খুঁজুন
, ,

‘উপলব্ধি’

মোহাম্মদ নূরুল্লাহ্
প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ
‘উপলব্ধি’

তত্ত্বের ভারে শিক্ষা যে দিগ্বিদিক।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক পাচ্ছেনা সঠিক দিক।

চুয়ান্ন বছর ধরে কতো কী যে হলো!
শতকোটি, হাজারকোটি টাকার
কেবল লোপাট হলো।

তথাকথিত এ শিক্ষার ফল।
কী পেলাম কেউ এসে
বুঝিয়ে আমায় বল।

রাষ্ট্র যেখানে শিক্ষকদের করে কথায় কথায় অপমান।
এই যে কয়দিন আগে দেখলাম
কোনো এক অনুষ্ঠান।

পাতি নেতারা চেয়ারে বসে
ভিসি এবং অধ্যক্ষ রয়েছেন দাঁড়িয়ে সটান।
সমাজে এই হলো বর্তমানে শিক্ষকদের অবস্থান।

শিক্ষকদের যদি দেন যথার্থ সম্মান
স্বয়ং রাষ্ট্রপ্রধান;
তবেই হারানো ঐতিহ্য ফিরে পাবে এই দেশ ,
শিক্ষকগণ ফিরে পাবেন তাঁদের যথার্থ মান।

অভুক্ত রেখে শিক্ষকদের যতোই দাও
প্রশিক্ষণ,
তাতে হিতে বিপরীত হয়ে ;
হয়ে যাবে সব বুমেরাং।

বছরের পর বছর ধরে মিথ্যে আশ্বাসের
আর নয় কোনো আস্ফালন।

তথাকথিত আভিজাত্যের ক্যাডার
আমলা সেজে কামলা করে
দেশটাকে করে ফেলছে জাহান্নাম।

তাইতো আজ ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়ে হতে চায় কেবল ক্যাডার প্রশাসন!

এ জাতির দুর্ভাগ্য যে
অচিরেই হতে যাচ্ছে —
দেশটা এক মহাশ্মশান।

লেখক: সহযোগী অধ্যাপক, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ফরিদপুর।

প্লাস্টিকমুক্ত শহর গড়ার আহ্বানে ফরিদপুরে মানববন্ধন, পাটপণ্যের ব্যবহার বাড়াতে জোর দাবি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
প্লাস্টিকমুক্ত শহর গড়ার আহ্বানে ফরিদপুরে মানববন্ধন, পাটপণ্যের ব্যবহার বাড়াতে জোর দাবি

পরিবেশ দূষণ রোধে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের নেতারা। একই সঙ্গে প্লাস্টিকমুক্ত, পরিচ্ছন্ন ও টেকসই শহর গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুর এবং পরিবেশ উন্নয়ন ফোরাম-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন শহর গড়ি।”

সমকাল সুহৃদ সমাবেশ, ফরিদপুরের সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।

এ সময় বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত সিং এবং পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, রেহেনা প্রিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম।

বক্তারা বলেন, প্লাস্টিক বর্তমানে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য অন্যতম বড় হুমকি। অপরিকল্পিতভাবে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হচ্ছে, জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, নদ-নদী ও খাল-বিল দূষিত হচ্ছে এবং কৃষিজমির উর্বরতা কমে যাচ্ছে। প্লাস্টিকের ক্ষুদ্র কণা (মাইক্রোপ্লাস্টিক) খাদ্যচক্রে প্রবেশ করে মানুষের স্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্যও দীর্ঘমেয়াদি ঝুঁকি তৈরি করছে।

তারা বলেন, বাংলাদেশ পাট উৎপাদনে বিশ্বে অন্যতম শীর্ষস্থানীয় দেশ। পরিবেশবান্ধব ও জৈবভাবে পচনশীল পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানো গেলে একদিকে যেমন পরিবেশ রক্ষা সম্ভব হবে, অন্যদিকে দেশের কৃষক ও পাটশিল্পও নতুন গতি পাবে। এজন্য পাটজাত ব্যাগ, মোড়ক, গৃহস্থালি সামগ্রী ও অন্যান্য বিকল্প পণ্যের উৎপাদন, বাজারজাতকরণ এবং ব্যবহারে সরকারি প্রণোদনা ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা ধাপে ধাপে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার সীমিত করার পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে প্রয়োজনীয় নীতিমালা বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে পরিবেশ সংরক্ষণে ব্যাপক জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠনের সদস্যসহ সচেতন নাগরিকরা অংশ নেন।

ফরিদপুরে বিদেশি ওয়ান শুটারসহ অস্ত্রধারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৭:২৮ পূর্বাহ্ণ
ফরিদপুরে বিদেশি ওয়ান শুটারসহ অস্ত্রধারী গ্রেপ্তার

ফরিদপুর শহরের গুহলক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গানসহ মো. শাহিন মোল্লা (৩৩) নামে এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। র‌্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে তার নিজ বসতবাড়ির শয়নকক্ষ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ৪টার দিকে শহরের গুহলক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ীর লাশকাটা ঘর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১০। এ সময় শাহিন মোল্লার বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাহিন মোল্লা গুহলক্ষীপুর এলাকার ২ নম্বর কুটিবাড়ী এলাকার মো. তারা মোল্লা ছেলে। র‌্যাব জানিয়েছে, শাহিনের বিরুদ্ধে এর আগে মাদক ও চুরির অভিযোগে মোট তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে, এর উৎস কোথায় এবং এটি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়েছে কি না—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার এবং একজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রের উৎস শনাক্ত এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে।”

তিনি আরও বলেন, “অপরাধ দমনে র‌্যাব সবসময়ই জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।”

ফরিদপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

মো. ইকবাল হোসেন, আলফাডাঙ্গা:
প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
ফরিদপুরে ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে সুমাইয়া শিমু (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, সুমাইয়াকে পরিকল্পিতভাবে হত্যা করে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে স্বামীর পরিবার এটিকে আত্মহত্যা বলে দাবি করেছে।

শনিবার (০১ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যার আগে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আলফাডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত সুমাইয়া শিমু শৈলমারী গ্রামের মোস্তফা শেখের মেয়ে এবং একই গ্রামের কাঠমিস্ত্রি জসিম কাজীর স্ত্রী। তাদের সাত বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আট বছর আগে প্রেমের সম্পর্কের জেরে জসিম কাজী ও সুমাইয়া পালিয়ে বিয়ে করেন। সে সময় সুমাইয়ার পরিবার অপহরণের অভিযোগে মামলা করলেও প্রায় দুই বছর আগে উভয় পরিবার তাদের সংসার মেনে নেয়। তবে স্বামীর নেশা করা, অনিয়মিত কাজ করা এবং সংসারে আর্থিক টানাপোড়েন নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ লেগে থাকত।

নিহতের পরিবারের অভিযোগ, শুক্রবার প্রতিবেশীর একটি অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। দুপুরে সুমাইয়া তার ছেলে মাহিরকে বড় বোনের বাড়িতে পাঠিয়ে দেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বড় বোন শাহিনুর জসিমকে ফোন করলে তিনি খারাপ আচরণ করেন এবং সুমাইয়াকে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ করেন। সন্ধ্যার আগে জসিম নিজেই ফোন করে জানান, সুমাইয়া আত্মহত্যা করেছেন।

সুমাইয়ার বোন শাহিনুর ও সুরাইয়া দাবি করেন, ঘটনাস্থলে গিয়ে তারা দেখেন মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলছে। তাদের ভাষ্য, ঘরের আড়ার উচ্চতা বিবেচনায় সুমাইয়ার পক্ষে ওইভাবে ফাঁস নেওয়া সম্ভব নয়। এছাড়া ঘটনার পর জসিম ঘর তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যান বলেও অভিযোগ করেন তারা।

অন্যদিকে জসিমের মা ছিয়ারন বেগম বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে শুনেছি আমার ছেলের স্ত্রী গলায় ফাঁস দিয়েছে। আমার ছেলে এমন কাজ করতে পারে না, সে নির্দোষ।”

আলফাডাঙ্গা থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আল-আমিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অভিযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে তিনি জানান।