খুঁজুন
, ,

ইরানে হামলা ২ সপ্তাহ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ণ
ইরানে হামলা ২ সপ্তাহ স্থগিতের ঘোষণা ট্রাম্পের

দুই সপ্তাহের জন্য ইরানে হামলা ও বোমাবর্ষণের হুমকি স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছি।’

ট্রাম্প জানান, ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সম্মত হতে হবে— এমন শর্তে তিনি এই যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে, যেখানে তারা অনুরোধ করেছিলেন যেন আমি আজ রাতে ইরানে ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ থেকে বিরত থাকি; এবং ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণ, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে সম্মত হয়—তবে আমি দুই সপ্তাহের জন্য ইরানে বোমাবর্ষণ এবং হামলা স্থগিত রাখতে রাজি হয়েছি।’

‘এটি হবে একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি!’ উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট লিখেন, এই সিদ্ধান্তের কারণ হলো, আমরা ইতোমধ্যেই আমাদের সমস্ত সামরিক লক্ষ্য অর্জন করেছি এবং তা অতিক্রম করে গিয়েছি। ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একটি চূড়ান্ত চুক্তির ক্ষেত্রে আমরা অনেক দূর এগিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ইরানের কাছ থেকে একটি ১০ দফার প্রস্তাব পেয়েছি এবং আমরা মনে করি— এটি আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি।’

তার বক্তব্য অব্যাহত রেখে তিনি বলেন, ‘অতীতের প্রায় সবকটি বিরোধ মীমাংসায় যুক্তরাষ্ট্র ও ইরান একমত হয়েছে, তবে দুই সপ্তাহের এই সময়কাল চুক্তিটি চূড়ান্ত ও সম্পন্ন করতে সাহায্য করবে।’

‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিনিধি হিসেবে, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের কাছাকাছি পৌঁছানো আমার জন্য অত্যন্ত সম্মানের,’ বলেন ট্রাম্প।

 

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

চলতি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে ভিন্ন জার্সিতে খেলার অনুমতি চেয়েছিল আর্জেন্টিনা। ওই ম্যাচে নীল জার্সিতে খেলেছিল তারা, যেই জার্সি এই আসরে তারা এর আগে পরেছিল জর্ডানের বিপক্ষে। এই দুই ম্যাচে তারা অ্যাওয়ে জার্সি পরলেও ফাইনালে হোম জার্সি পরেই খেলবে।

নিশ্চিত হওয়া গেছে যে, বিশ্বকাপের অধিকাংশ ম্যাচে তারা যে হোম কিট ব্যবহার করেছিল, ফাইনালেও সেটিই পরবে। বিশ্বচ্যাম্পিয়নরা স্পেনের বিপক্ষে যে কিটটি পরবে, এই বিশ্বকাপে কেবল তিনটি ম্যাচে তার পরিবর্তন এনেছিল। গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচের একটিতে অস্ট্রিয়ার বিপক্ষে নীল মোজা এবং জর্ডানের বিপক্ষে বিকল্প (অ্যাওয়ে) কিট পরেছিল। সাম্প্রতিক সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষেও তারা বিকল্প কিট পরে মাঠে নেমেছিল।

এই বিশ্বকাপে আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর এবং সুইজারল্যান্ডের বিপক্ষে বাকি ম্যাচগুলোতে আর্জেন্টিনা তাদের হোম জার্সি এবং সাদা রঙের শর্টস ও মোজা ব্যবহার করেছিল। ঠিক এই কিটেই তারা মেটলাইফ স্টেডিয়ামের মাঠে নামবে।

এদিকে, আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ সম্পূর্ণ সবুজ রঙের কিট পরবেন। যেটা তিনি ২০২২ কাতার বিশ্বকাপের বেশিরভাগ সময় এবং ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পরেছিলেন। যদিও সেবারের জার্সিটি ভিন্ন ছিল। তবে গত বিশ্বকাপে নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও আর্জেন্টিনা সাদা শর্টস ও মোজা পরেছিল।

অন্যদিকে, সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারানোর ম্যাচে বিকল্প কিট ব্যবহার করা স্পেন এবার আর্জেন্টিনার বিপক্ষে তাদের হোম কিটে ফিরবে। নীল হাতা ও হলুদ নকশায় সম্পূর্ণ লাল রঙের জার্সি।

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ণ
রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

বাঙালি ভাত অন্ত প্রাণ জাতি। সারাদিন কাজ শেষে রাতে এক থালা গরম ভাত না খেলে যেন অনেকের দু’চোখে ঘুম আসতে চায় না। তবে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার প্রভাবে একদল মানুষ রাতে ভাত খাওয়ার অভ্যাসকে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলে দাবি করছেন।

এই দ্বন্দ্বে অনেকেই দোটানায় পড়ে রাতের খাবারের তালিকা থেকে প্রিয় ভাত বাদ দিচ্ছেন। তবে সত্যিই কি রাতে ভাত খাওয়া শরীরের জন্য ক্ষতিকর? এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কলকাতা শহরের বিশিষ্ট পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদার।

ভাতেও রয়েছে প্রয়োজনীয় পুষ্টিগুণ

ভাত মানেই কেবল কার্বোহাইড্রেট নয়। শরীরের প্রয়োজনীয় শক্তির জোগান দেওয়ার পাশাপাশি ভাতে রয়েছে একাধিক জরুরি ভিটামিন ও খনিজ। পুষ্টিবিদ মীনাক্ষী মজুমদারের মতে, ভাতে থাকা কার্বোহাইড্রেট শরীরে শক্তির ঘাটতি দূর করে আমাদের সতেজ রাখতে সাহায্য করে। এ ছাড়া ভাতে থাকে:

আয়রন

ভিটামিন বি৬

ম্যাগনেশিয়াম

পটাশিয়াম

রাতে ভাত খাওয়া কি নিরাপদ?

অনেকের ধারণা, রাতে ভাত খেলে মেদ বাড়ে বা বদহজম হয়। কিন্তু পুষ্টিবিদ বলছেন ভিন্ন কথা। তার মতে, রাতে অনায়াসেই ভাত খাওয়া যায়। ভাত একটি সহজপাচ্য খাবার, যা পেটের সমস্যা হওয়ার ঝুঁকি কমায়। এ ছাড়া ভাতের একটি বিশেষ গুণ হলো, এটি রাতে ভালো ঘুম হতে সাহায্য করে। তাই অহেতুক ভয় না পেয়ে যারা রাতে ভাত খেতে পছন্দ করেন, তারা নিশ্চিন্তে এটি গ্রহণ করতে পারেন।

পরিমাণ কতটুকু হওয়া উচিত?

ভাত খাওয়ার ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হলো এর পরিমাণ। একজন সুস্থ মানুষ যার উচ্চতা মোটামুটি ৫ ফুট ৭ ইঞ্চি, তিনি দিনে প্রায় ১৫০ গ্রাম চালের ভাত খেতে পারেন। এক্ষেত্রে দুপুরে ৭৫ গ্রাম এবং রাতে ৭৫ গ্রাম চালের ভাত রাখা যেতে পারে। তবে মনে রাখতে হবে, প্রত্যেকের উচ্চতা ও ওজন অনুযায়ী ক্যালোরির চাহিদা ভিন্ন হয়, তাই সঠিক পরিমাপ নির্ধারণে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

ডায়বেটিস ও ভাতের সম্পর্ক

ডায়বেটিস থাকলে অনেকেই রাতে ভাত খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন। তবে পুষ্টিবিদ জানাচ্ছেন, সঠিক নিয়ম মেনে ডায়বেটিস রোগীরাও নিয়মিত ভাত খেতে পারেন। এক্ষেত্রে ভাতের পরিমাপ পুষ্টিবিদের কাছ থেকে জেনে নেওয়া জরুরি, যাতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।

ভাত বনাম রুটি: কোনটি সেরা?

অনেকে ওজন কমাতে ভাতের বদলে রুটি বেছে নেন। মজার বিষয় হলো, ভাত এবং রুটির ক্যালোরি ভ্যালু প্রায় সমান। রুটিতে ভাতের তুলনায় ফাইবার বেশি থাকে যা সুগার নিয়ন্ত্রণে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে। কিন্তু রুটি অনেকেরই সহ্য হয় না এবং পেটের সমস্যা তৈরি করে। সেক্ষেত্রে পুষ্টিবিদের পরামর্শ হলো, রুটি বা ভাতের মধ্যে অহেতুক তুলনা না করে নিজের শরীরে যা সহ্য হয় এবং পছন্দের খাবারটিই খাওয়া ভালো।

তথ্যসূত্র: এই সময়

‘সংসদ আর রাবারস্ট্যাম্প নয়, এখন গণতন্ত্রের প্রাণকেন্দ্র’— ডেপুটি স্পিকার

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
‘সংসদ আর রাবারস্ট্যাম্প নয়, এখন গণতন্ত্রের প্রাণকেন্দ্র’— ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি বলেছেন, “দীর্ঘদিন জাতীয় সংসদ জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব করেনি। একসময় সংসদকে ‘রাবারস্ট্যাম্প’ বা ‘মাস্টার ভয়েস’ হিসেবে পরিচালিত করা হয়েছে। কিন্তু এখন জাতীয় সংসদ গণতন্ত্র চর্চার কার্যকর মঞ্চে পরিণত হয়েছে। সরকারি দল ও বিরোধী দল নিজ নিজ বক্তব্য স্বাধীনভাবে উপস্থাপন করতে পারছে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে দিকনির্দেশনা দিচ্ছে।”

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাওতিকান্দা গ্রামে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “স্বাধীনতার পর বিশেষ করে ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থানের পর যে নতুন জাতীয় সংসদ নির্বাচিত হয়েছে, সেই সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক। আমরাও সেই প্রত্যাশার গুরুত্ব উপলব্ধি করি। এই সংসদ বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।”

তিনি আরও বলেন, “যে ত্যাগ ও আত্মদানের বিনিময়ে দেশে নতুন করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলের নেতার সহযোগিতায় আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে সংসদকে আরও কার্যকর করতে কাজ করছি। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন ঘটানোর লক্ষ্যেই সংসদ পরিচালিত হচ্ছে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়াম, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজোয়ান দিপু, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, শহিদুল ইসলাম মিরু মুন্সী, জাহাঙ্গীর মাতুব্বর, অ্যাডভোকেট জহুরুল হক মিঠু, মোসারেফ হোসেন, আলমগীর মাতুব্বরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।