খুঁজুন
সোমবার, ৯ মার্চ, ২০২৬, ২৪ ফাল্গুন, ১৪৩২

জন্ম নিবন্ধন কি চেয়ারম্যানের ইচ্ছাধীন, লস্করদিয়া ইউনিয়নে নাগরিক সেবার লজ্জাজনক চিত্র!

সাইফুল্লাহ আল নাসিম
প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম
জন্ম নিবন্ধন কি চেয়ারম্যানের ইচ্ছাধীন, লস্করদিয়া ইউনিয়নে নাগরিক সেবার লজ্জাজনক চিত্র!

সোমবার ফরিদপুরের নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম জন্ম নিবন্ধন সংক্রান্ত একটি সাধারণ কাজের জন্য। আবেদনটি আগেই অনলাইনে সম্পন্ন করা ছিল। ইউনিয়ন পরিষদে যাওয়ার একমাত্র কারণ ছিল কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে এক ক্লিক অনুমোদন নেওয়া—যা কয়েক মিনিটেই শেষ হওয়ার কথা।

কিন্তু সেখানে গিয়ে জানানো হয়, জন্ম নিবন্ধনের কাজ আজ সারাদিন বন্ধ। কারণ? ইউনিয়ন পরিষদের ওয়েব পোর্টালে লগইনের জন্য যে OTP প্রয়োজন, সেটি চেয়ারম্যান “দিতে পারবেন না”। এমনকি OTP-এর জন্য তাঁকে ফোন দেওয়াও নিষেধ করা হয়েছে। কোনো নোটিশ নেই, নেই কোনো লিখিত ব্যাখ্যা, নেই কোনো বিকল্প ব্যবস্থা।
প্রশ্ন হচ্ছে—জন্ম নিবন্ধন কি কোনো ব্যক্তির ইচ্ছাধীন বিষয়? রাষ্ট্রীয় একটি নাগরিক সেবা কি এভাবে একক সিদ্ধান্তে বন্ধ রাখা যায়?

সমস্যা যদি সার্ভারজনিত হতো, তাহলে সেটি সহজেই মেনে নেওয়া যেত। কিন্তু বাস্তবতা হলো—সিস্টেম সচল ছিল। কাজ বন্ধ ছিল কেবল প্রশাসনিক গাফিলতি ও দায়িত্বহীনতার কারণে।

সমাধানের আশায় সংশ্লিষ্ট চেয়ারম্যানকে একাধিকবার ফোন করা হয়। ভেবেছিলাম, তিনি ব্যস্ত আছেন। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো সাড়া মেলেনি। ফোন ধরেননি, কোনো ব্যাখ্যাও দেননি।

এতে স্বাভাবিকভাবেই কিছু গুরুতর প্রশ্ন সামনে আসে—
কোন আইনে বা কোন ক্ষমতায় কোনো ইউনিয়ন পরিষদ নাগরিক সেবা বন্ধ রাখে?
একজন জনপ্রতিনিধির অনুপস্থিতির কারণে রাষ্ট্রীয় সেবা কেন থেমে যাবে?

নাগরিক হয়রানির দায় কার?
এই অব্যবস্থাপনার জবাব কে দেবে?
দুঃখজনক বাস্তবতা হলো—এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই।
কেবল নীরবতা, অবহেলা এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা।

জন্ম নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার। এটি শিক্ষা, চিকিৎসা, ভোটাধিকারসহ বহু নাগরিক সেবার ভিত্তি। সেই সেবাকে ইচ্ছামতো বন্ধ রেখে সাধারণ মানুষকে দিনের পর দিন ইউনিয়ন পরিষদের চক্কর কাটতে বাধ্য করা—এটি কেবল অদক্ষতা নয়, এটি সরাসরি নাগরিক অধিকারের লঙ্ঘন।
আমরা কেউ দয়া চাইতে যাইনি।
আমরা রাষ্ট্রের কাছে আমাদের ন্যায্য অধিকার চাইতে গিয়েছিলাম।

এই লেখার মাধ্যমে লস্করদিয়া ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন সেবায় চলমান অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও নাগরিক হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা দাবি করছি।
— একজন ভুক্তভোগী নাগরিক

 

ফরিদপুর প্রতিদিনের সম্পাদকীয় নোট:

লস্করদিয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন সংক্রান্ত এই অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। জন্ম নিবন্ধন একটি সাংবিধানিক ও রাষ্ট্রীয় নাগরিক সেবা—যা কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভরশীল হতে পারে না।

একজন চেয়ারম্যান OTP “দিতে পারবেন না”—এই অজুহাতে পুরো দিন নাগরিক সেবা বন্ধ রাখা আইন, প্রশাসনিক বিধি ও সুশাসনের চরম লঙ্ঘন। জনপ্রতিনিধির অনুপস্থিতি বা অনাগ্রহ কোনোভাবেই নাগরিক সেবা স্থগিতের বৈধ কারণ হতে পারে না।

এই ঘটনায় স্থানীয় সরকার বিভাগ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখা উচিত। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ পর্যায়ে জন্ম নিবন্ধনসহ ডিজিটাল সেবা কার্যক্রমে কেন বিকল্প দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা স্বচ্ছ প্রক্রিয়া নেই—সে প্রশ্নেরও জবাব দিতে হবে।
নাগরিক সেবা কোনো অনুগ্রহ নয়। এটি রাষ্ট্রের বাধ্যবাধকতা।

এই ধরনের দায়িত্বহীনতা ও প্রশাসনিক অবহেলা চলতে থাকলে সাধারণ মানুষের আস্থা স্থানীয় সরকার ব্যবস্থার ওপর মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে—যার দায় এড়ানোর সুযোগ কারও নেই।

 

পাঠকের লেখা

ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতালের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের ইফতার ও দোয়া মাহফিল

সোহাগ মাতুব্বর, ভাঙ্গা:
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:২৫ পিএম
ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতালের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের ইফতার ও দোয়া মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাসপাতালের চেয়ারম্যান সহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, মানবসেবার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে স্বাস্থ্যসেবা। দক্ষ ও মানবিক মনোভাবসম্পন্ন সেবাকর্মী তৈরি করতে প্রশিক্ষণের পাশাপাশি নৈতিক ও সামাজিক মূল্যবোধের চর্চাও প্রয়োজন। তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে ভবিষ্যতে মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।

ইফতার মাহফিলে হাইলাইট চক্ষু হাসপাতাল কেয়ারগিভিং সেন্টারের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে রমজানের তাৎপর্য, সংযম ও মানবিকতার শিক্ষা নিয়ে বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং হাসপাতালের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বিশ্বব্যাপী মুসলমানদের কল্যাণ এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। একই সঙ্গে রমজানের পবিত্রতা ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে নতুন করে অনুপ্রাণিত হতে সহায়তা করে।

সর্বশেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে।

‘দৃষ্টির চশমা’

গোলাম কিবরিয়া
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৬:১২ পিএম
‘দৃষ্টির চশমা’

নিশুতি রাত, থমথমে ভাব, পুকুর ঘাটের পাড়ে,
দুইটি মানুষ বসলো এসে খুব সাবধানে আড়ে।
এক পাড়ে এক পাকা চোর, অন্য পাড়ে মুমিন,
দুজনারই ব্যস্ততা আজ বেড়েছে অন্তহীন।

​চোর বেচারা হাত ধুয়ে নেয়, পোটলাটি তার পাশে,
ওপার পানে তাকিয়ে সে মুচকি মনে হাসে।
ভাবছে, “আহা! ওই বেটা তো মস্ত বড় চোর,
নিশ্চয় সেও সিঁধ কেটেছে ওস্তাদ বড় জোর!”

​মনেহয় সে কোনো বাড়ির সিন্দুক করেছে ফাঁকা,
আমার চেয়েও বেশি হয়তো মাল রয়েছে রাখা!
বড্ড সেয়ানা চোর তো ওটা, বসলো জলের ধারে,
কাজ সেরে আজ ফুরফুরে সে, শান্তি খোঁজে পাড়ে।

​ওপার পাড়ে ধার্মিক জন করছে ওযু ধীর,
ভাবছে, “আহা! ওই পাড়ে কে? বড্ড খোদাভীর!
আমার চেয়েও মস্ত বড় বুজুর্গ এক পীর,
ইবাদতে মত্ত হতে তাই তো হলেন স্থির।”

​তাহাজ্জুদের এই বেলাতে আমার সাথে জাগে,
খোদার প্রেমে মশগুল সে, মরণ কিসের আগে?
আহা! কপাল আমার ভালো, এমন সাথী পেলাম,
দূর থেকেই সেই বুজুর্গে জানাই হাজার সালাম!

লেখক: সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান,
বরগুনা সরকারি কলেজ

ফরিদপুরে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৫:৪২ পিএম
ফরিদপুরে ঈদের প্রধান জামাত কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৮ টায়

পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উদযাপনকে সামনে রেখে ফরিদপুর জেলায় সার্বিক প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন। সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুস্মিতা সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পালসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

সভায় আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ফরিদপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল ৮টায় জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে জেলার বিভিন্ন মসজিদে ঈদের জামাত আয়োজনের ব্যবস্থা রাখা হবে।

এছাড়া ঈদ উপলক্ষে অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে ঈদকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানানো হয়। বিশেষ করে ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

সভায় আরও সিদ্ধান্ত হয় যে, ঈদ যাত্রাকে স্বস্তিদায়ক করতে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানো হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা সভায় বলেন, ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই এই উৎসবকে ঘিরে মানুষের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

সভায় আরও জানানো হয়, ঈদের সময় হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগসহ জরুরি সেবাগুলো চালু রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন।