খুঁজুন
বুধবার, ১৩ মে, ২০২৬, ৩০ বৈশাখ, ১৪৩৩

যে ৮ জিনিস দিয়ে কখনোই মুখ পরিষ্কার করবেন না?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:৫৭ পূর্বাহ্ণ
যে ৮ জিনিস দিয়ে কখনোই মুখ পরিষ্কার করবেন না?

ত্বকের যত্নে ঘরোয়া উপায়ের জনপ্রিয়তা নতুন কিছু নয়। রান্নাঘরে থাকা সাধারণ কিছু উপাদান দিয়েই অনেকেই ত্বক পরিষ্কার, উজ্জ্বল কিংবা ব্রণমুক্ত রাখার চেষ্টা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম, ইউটিউব ভিডিও কিংবা বিভিন্ন ওয়েবসাইটে এমন অসংখ্য ‘বিউটি টিপস’ ছড়িয়ে আছে। তবে সমস্যা হলো, সব পরামর্শ যে সত্যিই ত্বকের জন্য উপকারী, তা নয়। বরং কিছু উপাদান আছে, যেগুলো ব্যবহার করলে সাময়িকভাবে উপকার মিলছে বলে মনে হলেও দীর্ঘমেয়াদে ত্বকের মারাত্মক ক্ষতি হতে পারে।

ত্বকের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট হওয়া, সংক্রমণ, জ্বালাপোড়া, এমনকি ত্বকের প্রতিরোধক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই ত্বকের যত্নে সচেতন হওয়া জরুরি। বিশেষজ্ঞদের মতে, কিছু বহুল প্রচলিত ঘরোয়া উপাদান মুখে ব্যবহার করা একেবারেই উচিত নয়। জেনে নিন এমনই ৬টি জিনিস সম্পর্কে, যেগুলো দিয়ে কখনোই মুখ পরিষ্কার করা উচিত নয়।

চিনি: অনেকেই চিনি দিয়ে মুখের ত্বক পরিষ্কার করার পরামর্শ দেন। কিন্তু এটি মোটেই ঠিক নয়। কারণ চিনির দানাদার অংশ ত্বকে ক্ষুদ্র ক্ষতের সৃষ্টি করতে পারে। এতে ত্বক কেটে যাওয়ার পাশাপাশি নানা ধরনের সংক্রমণের আশঙ্কাও বেড়ে যায়।

গরম পানি: মুখের ত্বকের জন্য গরম পানি অত্যন্ত ক্ষতিকর। কারণ উষ্ণ জল মুখে ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা কমে যায়। ফলে ত্বক শুষ্ক হয়ে পড়ে এবং দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতির মুখে পড়ে।

বেকিং সোডা: অনেকেই মনে করেন, বেকিং সোডা ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করে। কিন্তু বাস্তবে এটি একটি ক্ষারজাতীয় উপাদান। এটি ব্যবহারে ত্বকের স্বাভাবিক pH মাত্রার ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে। ফলে ত্বকে বিভিন্ন ধরনের সমস্যার ঝুঁকি বাড়ে।

আঠা: ব্ল্যাকহেড পরিষ্কার করতে অনেকে আঠা ব্যবহার করেন। তবে এটি ত্বকের জন্য খুবই ক্ষতিকর। কারণ আঠা ব্যবহারে ত্বকের লোমকূপের ছিদ্র বন্ধ হয়ে যেতে পারে, যা পরবর্তীতে আরও জটিল সমস্যা তৈরি করতে পারে।

লেবু: লেবুর রস দিয়ে মুখ পরিষ্কার করার পরামর্শও অনেক জায়গায় দেখা যায়। কিন্তু এটি ত্বকের জন্য নিরাপদ নয়। লেবুর রস ত্বকের সেই উপাদানগুলোর ক্ষতি করে, যেগুলো সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে সুরক্ষা দেয়।

টুথপেস্ট: ব্রণ কমাতে টুথপেস্ট ব্যবহারের পরামর্শ অনেকেই দিয়ে থাকেন। যদিও এতে সাময়িকভাবে ব্রণ শুকিয়ে যেতে পারে, তবে এর ফলে ত্বকে নানা ধরনের সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

আলুর রস: কাঁচা আলুর রস যে কার্যকরভাবে কালো দাগ বা ক্ষতচিহ্ন হালকা করে, তার কোনো ক্লিনিক্যাল প্রমাণ নেই। এতে প্রাকৃতিকভাবেই সোলানিনের মতো অ্যালকালয়েড থাকে, যা ক্ষতিগ্রস্ত ত্বকের মাধ্যমে শোষিত হলে উচ্চ মাত্রায় জ্বালা সৃষ্টি করতে পারে বা বিষাক্তও হতে পারে। রস করার কয়েক মিনিটের মধ্যেই আলুর অ্যান্টিঅক্সিডেন্টগুলো ভেঙে যায়, তাই এর সামান্য উপকারিতাও দীর্ঘস্থায়ী হয় না। বারবার ব্যবহারে কন্টাক্ট ডার্মাটাইটিস বা অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে, বিশেষ করে যদি আপনার ত্বক আগে থেকেই সংবেদনশীল বা প্রদাহযুক্ত থাকে।

কাঁচা ডিম: কাঁচা ডিমে সালমোনেলা নামক ব্যাকটেরিয়ার সংক্রমণ থাকতে পারে, যা থেকে ত্বক বা চোখে মারাত্মক সংক্রমণ হতে পারে। ডিমের সাদা অংশের মাস্ক ব্যবহারের পর ত্বকে যে টানটান ভাব আসে, তা আসলে শুকিয়ে যাওয়া প্রোটিনের একটি আস্তরণ মাত্র; এটি ত্বককে টানটান করে না বা এর বার্ধক্যও রোধ করে না। আপনার ত্বক ডিমের বড় প্রোটিন শোষণ করতে পারে না, তাই সেগুলো সেখানে নিষ্ক্রিয়ভাবে থেকে যায়। এ ছাড়া কাঁচা ডিমে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে এবং এটি দ্রুত নষ্ট হয়ে যায়। এটি মুখে মাখলে ব্রণ বা তার চেয়েও খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকে।

তাই ত্বকের যত্নে কোনো ঘরোয়া উপায় অনুসরণের আগে সতর্ক হওয়া জরুরি। সব ‘ভাইরাল টিপস’ যে নিরাপদ নয়, সেটি মনে রাখাই ভালো।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি

টিকাদানে অনীহায় ফরিদপুরে বাড়ছে হাম, হাসপাতালে ভর্তি ১৮৪ রোগী, মৃত্যু ১০

হারুন-অর-রশীদ, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
টিকাদানে অনীহায় ফরিদপুরে বাড়ছে হাম, হাসপাতালে ভর্তি ১৮৪ রোগী, মৃত্যু ১০

ফরিদপুর জেলায় দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে হাম রোগীর সংখ্যা। শিশুদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষও আক্রান্ত হচ্ছেন এ ভাইরাসজনিত রোগে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫১ জন হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে স্বস্তির খবর হলো, এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (১৩ মে) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ মে পর্যন্ত ফরিদপুর জেলায় মোট হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ জনে। একই সময়ে হামজনিত কারণে প্রাণ হারিয়েছেন ১০ জন।

উপজেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ফরিদপুর সদর উপজেলায়। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩৫৯ জন। এছাড়া সালথায় ২২ জন, সদরপুরে ১৪ জন, বোয়ালমারীতে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ৬ জন, মধুখালীতে ৩ জন এবং নগরকান্দায় ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, অনেক অভিভাবক এখনও শিশুদের নিয়মিত টিকাদানে উদাসীন থাকায় হাম সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে টিকাদান কার্যক্রমে অনীহা ও সচেতনতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৬৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে মোট ৫১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কার্যক্রম, জনসচেতনতামূলক প্রচার এবং আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করা হয়েছে।

চিকিৎসকরা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত শিশুকে আলাদা রাখা, পুষ্টিকর খাবার খাওয়ানো এবং দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময়ে এমআর টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

ইসলাম ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ণ
মনে মনে খারাপ কোনো চিন্তা করলে কি গোনাহ হয়?

মানুষ আল্লাহর তৈরি সবচেয়ে সম্মানিত সৃষ্টির নাম। কিন্তু এই মানুষই মাঝে মাঝে নিজের অন্তরে এমন সব চিন্তা লালন করেন, যা পাপের দিকে ধাবিত করে। আমরা অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই, কারণ শয়তান মানুষের অন্তরে নানা ধরনের কু-চিন্তা ঢুকিয়ে দেয়।

নামাজের মধ্যে হোক বা নিরিবিলি সময়ে, কখনো এমন ভাবনা আসে যা নিজের কাছেই লজ্জাজনক মনে হয়। তখন মনে প্রশ্ন জাগে, শুধু মনে মনে খারাপ কোনো চিন্তা এলেই কি গোনাহ হয়ে যায়? আল্লাহ কি এর জন্য আমাদের পাকড়াও করবেন?

চলুন তাহলে শরিয়তের ভাষ্য জেনে নিই—

ইসলামি স্কলার মুফতি রেজাউল করীম আবরার বলেন, মনে মনে খারাপ চিন্তা করলে গোনাহ হবে কি না— এমন প্রশ্নের ক্ষেত্রে দেখতে হবে এই চিন্তার ধরন কীরকম। কারণ মনে মনে খারাপ চিন্তাকে দুই ভাগে ভাগ করা যায়।

প্রথমতো, কেউ যদি চিন্তা করে যে, আমি ওমুক খারাপ কাজটি করব, ওমুক খারাপ বন্ধুর সঙ্গে যাব, মদপান করব অথবা ওমুককে আঘাত করব, কিন্তু পরবর্তীতে আল্লাহর ভয়ে যদি সেই কল্পনাটি বাস্তবায়ন না করে, তবে এই ফিরে আসার জন্য আল্লাহ তার আমলনামায় সওয়াব যুক্ত করে দেবেন। কোনো গোনাহ হবে না।

দ্বিতীয়ত, কেউ যদি মনে মনে কারও সম্পর্কে খারাপ চিন্তা করে (চরিত্র হনন), কোনো নারীকে নিয়ে বাজে কল্পনা-জল্পনা করে, তাহলে তার আমলনামায় গোনাহ লেখা হবে। কারণ, সে মনের জেনা করেছে এবং অন্যের চরিত্র হনন করেছে।

হাদিসে কুদসিতে যা বলা হয়েছে

হাদিসে কুদসিতে বর্ণিত রয়েছে, আল্লাহ ভালো ও মন্দ কাজ লিখে রাখেন। তারপর তিনি ব্যাখ্যা করেন, যে ব্যক্তি ভালো কাজের জন্য দৃঢ় সংকল্প করে কিন্তু তা সম্পন্ন করতে ব্যর্থ হয়, আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নেকি দান করেন। আর যদি সে তা সম্পন্ন করে, তবে আল্লাহ তার আমলনামায় দশ নেকি থেকে সাতশ বা তার চেয়েও বেশি নেকি দান করেন।

অন্যদিকে, যদি কারও মনে মন্দ কাজের বাসনা জাগে কিন্তু তা সে কাজে পরিণত না করে, আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকি দান করেন। আর যদি সে তার বাসনা বাস্তবে পরিণত করে, তবে তার জন্য একটি মন্দ কাজ লিখেন। (বোখারি : ৬৪৯১, মুসলিম : ১৩১)

সূত্র : কালবেলা

শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না, খেয়াল রাখুন ৫ লক্ষণ

স্বাস্থ্য ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৮:১৭ পূর্বাহ্ণ
শরীরে কোলেস্টেরল বাড়ছে কি না, খেয়াল রাখুন ৫ লক্ষণ

আজকের ব্যস্ততম জীবনে অনিয়মিত খাবার, ফাস্টফুড, তেল-চর্বি বেশি খাওয়া, ব্যায়ামের অভাব- সব মিলিয়ে শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এর মধ্যে সবচেয়ে নীরব কিন্তু মারাত্মক একটি সমস্যা হলো উচ্চ কোলেস্টেরল।

এটি বাড়তে থাকলে ধমনীতে ধীরে ধীরে চর্বি জমতে থাকে। যে কারণে রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়; কিন্তু আমরা টেরই পাই না। এতে করে একসময় হঠাৎ বুকে ব্যথা, স্ট্রোক কিংবা হার্ট অ্যাটাকের মতো ভয়াবহ বিপদ দেখা দেয়। তবে, এসব বিপদের আগেভাগেই আমাদের শরীর কিছু সংকেত দিয়ে সতর্ক করে দেয় যে, কোলেস্টেরল বাড়ছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেসব সংকেতকে অনেক সময় সাধারণ ব্যথা বা ক্লান্তি ভেবে এড়িয়ে যাই। অথচ সময়মতো এসব লক্ষণ চিনে চিকিৎসকের শরণাপন্ন হলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি থেকে বাঁচা সম্ভব।

চলুন জেনে নিই, যেসব লক্ষণ দেখলে বুঝবেন শরীরে কোলেস্টেরল বাড়ছে—

পায়ে ব্যথা বা খিঁচুনি

হাঁটার সময় বা বিশ্রামে থেকেও পায়ে ভারিভাব কিংবা হঠাৎ ক্র্যাম্প হলে সতর্ক হওয়া জরুরি। এটি ধমনির রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার ইঙ্গিত দিতে পারে, যা উচ্চ কোলেস্টেরলের কারণে ঘটে।

বুকে ব্যথা বা চাপ

ধমনিতে কোলেস্টেরল জমতে শুরু করলে অনেকের বুকের মাঝামাঝি অংশে চাপ, জ্বালাপোড়া বা ব্যথা অনুভূত হয়। এটি হৃদ্‌রোগ কিংবা হার্ট অ্যাটাকের পূর্বাভাসও হতে পারে।

গলা, চোয়াল বা কাঁধে ব্যথা

শরীরের উপরের অংশে অস্বাভাবিক ব্যথা বা শক্তভাবও কোলেস্টেরল বৃদ্ধির ইঙ্গিত দিতে পারে। রক্ত চলাচল কমে গেলে গলা, চোয়াল বা কাঁধে ব্যথা হয়, যা অনেক সময় আমরা পেশির ব্যথা ভেবে উপেক্ষা করি।

হাত-পায়ে অসাড়তা ও ঝিনঝিনি

হাত-পায়ে ঝিনঝিনি, অসাড়তা বা ঠান্ডা লাগার মতো অনুভূতি উচ্চ কোলেস্টেরলের লক্ষণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে পায়ে নীলচে ভাবও দেখা দেয়। সিঁড়ি উঠার সময় দ্রুত হাঁপিয়ে যাওয়া বা ক্লান্ত হয়ে পড়াও একটি সতর্কবার্তা।

চোখের চারপাশে হলুদ দাগ

চোখের চারপাশে হলুদ বলয় বা হলদেটে স্তর তৈরি হওয়া শরীরে অতিরিক্ত কোলেস্টেরলের সরাসরি সংকেত। এটি বিপদসীমারও বেশি কোলেস্টেরল জমে যাওয়ার লক্ষণ।

করণীয়

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের কোনো উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সঠিক খাবার গ্রহণ, ব্যায়াম এবং জীবনযাত্রায় পরিবর্তন আনলে উচ্চ কোলেস্টেরলের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তথ্যসূত্র : এবিপি লাইভ