খুঁজুন
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২৪ ফাল্গুন, ১৪৩২

ফরিদপুরে কমছে খেজুরগাছ, দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে রস

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬, ১১:৩৭ এএম
ফরিদপুরে কমছে খেজুরগাছ, দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে রস

ফরিদপুর জেলার গ্রামাঞ্চলে দীর্ঘদিন ধরে প্রচলিত খেজুর চাষে সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, বিগত কয়েক বছরে খেজুরগাছের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ফলস্বরূপ, খেজুরের রসও এখন দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। বিশেষ করে সদর, নগরকান্দা, সালথা ও আলফাডাঙ্গা উপজেলার অনেক গ্রামে খেজুর চাষ কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় চাষিরা বলছেন, আগে প্রতি গাছে প্রচুর রস পাওয়া যেত। কিন্তু বর্তমানে খেজুরের সংখ্যা কমে যাওয়ায় রসের পরিমাণও অনেক কমে গেছে। “আগে খেজুরের রস বিক্রি করে আমরা ভালো আয় করতাম। এখন খেজুর গাছের সংখ্যা কমে যাওয়ায় রসও খুবই কম,” বলেন সালথা উপজেলার বাসিন্দা কৃষক আরশাদ আলী।

তিনি আরও জানান, নতুন গাছ লাগানো হলেও জলবায়ু পরিবর্তন ও রোগবালাই এর জন্য দ্রুত ফলন পাওয়া যাচ্ছেনা।

ফরিদপুর সদর উপজেলার কৃষক আব্দুল হক বলেন, “আমার খেজুরবাগান থেকে আগে প্রচুর রস পাওয়া যেত। কিন্তু এখন গাছের সংখ্যা কমে গেছে, তাই রসও কম হচ্ছে। প্রতি বছরই উৎপাদন কমতে থাকে।”

নগরকান্দা উপজেলার খেজুর চাষি তমিজ উদ্দিন বলেন, “খেজুরগাছের বয়সও একটি বড় বিষয়। অনেক গাছ পুরোনো হয়ে গেছে এবং নতুন গাছ লাগানোর প্রক্রিয়াও ঝুঁকিপূর্ণ। সরকারী সহযোগিতা ছাড়া আমরা সবুজায়ন ধরে রাখতে পারছি না।”

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডিএ) কৃষিবিদ মো. শাহাদুজ্জামান ‘ফরিদপুর প্রতিদিন‘কে জানান, “বর্তমানে ফরিদপুর জেলায় মোট ৯৫ হাজার খেজুরগাছ রয়েছে। এসব গাছ থেকে প্রতিবছর ৩’শ ৫০ মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন করা হয়।”

তিনি বলেন, খেজুরের রস কমে যাওয়া একটি গুরুতর বিষয়। এটি শুধু চাষিদের আয়ের উপর প্রভাব ফেলছে না, বরং গ্রামীণ ঐতিহ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নতুন খেজুর গাছ রোপণ এবং রোগমুক্ত জাতের উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেছি। এছাড়া চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে কম সময়ের মধ্যে বেশি রস সংগ্রহ করা যায়।”

কৃষি সম্প্রসারণ অফিসের অন্যান্য কর্মকর্তাদের বক্তব্যে জানা গেছে, খেজুর গাছ রোপণ ও রক্ষণাবেক্ষণে স্থানীয় চাষিদের অংশগ্রহণ জরুরি। তারা আরও বলছেন, স্থানীয় যুবকদেরকে খেজুর চাষ ও রস উৎপাদনে উৎসাহিত করলে এই ধারা পুনরায় স্থায়ী করা সম্ভব।

ফলস্বরূপ, ফরিদপুরে খেজুর চাষের ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে সময়োপযোগী উদ্যোগ না নিলে, ভবিষ্যতে খেজুর রস এক বিলাসী পণ্য হিসেবে সীমিত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শবে কদরের বিশেষ নামাজ ও আমলের বিধান

ইসলাম ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৫১ এএম
শবে কদরের বিশেষ নামাজ ও আমলের বিধান

লাইলাতুল কদর বা শবে কদর বছরের শ্রেষ্ঠ রাত। এই রাত হাজার বছরের চেয়ে উত্তম। রমজানের শেষ দশকের কোনো এক রাতে এই পবিত্র রজনী। নির্দিষ্ট করে লাইলাতুল কদর চিহ্নিত করা হয়নি। হাদিস শরিফে এসেছে, ‘তোমরা শেষ দশকের বেজোড় রাতে শবে কদর তালাশ করো।’ (বোখারি : ২০১৭)

মহিমান্বিত এই রজনী ঘিরে দেশের বিভিন্ন এলাকায় অনেক ধারণা প্রচলিত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ‘শবে কদরের বিশেষ নামাজ ও আমল’। বিভিন্ন পুস্তিকায় এই নামাজ ও আমল নিয়ে বিভিন্ন নিয়মের কথাও লেখা থাকে।

আবার কেউ কেউ দাবি করেন, বিশেষ সুরা দিয়ে নামাজ পড়া বা নির্ধারিত রাকাত নামাজ বিশেষ সুরা দ্বারা আদায় করতে হয়। তাই প্রশ্ন জাগে, হাদিস শরিফে এই রাতে বিশেষ পদ্ধতির কোনো নামাজ বা আমল আছে কি? থাকলে এ ব্যাপারে শরয়ি বিধান কী?

এ প্রসঙ্গে রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ বলেন, কোরআন-হাদিসে শবে কদর বা শবে বরাতের জন্য বিশেষ পদ্ধতির কোনো নামাজ নেই। সবসময় যেভাবে নামাজ পড়া হয়, সেভাবেই পড়বেন। অর্থাৎ দুই রাকাত করে যত রাকাত সম্ভব হয় আদায় করবেন এবং যে সুরা দিয়ে সম্ভব হয় পড়বেন। তদ্রূপ রোজা বা অন্যান্য আমলেরও বিশেষ কোনো পন্থা নেই।

এই দুই রাতে কোরআন তেলাওয়াত, জিকির-আজকার, দোয়া-ইস্তেগফার ইত্যাদি নেক আমল যে পরিমাণ সম্ভব হয়, আদায় করবেন। তবে নফল নামাজ দীর্ঘ করা এবং সিজদায় দীর্ঘ সময় অতিবাহিত করা উচিত, যা হাদিস থেকে প্রতীয়মান হয়।

বিভিন্ন বই-পুস্তকে নামাজে যে নির্দিষ্ট নিয়ম-কানুন লেখা আছে, অর্থাৎ এত রাকাত হতে হবে, প্রতি রাকাতে এই এই সুরা এতবার পড়তে হবে- এগুলো ঠিক নয়। হাদিস শরিফে এ ধরনের কোনো নিয়ম নেই, এগুলো মানুষের মনগড়া পন্থা।

নফল আমল আদায়ের পদ্ধতি কী?

বিশুদ্ধ মতানুসারে, শবে বরাত ও শবে কদরের নফল আমলগুলো একাকী করণীয়। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে জামাতের সঙ্গে আদায় করতে হবে। এরপর যা কিছু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বেন। এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার প্রমাণ হাদিস শরিফে নেই , এমনকি সাহাবায়ে কেরামের যুগেও এর রেওয়াজ ছিল না। তবে কোনো আহ্বান ও ঘোষণা ছাড়া এমনিই কিছু লোক যদি মসজিদে এসে যায়, তাহলে প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবে, একে অন্যের আমলে ব্যাঘাত সৃষ্টির কারণ হবে না। (ইকতিজাউস সিরাতিল মুস্তাকিম : ২/৬৩১-৬৪১ ও মারাকিল ফালাহ : পৃ. ২১৯)

সূত্র : কালবেলা

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করল সরকার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৪৫ এএম
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী নির্ধারণ করল সরকার

ইমাম-মুয়াজ্জিন ও খাদেমসহ ধর্মগুরুদের জন্য সম্মানী চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ।

রোববার (৮ মার্চ) মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা জাবিউল্লাহ জানান, পাইলট প্রকল্পের আওতায় প্রতিটি মসজিদের জন্য ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর মধ্য থেকে ইমাম ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার এবং খাদেম ২ হাজার করে টাকা পাবেন। আর প্রতিটি মন্দিরের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পুরোহিত ৫ হাজার টাকা এবং সেবাইত ৩ হাজার টাকা করে পাবেন।

প্রতিটি বৌদ্ধ বিহারের জন্য থাকছে ৮ হাজার টাকা, এ থেকে বিহার অধ্যক্ষ ৫ হাজার টাকা এবং উপাধ্যক্ষ ৩ হাজার টাকা করে পাবেন। এ ছাড়া প্রতি খ্রিস্টান চার্চের জন্য থাকছে ৮ হাজার টাকা, যা থেকে পালক বা যাজক ৫ হাজার টাকা, সহকারী পালক বা যাজক ৩ হাজার টাকা করে পাবেন।

প্রতি বছর ধর্মীয় উৎসবে মসজিদে কর্মরতদেরকে ঈদুল ফিতর ও ঈদুল আজহার ক্ষেত্রে ১ হাজার টাকা করে বছরে ২ বার এবং দুর্গাপূজা, বৌদ্ধপূর্ণিমা বা বড়দিনের ক্ষেত্রে ২ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে বলেও জানিয়েছেন ইসমাইল জাবিউল্লাহ। তবে যেসব মসজিদ সরকারি ও দেশি বা বিদেশি সংস্থার অনুদানপ্রাপ্ত, সেসব ধর্মীয় প্রতিষ্ঠান এ সুবিধার বাইরে থাকবে।

তিনি আরও জানান, এ সম্মানী দেওয়ার ক্ষেত্রে চলতি অর্থবছরে মার্চ-জুনে ২৭ কোটি ৫৭ লাখ টাকা প্রয়োজন হবে। সম্মানীগুলো ব্যাংকের মাধ্যমে দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি ধর্মীয় উপাসনালয়ে দেওয়া হবে।

রোজার মাসে দোয়া কবুলের বিশেষ দুই সময়? জেনে নিন

মুফতী নিজাম উদ্দিন আল আদনান
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৭:৩৬ এএম
রোজার মাসে দোয়া কবুলের বিশেষ দুই সময়? জেনে নিন

আত্মশুদ্ধি ও সংযমের মাস রমজান। এ মাসে রহমতের বৃষ্টিতে মানবআত্মা পবিত্র হয়। শুদ্ধতার মিছিলে আলোড়ন তোলে।

পবিত্র এই মাসে ভোরের সাহরি থেকে সন্ধ্যার ইফতার, দিনের রোজা থেকে রাতের তারাবিহ—প্রতিটি ইবাদতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে দোয়া ও ইসতেগফার।

হজরত সালমান ফারসি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসেবে দাঁড়ালেন, বললেন মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগে রহমত, মধ্যবর্তী ভাগে মাগফিরাত বা ক্ষমা আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। (সহিহ ইবনে খুজাইমা : ১৮৮৭)

রমজানে কখন দোয়া কবুল হয়?

দোয়া কবুলের নির্ধারিত কোনো মুহূর্ত নেই। বান্দা যখনই আল্লাহর দরবারে হাত পাতে, তিনি সাড়া দেন। তবে, কিছু বিশেষ মুহূর্তে, বিশেষ দিনে আল্লাহ বান্দার মোনাজাত বিশেষভাবে কবুল করেন। রহমতের পেয়ালা ঢেলে দেন।

এ ক্ষেত্রে হাদিসে এসেছে, রমজানে দুই সময়ে বান্দার দোয়া বেশি কবুল হয়। কারণ, এই সময়গুলোয় বান্দার প্রতি মহান রাব্বুল আলামিনের করুণা থাকে।

১. ইফতারের সময় দোয়া

মহানবী (সা.) বলেন, ‘তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ বাদশা, রোজাদার যখন সে ইফতার করে এবং মজলুম ব্যক্তির দোয়া।’ (তিরমিজি : ৩৫৯৮, ইবনে মাজাহ : ১৭৫২)

২. শেষরাতের দোয়া

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মহামহিম আল্লাহ তায়ালা প্রতি রাতের শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে (প্রথম আসমান) অবতরণ করে ঘোষণা করতে থাকেন, কে আছে এমন যে আমাকে ডাকবে? আমি তার ডাকে সাড়া দেব। কে আছ এমন যে আমার কাছে চাইবে? আমি তাকে তা দেব। কে আছ এমন আমার কাছে ক্ষমা চাইবে? আমি তাকে ক্ষমা করব। (বোখারি : ১০৭৯)

লেখক : মুহতামিম, জামিয়াতুল কোরআন, ঢাকা

সাবেক সভাপতি, ছাত্র জমিয়ত বাংলাদেশ