খুঁজুন
রবিবার, ১৪ জুন, ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আরাম না অস্বস্তি—কেন শিশুরা ঘুমে লেপ ফেলে দেয়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ণ
আরাম না অস্বস্তি—কেন শিশুরা ঘুমে লেপ ফেলে দেয়

শীতে লেপ-কম্বল মুড়ি দিয়ে আরামসে ঘুমাতে কে না ভালোবাসে। তবে অনেক সময়ই দেখা যায়, তীব্র শীতেও বাড়ির ছোট্ট সদস্যটি তার গায়ের লেপ বা কম্বল ফেলে দিচ্ছে। আপনি হয়তো বিষয়টা চোখে পড়ামাত্রই তা আবার টেনে দেন তার গায়ে। ভাবেন, তার বুঝি ঠান্ডা লাগছে। হয়তো সেই দুশ্চিন্তায় আপনি নিজেও বিশ্রাম নিয়ে শান্তি পান না। আদতে শিশুরা কেন এমন আচরণ করে? মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুবিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক ডা. তাসনুভা খান–এর সঙ্গে কথা বলে জানাচ্ছেন রাফিয়া আলম

তাপমাত্রা নিয়ন্ত্রণ

বাড়ন্ত শিশুর বিপাক হার অনেক বেশি থাকে। তাই একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির চেয়ে একটি শিশুর দেহে অনেক বেশি তাপ উৎপন্ন হয়। তাই তার গরম লাগে তুলনামূলক বেশি।

অর্থাৎ যেকোনো তাপমাত্রায় একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির যতটা গরম লাগে, একটি শিশুর গরম লাগে তার চেয়ে বেশি। যে শিশু দিনরাত ছোটাছুটি করছে, তার অল্পতে গরম লাগাও স্বাভাবিক। শীতে লেপ-কম্বল গায়ে দেওয়ার অল্প সময় পর কোনো কোনো শিশু ঘেমেও যায়।

আরও একটি বিষয় এর সঙ্গে যুক্ত। প্রাপ্তবয়স্ক ব্যক্তির শরীর পরিবেশের তাপমাত্রার পরিবর্তনকে সহজে সামলাতে পারে। শিশুর শরীর আবার সেটা পারে না। তাই যখনই তার একটু বেশি গরম লাগে, তখন সে লেপ, কম্বল বা গরম কাপড় গা থেকে ফেলে দেয়।

ঘুমের ধরন

ঘুমন্ত অবস্থায় একটা লম্বা সময় শিশুদের চোখ জোড়াও নড়াচড়া করে বেশ। ঘুমের এই ধাপকে বলা হয় র‍্যাপিড আই মুভমেন্ট স্লিপ। এ সময় শরীরের পেশিরও নড়াচড়া হয় বেশ।

এ ছাড়া শিশুরা ঘুমের সময় একটু বেশি নড়াচড়া করে। স্বাভাবিকভাবেই ওদের শরীর এই নড়াচড়াটা স্বাধীনভাবে করতে চায়। ভারী লেপ বা কম্বল গায়ের ওপর থাকলে এই নড়াচড়া বাধাগ্রস্ত হয়। তাই ভারী জিনিসটা সরিয়ে দিতে পারে সে ঘুমের ঘোরেই।

কারণ যখন কম্বলেই

শিশুর তুলনায় তার লেপ বা কম্বল অতিরিক্ত ভারী হতে পারে। কিছু কম্বলের তন্তু শিশুর সংবেদনশীল ত্বকের জন্য অস্বস্তিকর হতে পারে। এসব কারণেও শিশু তা সরিয়ে দিতে পারে।

সমাধান

শিশুকে ফুলহাতা জামা এবং ফুলপ্যান্ট বা পায়জামা পরিয়ে রাখুন রাতে। তাপমাত্রা বুঝে ফ্লানেল বা সুতি কাপড়ের পোশাক বেছে নিন। ঘুমের সময় এসব পোশাকে প্রয়োজনীয় উষ্ণতা পাবে শিশু।

খুব বেশি ঠান্ডা থাকলে ঘুমের সময়ও মাথা ঢেকে এবং মোজা পরিয়ে রাখতে পারেন। তবে শিশু এসবে অস্বস্তিবোধ করলে জোর করবেন না।

শিশুর জন্য আরামদায়ক হালকা লেপ, কম্বল বা কম্ফোর্টারের ব্যবস্থা করুন। প্রয়োজনে এসবের পরিবর্তে একটি বা দুটি হালকা কাঁথাও তার গায়ে দিয়ে দিতে পারেন।

কৃত্রিম তন্তু শিশুর শরীরে সরাসরি স্পর্শ না করলেই ভালো। প্রয়োজনে কম্বলে সুতি কভার ব্যবহার করুন।

মশারির ওপর ভারী কাপড় বিছিয়ে দেওয়া যায়, যাতে লেপ-কম্বল ফেলে দিলেও প্রবল ঠান্ডা বাতাস সরাসরি শিশুর গায়ে কম লাগে। তবে খেয়াল রাখুন, শিশুর মাথা যেদিকে থাকে, সেদিকে ওই ভারী কাপড় রাখা যাবে না।

রাতে দু–একবার শিশুকে স্পর্শ করে দেখতে পারেন। তার দেহের উষ্ণতা অনুভব করুন, ঘেমে যাচ্ছে কি না, খেয়াল করুন। সে অনুযায়ী তার স্বস্তির ব্যবস্থা করুন।

‘ফেন্সী বাবু’

জাহাঙ্গীর আলম
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১:৪৯ অপরাহ্ণ
‘ফেন্সী বাবু’

নিত্যদিনই মাদক খেয়ে
ঘুম ঢুলঢুল চোখে,
ফেন্সিতে পেট ভরেন তিনি
জানে সর্ব লোকে।

শতেক খানিক ডিলার তাহার
হাজার খানেক খোর,
কেউবা ডাকাত কেউবা নেতা
কেউবা আবার চোর।

গুরুর আশির্বাদে সবাই
খায় চিবিয়ে গাঁজা,
ফেন্সী খোর এই ফেন্সী বাবু
এই শহরের রাজা!

হঠাৎ দেখি ফেন্সী বাবুর
খুব গর্জন মুখে,
নেশা মেশা উড়িয়ে দেবে
নিজের গ্রাম থেকে।

খুবতো হলো মিটিং মিছিল
রাখবো না আর নেশা,
যে যার মতো যাও পালিয়ে
ছাড়ো এমন পেশা।

সবার মাঝে কানাঘুষা
ডিলার উনি নিজে,
এই লোকেতেই বলছে কি সব
বলছে এসব কি-যে।

হাস্যকর এই ভাষণ মাষণ,
অভিনয়ে ভরা,
ওনার লোকে ওনার কাছে
দেবে নাকি ধরা?

খুব হেসেছি খুব হেসেছি
ক্যামনে এটা হয়?
ফেন্সি ডিলার এখন দেখি
আজব কথা কয়!

মাদক সেবী কখোনো কি
মাদক নির্মুল করে?
আগে নিজে হও ভাল হও
এসব মিটিং পরে।

মিটিং শেষে বাসায় গিয়ে
ফেন্সিতে দেও ঢোক,
ফেন্সি তোমার কাছে এখন
উচ্চ দামী কোক।

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

চাকরি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

চাকরির ইন্টারভিউতে অনেক কঠিন প্রশ্নের জন্য প্রার্থীরা প্রস্তুতি নেন। নিজের যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা কিংবা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আগেভাগেই চর্চা করেন। কিন্তু একটি প্রশ্নের মুখে পড়েই অনেকের আত্মবিশ্বাস নড়বড়ে হয়ে যায়; আর সেটি হলো ‘আপনার প্রত্যাশিত বেতন কত?’

প্রশ্নটি শুনতে সহজ মনে হলেও এটি চাকরির ইন্টারভিউয়ের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোর একটি। খুব কম বললে নিজের মূল্য কমিয়ে ফেলার ঝুঁকি থাকে, আবার বেশি বললে নিয়োগদাতার আগ্রহ হারানোর আশঙ্কা তৈরি হয়।

ক্যারিয়ার বিশেষজ্ঞদের মতে, বেতনসংক্রান্ত প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য প্রয়োজন প্রস্তুতি, বাজার সম্পর্কে ধারণা এবং আত্মবিশ্বাসী যোগাযোগ।

কেন নিয়োগদাতারা বেতন নিয়ে প্রশ্ন করেন?

অনেকেই মনে করেন, শুধু বেতন নির্ধারণের জন্যই এ প্রশ্ন করা হয়। বাস্তবে নিয়োগদাতারা আরও কয়েকটি বিষয় বোঝার চেষ্টা করেন—

– প্রার্থী নিজের বাজারমূল্য সম্পর্কে কতটা সচেতন

– প্রতিষ্ঠানের বাজেটের সঙ্গে তার প্রত্যাশা সামঞ্জস্যপূর্ণ কি না

– অর্থের পাশাপাশি চাকরির অন্যান্য দিক নিয়ে তার আগ্রহ কতটুকু

– আলোচনায় তিনি কতটা পেশাদার

ক্যারিয়ারবিষয়ক প্ল্যাটফর্ম ইনডিড-এর মতে, বেতন নিয়ে আলোচনা প্রার্থীর পেশাদার প্রস্তুতি ও বাস্তবসম্মত প্রত্যাশারও একটি পরীক্ষা।

ইন্টারভিউয়ের আগে বাজার যাচাই করুন

বেতন নিয়ে কথা বলার আগে সংশ্লিষ্ট পদে বাজারে সাধারণত কত বেতন দেওয়া হয়, সে বিষয়ে ধারণা থাকা জরুরি। একই পদে ঢাকায় যে বেতন দেওয়া হয়, মফস্বল শহরে তা ভিন্ন হতে পারে। আবার বহুজাতিক কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা কিংবা স্থানীয় প্রতিষ্ঠানের বেতন কাঠামোও এক নয়।

নির্দিষ্ট অঙ্ক নয়, যুক্তিসঙ্গত একটি পরিসর বলুন

ইন্টারভিউ বোর্ড যদি সরাসরি প্রত্যাশিত বেতন জানতে চায়, তাহলে একটি নির্দিষ্ট সংখ্যার পরিবর্তে একটি যৌক্তিক পরিসর উল্লেখ করা ভালো।

উদাহরণ: ‘আমার অভিজ্ঞতা, দায়িত্বের পরিধি এবং বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মধ্যে একটি প্যাকেজ প্রত্যাশা করছি। তবে প্রতিষ্ঠানের সামগ্রিক সুযোগ-সুবিধা বিবেচনায় আলোচনার সুযোগ রয়েছে।’

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের উত্তর নমনীয়তা প্রকাশ করে এবং আলোচনার পথও খোলা রাখে।

খুব দ্রুত বেতনের বিষয়ে কথা তুলবেন না

ইন্টারভিউয়ের শুরুতেই বেতন নিয়ে আগ্রহ দেখানো অনেক ক্ষেত্রে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে। প্রথমে নিজের দক্ষতা, অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানের জন্য সম্ভাব্য অবদান তুলে ধরার চেষ্টা করুন। নিয়োগদাতা যখন বেতন প্রসঙ্গ তুলবেন, তখন বিষয়টি নিয়ে কথা বলাই বেশি পেশাদার আচরণ হিসেবে বিবেচিত হয়।

ক্যারিয়ার বিশেষজ্ঞদের মতে, প্রতিষ্ঠানের কাছে আপনার মূল্য প্রমাণের আগেই বেতন নিয়ে অতিরিক্ত আলোচনা করলে আপনি শুধু অর্থকেন্দ্রিক—এমন ধারণা তৈরি হতে পারে।

বর্তমান বেতন জানতে চাইলে কী বলবেন?

বাংলাদেশসহ অনেক দেশেই নিয়োগদাতারা বর্তমান বেতন সম্পর্কে জানতে চান। এ ক্ষেত্রে তথ্য গোপন না করাই ভালো। তবে শুধু বেতনের অঙ্ক বলেই থেমে গেলে চলবে না।

উদাহরণ: ‘বর্তমানে আমার মোট মাসিক প্যাকেজ ৪৫ হাজার টাকা। তবে নতুন পদে দায়িত্ব ও কাজের পরিধি বেশি হওয়ায় আমি কিছুটা উন্নত প্যাকেজ প্রত্যাশা করছি।’ এ ধরনের উত্তর বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ প্রত্যাশা দুইটিই পরিষ্কার করে।

কম বেতন প্রস্তাব পেলে কী করবেন?

প্রথম প্রস্তাবই চূড়ান্ত নয়। নিয়োগ বিশেষজ্ঞদের মতে, অনেক প্রতিষ্ঠানই আলোচনার সুযোগ রেখে প্রাথমিক প্রস্তাব দেয়। তাই ভদ্র ও পেশাদার ভাষায় নিজের অবস্থান তুলে ধরা যেতে পারে।

উদাহরণ: ‘প্রস্তাবের জন্য ধন্যবাদ। তবে আমার অভিজ্ঞতা ও দায়িত্বের পরিধি বিবেচনায় কিছুটা উন্নত প্যাকেজ হলে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করব।’ এ ধরনের উত্তর আলোচনার সুযোগ তৈরি করে, কিন্তু সম্পর্কের অবনতি ঘটায় না।

যেসব ভুল এড়িয়ে চলবেন

প্রস্তুতি ছাড়া ইন্টারভিউতে যাওয়া

অবাস্তব অঙ্ক দাবি করা

খুব কম বেতন চাওয়া

আবেগপ্রবণ হওয়া

‘যা দেবেন তাই চলবে’ বলা

শেষ কথা

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের কোনো একক সঠিক উত্তর নেই। তবে সঠিক প্রস্তুতি, বাজার সম্পর্কে ধারণা এবং আত্মবিশ্বাসী যোগাযোগ আপনাকে সুবিধাজনক অবস্থানে রাখতে পারে।

মনে রাখতে হবে, বেতন শুধু অর্থের বিষয় নয়; এটি আপনার দক্ষতা, অভিজ্ঞতা এবং পেশাগত মূল্যেরও প্রতিফলন। তাই বেতনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় বিনয়ী থাকুন, কিন্তু নিজের মূল্য সম্পর্কে সচেতন থাকুন।

তথ্যসূত্র: ক্যারিয়ার ইনডিড, লিংকডইন, স্যালারি ডটকম ও পেস্কেল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:২৪ পূর্বাহ্ণ
মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

মাসের শুরুতে বেতন হাতে আসার পর মনে হয় এবার কিছু টাকা জমবে। কিন্তু মাসের শেষ সপ্তাহে এসে দেখা যায়, ব্যাংক হিসাব প্রায় শূন্য। অনেক ক্ষেত্রে আবার ধার বা ক্রেডিট কার্ডের ওপরও নির্ভর করতে হয়। বাংলাদেশের মধ্যবিত্ত পরিবারগুলোর বড় একটি অংশ এই বাস্তবতার মধ্য দিয়ে যায়।

অর্থনীতিবিদ ও ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে, শুধু আয় কম হওয়াই এর কারণ নয়; বরং কিছু সাধারণ আর্থিক ভুলও মানুষকে মাস শেষে সংকটে ফেলে দেয়। বিভিন্ন গবেষণা ও আর্থিক পরামর্শভিত্তিক প্রতিবেদনে উঠে এসেছে এমন কয়েকটি অভ্যাস, যা দীর্ঘমেয়াদে সঞ্চয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়।

১. বাজেট না করে খরচ করা

অনেকেই জানেন মাসে কত টাকা আয় করেন, কিন্তু কোথায় কত খরচ হচ্ছে তার হিসাব রাখেন না। ফলে প্রয়োজনীয় খরচ ও অপ্রয়োজনীয় খরচ একাকার হয়ে যায়। ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, বাজেট না থাকলে অর্থ কোথায় চলে যাচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়ে। মাসের শুরুতেই বাসাভাড়া, বাজার, শিক্ষা, চিকিৎসা ও সঞ্চয়ের জন্য আলাদা পরিকল্পনা না থাকলে মাস শেষে অর্থসংকট তৈরি হওয়া স্বাভাবিক।

২. বেতন বাড়ার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার খরচ বাড়িয়ে ফেলা

বেতন বাড়লেই নতুন ফোন, দামি রেস্টুরেন্ট, বেশি ঘোরাঘুরি কিংবা অপ্রয়োজনীয় কেনাকাটার প্রবণতা অনেকের মধ্যেই দেখা যায়। অর্থনীতিতে একে বলা হয় ‘লাইফস্টাইল ইনফ্লেশন’ বা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি। এতে আয় বাড়লেও সঞ্চয় বাড়ে না। বরং আগের মতোই মাস শেষে অর্থকষ্ট থেকে যায়।

৩. জরুরি তহবিল না রাখা

হঠাৎ অসুস্থতা, চাকরি হারানো, দুর্ঘটনা বা পরিবারের জরুরি প্রয়োজনে বড় অঙ্কের অর্থের দরকার হতে পারে। কিন্তু অধিকাংশ মধ্যবিত্ত পরিবারের আলাদা জরুরি তহবিল নেই। ফলে সংকটের সময় ঋণ বা ধারই একমাত্র ভরসা হয়ে দাঁড়ায়। আর্থিক বিশেষজ্ঞরা অন্তত তিন থেকে ছয় মাসের প্রয়োজনীয় খরচের সমপরিমাণ জরুরি সঞ্চয় রাখার পরামর্শ দেন।

৪. ছোট ছোট খরচকে গুরুত্ব না দেওয়া

প্রতিদিনের চা-নাস্তা, অনলাইন ডেলিভারি, অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন কিংবা হঠাৎ কেনাকাটা; এসব খরচ অনেকের কাছেই তুচ্ছ মনে হয়। কিন্তু মাস শেষে এসব ছোট ব্যয় মিলিয়ে বড় অঙ্কের টাকা বেরিয়ে যায়। ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা বিষয়ক বিভিন্ন প্রতিবেদনে এটিকে ‘মানি লিকেজ’ বা অর্থের অদৃশ্য অপচয় হিসেবে উল্লেখ করা হয়েছে।

৫. ঋণ ও কিস্তির চাপকে স্বাভাবিক মনে করা

বাড়ি, গাড়ি কিংবা প্রয়োজনীয় খাতে ঋণ নেওয়া অস্বাভাবিক নয়। সমস্যা শুরু হয় যখন একাধিক কিস্তি ও ঋণের বোঝা মাসিক আয়ের বড় অংশ গ্রাস করতে থাকে। বিশেষজ্ঞদের মতে, উচ্চ সুদের ঋণ ও অপ্রয়োজনীয় কিস্তি দীর্ঘমেয়াদে আর্থিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। অনেক পরিবার মাসের বড় অংশের আয় শুধু ঋণ পরিশোধেই ব্যয় করে ফেলে।

৬. সঞ্চয়কে শেষে রাখা

অনেকেই সব খরচ করার পর যা বাঁচে, সেটি সঞ্চয় করার চেষ্টা করেন। বাস্তবে মাস শেষে আর কিছুই অবশিষ্ট থাকে না। অর্থ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের পরামর্শ হলো, ‘খরচের পর সঞ্চয় নয়, সঞ্চয়ের পর খরচ।’ অর্থাৎ বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্দিষ্ট অংশ আলাদা করে রাখা উচিত।

৭. ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা না থাকা

অনেকেরই মাসিক আয়-ব্যয়ের হিসাব আছে, কিন্তু পাঁচ বছর বা দশ বছর পর কোথায় থাকতে চান সেই পরিকল্পনা নেই। আর্থিক লক্ষ্য না থাকলে সঞ্চয়ের আগ্রহও কমে যায়। ফলে বাড়ি কেনা, সন্তানের উচ্চশিক্ষা, অবসর জীবন বা বড় কোনো স্বপ্নের জন্য পর্যাপ্ত অর্থ গড়ে ওঠে না। ব্যক্তিগত অর্থব্যবস্থাপনা বিষয়ক বিশ্লেষণগুলো বলছে, শুধু বাজেট নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনাও আর্থিক নিরাপত্তার জন্য জরুরি।

শেষ কথা

মধ্যবিত্তের আর্থিক সংকটের পেছনে সবসময় কম আয় দায়ী নয়। অনেক সময় কিছু অভ্যাসই ধীরে ধীরে সঞ্চয়ের পথ বন্ধ করে দেয়। বাজেট তৈরি, ছোট খরচ নিয়ন্ত্রণ, জরুরি তহবিল গঠন এবং ভবিষ্যতের জন্য সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ; এই কয়েকটি পদক্ষেপই মাস শেষে হাতে কিছু টাকা রাখার পথ সহজ করতে পারে। অর্থনীতির ভাষায় সম্পদ গড়ে ওঠে শুধু বেশি আয় থেকে নয়, বরং আয়কে কতটা পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে তার ওপরও।

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস, বাজেট প্ল্যান, নিউইয়র্ক পোস্ট