খুঁজুন
বুধবার, ৩ জুন, ২০২৬, ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
ফরিদপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, শিশুসহ নিহত ৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। দ্রুতগতির একটি প্রাইভেটকার দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২ জুন) ভোর আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকার মালীগ্রাম এলাকায় পৌঁছালে একই লেনে দাঁড়িয়ে থাকা গ্যাসবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই নারী ও দুই পুরুষ নিহত হন। আহত হন এক শিশুসহ আরও কয়েকজন যাত্রী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মোট ৫ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশা, কম দৃশ্যমানতা কিংবা দ্রুতগতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিতে পারেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চিকিৎসার টাকার অভাবে দিশেহারা ফরিদপুরের ইফতি, পাশে দাঁড়ালো একঝাঁক মানবিক তরুণ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:৩৪ অপরাহ্ণ
চিকিৎসার টাকার অভাবে দিশেহারা ফরিদপুরের ইফতি, পাশে দাঁড়ালো একঝাঁক মানবিক তরুণ

অর্থাভাবে চিকিৎসা ব্যাহত হওয়া গুরুতর অসুস্থ ইফতি হাসানের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশন’। সংগঠনটির দেশি-প্রবাসী সদস্যদের সম্মিলিত উদ্যোগে সংগ্রহ করা তহবিল থেকে তাঁর চিকিৎসার জন্য নগদ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ইফতি হাসান ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের হানিফের ডাঙ্গী গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি একটি জটিল রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে ভুগছেন। বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন থাকলেও আর্থিক সংকটের কারণে তাঁর প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাওয়া পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের নজরে আসে। পরে সংগঠনের সদস্যরা দ্রুত তহবিল সংগ্রহ করে মঙ্গলবার (০২ জুন) তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবসেবাকে কেন্দ্র করেই জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের পথচলা। রক্তদান কর্মসূচির পাশাপাশি অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা, মুমূর্ষু রোগীদের বিনামূল্যে রক্ত সরবরাহ, শীতবস্ত্র বিতরণ, বন্যা ও দুর্যোগে ত্রাণ কার্যক্রম, রমজানে ইফতার বিতরণ এবং ঈদে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণসহ নানা মানবিক উদ্যোগ পরিচালনা করে আসছে সংগঠনটি।

সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী কামরুল ইসলাম বলেন, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি মানবিক অঙ্গীকার। ইফতি হাসানের চিকিৎসায় সামান্য সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও যেকোনো সংকটে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

সাধারণ সম্পাদক এস এম সালমান বলেন, “ইফতি ভাইয়ের অসুস্থতার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা সদস্যদের নিয়ে উদ্যোগ গ্রহণ করি। অল্প সময়ের মধ্যেই ফান্ড সংগ্রহ করে তাঁর পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আমরা চাই, অর্থের অভাবে কোনো রোগী যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন।”

সংগঠনের সক্রিয় সদস্য আবুল হাসান বলেন, “দেশে কিংবা প্রবাসে অবস্থান করলেও মানবতার টানে আমরা সবাই একসূত্রে গাঁথা। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা ইফতি ভাইয়ের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

প্রতিষ্ঠাতা সভাপতি ফারদিন সানি বলেন, “আমাদের দেশি ও প্রবাসী সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং মানুষের প্রতি ভালোবাসাই সংগঠনের সবচেয়ে বড় শক্তি। একটি ছোট সহায়তাও কখনো কখনো একটি পরিবারকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখাতে পারে। সমাজের বিত্তবান ও প্রবাসীদের প্রতি আহ্বান থাকবে—মানবতার এই কাজে সবাই এগিয়ে আসুন।”

অর্থ সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক কে এম আকমাল হোসেন, সদস্য আলিফ ইসলাম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাগ্রত মানবিক রক্তদান ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতি হাসানের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রবাসী বাংলাদেশিদের অসহায় রোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

বাংলা একাডেমির মঞ্চে ফরিদপুরের হৃদয়, গবেষণায় পেলেন মর্যাদাপূর্ণ স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
বাংলা একাডেমির মঞ্চে ফরিদপুরের হৃদয়, গবেষণায় পেলেন মর্যাদাপূর্ণ স্বীকৃতি

ফরিদপুরের তরুণ গবেষক ও সাহিত্যকর্মী সৈয়দ হৃদয় জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্য গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি বাংলা একাডেমি থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি বাংলা একাডেমির মূল মঞ্চে নিজের গবেষণার সারসংক্ষেপ উপস্থাপনের সুযোগও পেয়েছেন তিনি।

মঙ্গলবার (০২ জুন) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সৈয়দ হৃদয় এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৈয়দ হৃদয় সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সদ্য বিদায়ী স্নাতকোত্তর (মাস্টার্স) শিক্ষার্থী। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। দেশের বিভিন্ন জাতীয় পত্রিকা, সাহিত্য সাময়িকী এবং লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি করে আসছেন তিনি।

তিনি জানান, সম্প্রতি ২০২৬ সালের জানুয়ারি মাসে ঢাকায় বাংলা একাডেমি আয়োজিত এক অনুষ্ঠানে ‘মুসলিম সাহিত্য পত্রিকা শিখা’ বিষয়ক তাঁর গবেষণামূলক প্রবন্ধ মনোনীত হয়। গবেষণায় বিশেষ অবদানের জন্য তিনি বাংলা একাডেমির সম্মানজনক পুরস্কার লাভ করেন। একই অনুষ্ঠানে একাডেমির প্রধান মঞ্চে তাঁর গবেষণাপত্রের সারসংক্ষেপ উপস্থাপনের সুযোগ পান, যা একজন তরুণ গবেষকের জন্য বিরল অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া ভারতের স্বনামধন্য সাহিত্যপত্র ‘প্রয়াস’-এ তাঁর লেখা প্রকাশিত হয়েছে। দেশের প্রখ্যাত চিন্তাবিদ ড. সলিমুল্লাহ খানের সঙ্গে যৌথ প্রকাশনাতেও তাঁর লেখা স্থান পেয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সৈয়দ হৃদয় বলেন, “ফরিদপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক। জাতীয় পর্যায়ে জেলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত। তবে দুঃখজনকভাবে এই অর্জন এখনো স্থানীয় সংবাদমাধ্যমে তেমনভাবে উঠে আসেনি। তরুণ গবেষক ও সাহিত্যকর্মীদের উৎসাহিত করতে স্থানীয় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

তিনি তাঁর গবেষণামূলক অর্জন ও বাংলা একাডেমি থেকে পুরস্কার প্রাপ্তির সংবাদ স্থানীয় সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমে প্রকাশের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সাহিত্য ও গবেষণায় ফরিদপুরের তরুণ প্রজন্মের জন্য সৈয়দ হৃদয়ের এই অর্জন নতুন প্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন।

সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫, বাড়িঘর ভাংচুর

সালথা প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫, বাড়িঘর ভাংচুর

ফরিদপুরের সালথা উপজেলার চরবাংরাইল গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র ও ইটপাটকেল নিয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত পাঁচটি বসতবাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোমবার (০১ জুন) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিনের বিরোধের জেরে সোমবার সন্ধ্যা ৭টার দিকে মনি মোল্যার সমর্থক রুহুল ফকির (২৭)-কে মারধর করেন বিল্লাল মুন্সীর সমর্থক আহাদ মুন্সী (২৬)। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন দ্রুত সংঘবদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র, ঢাল-সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নারী, শিশু ও বৃদ্ধরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। সংঘর্ষকারীরা কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ঘরবাড়ির আসবাবপত্র ও বিভিন্ন মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে সালথা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে। পরবর্তীতে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, “চরবাংরাইল গ্রামে দুই ব্যক্তির মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।”

তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।