খুঁজুন
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪ ফাল্গুন, ১৪৩২

ভাঙ্গায় ডাকাতের কবলে দুই কলেজ শিক্ষার্থী, ৯৯৯ কলে উদ্ধার

আব্দুল মান্নান, ভাঙ্গা:
প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৩০ এএম
ভাঙ্গায় ডাকাতের কবলে দুই কলেজ শিক্ষার্থী, ৯৯৯ কলে উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গায় গভীর রাতে বেড়াতে এসে ডাকাতের কবলে পড়ে টাকা, মোবাইল, মোটরসাইকেল খুইয়েছে দুই কলেজ শিক্ষার্থী।

শনিবার (২১ জুন) দিবাগত রাতে উপজেলার তারাইল- চন্দ্রপাড়া ফিডার সড়কে ভাঙ্গা উপজেলার চান্দা ইউনিয়নের নয়াকান্দা এলাকায় তারা ডাকাতের কবলে পড়ে। এ সময় ডাকাতরা অস্ত্রের মুখে শিক্ষার্থীদের জিম্মি করে কলাবাগানে আটকে রেখে নগদ টাকা, মোবাইল ও মোটরসাইকেল লুট করে নেয়।

তারা ঢাকা মোহাম্মদপুর মডেল কলেজের দুই শিক্ষার্থী মেহেদী হাসান (২০) ও মোহাম্মদ সাগর( ২০)। ঢাকা মোহাম্মদপুরে ভাড়া থাকেন।

হাসান ফেনী জেলা সদরের মধুপুর গ্রামের সিরাজ মিয়ার পুত্র ও সাগর শরীয়তপুর জেলার সখিপুর থানার মাদবরকান্দী গ্রামের মজিবর রহমান ফকিরের পুত্র । এ ঘটনায় কলেজ শিক্ষার্থী হাসান বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এক ডাকাতকে আটক করেছে।

এ বিষয় ডাকাতি মামলার বাদি কলেজ শিক্ষার্থী হাসান জানান, ঢাকা থেকে আমরা দুই বন্ধু ফরিদপুরের চন্দ্রপাড়া আবির নামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে রওনা দেই। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার তারাইল- চন্দ্রপাড়া ফিডার সড়কে আমরা ডাকাতের কবলে পড়ি। আমাদের সাথে থাকা নগদ টাকা, মোবাইল, মোটরসাইকেল ছিনিয়ে নেয়। তারপর আমাদের দুইজনকে জিম্মি করে চোখ বেঁধে একটি কলা বাগানে আটকে রাখে। এরপর ডাকাতরা আমাদের পরিবারের কাছে ফোন দিয়ে আরো ১ লাখ ৪ হাজার টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। পরে ভোরে আমরা কৌশলে পালিয়ে রাস্তায় উঠে ৯৯৯ কল দিয়ে পুলিশের সহযোগিতা চাই। পরে ভাঙ্গা থানা পুলিশ আমাদেরকে উদ্ধার করে। এঘটনায় আমি ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, দুই কলেজ শিক্ষার্থী ঘুরতে এসে ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা তাদেরকে জিম্মি করে নগদ টাকা, মোবাইল মোটরসাইকেল লুট করে দিয়ে যায়। পরে তারা ৯৯৯ কল দিলে ভোররাতে আমি ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করি। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে এবং এঘটনায় ওই এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছি।

ভাঙ্গায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও ফেসবুকে ভাইরাল

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৭ এএম
ভাঙ্গায় আ’লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের ভিডিও ফেসবুকে ভাইরাল

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার(২৬ ফ্রেব্রয়ারী) রাত ১০টার দিকে ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। এর আগে একইদিন রাতে ভাঙ্গা পৌরসভার সামনে বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এঘটনা ঘটে।

চব্বিশের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ আগস্ট ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর করা হয়। তখন থেকে কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় আছে। ওই অবস্থায় সেখানে বৃহস্পতিবার রাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি একাই সেখানে উপস্থিত হন। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন এবং নিজেই পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতের উদ্যোগে এ পতাকা টাঙানো হচ্ছে।

এ ছাড়া ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের নির্দেশে এ কর্মসূচি পালিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। পতাকা উত্তোলনের সময় তিনি ‘নিক্সন চৌধুরী আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা’ প্রভৃতি স্লোগান দেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আলীম বলেন, ‘আমরা সারা দিন-রাত টহল দিয়েছি। এ ধরনের কোনো ঘটনা আমাদের চোখে পড়েনি। কিংবা কেউ অভিযোগও দেয়নি। কেউ যদি রাতের অন্ধকারে চোরাগোপ্তা হামলার মতো একটি পতাকা টাঙিয়ে ভিডিও করে আবার পালিয়ে যায়, সে ক্ষেত্রে আমাদের করার কী থাকে?

এ বিষয়ে ভাঙ্গা উপজেলার প্রধান সমন্বয়ক আশরাফ শেখ বলেন, রাত ২টা থেকে ৪টার মধ্যে হবে ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয় জনৈক ব্যাক্তি জাতীয় পতাকা উত্তোলন করেছে তার একটি ভিডিও দেখলাম।

তিনি বলেন, তারা রাতের বেলায় পতাকা টানিয়ে পালিয়ে গেছে, কেউ দেখেনি। তবে দিনের বেলায় কেউ সাহস পাবে না। আমরা ছাত্র জনতা আন্দোলন করেছি। আবার ছাত্র জনতাকে নিয়ে প্রতিহত করব। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রম ভাঙ্গায় করতে দেওয়া হবে না।

আজ ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৩ এএম
আজ ফরিদপুরে আসছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ফরিদপুর জেলায় সরকারি সফরে আসছেন। তার এই সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সরকারি সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টায় ঢাকার বনানীতে অবস্থিত নিজ বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন প্রতিমন্ত্রী। বিকাল ৩টার দিকে তিনি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে পৌঁছাবেন। এসময় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হবে।

এরপর বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত সালথা উপজেলার বল্লবদী ইউনিয়নে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ইফতার মাহফিলে সরকারের উন্নয়ন কার্যক্রম ও স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।

সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৮টা ১৫ মিনিটে বনানীতে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

এটি একটি সরকারি সফর হওয়ায় প্রতিমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা (গানম্যান) জাকির হোসেন উপস্থিত থাকবেন।

সফরকে ঘিরে ইতোমধ্যে ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ সুপার কার্যালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজনীয় নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেছে। প্রতিমন্ত্রীর এই সফর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কৃষিজমির মাটি বিক্রি, নগরকান্দায় জরিমানা গুনলেন ব্যবসায়ী

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ এএম
কৃষিজমির মাটি বিক্রি, নগরকান্দায় জরিমানা গুনলেন ব্যবসায়ী

ফরিদপুরের নগরকান্দায় ফসলি জমি থেকে ভেকু মেশিন (খননযন্ত্র) দিয়ে মাটি কেটে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালমা ইউনিয়নের সন্তোষী গ্রামে প্রকাশ্যে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করার সময় অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, সন্তোষী গ্রামের মাঠে ফসলি জমির মাটি কেটে বিক্রি করে আসছিলেন মো. জাকির হোসেন নামে এক মাটি ব্যবসায়ী। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম অভিযান পরিচালনা করেন। এ সময় মাটি কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, কোথাও অবৈধভাবে মাটি কাটার খবর পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে। ফসলি জমি রক্ষায় প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।