কঠোর পদক্ষেপ নিতে প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন– সে বিষয়েও সরকারকে সতর্ক থাকতে হবে বলে মনে করেন এই জ্বালানি বিশ্লেষক।

এ বিষয়ে জানতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কার্যালয়ে যোগাযোগ করা হলে জানানো হয়, কারসাজি ঠেকাতে তারা এরই মধ্যে পুরস্কার ঘোষণা করেছেন। এছাড়া গোয়েন্দা সংস্থার প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান বিপিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চোরাই তেলের মূল কারবার চলে নদী ও সাগরে:

সূত্র জানায়, চোরাই তেলের মূল কারবার চলে নদী ও সাগরে। বিশেষ করে কর্ণফুলী নদী ও বঙ্গোপসাগরে অবস্থানরত বড় বড় জাহাজ থেকে অবৈধভাবে তেল নামানো হয়। এসব তেল উপকূলে ড্রাম, ট্যাংক এমনকি নৌযানে লুকিয়ে রেখে গোপনে বিক্রি করা হয়। এ কাজটি অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়ে তোলে। সরকারি পর্যায়ে আমদানি করা তেল চুরিতে রক্ষাকবচ হিসেবে কাজ করে ‘সিস্টেম লস’। জাহাজ থেকে ডিপোর ট্যাংক বা পরিশোধন কারখানায় ঢোকানোর সময় থেকে বাজারজাত করা পর্যন্ত ঢাল হিসেবে থেকে যায় ‘সিস্টেম লস’। এ ঢাল ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার লিটার তেল সরিয়ে নেওয়া হয়।

চোরাই তেলের কারবার নিয়ে বিভিন্ন সময় সংঘর্ষের ঘটনা ঘটে। কালো টাকা, পেশিশক্তি, বশ করা কর্মকর্তা, প্রভাবশালী ব্যক্তি– এসবের সঙ্গে জড়িত। সংঘর্ষ নিয়ন্ত্রণে কখনো কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হস্তক্ষেপও করতে দেখা যায়। ২০২৫ সালের মে মাসে কর্ণফুলী নদীর তীরে চোরাই তেলের নিয়ন্ত্রণ নিয়ে দুটি গ্রুপের সংঘর্ষ হয়েছিল।

নাম প্রকাশ না করার শর্তে একজন শিপিং ব্যবসায়ী বলেন, একটি বিদেশি বড় জাহাজে কয়েক মাসের খাবার ও জ্বালানি মজুত থাকে। ট্রিপ শেষে ক্যাপ্টেন যদি দেখেন প্রচুর জ্বালানি তেল ও খাবার রয়ে গেছে, তখন তিনি বিশ্বস্ততা অর্জন করেছে এমন লোকজনকে খুশি হয়ে এসব দিয়ে দেন। এর বিনিময়ে পণ্য, গিফট বা ডলার নিয়ে থাকেন। এভাবে কিছু জ্বালানি তেল দেশে ঢোকে, যা চোরাই তেল হিসেবে গণ্য হচ্ছে। যদিও কোস্টগার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশের নজরদারি বেড়েছে।

জ্বালানি তেলের আরেকটি উৎস জাহাজভাঙা শিল্প। বিদেশ থেকে আনা বড় বড় জাহাজগুলো যখন কাটা হয়, তার আগে অব্যবহৃত জ্বালানি তেল এবং পোড়া তেল আলাদাভাবে বিক্রি করা হয়। অব্যবহৃত জ্বালানি তেল বিশেষ করে ডিজেল ও ফার্নেস অয়েল বিভিন্ন কারখানায় চলে যায় হাতবদলের মাধ্যমে।

এ প্রসঙ্গে জাহাজভাঙা শিল্পের একজন উদ্যোক্তা জানান, একটি জাহাজ বিচিং করার জন্য অনেক প্রক্রিয়া শেষ করে বিদেশ থেকে চালিয়ে বাংলাদেশের জলসীমায় আনা হয়। এসময় কাস্টমসের কর্মকর্তারা ওই জাহাজে কী পরিমাণ অব্যবহৃত তেল মজুত আছে তা পরিমাপ করে ট্যাক্স ও ভ্যাট আরোপ করেন। এক্ষেত্রে জাহাজটি যেহেতু ভরা জোয়ারের জন্য ৭ দিন থেকে ১৫ দিন অপেক্ষা করতে হয়, তাই প্রতিদিন ৩-৪ টন জ্বালানি খরচ হয়। ট্যাক্স ও ভ্যাট আরোপের সময় তেলের পরিমাপ ও দৈনন্দিন ব্যবহারের পরিমাণ হিসাব করে কিছুটা ছাড় দেওয়া হয়। জাহাজ শিপব্রেকিং ইয়ার্ডে আনার পর মবিল, লুব অয়েল, ডিজেল, ফার্নেস অয়েল ও পোড়া তেল– এসব ভাগ করে বিক্রি করে দেওয়া হয়।

সরকারি এক প্রতিবেদনে চট্টগ্রামের পতেঙ্গা, ইপিজেড এবং কর্ণফুলী এলাকায় সক্রিয় দুটি বড় তেল সিন্ডিকেটের কথা উঠে এসেছে, যারা পুলিশ ও নিরাপত্তাকর্মীদের ‘ম্যানেজ’ করে বিদেশি জাহাজ থেকে তেল চুরি করে।

সাগর, নদী, জাহাজ ও ডিপোর বাইরে আরেকটি চক্র আছে তেলের লরির মাধ্যমে চুরি করে। বিশেষ করে ডিপোতে তেল লোড করার সময় ডিপোর কর্মীর সঙ্গে যোগসাজশ করে ১৫০-২০০ লিটার বাড়তি তেল নেওয়া হয়, যা যাত্রাপথে নির্দিষ্ট ভাসমান তেলের দোকানে কম দামে নগদে বিক্রি করে দেওয়া হয়। এর বাইরে দূরপাল্লার গাড়ি থেকেও অব্যবহৃত জ্বালানি চালক-হেলপাররা এসব দোকানে বিক্রি করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী, সীতাকুণ্ডসহ দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে এ ধরনের ভাসমান তেলের দোকানের ছড়াছড়ি রয়েছে। ইদানীং খোদ পেট্রোল পাম্প মালিকরাই জ্বালানি সংকট তীব্রতর হওয়ার আশঙ্কা ও বেশি মুনাফার জন্য অবৈধভাবে তেল মজুত করছে, যা প্রশাসনের অভিযানে ধরাও পড়ছে।

গত শনিবার (২৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড আউটপোস্ট পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশে বহন করা প্রায় ৪৮ লাখ টাকার ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা ও ৪টি ডিজেল ইঞ্জিনসহ ৭ পাচারকারীকে আটক করে। গত শুক্রবার (২৭ মার্চ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম জেলার পতেঙ্গা এলাকার কমিশনার ঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ অভিযান চালিয়ে ৩০টি ড্রামে অবৈধভাবে মজুত করা আনুমানিক ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়।

জেলা প্রশাসন জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও তেল ডিপো থেকে জ্বালানি তেল পরিবহনের সময় একটি অসাধু চক্র অবৈধভাবে জ্বালানি তেল অপসারণ করে তা বিভিন্ন স্থানীয় বিক্রেতার কাছে সরবরাহ করে থাকে। জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা, জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুত প্রতিরোধের লক্ষ্যে জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বর্তমানে সব তেল ডিপো, পেট্রোল পাম্প ও সংশ্লিষ্ট তেল কারবারিরা প্রশাসনের কঠোর নজরদারির আওতায় রয়েছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, নিঃসন্দেহে চোরাই তেল একটি বড় সমস্যা। অননুমোদিত, অবৈধ ও ঝুঁকিপূর্ণ প্রক্রিয়ায় এসব তেল সংগ্রহ, মজুত ও বিক্রি হচ্ছে। বড় ধরনের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঝুঁকি এবং মানুষ হতাহত হওয়ার আশঙ্কা থেকেই যায়। পাশাপাশি চোরাই তেল খাতে রাষ্ট্রের শত শত কোটি টাকা লোপাট হচ্ছে, যা কঠোরভাবে বন্ধ করতে হবে। সবচেয়ে বড় কথা, ২০২৬ সালে এসেও যদি জ্বালানি মন্ত্রণালয়, বিপিসি, পদ্মা, মেঘনা, যমুনা, ইআরএল, ডিপো, ফিলিং স্টেশন ও ডিলারসহ সব প্রতিষ্ঠান অটোমেশনের আওতায় না থাকে সেটি দুর্ভাগ্যের। যেখানে ম্যানুয়াল পদ্ধতি থাকবে, সেখানেই কারচুপির মহোৎসব হবে– এটা স্বাভাবিক।

জ্বালানি খাত সংশ্লিষ্টরা বলছেন, পরিবেশবান্ধব পদ্ধতি হিসেবে জ্বালানি পরিবহনে ঢাকা-চট্টগ্রাম পাইপলাইন দ্রুত পুরোপুরি কার্যকর করলে ট্যাংক লরি ও অয়েল ট্যাংকারে (জাহাজ) জ্বালানি পরিবহনের খরচ, সময়, ঝুঁকি ও সিস্টেম লস সাশ্রয় হবে। তেলবাহী সব ট্যাংক লরিতে জিপিএস ট্র্যাকিং এবং ডিজিটাল লক বসানো উচিত। পাম্পগুলোতে একই মানের ‘অয়েল ডিসপেনসিং মেশিন’ ব্যবহার এবং এর কী-বোর্ড ভেতরে রাখা, যাতে কারচুপি করা না যায়। বিতর্কিত কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া উচিত।

চোরাই তেলের সিন্ডিকেট সম্পর্কে এক প্রশ্নের উত্তরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সচিব শাহিনা সুলতানা বলেন, প্রথম টার্গেট আমাদের ক্রাইসিস ম্যানেজমেন্ট। এটা বৈশ্বিক বিষয়, এটা উপেক্ষা করার বিষয় না। ভোক্তা পর্যায়ে জ্বালানি তেল পৌঁছে দেওয়া আমাদের প্রধান লক্ষ্য।

অটোমেশন প্রসঙ্গে তিনি বলেন, বিপিসির সব কার্যক্রম শতভাগ অটোমেশনে আসেনি। এটা শতভাগ অটোমেশন হলে তথ্য এক ক্লিকে পাওয়া যাবে।

বাংলানিউজ