খুঁজুন
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২০ ফাল্গুন, ১৪৩২

জুলাই সনদ কি নতুন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে?

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৯:২৯ পিএম
জুলাই সনদ কি নতুন রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে?

বাংলাদেশে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ এবং গণভোট অধ্যাদেশের বৈধতা প্রশ্নে হাইকোর্টের রুল জারির পর এটিই আগামী দিনে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠতে যাচ্ছে কি না সেই কৌতূহল তৈরি হয়েছে অনেকের মধ্যে।

জাতীয় সংসদ নির্বাচনের সাথেই হওয়া সংবিধান সংস্কার বিষয়ে গণভোটে হ্যাঁ জিতলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় যাওয়া বিএনপি।

এরপর আবার এ বিষয়টি আদালতে নিয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছে জামায়াতে ইসলামী ও তাদের জোটে থাকা এনসিপি। সংসদ নির্বাচনে দল দুটি থেকে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথের সময় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছে।

কিন্তু বিএনপি ওই শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদ গঠন আদৌ আর হবে কি-না সেই আলোচনাও আছে রাজনৈতিক অঙ্গনে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিবিসি বাংলাকে বলেছেন, ”রাজনৈতিকভাবে অনেক ধরনের বক্তব্য আসতে পারে কিন্তু যেসব বিষয়ে আদালতে রিট হয়েছে, সেসব বিষয়ে আদালত থেকে কী নির্দেশনা আসে সেটিও সংসদকে আইন প্রণয়নের সময় বিবেচনায় নিতে হবে”।

ফলে জুলাই সনদ ও গণভোটের বৈধতার প্রশ্নে আদালত থেকে কী ধরনের সিদ্ধান্ত আসে এবং এ নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির রাজনৈতিক লড়াই কতদূর এগোয়, তার ওপর রাজনীতির গতি প্রকৃতি অনেকটাই নির্ভর করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

তাদের মতে, সব মিলিয়ে জুলাই সনদ প্রসঙ্গটিই সামনে রাজনীতিতে বড় রাজনৈতিক ইস্যু হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

রিটে কী বলা হয়েছে, আদালত কী বলেছে

দুই হাজার চব্বিশ সালের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার পর ২০২৫ সালের ১৭ই অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ স্বাক্ষরিত হয়েছিল।

একই বছরের ১৩ই নভেম্বর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ গেজেট আকারে প্রকাশ করা হয়।

পরে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না তা যাচাইয়ে ২৫শে নভেম্বর গণভোট অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়।

তার ভিত্তিতে গত ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিন একই সাথে গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং তাতে হ্যাঁ ভোট জয়ী হয়েছে।

কিন্তু এরপর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের অধ্যাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে দুটি রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের দুজন আইনজীবী।

রিটে গণভোট অধ্যাদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫-কে কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারির আবেদন করেছিলেন তারা।

একই সঙ্গে এই অধ্যাদেশ ও সনদের কোনো কার্যক্রম যাতে কার্যকর না হয়, সে বিষয়ে নিষেধাজ্ঞাও চাওয়া হয় রিটে। রিট আবেদনে বলা হয়, সংবিধানে গণভোট এবং জুলাই জাতীয় সনদের কোনো বিধান নেই।

মঙ্গলবার শুনানি শেষে আদালত জুলাই জাতীয় সনদ, গণভোটের অধ্যাদেশ এবং নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার বৈধতা নিয়ে রুল জারি করেন।

রুলে জানতে চাওয়া হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংশোধন) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং গত ১৬ই ফেব্রুয়ারি সংসদ সচিবালয় থেকে নবনির্বাচিত সাংসদদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে যে চিঠি দেওয়া হয়েছে, তা কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না।

একই সঙ্গে গণভোট অধ্যাদেশ, ২০২৫-এর ৩ নম্বর তফসিল—যার অধীনে রাজনৈতিক দলগুলো ৩০টি বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল—তা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, সে বিষয়েও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনারকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতের এ রুলের পর বিরোধী রাজনৈতিক দলগুলোর দিক থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে।

ওই দিনই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন যে বিচার বিভাগ থেকে এসব বিষয়ে কী ধরনের মতামত আসে সেদিকেও তাদের দৃষ্টি রয়েছে।

তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলছেন, “ক্ষমতাসীনদের প্রশ্রয়েই এ ধরনের রিট হওয়ার নজির বাংলাদেশে আছে। সে কারণেই বিরোধী দলগুলোর দিক থেকে এই রিটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। বিএনপির অবস্থানও সে প্রশ্নকে জোরালো করেছে অনেকের মধ্যে”।

জামায়াত ও এনসিপি যা বলছে

হাইকোর্ট বিভাগ জুলাই সনদ বাস্তবায়ন সংক্রান্ত আদেশ, সংবিধান সংস্কার সভার শপথ গ্রহণ, গণভোটের প্রশ্ন এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত ৩০টি সংস্কার প্রস্তাবের বিষয়ে চার সপ্তাহের রুল জারির পর রাতেই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ওই বিবৃতিতে তিনি বলেন, রাজনৈতিক বিষয়কে আদালতের বারান্দায় টেনে নেওয়া সমীচীন নয়। অতীতে বিভিন্ন রাজনৈতিক ইস্যু আদালতের মাধ্যমে নিষ্পত্তির যে চেষ্টা হয়েছে, তার পরিণতি ইতিবাচক হয়নি বরং তা জাতীয় জীবনে বিভ্রান্তি ও অচলাবস্থা সৃষ্টি করেছে বলে বিবৃতিতে মন্তব্য করেছেন তিনি।

“সরকারের আচরণে প্রতীয়মান হচ্ছে যে রাজনৈতিক দায় এড়িয়ে আদালতের ওপর চাপ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা চলছে। পরিকল্পিতভাবে রিট পিটিশন দায়ের করিয়ে পর্দার আড়াল থেকে ইন্ধন দেওয়া হলে তা হবে দ্বিচারিতা ও আত্মঘাতী পদক্ষেপ,” বিবৃতিতে বলেছেন তিনি।

এর আগে সোমবার রিট পিটিশন দুটি দায়েরের পর ওই রাতেই জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির রিট দায়েরকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করেন।

তিনি অভিযোগ করেছিলেন যে, “তাড়াহুড়ো করে দুইজন আইনজীবীর মাধ্যমে এই রিট পিটিশন দায়েরের পেছনে সরকারের ইন্ধন রয়েছে। আদালতে আইনজীবীদের মধ্যে সরকারের ইন্ধন দেখা যাচ্ছে”।

এরপর এ বিষয়ে অনেক ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির দিক থেকেও।

দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, সরকারি দল বিএনপি জুলাই সনদ নিয়ে একধরনের ‘ডুয়েল গেম’ খেলছে।

“বিএনপি ষড়যন্ত্রমূলকভাবে জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার জন্য ও সনদ বাস্তবায়ন নিয়ে স্বেচ্ছাচারিতা করার জন্য আদালতে গিয়েছে। তারা একধরনের ডুয়েল গেম খেলছে। বিএনপির পক্ষ থেকে সংসদের ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে দেওয়ার কথা বলা হচ্ছে, অথচ ঐকমত্য কমিশনে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল এবং গণভোটের মাধ্যমে বৈধতা পেয়েছে, এখন সেখানে সাপ-লুডু খেলার মতো পিক অ্যান্ড চ্যুজ করা হচ্ছে,” সংবাদ সম্মেলনে বলেছেন তিনি।

বিএনপির অবস্থান কী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আদালত থেকে যে সিদ্ধান্ত বা নির্দেশনা আসবে সেটি সংসদকেও বিবেচনায় নিতে হবে, যাতে করে আইন প্রণয়নের পর সেটি আবার আদালতে বাধাগ্রস্ত না হয়।

এর আগে সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিনই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের শপথ কে পড়াবেন এবং শপথের ফরম সংযুক্ত নেই বলে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না।

পরে সংসদ ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মি. আহমদ এর ব্যাখ্যা দিয়ে বলেছিলেন, “গণভোটের রায় অনুসারে জনগণের যে ইচ্ছে ও রায়ের প্রতিফলন ঘটাতে হলে সংসদে যেতে হবে আগে এবং সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। বিদ্যমান সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের কোনো বিধান নেই। সে বিবেচনায় আমরাও শপথ নেইনি এবং আমাদের এপ্রোচও করা হয়নি”।

এরপর সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাতের পর মি. আহমদ এ বিষয়ে আবারো সাংবাদিকদের সাথে কথা বলেন।

তিনি বলেন, “সংবিধান সংস্কার পরিষদ নামে সংবিধানে কিছু না থাকায় যারা সেই শপথ নিয়েছে সেটা তাদের ব্যাপার। ১২ই মার্চ সংসদ শুরু হবে এবং এখানে শুধু সংসদ সদস্যরা যোগ দিবেন। অসাংবিধানিক কিছু আমরা জাতীয় সংসদে উত্থাপন করতে পারি না। সংবিধান সংস্কার পরিষদ হতে হলে সংসদে আলোচনার মাধ্যমে করতে হবে। সংবিধানে সংশোধনী আনতে হবে। এরপর শপথ নেয়া হবে কি-না। এগুলো দীর্ঘ প্রক্রিয়া”।

একই সঙ্গে তিনি তখন বলেন, “আমরা শুনেছি এ নিয়ে রিট হয়েছে। দেখা যাক বিচার বিভাগ থেকে কী মতামত আসে”।

‘ইস্যু হয়ে ওঠার সম্ভাবনা আছে’

রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ বলছেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিএনপির সাথে জামায়াত ও এনসিপির অবস্থানগত পার্থক্য পরিষ্কার এবং এখন দেখার বিষয় হবে এই পার্থক্য কতদূর অগ্রসর হয়।

“এগুলোর বাস্তবায়ন নিয়ে বিএনপির মধ্যে ইতস্তত বোধটা পরিষ্কার দেখা যাচ্ছে। ফলে জামায়াত ও এনসিপি এটি নিয়ে চাপ তৈরির চেষ্টা করলে এটা ইস্যু হয়ে ওঠার সম্ভাবনা আছে,” বিবিসি বাংলাকে বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমদ।

আরেকজন বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান বলছেন, জুলাই সনদ ও গণভোট ইস্যুতে বিএনপির অবস্থান আগে থেকেই পরিষ্কার, কারণ দলটি আগেই বলেছে তাদের ইশতেহার নির্বাচনে জনরায় পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিবে তারা।

“এখন এটি রাজনৈতিক ইস্যু হবে কি-না তা নির্ভর করবে বিরোধীরা এটিকে কতদূর এগিয়ে নিতে পারে এবং তা জনসমর্থন পায় কি-না তার ওপর,” বলছিলেন মি. রহমান।

সূত্র : বিবিসি বাংলা

মধুখালীতে আগুনে পুড়ল বৃদ্ধার ঘর, পাশে দাঁড়ালেন প্রবাসী নেতা আলমগীর কবির

মেহেদী হোসেন পলাশ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:৫৫ পিএম
মধুখালীতে আগুনে পুড়ল বৃদ্ধার ঘর, পাশে দাঁড়ালেন প্রবাসী নেতা আলমগীর কবির

ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের লাউজানা গ্রামে অগ্নিকাণ্ডে নাছি বেগম (৭০) নামে এক অসহায় বৃদ্ধার একমাত্র বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৪ মার্চ) ভোরে সেহরির সময় রান্না করতে গিয়ে অসাবধানতাবশত আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় ঘরের ভেতরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়সহ সবকিছুই পুড়ে যায়। এতে মাথা গোঁজার একমাত্র আশ্রয়টুকুও হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন ওই বৃদ্ধা।

স্থানীয়রা জানান, নাছি বেগম অত্যন্ত দরিদ্র ও অসহায়। দীর্ঘদিন ধরে তিনি ছোট্ট একটি টিনের ঘরে বসবাস করতেন। অগ্নিকাণ্ডের পর প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। বর্তমানে তিনি খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।

ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট দানবীর এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর অন্যতম উপদেষ্টা, কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও প্রবাসী নেতা আলমগীর কবির। মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন বিষয়টি তাকে অবহিত করলে তিনি তাৎক্ষণিকভাবে বৃদ্ধা নাছি বেগমকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টার দিকে আলমগীর কবিরের নির্দেশে জহিরুল ইসলাম লিটনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল লাউজানা গ্রামে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেয়। এ সময় আলমগীর কবিরের পক্ষ থেকে নাছি বেগমের হাতে চাল, ডাল, চিনি, তেল, মুড়ি, চিড়া, খেজুর, তরমুজ, কম্বল, শাড়ি, গামছা ও বিছানার চাদরসহ প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

প্রতিনিধি দলের সদস্যরা জানান, খুব দ্রুত সময়ের মধ্যেই নাছি বেগমের জন্য একটি নতুন বসতঘর নির্মাণের কাজ শুরু করা হবে।

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রকিবুল ইসলাম সুমন, বিপ্লব বিশ্বাস মিল্টন, রাকিব মোল্যা, শিপন মৃধা, তানভীর শেখ, রিফাতসহ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।

স্থানীয়রা জানান, আলমগীর কবির দীর্ঘদিন ধরে এলাকার অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা প্রদান করে আসছেন। তার এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত বৃদ্ধা নাছি বেগম ও এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালে এক্স-রে সেবা ব্যাহত, চরম ভোগান্তিতে রোগীরা

হারুন-অর-রশীদ ও আবরাব নাদিম ইতু, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৬:৫৮ পিএম
ফরিদপুর জেনারেল হাসপাতালে এক্স-রে সেবা ব্যাহত, চরম ভোগান্তিতে রোগীরা

ফরিদপুর জেনারেল হাসপাতালে রেডিও টেকনোলজিস্ট (রেডিওগ্রাফার) না থাকায় নিয়মিত এক্স-রে সেবা ব্যাহত হচ্ছে। সপ্তাহে মাত্র দুই দিন এক্স-রে করা হলেও সেসব পরীক্ষার রিপোর্ট না পাওয়ায় রোগীদের ভোগান্তি আরও বেড়েছে। ফলে অনেক রোগী বাধ্য হয়ে অতিরিক্ত খরচ করে শহরের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন।

বর্তমানে হাসপাতালটিতে সপ্তাহে মাত্র দুই দিন—শনিবার ও মঙ্গলবার—এক্স-রে করা হচ্ছে। বাকি দিনগুলোতে এ সেবা সম্পূর্ণ বন্ধ থাকে। এতে প্রতিদিন হাসপাতালে চিকিৎসা নিতে আসা বহু রোগী প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে না পেরে বিপাকে পড়ছেন।

ফরিদপুর শহরের প্রাণকেন্দ্রে, ফরিদপুর পৌরসভার পাশেই অবস্থিত ঐতিহ্যবাহী ফরিদপুর জেনারেল হাসপাতাল। ১৯১৭ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে শহরবাসীর প্রাথমিক চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল হিসেবে পরিচিত। যদিও শহরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, তবে সেটি শহর থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে হওয়ায় অনেকেই প্রাথমিক চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালেই আসেন।

কিন্তু হাসপাতালে এসে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা না করতে পারায় অনেক রোগীকেই পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। এক্স-রে সেবা সীমিত হয়ে পড়ায় এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে কিছু দালালচক্র। তারা অসহায় রোগীদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে এক্স-রে করাতে প্রলুব্ধ করছে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী রোগীরা জানান, সপ্তাহে দুই দিন এক্স-রে করা হলেও হাসপাতাল থেকে কোনো রিপোর্ট দেওয়া হয় না। ফলে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আবারও বাইরে থেকে এক্স-রে করাতে হচ্ছে।

শহরের টেপাখোলা এলাকার বাসিন্দা সঞ্জয় কর্মকার বলেন, “গত সপ্তাহে রিকশা থেকে পড়ে গিয়ে আমার হাত ভেঙে যায়। তখন জেনারেল হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করতে বলা হয়। কিন্তু সেদিন এখানে এক্স-রে করা সম্ভব হয়নি। আজ আবার হাতের অবস্থা দেখানোর জন্য এক্স-রে করতে বলা হয়েছে, কিন্তু আজও এখানে করা গেল না। বাধ্য হয়ে বাইরে একটি ডায়াগনস্টিক সেন্টারে বাড়তি টাকা দিয়ে এক্স-রে করাতে হলো।”

আরেক ভুক্তভোগী রোগী মোছা. সালমা বেগম বলেন, “সরকারি হাসপাতালে কম খরচে চিকিৎসা পাবো এই আশায় এখানে এসেছিলাম। কিন্তু এক্স-রে না হওয়ায় বাইরে গিয়ে করতে হয়েছে। এতে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের জন্য চিকিৎসা ব্যয় অনেক বেড়ে যাচ্ছে।”

হাসপাতালের ভেতরে কিছু দালাল সক্রিয় রয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন রোগী ও তাদের স্বজনরা। তারা বলেন, হাসপাতালে এক্স-রে না হওয়ায় অনেক সময় কিছু লোক এসে রোগীদের নির্দিষ্ট কিছু বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার পরামর্শ দেন।

এ বিষয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহমুদুল হাসান বলেন, “বর্তমানে হাসপাতালে রেডিওগ্রাফারের পদটি শূন্য রয়েছে। তাই নিয়মিত এক্স-রে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। আপাতত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন রেডিওগ্রাফারকে সপ্তাহে দুই দিন এনে এক্স-রে করানো হচ্ছে।”

তিনি আরও জানান, শূন্য পদ পূরণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে অনেক আগেই চাহিদাপত্র পাঠানো হয়েছে। দ্রুত পদটি পূরণ হলে আবারও নিয়মিত এক্স-রে সেবা চালু করা সম্ভব হবে।

স্থানীয়দের দাবি, শহরের গুরুত্বপূর্ণ এই হাসপাতালে দ্রুত রেডিওগ্রাফার নিয়োগ দিয়ে পূর্ণাঙ্গ এক্স-রে সেবা চালু করা হলে রোগীদের দুর্ভোগ অনেকটাই কমবে।

‘শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত রাখতে হবে’ : এমপি ইলিয়াস মোল্লা

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৫:৫৫ পিএম
‘শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত রাখতে হবে’ : এমপি ইলিয়াস মোল্লা

ফরিদপুরের মধুখালীতে মাধ্যমিক স্তরের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

এসময় উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাধারণ সম্পাদক ও বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইউনুস আলী ফকিরের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলীমুজ্জামান, আশাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ শহিদুল ইসলাম, বাগাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রজব আলী মোল্যা।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা উপ-সহকারী প্রকৌশলী সাগর হালদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, মধুখালী জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওসের আলী চৌধুরীসহ উপজেলা বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান ও সহকারী প্রধান শিক্ষকগণ।

সভায় প্রধান অতিথি সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত রাখতে হবে, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে এবং ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে যোগাযোগ রাখতে হবে। এসময় তিনি শিক্ষকদের নিকট বিভিন্ন আইডিয়া ও ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মতামত জানতে চান। শিক্ষকরা মুক্ত আলোচনায় তাদের ভাবনা ও প্রস্তাব তুলে ধরেন। আলোচনায় শিক্ষার মান উন্নয়ন, বিদ্যালয় পরিচালনা, ছাত্রছাত্রীর উপস্থিতি বৃদ্ধি, বিদ্যালয় পরিবেশ পরিচ্ছন্ন রাখা, শিক্ষার মূল্যবোধ নিশ্চিতকরণ, ঝরে পড়া শিক্ষার্থী হ্রাস, জবাবদিহিতা ও মনিটরিং জোরদারকরণ, অভিভাবক সমাবেশ আয়োজনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে।

এসময় এমপি প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা অত্যন্ত ধৈর্য ও গুরুত্বের সঙ্গে সকলের বক্তব্য শোনেন। এর আগে ফুলের তোরা দিয়ে নবগত সংসদ সদস্যকে বরণ করে নেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষকদের প্রতিনিধি দল।