খুঁজুন
, ,

“বুন রে… তুই তো বলছিলি আবার বাড়ি আসবি… এভাবে আসবি ক্যান রে বুন..”,

নুর ইসলাম, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৮:০২ অপরাহ্ণ
“বুন রে… তুই তো বলছিলি আবার বাড়ি আসবি… এভাবে আসবি ক্যান রে বুন..”,

“ওরে বুনে, বুনে রে… আমার বুনের এমন হওয়ার কথা ছিলো রে… ওরে বুনে রে..”
বারবার বুক চাপড়ে এভাবেই চিৎকার করে কাঁদছিলেন লাইজু আক্তার। পাশে কাঠের কফিনে শুয়ে আছে তার বড় বোন দিপালী আক্তারের নিথর দেহ। দীর্ঘ এক মাস অপেক্ষার পর বোনকে ফিরে পেয়েছেন ঠিকই, কিন্তু জীবিত নয়, সাদা কাফনে মোড়ানো নিথর দেহ হয়ে।

শুক্রবার (০৮ মে) সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দুর্গম চরাঞ্চল পূর্ব শালেপুর মুন্সিরচর গ্রামে এমন হৃদয়বিদারক দৃশ্যে দেখা যায়। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি নারী শ্রমিক দিপালী আক্তারের (৩৪) মরদেহ যখন গ্রামের বাড়ির উঠোনে পৌঁছায়, তখন পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিস্তব্ধ চরাঞ্চলের কাঁচা পথ। চারদিকে ভোরের শীতল হাওয়া। সেই নির্জন চরে ঘোড়ার গাড়িতে করে বয়ে আনা হচ্ছিল দিপালীর কফিন। ট্রলার থেকে নামিয়ে আদারচর ঘাট পেরিয়ে যখন মরদেহটি গ্রামের দিকে নেওয়া হচ্ছিল, তখন ঘোড়ার গাড়ির পাশে হাঁটছিলেন স্বজনরা। কারও চোখে পানি, কারও মুখে নীরবতা। শুধু ছোট বোন লাইজুর কান্না বারবার ভেঙে দিচ্ছিল সেই নিস্তব্ধতা।

“বুন রে… তুই তো বলছিলি আবার বাড়ি আসবি… এভাবে আসবি ক্যান রে বুন..”, কফিন লাশ, আর পাশেই কবর খুঁড়ার সময় এভাবে বিলাপ করছিলেন তিনি। উপস্থিত গ্রামবাসী, স্বজন, জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মধ্যে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিপালীর মরদেহবাহী উড়োজাহাজ অবতরণ করে। সেখানে উপস্থিত ছিলেন বাবা শেখ মুকা, বড় ভাই শেখ ওবায়দুল্লাহ ও ছোট বোন লাইজু আক্তার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সরকারি ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে রাতেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তারা। রাত সাড়ে তিনটার দিকে পৌঁছান ঢাকার দোহার উপজেলার মৈনট ঘাটে। ভোর হওয়ার অপেক্ষার পর ট্রলারে করে পদ্মা নদী পাড়ি দিয়ে চরভদ্রাসনের আদারচর ঘাটে পৌঁছানো হয়। এরপর শুরু হয় শেষ যাত্রার সবচেয়ে বেদনাদায়ক অংশ, ঘোড়ার গাড়িতে করে নির্জন চর পেরিয়ে বাবার ভিটায় ফেরা।

সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির উঠোনে পৌঁছায় দিপালীর মরদেহ। কফিন নামানোর সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন মা-বাবা, ভাই-বোন ও স্বজনরা। কেউ মাথায় হাত দিয়ে বিলাপ করছেন, কেউ কফিনে হাত রেখে নির্বাক দাঁড়িয়ে আছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দিপালী ছিলেন পরিবারের একমাত্র ভরসা। ছোটবেলা থেকেই অভাবের সংসারে বড় হয়েছেন তিনি। পরিবারের মুখে হাসি ফোটাতে খুব অল্প বয়সেই বিদেশে পাড়ি জমান। লেবাননে গৃহকর্মীর কাজ করে বছরের পর বছর সংসারের হাল ধরেছিলেন। তার পাঠানো টাকায় চলত পুরো পরিবার।

ছোট বোন লাইজু আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার বোনটা নিজের সুখের কথা কখনো ভাবেনি। শুধু পরিবারের জন্য কষ্ট করেছে। এত বছর বিদেশে থেকেও বলত, ‘তোদের জন্যই সব করছি।’ আজ সেই বোনটাই লাশ হয়ে ফিরল।”

জানা গেছে, ২০১১ সালে মাত্র ১৯ বছর বয়সে লেবাননে পাড়ি জমান দিপালী। দীর্ঘ প্রবাসজীবনে তিনিই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। গত ৮ এপ্রিল বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় গুরুতর আহত হন তিনি। পরে রফিক হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। যুদ্ধাবস্থা ও আন্তর্জাতিক আনুষ্ঠানিকতার কারণে মরদেহ দেশে ফিরতে সময় লাগে প্রায় এক মাস।

শুক্রবার (৮ মে) সকাল ১০টায় নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও শত শত গ্রামবাসী অংশ নেন। পরে সকাল ১১টার দিকে বাবার ভিটার পাশেই দাফন করা হয় দিপালীকে।

দাফনের সময়ও থামছিল না লাইজুর কান্না। কবরের পাশে দাঁড়িয়ে বারবার বলছিলেন, “ওরে বুনে রে… তুই এত দূরে গিয়া আর ফিরলি না রে..”

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দিপালীর শেষ ফেরা যেন শুধু একটি মরদেহের প্রত্যাবর্তন নয়, এটি এক প্রবাসী নারীর অপূর্ণ স্বপ্ন, এক পরিবারের ভাঙা নির্ভরতা আর এক বোনের আজীবনের কান্নার গল্প হয়ে থাকবে ভবিষ্যতে।

চরভদ্রাসনে শিক্ষাপ্রতিষ্ঠানে স্পেন প্রবাসীর ক্রীড়া সামগ্রী বিতরণ

শিশির খাঁন
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৯:১৯ অপরাহ্ণ
চরভদ্রাসনে শিক্ষাপ্রতিষ্ঠানে স্পেন প্রবাসীর ক্রীড়া সামগ্রী বিতরণ

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় শিক্ষার্থীদের মানসিক বিকাশের লক্ষ্যে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরণ করেছে স্পেন প্রবাসী ল স্পেন বিএনপির সহ-সভাপতি আলী ইউনুছ আলী প্রামানিক।

মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার সদর ইউনিয়নের বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ২ সেট জার্সি ও একটি ফুটবল উপহার হিসেবে বিতরন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্বাস বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বিশ্বাস জানান, এসব ক্রীড়া সরঞ্জাম হাতে পাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে, যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

স্পেন বিএনপির সহ-সভাপতি ইউনুছ আলী প্রামানিক বলেন, অর্থের অভাবে যেন কোনো অসচ্ছল শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত না হয়, সে ভাবনা থেকেই তিনি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছি। আগামীতে আরও কয়েকটি বিদ্যালয়ে পর্যায়ক্রমে ক্রিয়া সামগ্রী বিতরণ করা হবে বলে জানান তিনি।

শিক্ষানুরাগী ও সংশ্লিষ্টদের মতে, উপহার হিসেবে পাওয়া এসব সামগ্রী শিক্ষার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ তৈরি করবে।

ফরিদপুরে মাদ্রাসাছাত্র অপহরণ মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
ফরিদপুরে মাদ্রাসাছাত্র অপহরণ মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসাছাত্র অপহরণ মামলায় রুবেল খন্দকার (২০) নামে এক যুবককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ মামলার অপর আসামি সোহেল মোল্লাকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার (১২ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার এজাহার ও অভিযোগপত্র সূত্রে জানা যায়, নগরকান্দা থানাধীন একটি মাদ্রাসায় প্রায় ছয় মাস ধরে আবাসিক থেকে পড়াশোনা করছিল ১০ বছর বয়সী মাদ্রাসাছাত্র হেদায়েত উল্লাহ। ২০১৬ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদ্রাসার সামনের পশ্চিম পাশে জুরদী বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে সহপাঠীদের সঙ্গে মাদ্রাসা থেকে বের হয় সে। এরপর আর মাদ্রাসায় ফিরে আসেনি।

শিশুটিকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে মাদ্রাসার শিক্ষক ক্বারী মো. ইউনুস আলী তার পরিবারকে বিষয়টি জানান। পরে শিশুটির বাবা মো. কামাল খন্দকার নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি করেন।

এজাহারে বলা হয়, শিশুটি নিখোঁজের পরদিন ১৫ জানুয়ারি দুপুরে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে ফেলার হুমকি দেওয়া হয়। একই দিন রাতে আবার ফোন করে মুক্তিপণ দাবি করা হয় এবং শিশুটির সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির বাবা নগরকান্দা থানায় মামলা করেন। তদন্ত শেষে একই মাদ্রাসার ছাত্র রুবেল খন্দকার ও সোহেল মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার নথিতে রুবেলকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার আদালত রুবেল খন্দকারকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরো তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সোহেল মোল্লাকে খালাস দেওয়া হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী বলেন, শিশু অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রুবেল খন্দকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।

ট্রাকচালককে মারধরের প্রতিবাদে ফরিদপুরে ময়লা অপসারণ বন্ধ, ভোগান্তিতে মানুষ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
ট্রাকচালককে মারধরের প্রতিবাদে ফরিদপুরে ময়লা অপসারণ বন্ধ, ভোগান্তিতে মানুষ

ফরিদপুর পৌরসভার ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালে ট্রাকচালককে মারধরের প্রতিবাদে শহরের তিতুমীর বাজার ও চকবাজার এলাকার ময়লা অপসারণ বন্ধ করে দিয়েছেন পৌরসভার ময়লাবাহী ট্রাকচালক ও শ্রমিকরা। হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ওই দুই বাজারের ময়লা পরিবহন না করার ঘোষণা দিয়েছেন তারা।

এদিকে বুধবার (১২ আগস্ট) সকাল থেকে ময়লা অপসারণ বন্ধ থাকায় চকবাজার ও তিতুমীর বাজারসংলগ্ন ফলপট্টি, থানার মোড়, ডাচ্-বাংলা ব্যাংকের সামনের মোড়, ময়রাপট্টি ও আলীমুজ্জামান সেতুসংলগ্ন এলাকায় ময়লার স্তূপ জমতে শুরু করেছে। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌরসভা সূত্রে জানা গেছে, এসব গুরুত্বপূর্ণ বাজার ও সড়কসংলগ্ন এলাকায় প্রতিদিন ভোরে তিন টন ধারণক্ষমতার একটি ময়লাবাহী ট্রাক চারজন শ্রমিক নিয়ে দুই দফায় রাতের জমে থাকা বর্জ্য অপসারণ করে। কিন্তু ট্রাকচালককে মারধরের ঘটনার পর শ্রমিকদের কর্মবিরতিতে বুধবার সকাল থেকে ওই কার্যক্রম বন্ধ রয়েছে।

পৌরসভার কনজারভেন্সি বিভাগের পরিদর্শক বিভাষ দত্ত বলেন, মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে চকবাজার এলাকায় পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে অংশ নেওয়া ট্রাকচালক সবুজ প্রামাণিক (২৮) কয়েকজন ব্যবসায়ীর হামলার শিকার হন। এ ঘটনার পর মঙ্গলবার রাতে পৌরসভায় শ্রমিকদের নিয়ে আলোচনা হয়। সেখানে হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিতুমীর বাজার ও চকবাজার এলাকার ময়লা পরিবহন না করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, বুধবার সকাল থেকে পৌর কর্তৃপক্ষ ট্রাকচালক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে ময়লা অপসারণের অনুরোধ করেছে। কিন্তু তারা হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কাজে ফিরতে রাজি হননি।

বিভাষ দত্ত আরও বলেন, হামলার ঘটনায় আহত ট্রাকচালক সবুজ প্রামাণিক বাদী হয়ে মঙ্গলবার রাতেই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এদিকে ময়লা অপসারণ বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন চকবাজারের ব্যবসায়ীরা। চকবাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম কিবরিয়া বলেন, ‘সেবা বন্ধ করে দেওয়া মানে জনগণকে জিম্মি করা। ট্রাকচালককে মারধরের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের শনাক্ত করে পুলিশ আইনগত ব্যবস্থা নিক, এতে আমাদের আপত্তি নেই। তবে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান থেকে নাগরিক সেবা বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।’

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজার এলাকায় প্রতিদিন বিপুল পরিমাণ কাঁচাবাজারের বর্জ্য, ফল-সবজির উচ্ছিষ্ট ও অন্যান্য আবর্জনা জমে থাকে। নিয়মিত অপসারণ না হলে অল্প সময়ের মধ্যেই ময়লার স্তূপ বড় হয়ে যায়। এতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও পথচারীদের চলাচলে সমস্যা তৈরি হয়। দীর্ঘ সময় ময়লা পড়ে থাকলে পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে।

প্রসঙ্গত, গত রোববার থেকে ফরিদপুর পৌরসভা শহরের গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু করেছে। মঙ্গলবার ছিল এ অভিযানের তৃতীয় দিন।

মঙ্গলবার বিকেলে চকবাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা কয়েকজন ব্যবসায়ীর বাধার মুখে পড়েন। এ সময় পৌরসভার ময়লাবাহী ট্রাকচালক সবুজ প্রামাণিককে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।

পরে আহত সবুজ প্রামাণিক ফরিদপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসা শেষে রাতে তিনি নিজেই বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন।

এদিকে পৌরসভার ময়লা অপসারণ কার্যক্রম বন্ধ থাকায় দ্রুত পরিস্থিতির সমাধান চেয়েছেন ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ট্রাকচালককে মারধরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি নাগরিক সেবা যাতে ব্যাহত না হয়, সে বিষয়েও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।