খুঁজুন
সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০ ফাল্গুন, ১৪৩২

বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন লিয়াকত হোসেন সাগর

হাসান মাতুব্বর (শ্রাবণ), ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম
বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হলেন লিয়াকত হোসেন সাগর

কাজাখস্তানে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে গঠিত বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিয়াকত হোসেন সাগর। সংগঠনটির সদস্যদের অনলাইন ভিত্তিক নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন। তিনি ২০১৭ সাল থেকে দেশটিতে রেসিডেন্টধারী হিসেবে ব্যবসা করে আসছেন এবং ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ফরহাদ ওহাব আকন। তিনি দীর্ঘ দুই যুগ যাবৎ দেশটিতে অবস্থান করছেন এবং ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনের ডাঙ্গী এলাকার ওহাব আকনের ছেলে। গত ১৯ ফেব্রুয়ারি দেশটির আলমাটি শহরে একটি রেস্তেরায় আনুষ্ঠানিকভাবে লিয়াকত হোসেন সাগরকে এই দায়িত্ব দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটি’র সভাপতি ফরহাদ ওহাব আকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান আহমেদ ও তুসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক তমাল খান সহ কার্যকরী সদস্যবৃন্দ। এছাড়া কার্যকরী সদস্যবৃন্দ হতে আগ্রহী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

কমিনিউটির সভাপতি ফরহাদ ওহাব আকন বলেন, সংগঠনটির আগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ২০২৪ সালের ২৮ এপ্রিল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন৷ এ সময়ে অনিয়ম-দুর্নীতি ও প্রবাসীদের সাথে অসদাচরণের দায়ে গত ১৮ ফেব্রুয়ারি তাকে বহিস্কার করা হলে পদটি শূন্য হয়ে যায়। এরপর সকল সদস্যদের অনলাইন নির্বাচনের মাধ্যমে যুগ্ম-সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগরকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি, আমরা সঠিকভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাব৷ এ সংগঠনের কেউ অপরাধ বা অনিয়ম করলে তাকেও একই শাস্তি পেতে হবে৷ বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটি’র বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তা কঠোরভাবে দমন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ-কাজাখস্তান কমিনিউটি ২০২৪ সালের ২৮ শে এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে এবং পরবর্তীতে দুই বছরকালীন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যার মেয়াদ রয়েছে চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত।

 

ইফতারের পর ধূমপান কেন সবচেয়ে বিপজ্জনক?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:৪২ এএম
ইফতারের পর ধূমপান কেন সবচেয়ে বিপজ্জনক?

ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর-এ কথা সবারই জানা। কিন্তু রমজানে সারাদিন রোজা রাখার পর ইফতারের সঙ্গে সঙ্গেই সিগারেট ধরানো শরীরের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে রক্তে শর্করার মাত্রা কমে যায়, শরীরে পানিশূন্যতা তৈরি হয় এবং কোষগুলো পুষ্টি ও অক্সিজেনের অপেক্ষায় থাকে। ঠিক এই সময় ধূমপান করলে শরীর একসঙ্গে বিপরীতধর্মী সংকেত পায়-একদিকে পুষ্টির চাহিদা, অন্যদিকে নিকোটিন ও বিষাক্ত ধোঁয়ার আক্রমণ। ফলে তৈরি হয় নানা স্বাস্থ্যঝুঁকি।

চিকিৎসাবিজ্ঞানের আলোকে বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, ইফতারের পর ধূমপান স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ধাক্কা তৈরি করতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক যেসব সমস্যা হতে পারে-

হার্ট অ্যাটাক ও স্ট্রোকের আশঙ্কা

দীর্ঘ সময় উপবাস থাকার পর হঠাৎ নিকোটিন গ্রহণে রক্তনালী সংকুচিত হয়ে যায় এবং রক্তচাপ বেড়ে যায়। এতে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়তে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ধূমপান হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম প্রধান কারণ। আর আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলছে, নিকোটিন তাৎক্ষণিকভাবে রক্তচাপ ও হৃৎস্পন্দন বাড়ায়-যা ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে।

অক্সিজেনের ঘাটতি

ইফতারের পর শরীরের কোষগুলোতে অক্সিজেনের প্রয়োজন বেড়ে যায়। কিন্তু ধূমপানের ফলে উৎপন্ন কার্বন মনোক্সাইড রক্তে মিশে অক্সিজেন পরিবহন বাধাগ্রস্ত করে।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তথ্য অনুযায়ী, কার্বন মনোক্সাইড শরীরের টিস্যুতে অক্সিজেন পৌঁছানো কমিয়ে দেয় এবং হৃদ্স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়।

পাকস্থলীর সমস্যা

খালি পেটে নিকোটিন ও টার পাকস্থলীর আস্তরণকে উত্তেজিত করে। এতে অ্যাসিড নিঃসরণ বেড়ে অম্বল, গ্যাস্ট্রাইটিস ও হজমের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ সময় না খেয়ে থাকার পর ধূমপান পরিপাকতন্ত্রে বাড়তি চাপ সৃষ্টি করে।

মস্তিষ্কের ওপর প্রভাব

সারাদিন নিকোটিনবিহীন থাকার পর হঠাৎ ধূমপান করলে দ্রুত নিকোটিন প্রবেশের কারণে মাথা ঘোরা, বমিভাব বা সাময়িক অস্বস্তি হতে পারে। বিশেষজ্ঞরা একে ‘নিকোটিন রাশ’ হিসেবে উল্লেখ করেন।

ইস্তানবুল ব্রেন হসপিটাল জানিয়েছে, দীর্ঘ সময় নিকোটিন ছাড়া থাকার পর হঠাৎ ধূমপান করলে মস্তিষ্কে বিষক্রিয়াজনিত প্রতিক্রিয়া তৈরি হতে পারে, এমনকি চেতনা হারানোর ঘটনাও ঘটতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ইফতার শরীরকে পুনরুদ্ধারের সুযোগ দেয়। সেই মুহূর্তে ধূমপান শরীরের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে। তাই রমজানকে ধূমপান ছাড়ার সূচনা হিসেবে নিলে আধ্যাত্মিক লাভের পাশাপাশি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যগত সুফলও মিলবে।

সূত্র : কালবেলা

বাদ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:১৩ এএম
বাদ দেওয়া হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে

সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার মাধ্যমে বর্তমান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে প্রতিস্থাপন করা হবে। এ পদে আমিনুল ইসলামের নাম বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তার ফেসবুক প্রোফাইলে এই খবরটি প্রকাশ করেন। দ্য ডিসেন্ট নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, রোববার দিনের বেলা চিফ প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার কার্যালয়ে ডেকে পাঠান। সেখানে জনাব তাজুলকে জানানো হয় নতুন চিফ প্রসিকিউটর নিয়োগে সরকারের উচ্চ মহলের আগ্রহের কথা। এছাড়া আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির সম্ভাবনা রয়েছে বলেও ডিসেন্ট নিউজের প্রতিবেদনে বলা হয়।

আমিনুল ইসলাম পূর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার — যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতা — দুর্নীতির মামলায় তার পক্ষে আইনজীবী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন; যে মামলায় তিনি কারাদণ্ডপ্রাপ্ত হন।

বর্তমানে আইসিটি জুলাই ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারী ও পথচারীদের হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ রাজনীতিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা পরিচালনা করছে। ওই আন্দোলনের প্রেক্ষাপটেই শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ট্রাইব্যুনাল ২০০৯ থেকে ২০২৪ সালের মধ্যে সংঘটিত গুমের ঘটনাসংশ্লিষ্ট মামলাও পরিচালনা করছে। এ পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

 

চরভদ্রাসনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, মাদক নির্মূলে জোর দিলেন এমপি বাবুল

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০৪ এএম
চরভদ্রাসনে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, মাদক নির্মূলে জোর দিলেন এমপি বাবুল

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত এই সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাদের নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শহিদুল ইসলাম বাবুল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক নির্মূলকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন। তিনি বলেন, “মাদক বর্তমানে সমাজের জন্য সবচেয়ে বড় হুমকি। এর কারণে অপরাধ প্রবণতা বাড়ছে এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটছে। তাই মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, চরভদ্রাসন উপজেলার সার্বিক উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতকে অগ্রাধিকার দিতে হবে। এলাকার স্কুল-কলেজের মানোন্নয়ন, গ্রামীণ সড়কের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন এমপি বাবুল।

সভা শেষে সংসদ সদস্য চরভদ্রাসন সদর বাজার পরিদর্শন করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি এলাকার সমস্যা-সম্ভাবনা সম্পর্কে সরাসরি মতামত শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি মো. ওহিদুজ্জামান মোল্যা, সদস্য মো. শাহজাহান সিকদার, এজিএম বাদল আমীন, মো. মঞ্জুরুল হক মৃধা, মো. মোস্তফা কবির, কেএম ওবায়দুল বারী দিপু ও যুবদলের সদস্য সচিব আব্দুল ওহাব মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ও সমাজসেবা কর্মকর্তা মো. জাহিদ তালুকদার।