খুঁজুন
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফরিদপুরের আম বাগানে মুকুলের হাসি, কৃষকদের চোখে স্বপ্ন

হারুন-অর-রশীদ ও আবরাব নাদিম ইতু, ফরিদপুর:
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১১ অপরাহ্ণ
ফরিদপুরের আম বাগানে মুকুলের হাসি, কৃষকদের চোখে স্বপ্ন

বসন্তের আগমনী বার্তা নিয়ে ফরিদপুরের বিভিন্ন এলাকায় গাছে গাছে ফুটে উঠেছে আমের মুকুল। মৃদু দক্ষিণা হাওয়া আর রোদেলা আবহাওয়ায় আম বাগানগুলো এখন মুকুলের সৌরভে ভরে উঠেছে। এতে করে জেলার আমচাষিদের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার আলো। অনুকূল আবহাওয়া বজায় থাকলে এ বছর আমের ভালো ফলন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেলার সদর, মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা, সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায়, ছোট-বড় প্রায় সব আম গাছেই মুকুল এসেছে। অনেক বাগানে গাছগুলো পুরোপুরি মুকুলে ছেয়ে গেছে। মৌমাছির গুঞ্জন আর মুকুলের মিষ্টি গন্ধে এক মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় কৃষকরা জানান, গত বছরের তুলনায় এবার মুকুলের পরিমাণ বেশি, যা ভালো ফলনের ইঙ্গিত দিচ্ছে।

সদর উপজেলার কৃষক আমিনুল ইসলাম বলেন, “এবার আবহাওয়া ভালো থাকায় গাছে প্রচুর মুকুল এসেছে। যদি ঝড়-বৃষ্টি বা পোকামাকড়ের আক্রমণ না হয়, তাহলে ভালো ফলনের আশা করছি। এতে আমাদের ক্ষতি পুষিয়ে উঠবে।”

মধুখালী উপজেলার আমচাষি শহিদুল শেখ জানান, “মুকুল আসার সময়টা খুব গুরুত্বপূর্ণ। এখন একটু যত্ন নিলেই ফলন ভালো হবে। আমরা নিয়মিত কীটনাশক প্রয়োগ করছি এবং কৃষি অফিসের পরামর্শ মেনে চলছি।”

তবে কৃষকরা কিছুটা শঙ্কাও প্রকাশ করেছেন। হঠাৎ কালবৈশাখী ঝড়, অতিরিক্ত বৃষ্টি বা পোকামাকড়ের আক্রমণে মুকুল ঝরে যাওয়ার আশঙ্কা থাকে। তাই তারা আগাম সতর্কতা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছেন।

কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে আবহাওয়া এখন পর্যন্ত আমের জন্য অনুকূল রয়েছে। তারা নিয়মিত মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে মুকুল থেকে ফল পর্যন্ত সঠিক পরিচর্যা নিশ্চিত করা যায়।

ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডিএ) কৃষিবিদ মো. শাহাদুজ্জামান ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, “ জেলায় ২ হাজার ৩০ হেক্টর জমি ও বসতবাড়িতে আম বাগান রয়েছে। এবার আবহাওয়া আমের মুকুল আসার জন্য বেশ সহায়ক ছিল। ফলে অধিকাংশ গাছে ভালো মুকুল এসেছে। কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, যেন তারা সময়মতো বালাইনাশক প্রয়োগ করেন এবং প্রয়োজনীয় পরিচর্যা অব্যাহত রাখেন।”

তিনি আরও বলেন, “মুকুল আসার পর ১০ থেকে ১৫ দিনের মধ্যে বিশেষ পরিচর্যা প্রয়োজন। এ সময় গাছের গোড়ায় পানি নিষ্কাশনের ব্যবস্থা, সুষম সার প্রয়োগ এবং রোগবালাই দমনে সচেতন থাকতে হবে। তাহলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।”

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, ফরিদপুর জেলায় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে আম চাষ করা হয় এবং প্রতি বছর এখানকার আম দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। আমচাষিরা আশা করছেন, অনুকূল আবহাওয়া থাকলে এবার উৎপাদন বৃদ্ধি পাবে এবং তারা ভালো দাম পাবেন।

এদিকে, মুকুলে ভরা আম গাছগুলো শুধু কৃষকদেরই নয়, সাধারণ মানুষের মনেও আনন্দ ছড়িয়ে দিচ্ছে। বসন্তের এই সময়টাতে গ্রামের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে।

ফরিদপুরে কবরের ফুলগাছ চুরি, প্রতিশোধ নয়—১,৫০০ ফুলগাছে পুরো গ্রাম সাজালেন যুবক

মিজানুর রহমান, সদরপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
ফরিদপুরে কবরের ফুলগাছ চুরি, প্রতিশোধ নয়—১,৫০০ ফুলগাছে পুরো গ্রাম সাজালেন যুবক

বাবা ও দাদির কবরের পাশে ভালোবাসা আর স্মৃতির নিদর্শন হিসেবে লাগানো ফুলগাছ একদিন হঠাৎ চুরি হয়ে যায়। এমন ঘটনায় যে কেউ ক্ষুব্ধ হতে পারেন, চোরের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন। কিন্তু ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের যুবক হাওলাদার শামীম আহমেদ বেছে নিয়েছেন এক ভিন্ন পথ। প্রতিশোধ নয়, তিনি জবাব দিয়েছেন ভালোবাসা দিয়ে। কবর থেকে চুরি হওয়া কয়েকটি ফুলগাছের বদলে পুরো গ্রামজুড়ে রোপণ করেছেন ১ হাজার ৫০০টি ফুলগাছ।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে প্রয়াত বাবা ও দাদির স্মৃতিকে ঘিরে কবরের পাশে হাসনাহেনা, কামিনী ও শিউলীসহ বিভিন্ন প্রজাতির ফুলগাছ লাগান শামীম। প্রতিদিন নিয়মিত পরিচর্যা ও যত্নে গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। এর মধ্যে একটি গাছে ফুলও ফুটেছিল। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি।

এক সকালে কবরস্থানে গিয়ে তিনি দেখেন, সেখানে লাগানো ফুলগাছগুলো আর নেই। কেউ রাতের অন্ধকারে গাছগুলো তুলে নিয়ে গেছে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছিলেন তিনি। তবে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ বা প্রতিশোধের চিন্তা না করে তিনি বিষয়টিকে অন্যভাবে দেখার চেষ্টা করেন।

শামীমের ভাষায়, “প্রথমে খুব খারাপ লেগেছিল। পরে ভাবলাম, যে মানুষ গাছগুলো নিয়ে গেছে, সে হয়তো ফুল ভালোবাসে। যদি ফুলের প্রতি তার ভালোবাসা থাকে, তাহলে আরও বেশি ফুল মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত।”

এই ভাবনা থেকেই জন্ম নেয় এক ব্যতিক্রমী উদ্যোগের। নিজস্ব অর্থায়নে তিনি পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় দুই কিলোমিটার সড়কের দুই পাশের প্রায় ৫০০টি বাড়ির সামনে তিনটি করে মোট ১,৫০০টি ফুলগাছ রোপণের উদ্যোগ নেন। ইতোমধ্যে গ্রামের বিভিন্ন স্থানে হাসনাহেনা, কামিনী, শিউলীসহ নানা প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে।

গ্রামবাসীরা বলছেন, এমন উদ্যোগ শুধু গ্রামের সৌন্দর্যই বাড়াবে না, বরং পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুলগাছের সুবাস ও সৌন্দর্যে গ্রাম আরও প্রাণবন্ত হয়ে উঠবে। পাশাপাশি অন্যদের মাঝেও গাছ লাগানোর আগ্রহ তৈরি হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, বর্তমান সময়ে যখন পরিবেশ দূষণ ও সবুজের সংকট নিয়ে উদ্বেগ বাড়ছে, তখন একজন তরুণের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। ব্যক্তিগত ক্ষতিকে তিনি সামাজিক কল্যাণে রূপ দিয়েছেন, যা অন্যদের জন্যও অনুকরণীয় উদাহরণ হতে পারে।

শামীমের এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মনে করছেন, একটি ছোট ঘটনা থেকে জন্ম নেওয়া এই মহৎ উদ্যোগ ভবিষ্যতে আরও অনেক মানুষকে পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে।

বাবা ও দাদির কবর থেকে হারিয়ে যাওয়া কয়েকটি ফুলগাছ হয়তো আর ফিরে আসবে না। কিন্তু সেই শূন্যতা পূরণ করতে গিয়ে শামীম যে ভালোবাসার বাগান গড়ে তুলেছেন, তা শুধু একটি গ্রামের নয়, মানবিকতারও এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

ফরিদপুরে কৃষকের পাটখেতে বিষ প্রয়োগের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ণ
ফরিদপুরে কৃষকের পাটখেতে বিষ প্রয়োগের অভিযোগ

ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের পশড়া গ্রামে বিরোধপূর্ণ জমিতে থাকা পাটখেতে পচননাশক ঔষধ প্রয়োগ করে ফসল নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক আবুল হোসেন ওরফে বাক্কু মিয়া কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার (০৩ জুন) দুপুরে ফরিদপুরের কোতয়ালী থানায় দায়ের করা অভিযোগে আবুল হোসেন (৬৬) জানান, পশড়া মৌজার একটি পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সহিদ বেপারী, জাহিদ বেপারী ও আক্কাস বেপারীর সঙ্গে তাদের বিরোধ চলে আসছে। জমি নিয়ে বিভিন্ন সময় মনোমালিন্য ও উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে।

অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা প্রায়ই তাদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান হয়নি।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১ জুন সকাল আনুমানিক ৯টার দিকে অভিযুক্তরা তার মালিকানাধীন জমিতে থাকা পাটখেতে পচননাশক ঔষধ প্রয়োগ করে ফসল নষ্ট করে দেয়। এতে প্রায় ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগী আরও জানান, অভিযুক্তদের কর্মকাণ্ডে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার বিষয়ে স্থানীয় লোকজন অবগত রয়েছেন এবং প্রয়োজন হলে সাক্ষ্য দিতে পারবেন।

অভিযোগে উল্লিখিত তফসিল অনুযায়ী, বিরোধপূর্ণ জমিটি কোতয়ালী থানাধীন ৯৯ নম্বর কৈজুরী মৌজার এসএ দাগ নং-২৬৮২ এবং বিএস দাগ নং-৩৭০৪ এর অন্তর্ভুক্ত ১৯ শতাংশ জমি।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পুষ্টি থাকলেও যে কারণে মাশরুম খেলে মৃত্যু হতে পারে?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
পুষ্টি থাকলেও যে কারণে মাশরুম খেলে মৃত্যু হতে পারে?

বিশ্বের অনেক দেশেই মাশরুম একটি জনপ্রিয় এবং পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। মাশরুম রক্তচাপ কমাতে, টিউমার কোষের বিরুদ্ধে, বহুমূত্র রোগীদের জন্য, কোষ্ঠকাঠিন্য দূর করতে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে, বাত-ব্যথার মতো রোগের বিরুদ্ধে উপকারী বলে বিজ্ঞানীরা দেখতে পেয়েছেন।

তবে প্রকৃতিতে মাশরুমের হাজার রকমের জাত রয়েছে এবং এগুলোর অনেকগুলো মানবদেহের জন্য ক্ষতির কারণ হতে পারে।

যেমন শুধু উত্তর আমেরিকায়ই মাশরুমের ১০ হাজারের বেশি প্রজাতির রয়েছে। খাবার হিসেবে গ্রহণ করলে এগুলোর ২০ শতাংশই মানুষকে অসুস্থ করে দিতে পারে, আর শতকরা এক ভাগ তাৎক্ষণিকভাবে মানুষ মেরেও ফেলতে পারে।

মাশরুমের নানা জাতের মধ্যে বাংলাদেশে ৮-১০টি জাতের চাষ হয়ে থাকে।

কিন্তু বাংলাদেশেই পাওয়া যায় মাশরুমের এমন অনেক জাত, বিশেষ করে বুনো মাশরুম, অনেক সময় শরীরের জন্য বিষাক্ত ও ক্ষতিকর বলে প্রমাণিত হতে পারে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম বলেছেন, পরিচিত জাতের বাইরে অন্য মাশরুম, বিশেষ করে বুনো মাশরুম কখনোই খাওয়া উচিত নয়। কারণ মাশরুম শরীরের জন্য উপকারী হলেও সব মাশরুম উপকারী নয়। বরং অনেক মাশরুম মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

তিনি আরও বলেন, বিশেষ করে ব্যাঙের ছাতা বলে পরিচিত বুনো মাশরুমে এক ধরনের ছত্রাক থাকে, যা লিভার-কিডনির জন্য ক্ষতিকর হতে পারে।

তথ্যসূত্র : বিবিসি বাংলা