খুঁজুন
রবিবার, ৩১ মে, ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

লিচু কেনার আগে সতর্ক! পোকামাকড় আক্রান্ত ফল চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৭:০৪ পূর্বাহ্ণ
লিচু কেনার আগে সতর্ক! পোকামাকড় আক্রান্ত ফল চিনবেন যেভাবে

গ্রীষ্মকাল এলেই রাজশাহীর বাজার ও বাগানজুড়ে দেখা মেলে সুস্বাদু ও রসালো লিচুর। দেশের বিভিন্ন অঞ্চলে রাজশাহীর লিচুর আলাদা সুনাম থাকলেও বর্তমানে বাজারে অপরিপক্ব, কৃত্রিম রঙ করা এবং পোকামাকড় আক্রান্ত লিচু বিক্রির অভিযোগও বাড়ছে। ফলে বাহ্যিক সৌন্দর্য দেখে লিচু কিনতে গিয়ে অনেক ক্রেতাই প্রতারিত হচ্ছেন। কোথাও দেখা যাচ্ছে বাইরে টাটকা, কিন্তু ভেতরে পচা কিংবা পোকার আক্রমণে নষ্ট ফল।

রাজশাহীর বিভিন্ন লিচুবাগান ও স্থানীয় বাজার ঘুরে দেখা গেছে, মৌসুমের শুরুতেই বিভিন্ন জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে। তবে দ্রুত বেশি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী অপরিপক্ব লিচুতেও কৃত্রিম রঙ ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। এতে ক্রেতারা সহজেই বিভ্রান্ত হচ্ছেন।

স্থানীয় বাগান মালিক মনির হোসেন জানান, ভালো লিচু চেনার জন্য কয়েকটি বিষয় খেয়াল রাখা জরুরি। তার ভাষায়, স্বাভাবিক গোলাপি বা হালকা লাল রঙের লিচুই সাধারণত ভালো ও পাকা হয়। একেবারে সবুজ লিচু কাঁচা থাকার সম্ভাবনা বেশি। এছাড়া হাতে নিয়ে চাপ দিলে পাকা লিচু সামান্য নরম অনুভূত হবে, তবে অতিরিক্ত নরম হলে বুঝতে হবে সেটি নষ্ট হতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ভালো লিচু থেকে মিষ্টি সুবাস পাওয়া যায়। টক বা তীব্র গন্ধ থাকলে সেটি নিম্নমানের বা অপরিপক্ব হতে পারে। বড় ও পরিপুষ্ট লিচু সাধারণত বেশি রসালো ও মিষ্টি হয়।

পোকামাকড় আক্রান্ত লিচু শনাক্তের উপায়

রাজশাহীর কয়েকটি বাগানে সরেজমিনে দেখা গেছে, কিছু গাছে ইতোমধ্যে পোকার আক্রমণের লক্ষণ দেখা দিয়েছে। বিশেষ করে আর্দ্রতা বৃদ্ধি ও আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বাড়ছে বলে জানিয়েছেন কৃষকরা।

তাদের মতে, আক্রান্ত লিচুর খোসায় ছোট ছিদ্র, কালচে দাগ কিংবা অস্বাভাবিক শুকনো ভাব দেখা যায়। অনেক সময় ডাঁটার গোড়ায় বাদামি রঙের দাগ বা পচনের চিহ্নও থাকে, যা পোকার আক্রমণের প্রাথমিক লক্ষণ হিসেবে ধরা হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, লিচু কেনার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখা উচিত

খোসায় ছোট ছিদ্র বা কালো দাগ আছে কি না পরীক্ষা করুন

ডাঁটার গোড়ায় পচন বা বাদামি দাগ থাকলে সতর্ক থাকুন

অতিরিক্ত শুকনো বা অস্বাভাবিক হালকা লিচু এড়িয়ে চলুন

ফাটলধরা বা কুঁচকে যাওয়া লিচু না কেনাই ভালো

গুচ্ছ থেকে কয়েকটি লিচু খুলে ভেতরের অবস্থা দেখে নেওয়া নিরাপদ

পরিচর্যায় বাড়ছে লিচুর গুণগত মান

রাজশাহীর একাধিক বাগান মালিক জানান, নিয়মিত পরিচর্যা ও বিজ্ঞানসম্মত ব্যবস্থাপনার মাধ্যমে উন্নত মানের লিচু উৎপাদন সম্ভব হচ্ছে।

আমাদের বাগানের লিচুগুলো নিয়মিত ও বিজ্ঞানসম্মত পরিচর্যার মাধ্যমে উৎপাদন করা হয়েছে। সময়মতো প্রয়োজনীয় স্প্রে ও পরিচর্যা কার্যক্রম পরিচালনা করায় ফলের গুণগত মান ভালো হয়েছে। কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী পরিচর্যা না করলে পোকামাকড়ের আক্রমণে ফল ঝরে পড়ে এবং ফলের গায়ে দাগ বা পচন দেখা দেয়।

তিনি আরও জানান, সঠিক পরিচর্যার কারণে তাদের বাগানের লিচু রোগবালাইমুক্ত, দেখতে আকর্ষণীয় এবং স্বাদেও বেশ মিষ্টি হয়েছে। এতে ভোক্তারাও সন্তুষ্ট হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সচেতনতাই নিরাপদ ফল বেছে নেওয়ার উপায়

বিশেষজ্ঞরা বলছেন, পরিচিত ও বিশ্বস্ত বিক্রেতার কাছ থেকে লিচু কেনাই সবচেয়ে নিরাপদ। কেনার আগে ফলের রঙ, গন্ধ, খোসা ও ডাঁটার অবস্থা ভালোভাবে পরীক্ষা করা উচিত। অতিরিক্ত রঙ করা বা অপরিপক্ব লিচু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

সচেতনভাবে লিচু নির্বাচন করলে যেমন সুস্বাদু ফলের স্বাদ উপভোগ করা যাবে, তেমনি পোকামাকড় আক্রান্ত বা রাসায়নিকযুক্ত ফল থেকে স্বাস্থ্যঝুঁকিও অনেকাংশে কমানো সম্ভব হবে। রাজশাহীর বিখ্যাত লিচুর সুনাম ধরে রাখতে কৃষক, ব্যবসায়ী ও ক্রেতা সবার সচেতনতাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সূত্র : কালবেলা

মধুখালীতে ঘরের চালের বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

মো. ইনামুল খন্দকার, মধুখালী:
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
মধুখালীতে ঘরের চালের বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে জখম

ফরিদপুরের মধুখালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে লাল চান মন্ডল (৩৮) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 

শনিবার (৩০ মে) সকাল সাড়ে ৮ টায় উপজেলার কামারখালী ইউনিয়নের চরকোমরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় লাল চান মন্ডলের ভাবি রুলিয়া বেগম বাদী হয়ে শনিবার বিকালে মধুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে  কাশেম মন্ডল, জামিরুল মন্ডল, মনিরুল মন্ডল,আজিজুল মন্ডল, মরিয়ম বিবি, ঘরের চালের বৃষ্টির পানির ফোটা তাদের জমিতে পড়াকে কেন্দ্র করে লাল চান মন্ডলকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ‘এ বিষয়ে থানায় একটি অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
ফরিদপুরে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) বিকেলে ফরিদপুর জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে শহরের কাঠপট্টি দলীয় কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈছা।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন, মহানগর বিএনপির ‌ আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, ‌সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমটি আখতার টুটুল, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজম খানসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গঠনে দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জনগণের শ্রমকে সম্পদে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

এ সময় বক্তারা বিএনপির ‌চেয়ারপারসন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ভাঙ্গায় ফের দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
ভাঙ্গায় ফের দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৩০

ফরিদপুরের ভাঙ্গায় ফেসবুকে ভিডিও করে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারকে কেন্দ্র করে একদিন পর আবারও দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (৩০ মে) সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবনাতলা বাসস্ট্যান্ডে মহাসড়কের ওপর ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে ঢাকা-বরিশাল মহাসড়কে সকল ধরনের যান চলাচল বন্ধ থাকে। উভয় পাশে যানবাহন আটকা পড়ে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে সোহাগ চেয়ারম্যানের লোকজন বেশি আহত হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত এক সপ্তাহ আগে আকরাম শেখ নামের এক যুবক চুমুরদী ইউনিয়ন পরিষদে গিয়ে ঈদের চাল কম দিচ্ছেন চেয়ারম্যান রফিকুল ইসলাম সোহাগ মোল্লা এমন ভিডিও করে ফেসবুকে প্রচার করে। ভিডিও ফেসবুকে প্রকাশ হওয়ার পর ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থল চুমুরদী ইউনিয়ন পরিষদে সত্যতা যাচাই করতে যান। তিনি চেয়ারম্যান ও আনোয়ার উদ্দিন মেম্বারকে ফোন করে চালের বিষয় তথ্য জানতে চান। আকরাম শেখ পুরোপুরি তথ্য না জেনে মিথ্যা একটা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা ক্ষুব্ধ হন।

এ ব্যাপারে চুমুরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ মোল্লা বলেন, আমাদের বাবলাতলা গ্রামের টিকটকার আকরাম শেখ তথ্য না জেনে আমার বিরুদ্ধে একটা ভিডিও ফেসবুকে অপ-প্রচার করে আমার সম্মান ক্ষুন্ন করেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় আকরাম শেখকে আমার ভাই চন্দন এ বিষয় জিজ্ঞেসা করলে সে উত্তেজিত হয়ে তার ওপর হামলা চালায়। তখন দুই পক্ষের লোকজনের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওই ঘটনার জের ধরে আজ শনিবার সকালে আবারও দুই দল গ্রামবাসী সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং মোড়ে মোড়ে পুলিশ মোতায়ন রয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।