খুঁজুন
, ,

“ঘুম”

মাহমুদুল হাসান
প্রকাশিত: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৮:২৫ অপরাহ্ণ
“ঘুম”

ঘুম—সে কি কেবল জৈবিক নিঃশেষে এক নিথরতা? নাকি সময়ের অদৃশ্য ভারে গঠিত কোনো আধ্যাত্মিক বিন্দু, যার প্রতিটি নক্ষত্রজালেই ঘুমিয়ে থাকে একটি বিলুপ্ত আলো?
আমি জানি না। বরং জানি—ঘুম আসলে অনস্তিত্বের সীমানায় একটি নরম ছায়া, যাকে ধরা যায় না, ছুঁয়ে ফেলা যায় না, কেবল অনুভবে তার উপস্থিতির কম্পন মাত্র।

ঘুম কখনো আত্মার প্রান্তে অপেক্ষমাণ এক ছায়াপথ, আবার কখনো মস্তিষ্কের গহ্বর-জুড়ে এক বিপরীত সংবেদন। সে এসে চোখের পাতায় ফেলে নিরাকার শব্দের ধুলো। তখন সময়ও থেমে যায়—এক অনিয়মিত তালে, যেখানে ঘুম নিজেই নিজের সংজ্ঞা অস্বীকার করে।

ঘুম ঘুম নয়—সে এক অন্তর্বর্তী হ্রস্ব বিস্মৃতি।
সে ‘আমি’ থেকে ‘তুমি’ হয়ে যাওয়া, আবার ‘তুমি’ থেকে ‘কেউ নয়’ হয়ে পড়ার অনিবার্য অন্তর্বিপর্যয়।
সে নিদ্রা নয়, সে নিস্পন্দিত অনুপ্রাণ—এক পরাবাস্তব ঘূর্ণিপাকে অস্তিত্বের জরায়ুতে জমে ওঠা নিরুত্তর অবচেতনতা।

ঘুমের ভেতর আমি হারিয়ে ফেলি আমার ‘আমি’-কে। সেখানে আমার নাম থাকে না, মুখ থাকে না, থাকে কেবল রন্ধ্রে রন্ধ্রে রচিত অপার স্বপ্নাবিষ্টতা।
স্বপ্ন? না, স্বপ্নও নয়।
এ যেন এক বহুতল নিঃসরণ, যেখানে প্রতিটি স্তরেই চৈতন্য নিজেকে উল্টো করে তোলে, নিজের ভাষাকে ছিন্নভিন্ন করে দেয়।

একটা প্রশ্ন—ঘুম কি নিঃশেষে বিস্মৃতি?
না, সে এক পলক-দীর্ঘ মুক্তিপত্র।
যেখানে জন্ম নেয় নীরব চিৎকার, শব্দহীন গল্প, আর অজানা কোনো পুরাকথার অসমাপ্ত অনুরণন।

ঘুম মানে কেবলই চোখ বুজে থাকা নয়।
ঘুম মানে শরীর থেকে মন ছিঁড়ে ফেলা।
ঘুম মানে একটি চলমান ট্রেন, যার গন্তব্য নেই—অথচ গন্তব্যহীনতাই তার একমাত্র পরিচয়।

ঘুম কি কখনো জেগে থাকে?
হ্যাঁ—ঘুম জেগে থাকে, অনেক সময়।
যখন আমাদের চোখ বুজে, কিন্তু চিন্তা ফুঁপিয়ে কাঁদে।
যখন আমরা সুতীব্র ক্লান্তি নিয়ে বিছানায় পড়ি, কিন্তু অবচেতন চেতনায় ফিরে আসে হারিয়ে যাওয়া কোনো অনুক্ত আর্তনাদ।
তখন ঘুম আমাদের শরীরে আসে, মগজে নয়।
তখন ঘুম হয় এক নিষ্ফল অনুগ্রহ।

ঘুমের গভীরে আমি দেখি নিজেকে,
এক ফাঁকা আয়নায়, যেখানে মুখ নেই, ভাষা নেই—
শুধু অসীম সাদা কুয়াশার মধ্যে ডুবে থাকা এক বিকারগ্রস্ত সত্তা।
তুমি যদি সেখানে আমাকে চিনতে চাও—চিনতে পারবে না,
কারণ ঘুমের মাঝখানে মানুষ আর মানুষ থাকে না—থাকে কেবল অভিজ্ঞতার ছায়া, অনুভবের দংশন,
আর অনন্ত বিষণ্ন একাকীত্ব।

ঘুম হয়তো শেষ নয়, শুরুও নয়।
সে কেবলই একটি অন্তরীক্ষ—যেখানে নিজের ভেতরের আলো আর অন্ধকার একে অপরকে গ্রাস করে।

ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অধিকতর তদন্ত চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, অধিকতর তদন্ত চেয়ে আবেদন

ফরিদপুরে বিসিআইসি সার ডিলার নিয়োগের প্রাথমিক যাচাই-বাছাইয়ে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। নীতিমালার স্পষ্ট শর্ত পূরণে অক্ষম ও অযোগ্য প্রতিষ্ঠানকে খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করে শতভাগ শর্ত পূরণ করা প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। এতে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

​এই অনিয়মের প্রতিকার এবং প্রকৃত তথ্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবি জানিয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভাপতি বরাবর লিখিত আবেদন করেছেন ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের বালাইনাশক বিক্রেতা প্রতিষ্ঠান ‘মিয়া ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী কৃষিবিদ মো. মেহেদী হাসান (সোহেল মিয়া)।

​আবেদনটির অনুলিপি কৃষিমন্ত্রী, কৃষি সচিব, প্রধানমন্ত্রীর কৃষিবিষয়ক উপদেষ্টা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক, জেলা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রদান করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা গেছে, সরকার প্রণীত ‘সার ডিলার নিয়োগ নীতিমালা ২০২৬’-এ ডিলার নিয়োগের যোগ্যতা ও অযোগ্যতার বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা রয়েছে। নীতিমালার ৪.২ ধারা অনুযায়ী, কোনো খাবারের দোকান বা রেস্টুরেন্টের সাথে সারের গোডাউন সংযুক্ত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ডিলারশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। কিন্তু অভিযোগ রয়েছে, ঈশান গোপালপুর ইউনিয়নে খাবারের দোকানের সাথে গোডাউন থাকা শর্তলঙ্ঘনকারী একটি প্রতিষ্ঠানকে নীতিমালার তোয়াক্কা না করে প্রাথমিক বাছাই তালিকায় স্থান দেওয়া হয়েছে। অন্যদিকে, শতভাগ শর্ত পূরণ করা সত্ত্বেও মিয়া ট্রেডার্সকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

​আবেদনকারী কৃষিবিদ মো. মেহেদী হাসান (সোহেল মিয়া) বলেন, “নীতিমালা অমান্য করে অযোগ্য প্রতিষ্ঠানকে তালিকায় রাখা স্পষ্ট অনিয়ম। এতে কৃষক ও কৃষি বিভাগের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে। আমার প্রতিষ্ঠান সকল শর্ত পূরণ করা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে। ন্যায়বিচারের আশায় জেলা প্রশাসক স্যারের কাছে লিখিত আবেদন করেছি। আশা করি, সঠিক ও অধিকতর তদন্তের মাধ্যমে আমার প্রতিষ্ঠান যোগ্য বিবেচিত হবে এবং আমরা চূড়ান্ত ডিলারশিপ পাব।”

​এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মেশকাতুল জান্নাত রাবেয়া জানান, “আমাদের যাচাই-বাছাই কমিটির প্রতিনিধি তদন্তে যাওয়ার সময় হয়তো পাশের খাবারের দোকান বা রেস্টুরেন্টটি বন্ধ ছিল, কিংবা আবেদনকারী তথ্য গোপন করে থাকতে পারেন। জেলা কমিটি থেকে পুনরায় তদন্তের নির্দেশ দিলে আমরা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে বিষয়টি পুনঃযাচাই করে দেখব।”

​অন্যদিকে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক ও জেলা কমিটির সদস্য সচিব কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, “অভিযোগের বিষয়ে আমি এখনো বিস্তারিত অবগত নই। সদর উপজেলা কৃষি কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

​এ বিষয়ে বক্তব্যের জন্য ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা সার-বীজ মনিটরিং কমিটির সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও অফিসিয়াল কাজে স্টেশনের বাইরে থাকায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪৭ অপরাহ্ণ
ফরিদপুরে ইয়াবাসহ নারী গ্রেপ্তার, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

ফরিদপুরের চরভদ্রাসনে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০৫ পিস ইয়াবাসহ চম্পা বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। একই অভিযানে মাদক সেবনের অপরাধে মানিক মোল্যা (২৬) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ বাজার ও সদর বাজার সংলগ্ন এলাকায় পৃথক এ অভিযান চালানো হয়।

​জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সকালে পরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে চর হাজীগঞ্জ বাজার এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এসময় নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেটে রক্ষিত ১০৫ পিস ইয়াবাসহ চম্পা বেগমকে গ্রেপ্তার করা হয়।

​এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী চরভদ্রাসন থানায় মামলা দায়েরের পর আসামিকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

​অন্যদিকে, একই দিন দুপুরে উপজেলার সদর বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মানিক মোল্যাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলহাস হোসেন সৌরভ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।

​অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকমুক্ত সমাজ গঠনে জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

আব্দুল মান্নান মুন্নু, ভাঙ্গা:
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
ভাঙ্গায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক

ফরিদপুরের ভাঙ্গায় তামান্না আক্তার মৌ (২৩) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, স্ত্রীকে হত্যার পর লাশ হাসপাতালে ফেলে রেখে পালিয়ে গেছেন তার স্বামী।

​সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী এলাকায় এ ঘটনা ঘটে।

​নিহত তামান্না আক্তার মৌ নগরকান্দা উপজেলার রামেশ্বর এলাকার আতিয়ার রহমানের মেয়ে এবং ভাঙ্গা পৌরসভার চণ্ডীদাসদী এলাকার শাখাওয়াত হোসেনের স্ত্রী।

​স্থানীয় সূত্র জানায়, সকালে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় তামান্নাকে দেখতে পান তার স্বামী শাখাওয়াত। পরে দরজা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় গ্রীন প্রাইভেট হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করলে লাশ রেখেই গা ঢাকা দেন স্বামী শাখাওয়াত।

​নিহতের মায়ের দাবি, তামান্নাকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে। দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

​ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।