খুঁজুন
, ,

ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ২৬০ পদে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ণ
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীনে ২৬০ পদে চাকরি

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২৬০টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩য় থেকে ১০ম গ্রেডে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ০১ ফেব্রুয়ারি ২০২৬।

চাকরির বিবরণ

১. পদের নাম: সিনিয়র অফিসার (IT)

পদসংখ্যা: ৭৯

সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক-১৭, অগ্রণী ব্যাংক-৪১, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব‍্যাংক-০৭, বাংলাদেশ কৃষি ব্যাংক-১৪

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম: অফিসার (IT)

পদসংখ্যা: ৭০

সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক পিএলসি-১৭, অগ্রণী ব্যাংক পিএলসি-৪৪, প্রবাসী কল্যাণ ব্যাংক-০৯

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৩. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার/সহকারী প্রোগ্রামার/সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার)

পদসংখ্যা: ৩৩

সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক-০১, রূপালী ব্যাংক-২০, বাংলাদেশ কৃষি ব্যাংক-০৬, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-০২, বাংলাদেশ হাউস বিল্ডিং ফিন্যান্স করপোরেশন-০১, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ-০২, কর্মসংস্থান ব্যাংক-০১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আইটি)/সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট হার্ডওয়্যার মেইনটেন্যান্স ইঞ্জি:)/অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ সহকারী মেইনটেন্যান্স ইঞ্জি: সহকারী রক্ষণাবেক্ষণ

পদসংখ্যা: ৫৪

সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক-০৩, রূপালী ব্যাংক-১৫, বাংলাদেশ কৃষি ব্যাংক-০৬, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-০৬, প্রবাসী কল্যাণ ব্যাংক-২৪

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর

পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: সোনালী ব্যাংক-০১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৬. পদের নাম: সিনিয়র অফিসার (অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার/অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম ইঞ্জিনিয়ার)

পদসংখ্যা: ২১

সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: রূপালী ব্যাংক-২০, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক-০১

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: চিফ মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: প্রবাসী কল্যাণ ব্যাংক-০১

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৮. পদের নাম: রক্ষণাবেক্ষণ প্রকৌশলী

পদসংখ্যা: ০১

সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান ও পদসংখ্যা: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক-০১

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

বয়সসীমা

১ থেকে ৬ নম্বর পদের জন্য প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩২ বছর।

৭ নম্বর পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৫০ বছর।

৮ নম্বর পদের জন্য প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

আবেদনের নিয়ম

বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https:/erecruitment.bb.org.bd এ নির্ধারিত ছক পূরণের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে। এর আগে নিবন্ধন করা প্রার্থী বিদ্যমান জীবনবৃত্তান্ত ব্যবহার করে আবেদন করতে পারবেন।

আবেদন ফি

২০০ টাকা। অনগ্রসর গোষ্ঠীভুক্ত প্রার্থীদের জন্য সরকার নির্ধারিত আবেদন ফি ৫০ টাকা।

আবেদন ফির প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে ওয়েবসাইট https:/erecruitment.bb.org.bd/onlincapp/rocketprocpay.pdf ভিজিট করতে হবে।

আবেদনের শেষ সময়

০১ ফেব্রুয়ারি ২০২৬

আবেদনের বিস্তারিত জানতে নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট ভিজিট করুন।

 

 

ভাইভায় যে কাজগুলো কখনো করবেন না?

চাকরি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ অপরাহ্ণ
ভাইভায় যে কাজগুলো কখনো করবেন না?

একটি ইন্টারভিউ শুধু আপনার দক্ষতা প্রমাণের সুযোগ নয় বরং নিজের ব্যক্তিত্ব ও পেশাদারিত্ব ফুটিয়ে তোলার অন্যতম মাধ্যম। অনেক সময় শতভাগ প্রস্তুতি থাকা সত্ত্বেও অসচেতনতাবশত করা ছোটখাটো কিছু ভুল পুরো সুযোগটি নষ্ট করে দিতে পারে। ইন্টারভিউ বোর্ডে আপনার প্রথম ইম্প্রেশন বা ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে যে কাজগুলো ভুলেও করা যাবে না—

দেরি করে পৌঁছানো: ইন্টারভিউ বোর্ডে দেরি করে যাওয়া আপনার অদক্ষতা ও দায়িত্বহীনতা প্রকাশ করে। তাই নির্দিষ্ট সময়ের অন্তত ১০-১৫ মিনিট আগে উপস্থিত থাকুন।

কোম্পানি সম্পর্কে না জেনে যাওয়া: প্রতিষ্ঠান ও যে পদের জন্য আবেদন করেছেন সে বিষয়ে ধারণা না নিয়ে ইন্টারভিউতে যাবেন না।

অনুপযুক্ত পোশাক পরা: খুব বেশি জাঁকজমকপূর্ণ বা ক্যাজুয়াল পোশাক পরবেন না। পরিবেশের সঙ্গে মানানসই পরিপাটি ও পেশাদার পোশাক বেঁছে নিন।

পূর্ববর্তী প্রতিষ্ঠান নিয়ে নেতিবাচক কথা বলা: আগের বস বা কোম্পানির বদনাম করবেন না, এতে আপনার পেশাদারিত্ব প্রশ্নবিদ্ধ হয়।

মিথ্যা তথ্য দেওয়া: নিজের যোগ্যতা বা অভিজ্ঞতা নিয়ে কোনো রকম অসত্য বা বাড়িয়ে কোনো তথ্য দেবেন না।

ইন্টারভিউয়ারকে বাধা দেওয়া: কথা বলার সময় কথার মাঝে কেটে ফেলবেন না বা অন্যকে কথা শেষ করতে না দিয়ে নিজে বলা শুরু করবেন না।

অতিরিক্ত কথা বলা বা এলোমেলো কথা বলা: কোনো প্রশ্নের উত্তর দিতে গিয়ে অপ্রয়োজনীয় ও দীর্ঘ পেঁচিয়ে কথা বলবেন না। মূল পয়েন্টে স্পষ্ট উত্তর দিন। চোখের যোগাযোগ বা আই কন্টাক্ট না রাখা: কথা বলার সময় নিচের দিকে তাকিয়ে থাকা বা চোখ এড়িয়ে চলা আত্মবিশ্বাসের অভাব প্রকাশ করে।

মোবাইল ফোন খোলা রাখা: ইন্টারভিউ রুমে ঢোকার আগে অবশ্যই ফোন সাইলেন্ট বা বন্ধ রাখুন। ভুলেও ভাইব্রেশন বা রিংটোন বাজতে দেবেন না।

স্যালারি সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে চলুন: ইন্টারভিউর প্রাথমিক পর্যায়ে কখনই স্যালারি সম্পর্কে প্রশ্ন করবেন না। কারণ একজন চাকরিদাতা কখনোই তেমন বেতনভুক কর্মচারী আশা করবেন না যিনি শুধু অর্থের নিগড়ে বন্দি হয়ে তাদের কাজ করছেন। শুধু শুধু স্যালারির কথা প্রথমেই জিজ্ঞাসা করে নিজের লালবাতি নিজে জ্বালাবেন না। আপনি চাইলে ইন্টারভিউর শেষ পর্যায়ে স্যালারি সম্পর্কে যেকোনো প্রশ্ন করতে পারেন। সেটা চাকরিদাতারাও আশা করবেন। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারাই স্যালারি সম্পর্কিত তথ্য আবেদনকারীকে জানান।

প্রশ্ন না করা: ইন্টারভিউ শেষে সাধারণত জানতে চাওয়া হয় আপনার কোনো প্রশ্ন আছে কিনা। না বলবেন না, প্রতিষ্ঠানের পরিবেশ বা কাজ সম্পর্কে বুদ্ধিদীপ্ত প্রশ্ন করুন। যেমন— প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা বা কাজের পরিবেশ নিয়ে দু-একটি প্রশ্ন করুন। এরপর অত্যন্ত বিনীতভাবে ইন্টারভিউয়ারদের তাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ জানান এবং এই প্রতিষ্ঠানে কাজ করার ব্যাপারে আপনার প্রবল আগ্রহের কথা পুনর্ব্যক্ত করুন। কক্ষ থেকে বের হওয়ার সময় বা অনলাইন মিটিং লিভ করার আগে মুখে মৃদু হাসি বজায় রেখে, সবার সঙ্গে হ্যান্ডশেক বা ভদ্রভাবে বিদায় নিয়ে ইতিবাচক একটি মনোভাব রেখে বিদায় নিন।

যেসব কথা সহকর্মীর সঙ্গে কখনো শেয়ার করবেন না?

চাকরি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
যেসব কথা সহকর্মীর সঙ্গে কখনো শেয়ার করবেন না?

অফিসের চার দেয়ালের মাঝে একজন সত্যিকারের ভালো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার। প্রতিদিনের কাজের চাপ, ডেডলাইনের মানসিক ধকল আর বসের বকুনি সবকিছুই সহজ হয়ে যায় যদি পাশে এমন একজন সহকর্মী থাকেন, যিনি একাধারে কাজের সঙ্গী এবং মনের মানুষ। কিন্তু মনে রাখা প্রয়োজন, অফিস শেষ পর্যন্ত একটি পেশাদার জায়গা এবং সেখানে সবার আগে আপনার ক্যারিয়ার। বন্ধুত্বের গভীরতা যতই হোক না কেন, আবেগের বশে এমন কিছু কথা শেয়ার করা উচিত নয় যা পরবর্তীতে আপনার পেশাদার জীবনকে ঝুঁকিতে ফেলতে পারে। তাই সম্পর্কে স্বচ্ছতা রেখেও কিছু বিষয়ে নীরব থাকাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ—নতুন চাকরি খোঁজা বা ক্যারিয়ারের ভবিষ্যৎ পরিকল্পনা

আপনি যদি গোপনে অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির আবেদন করেন বা ইন্টারভিউ দিয়ে থাকেন, তা কখনোই সহকর্মীকে জানাবেন না। করপোরেট দুনিয়ায় দেয়ালেরও কান থাকে। কোনোভাবে এই তথ্যটি ম্যানেজমেন্টের কাছে পৌঁছালে আপনার বর্তমান চাকরি যেমন ঝুঁকিতে পড়বে, তেমনি কোনো প্রমোশন বা ইনক্রিমেন্টের সুযোগ থাকলে তাও হাতছাড়া হতে পারে।

আপনার সঠিক বেতন ও আর্থিক সুযোগ-সুবিধা

বেতনের বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত রাখা উচিত। একই সংস্থায় কাজ করার কারণে দুজনের বেতনের পার্থক্য (তা সে যতই কম-বেশি হোক না কেন) আপনাদের সুন্দর বন্ধুত্বের মাঝে অজান্তেই দেয়াল তুলে দিতে পারে। কম বেতন পাওয়া মানুষের মনে ক্ষোভ বা হীনম্মন্যতা তৈরি হওয়া খুব স্বাভাবিক, যা কর্মক্ষেত্রের সম্পর্কে ফাটল ধরায়।

বস বা অন্য সহকর্মীদের নিয়ে নেতিবাচক মন্তব্য ও সমালোচনা

কাজের সূত্রে কারও ওপর রাগ বা ক্ষোভ জমতেই পারে, কিন্তু তা নিয়ে সহকর্মী-বন্ধুর কাছে অতিরিক্ত খোলামেলা আলোচনা বা পরনিন্দা করবেন না। কর্মক্ষেত্রের সমীকরণ খুব দ্রুত বদলায়। আজকের বন্ধু পরিস্থিতির চাপে কাল আপনার প্রতিযোগী হয়ে উঠতে পারেন। তখন আপনারই বলা কোনো মন্তব্য আপনার পেশাদার সুনামের ক্ষতি করতে পারে।

কোম্পানির পলিসি বা ম্যানেজমেন্টের সিদ্ধান্তের তীব্র বিরোধিতাপ্রতিষ্ঠানের কোনো নতুন নিয়ম বা পলিসি আপনার পছন্দ নাও হতে পারে। তবে তা নিয়ে কর্মক্ষেত্রে উচ্চবাচ্য করা বা বন্ধুর কাছে ক্ষোভ প্রকাশ করা অনুচিত। এই ধরনের আলোচনা আপনাকে কোম্পানির প্রতি অনুগত নয় এমন একজন নেতিবাচক কর্মী হিসেবে প্রমাণ করতে পারে, যা আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য মারাত্মক ক্ষতিকর।

অতিরিক্ত ব্যক্তিগত সংকট ও পারিবারিক গোপন তথ্য

আপনার পারিবারিক অশান্তি, আর্থিক ঋণ বা জটিল কোনো ব্যক্তিগত সমস্যার কথা কর্মক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো। বন্ধু হিসেবে তিনি হয়তো আপনাকে সান্ত্বনা দেবেন, কিন্তু কর্মক্ষেত্রের অন্যান্য মানুষ একে আপনার মনোযোগের অভাব বা দুর্বলতা হিসেবে গণ্য করতে পারে। পেশাদার জায়গায় নিজেকে সবসময় মানসিকভাবে দৃঢ় রাখা জরুরি।

কর্মক্ষেত্রে গভীর বন্ধুত্বের অনুভূতি প্রকাশ করলেও কিছু বিষয়ে দেয়াল তুলে রাখাই বুদ্ধিমানের কাজ। নিজের বেতন, ক্যারিয়ারের গোপন পরিকল্পনা কিংবা কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ মনের ভেতর চেপে রাখলে আপনার পেশাদার জীবন থাকবে সুরক্ষিত ও ঝুঁকিমুক্ত। বন্ধুত্বের আবেগ এবং অফিসের পেশাদারিত্বের মধ্যে একটি সুস্থ ভারসাম্য বজায় রাখাই আপনার ক্যারিয়ার ও ব্যক্তিগত সম্পর্ক উভয়কেই দীর্ঘস্থায়ী ও সুন্দর করে তুলবে।

ফরিদপুরে এক বছরে মহাসড়কে ৪৬৮ দুর্ঘটনা, নিহত ২৮৮

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ণ
ফরিদপুরে এক বছরে মহাসড়কে ৪৬৮ দুর্ঘটনা, নিহত ২৮৮

ফরিদপুরে এক বছরে বিভিন্ন মহাসড়কে ৪৬৮টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৮৮ জন। আহত হয়েছেন আরও ৮৩৮ জন। এ সময়ে দুর্ঘটনার ঘটনায় মামলা হয়েছে ২২২টি।

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মাদারীপুর রিজিয়নের আওতাধীন মহাসড়কের বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বিবেচনায় নিলে মহাসড়কে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও প্রকট হয়ে উঠেছে।

হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মাদারীপুর রিজিয়নের আওতায় রয়েছে মোট ৩৯৯ কিলোমিটার মহাসড়ক। এ অঞ্চলে মহাসড়কের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯টি থানা ও পুলিশ ফাঁড়ি রয়েছে। দুর্ঘটনা রোধে নিয়মিত টহল, যানবাহন তদারকি এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, মহাসড়কে দুর্ঘটনার পেছনে একক কোনো কারণ নেই। বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকের অসাবধানতা ও ক্লান্তি, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন এবং মহাসড়কে ধীরগতির ও ছোট যানবাহনের অবাধ চলাচল দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। পাশাপাশি পথচারীদের অসচেতনতা, যত্রতত্র রাস্তা পারাপার এবং মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা ও হাটবাজারও দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

পরিবহন চালক মো. বাচ্চু শেখ বলেন, সড়কের ত্রুটি ও দীর্ঘ সময় ধরে গাড়ি চালানোর কারণে অনেক সময় চালকেরা ক্লান্ত হয়ে পড়েন। এর সঙ্গে ছোট যানবাহনের এলোমেলো চলাচল যুক্ত হলে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

তিনি বলেন, ‘অনেক সময় গাড়ি আছে কি না, তা না দেখেই পথচারীরা রাস্তা পার হন। ছোট যানবাহনও নিয়ম না মেনে চলাচল করে। দুর্ঘটনা ঘটলে বেশিরভাগ সময় সব দায় চালকের ওপর চাপানো হয়। অথচ দুর্ঘটনার পেছনে আরও অনেক কারণ থাকে।’

ফরিদপুরের মানবাধিকারকর্মী ও আইনজীবী শিপ্রা গোস্বামী বলেন, চালকের ক্লান্তি ও অসুস্থতা সড়ক দুর্ঘটনার বড় কারণ হতে পারে। দীর্ঘ সময় গাড়ি চালানোর পর চালকের মনোযোগ কমে যায় এবং অনিচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ হারানোর ঘটনা ঘটতে পারে।

তিনি বলেন, অসুস্থ বা অতিরিক্ত ক্লান্ত অবস্থায় কোনো চালকেরই গাড়ি চালানো উচিত নয়। পাশাপাশি মহাসড়কে প্রতিযোগিতা করে গাড়ি চালানো ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে কঠোর নজরদারি প্রয়োজন।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. ইয়াসিন মোল্লা বলেন, জাতীয় মহাসড়কে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিভিন্ন ধরনের অবৈধ থ্রি-হুইলার চলাচল করছে। এর মধ্যে নছিমন, করিমন, ভটভটি, মাহিন্দ্র, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ বিভিন্ন ধীরগতির যান রয়েছে।

তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দক্ষিণবঙ্গের আঞ্চলিক ও দূরপাল্লার পরিবহন চলাচল বেড়েছে। একই মহাসড়কে দ্রুতগতির বাস, ট্রাক ও অন্যান্য ভারী যানবাহনের সঙ্গে ধীরগতির যান চলাচল করায় সংঘর্ষের ঝুঁকি বাড়ছে।

ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের কর্মকর্তা মো. মুরাদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার জন্য শুধু চালকদের দায়ী করলে সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হবে না। যাত্রী ও পথচারীদেরও সচেতন হতে হবে।

তিনি বলেন, মহাসড়কের পাশে দোকানপাট, স্কুল বা জনবসতি থাকলে অনেক সময় শিশু ও বয়স্করা হঠাৎ রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। এ ছাড়া ধীরগতির নসিমন-করিমনসহ বিভিন্ন যানবাহনের চালকদেরও মহাসড়কে চলাচলের নিয়ম মানতে হবে।

ফরিদপুর নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক প্রবীর কান্তি বালা বলেন, সড়ক দুর্ঘটনার পেছনে চালকের অসাবধানতা, অদক্ষতা, লাইসেন্সবিহীন চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, সড়কের স্বল্পতা ও অপ্রশস্ততা, পাল্লা দিয়ে গাড়ি চালানো এবং ওভারটেকিংয়ের মতো কারণ রয়েছে।

তিনি আরও বলেন, ট্রাফিক আইন সম্পর্কে অজ্ঞতা ও আইন ভঙ্গের প্রবণতা, সড়ক ব্যবহারকারীদের অসচেতনতা, ফুটপাত দখল, মহাসড়কের পাশে অবৈধ হাটবাজার ও স্থাপনা, যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি এবং অতিরিক্ত যাত্রী ও মালামাল বহনের কারণেও যানবাহনের নিয়ন্ত্রণ বাধাগ্রস্ত হয়।

এদিকে মহাসড়কে দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগের পাশাপাশি চালক, পথচারী ও অন্যান্য সড়ক ব্যবহারকারীদের সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে মহাসড়কে নিষিদ্ধ যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ, চালকদের বিশ্রামের সুযোগ, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ স্থানে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করার দাবি রয়েছে।

হাইওয়ে পুলিশের মাদারীপুর রিজিয়নের ফরিদপুর কার্যালয়ের পুলিশ সুপার মোমতাজুল এহসান আহমেদ হুমায়ুন বলেন, মহাসড়কে চলাচলকারী বিভিন্ন ধরনের যানবাহন হাইওয়ে পুলিশের নজরদারির মধ্যে রয়েছে। বেপরোয়া বা আইন অমান্য করে চলাচলকারী যানবাহনের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হচ্ছে।

তিনি বলেন, মাদারীপুর রিজিয়নের আওতাধীন ৩৯৯ কিলোমিটার মহাসড়কে ৯টি থানা ও পুলিশ ফাঁড়ির টহল টিম কাজ করছে। এসব টিম শিফট ভাগ করে দিন-রাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। মহাসড়কে সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হাইওয়ে পুলিশের সদস্যরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন।

সড়ক নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, এক বছরে ৪৬৮টি দুর্ঘটনায় ২৮৮ জনের প্রাণহানি শুধু একটি পরিসংখ্যান নয়; এর সঙ্গে জড়িয়ে রয়েছে শত শত পরিবারের স্বজন হারানোর বেদনা ও আহত মানুষের দীর্ঘমেয়াদি দুর্ভোগ। তাই দুর্ঘটনা কমাতে শুধু দুর্ঘটনার পর মামলা বা জরিমানা নয়, দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করে মহাসড়ক ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ ও জনসচেতনতার ওপর সমন্বিতভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন।