‘আমি সুস্থ আছি’ ‘গুজবে কান দেবেন না’, কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হাসান
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মো. রাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় বিভ্রান্তি ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিহত ব্যক্তি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর পেজ ‘ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডি’-র অভিনেতা ও পরিচালক রাকিব হাসান বলে গুঞ্জন উঠলেও বিষয়টি সঠিক নয়।
রোববার (১৫ মার্চ) রাতে ফেসবুক লাইভে এসে নিজেই সুস্থ থাকার কথা নিশ্চিত করেছেন রাকিব হাসান।
রোববার (১৫ মার্চ) রাত ১১টার পর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়, আলহামদুলিল্লাহ, রাকিব ভাই সুস্থ আছেন। গুজবে কেউ কান দেবেন না। যারা এই ভুয়া খবর শোনার পর দুশ্চিন্তা থেকে ফোন বা মেসেজ দিচ্ছেন, তাদের জানাচ্ছি—আপনাদের ভালোবাসার মানুষটি ভালো আছেন। একই সঙ্গে সবাইকে তাৎক্ষণিক উত্তর দিতে না পারায় দুঃখ প্রকাশ করা হয় ওই পোস্টে।
পরে ফেসবুক লাইভে এসে অভিনেতা রাকিব হাসান বলেন, এটি আসলে একটি ভুল সংবাদ। কীভাবে এই খবর ছড়িয়েছে তা আমরা জানি না। অনেকে ফোন করেছেন কিন্তু সবার ফোনে সাড়া দিতে পারিনি, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমি সুস্থ আছি। সবাই দোয়া করবেন।
এর আগে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোহাম্মদ রাকিব (২৫) এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে, কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত রাকিব ভোলা সদর উপজেলার চৌমুহনী গ্রামের তারিকুল ইসলাম খোকনের ছেলে। তিনি বোরহানউদ্দিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের কর্মচারী। রাকিবের পরিবার রাজধানীর নিমতলীর নাজিমুদ্দিন রোড এলাকায় থাকে। পড়াশোনার পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরির কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত সোয়া নয়টার দিকে বন্ধুদের সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারের সিঁড়িতে আড্ডা দিচ্ছিলেন রাকিব। এ সময় তিন-চারজন যুবক এসে তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং মাথায় গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বন্ধুরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও রাকিবের বন্ধু আলামিন বলেন, আমরা একসঙ্গে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ কয়েকজন যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই রাকিবকে ছুরিকাঘাত ও গুলি করে পালিয়ে যায়। কেন বা কারা এই হামলা করেছে, তা আমরা বুঝতে পারছি না।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মিঠু ফকির বলেন, গুরুতর আহত অবস্থায় রাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন
Array