খুঁজুন
, ,

টানা দ্বিতীয়বার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশ, হতাশ বইপ্রেমীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
টানা দ্বিতীয়বার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশ, হতাশ বইপ্রেমীরা

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ। আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো এ আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের কোনো স্টল থাকছে না।

সোমবার বিকেলে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি। এ সময় কলকাতা লিটারেচার ফেস্টিভালের কিউরেটর মালবিকা ব্যানার্জিসহ সাহিত্য ও প্রকাশনা জগতের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বছর ৪৯ বছরে পা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। তবে গত বছর প্রথমবারের মতো বইমেলায় অনুপস্থিত ছিল বাংলাদেশ, আর সেই ধারাবাহিকতায় এবারও দেশটির কোনো অংশগ্রহণ থাকছে না।

বাংলাদেশের অনুপস্থিতিকে কলকাতার বইপ্রেমীদের জন্য বড় ধরনের হতাশা হিসেবে দেখছেন প্রকাশক ও পাঠকেরা। তাঁদের মতে, কলকাতার বাজারে বাংলাদেশের অনেক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বাংলা বই সহজে পাওয়া যায় না। ফলে বইমেলায় বাংলাদেশি প্রকাশনার বইয়ের প্রতি পাঠকদের বিশেষ আগ্রহ থাকে।

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে তিনবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে ফোকাল কান্ট্রি হিসেবে সম্মান জানানো হয়েছিল। চলতি বছর বইমেলার ফোকাল কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট লেখক গুস্তাভো কুনসোব্রে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এ ছাড়া সাহিত্যাঙ্গনের আরও অনেক গুণী ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেবেন।

আগামী ২২ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এ মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৮:১৪ অপরাহ্ণ
ফরিদপুরে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত, বাবা আহত

ফরিদপুরে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা সুমন সিকদার গুরুতর আহত হয়েছেন।

​শনিবার (১৪ নভেম্বর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত সৌম্যদীপ ফরিদপুর সদর উপজেলার কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে এবং ফরিদপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ‘ঘ’ শাখার শিক্ষার্থী ছিল। তাদের বাড়ি কানাইপুরের সিকদার বাড়ি এলাকায়।

​পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাবা সুমন সিকদার মোটরসাইকেলে করে সৌম্যদীপকে শহরের একটি কোচিং সেন্টারে নিয়ে যাচ্ছিলেন। পথে রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা ও ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

​স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সৌম্যদীপের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, আহত সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​এদিকে, সৌম্যদীপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইপুর বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী, স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোক বিরাজ করছে।

​এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুর্ঘটনার বিষয়টি তাদের জানা নেই। এ ব্যাপারে এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ বা তথ্য জানাননি।

পুরুষের হরমোনের সমস্যা বুঝবেন যে লক্ষণে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৭:২৮ অপরাহ্ণ
পুরুষের হরমোনের সমস্যা বুঝবেন যে লক্ষণে?

শরীরের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘুম, ক্ষুধা, বিপাক, যৌনস্বাস্থ্য থেকে শুরু করে মানসিক অবস্থাও নিয়ন্ত্রণ করে এসব রাসায়নিক উপাদান।

বয়স, জীবনযাপন কিংবা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে পুরুষের শরীরে হরমোনের ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন, থাইরোয়েড হরমোন, ইনসুলিন ও কর্টিসলের অস্বাভাবিক মাত্রা নানা সমস্যার সৃষ্টি করতে পারে।

বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে টেস্টোস্টেরনের মাত্রা কমে যাওয়ার প্রবণতা দেখা যায়।

যেসব লক্ষণ অবহেলা করবেন না

হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে শরীরে বেশ কিছু পরিবর্তন আসতে পারে।

যেমন—

কোনো কারণ ছাড়াই ওজন কমে বা বেড়ে যাওয়া।

অতিরিক্ত ঘাম হওয়া এবং গরম-ঠান্ডা সহ্য করতে অসুবিধা।

ঘুমের সমস্যা ও দীর্ঘস্থায়ী ক্লান্তি।

যৌন আকাঙ্ক্ষা কমে যাওয়া।

মেজাজ খিটখিটে হওয়া, উদ্বেগ ও বিষণ্ণতা।

অতিরিক্ত তৃষ্ণা এবং ঘন ঘন প্রস্রাব।

ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও চুলের পরিবর্তন।

হৃদস্পন্দন ও রক্তচাপের অস্বাভাবিকতা।

কেন দেখা দেয় এ সমস্যা?

দীর্ঘদিনের মানসিক চাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং থাইরোয়েডের সমস্যা হরমোনের ভারসাম্য নষ্ট করতে পারে। এ ছাড়া কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, স্টেরয়েডের অপব্যবহার এবং হরমোন উৎপাদনকারী গ্রন্থির সমস্যাও এর জন্য দায়ী হতে পারে।

যেভাবে সুস্থ রাখবেন শরীর

হরমোনের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত প্রোটিন গ্রহণ, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম জরুরি। পাশাপাশি অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমিয়ে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে।

এসব লক্ষণ দেখা দিলেই হরমোনের সমস্যা হয়েছে, এমন নয়। দীর্ঘদিন কোনো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত। নিজে থেকে হরমোনের ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করা ঠিক নয়।

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

​গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের ছেলে।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভাওয়াল এলাকায় অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​পুলিশ জানায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি বাইরে আসেন। তবে এবার আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।