খুঁজুন
, ,

টানা দ্বিতীয়বার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশ, হতাশ বইপ্রেমীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৫:০৭ পূর্বাহ্ণ
টানা দ্বিতীয়বার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় নেই বাংলাদেশ, হতাশ বইপ্রেমীরা

কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এবারও অংশ নিচ্ছে না বাংলাদেশ। আয়োজক সংস্থা পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বিষয়টি নিশ্চিত করেছে। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো এ আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের কোনো স্টল থাকছে না।

সোমবার বিকেলে কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বইমেলার বিস্তারিত তথ্য তুলে ধরেন পাবলিসার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে ও সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জি। এ সময় কলকাতা লিটারেচার ফেস্টিভালের কিউরেটর মালবিকা ব্যানার্জিসহ সাহিত্য ও প্রকাশনা জগতের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বছর ৪৯ বছরে পা দিয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ১৯৯৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা অংশগ্রহণ করেছিল বাংলাদেশ। তবে গত বছর প্রথমবারের মতো বইমেলায় অনুপস্থিত ছিল বাংলাদেশ, আর সেই ধারাবাহিকতায় এবারও দেশটির কোনো অংশগ্রহণ থাকছে না।

বাংলাদেশের অনুপস্থিতিকে কলকাতার বইপ্রেমীদের জন্য বড় ধরনের হতাশা হিসেবে দেখছেন প্রকাশক ও পাঠকেরা। তাঁদের মতে, কলকাতার বাজারে বাংলাদেশের অনেক জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ বাংলা বই সহজে পাওয়া যায় না। ফলে বইমেলায় বাংলাদেশি প্রকাশনার বইয়ের প্রতি পাঠকদের বিশেষ আগ্রহ থাকে।

এবারের কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে তিনবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশকে ফোকাল কান্ট্রি হিসেবে সম্মান জানানো হয়েছিল। চলতি বছর বইমেলার ফোকাল কান্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে আর্জেন্টিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আর্জেন্টিনার বিশিষ্ট লেখক গুস্তাভো কুনসোব্রে। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো। এ ছাড়া সাহিত্যাঙ্গনের আরও অনেক গুণী ব্যক্তিত্ব অনুষ্ঠানে অংশ নেবেন।

আগামী ২২ জানুয়ারি সল্টলেকের সেন্ট্রাল পার্কের বইমেলা প্রাঙ্গণে শুরু হবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। এ মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ
সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল ফের গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েলকে (৩৪) পুনরায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে উপজেলার ভাওয়াল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

​গ্রেপ্তার রাকিবুল হাসান জুয়েল উপজেলার ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ওহাব মাতুব্বরের ছেলে।

​সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভাওয়াল এলাকায় অভিযান পরিচালনা করে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েলকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

​পুলিশ জানায়, এর আগে ২০২৬ সালের ১৭ মার্চ সকালে সালথা সদর বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়ে তিনি বাইরে আসেন। তবে এবার আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হলেন তিনি।

এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৭:১০ পূর্বাহ্ণ
এমপির বাড়িতে আগুন ও ছাত্রনেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদ সদস্য ও যুগ্ম-আহ্বায়ক, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ এবং জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হাসিব আল ইসলাম-এর ওপর আওয়ামী সন্ত্রাসীর হামলার প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

​জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ফরিদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলটির বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। এ সময় বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ফরিদপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদাতের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামির বিরুদ্ধে ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকা মূল্যের অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদক, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তফা বাদী হয়ে বিজ্ঞ বিশেষ জজ আদালতে এ মামলা দায়ের করেন। মামলা নম্বর—৭/২৬।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি মো. শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে গত ২০২৩ সালের ৩১ জানুয়ারি সম্পদ বিবরণী ফরম ইস্যু করা হয়। পরবর্তীতে তিনি গত ১৬ এপ্রিল দুদক বরাবর দাখিলকৃত সম্পদ বিবরণীতে মোট ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ প্রদর্শন করেন।

​দুদকের অনুসন্ধান ও যাচাইকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণে দেখা যায়, আলোচ্য সময়ে আসামির গ্রহণযোগ্য বৈধ আয়ের উৎস থেকে আয় হয়েছে ৫৭ লাখ ৫৭ হাজার ৯০০ টাকা এবং পারিবারিক ও অন্যান্য ব্যয় হয়েছে ২৪ লাখ ৮০ হাজার টাকা। সে হিসাবে তার নিট সঞ্চয় বা সম্পদ অর্জনের সক্ষমতা রয়েছে ৩২ লাখ ৭৭ হাজার ৯০০ টাকার।

​তবে তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৫ লাখ ৯ হাজার ৯৮১ টাকা হওয়ায় এবং কোনো ঋণ বা দায়দেনা না থাকায়, তার বৈধ আয়ের উৎসের সহিত ৭২ লাখ ৩২ হাজার ৮১ টাকার অসংগতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জনের সত্যতা মেলে। যা দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

​দুদক প্রধান কার্যালয়ের গত ৪ নভেম্বরের স্মারক মূলে মামলা রুজুর অনুমোদন পাওয়ার পর বৃহস্পতিবার ফরিদপুর আদালতে এই মামলাটি দায়ের করা হয়।