খুঁজুন
, ,

দাম্পত্যে অশান্তি থেকে মুক্তি পেতে যা করবেন?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৭:৪১ পূর্বাহ্ণ
দাম্পত্যে অশান্তি থেকে মুক্তি পেতে যা করবেন?

সমাজে বিবাহ-বিচ্ছেদ বেড়েই চলেছে। আমাদের দেশে পাশ্চাত্যের মতো হাইস্কুল-কলেজগুলোয় যৌনশিক্ষা ব্যবস্থা নেই। ফলে অনেক ভুল ধারণা ও বিশ্বাস নিয়ে তরুণ-তরুণীরা সংসারজীবনে প্রবেশ করে থাকে।

দাম্পত্য জীবনে প্রধানত যে শারীরিক সমস্যাগুলো দেখা যায়, তা দুই ধরনের- ইরেকটাইল ডিজফাংশন (ইডি) ও প্রিম্যাচিউর ইজাকুলেশন (পিই)। ইরেকটাইল ডিজফাংশন সাধারণত পুরুষাঙ্গে রক্ত চলাচল ও স্নায়বিক সমস্যায় হতে পারে। আবার উভয়ের কারণেও হয়ে থাকে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের কারণেও এটি হতে পারে।

এসব রোগ থাকলে অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। আরেক ধরনের অক্ষমতাকে বলা হয় সাইকোজেনিক ইমপোটেন্স, যা প্রায়ই বিয়ের পরপর দেখা যায় এবং মানসিক চাপ বা নার্ভাসনেসের কারণে হয়। কিছু সহায়ক চিকিৎসায় অল্প সময়েই এটি ভালো হয়ে যায়। তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। দ্রুত বীর্যপাত (পিই) তখনই বলা হয়, যখন এক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটে। তবে বর্তমানে এটি দীর্ঘায়িত করার আধুনিক চিকিৎসা রয়েছে।

চিকিৎসা : সমাজে ভ্রান্ত ধারণার কারণে অনেকে এসব সমস্যায় নানা অপচিকিৎসার শিকার হন। পুরুষের এ ধরনের সমস্যার জন্য সঠিক চিকিৎসক হলেন যৌনরোগ বিশেষজ্ঞ। প্রয়োজনে ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্টের পরামর্শ নেওয়া যেতে পারে। অ্যান্ড্রোলজিস্ট রোগীর শারীরিক পরীক্ষা করেন এবং প্রয়োজন অনুযায়ী কিছু ল্যাবরেটরি পরীক্ষা ও ডপলার আল্ট্রাসনোগ্রাম করতে বলেন।

ডপলার পরীক্ষার মাধ্যমে রক্ত চলাচলজনিত (ভাসকুলোজেনিক) ইমপোটেন্স নিশ্চিত করা যায়। পাশাপাশি পুরুষাঙ্গে পেরোনিজ ডিজিজ বা অন্য কোনো সমস্যা আছে কি-না, তাও দেখা হয়। ইডি ও পিই- উভয়েরই কার্যকর চিকিৎসা রয়েছে। সঠিক পরামর্শ, ওষুধ, ইনজেকশন বা পেনাইল প্রোস্থেসিস বা ইমপ্ল্যান্টের মাধ্যমে চিকিৎসা করা সম্ভব।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা জরুরি। হরমোনজনিত সমস্যা থাকলে উপযুক্ত হরমোন থেরাপি নিতে হবে। বিয়ের আগে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন; উন্নত অনেক দেশে এখন প্রাক-বিবাহ কাউন্সেলিং চালু হয়েছে। দাম্পত্য অশান্তি ও বিবাহবিচ্ছেদ কমাতে এ ধরনের সমস্যায় অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ওষুধে চিকিৎসা : নির্দিষ্ট ফসফোডাইএস্টারেজ-৫ ইনহিবিটর ওষুধ, যেমন- সিলডেনাফিল, ভারডেনাফিল ও টাডালাফিল ব্যবহৃত হয়। এগুলো বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুরুষাঙ্গের ক্যাভারনোসাল টিস্যুতে রক্তপ্রবাহ বাড়ায় এবং প্রয়োজনীয় সময়ে উত্থান সৃষ্টি করতে সহায়তা করে।

তবে এসব ওষুধের কিছু গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে এবং সবার জন্য নিরাপদ নয়। কিছু ক্ষেত্রে ওষুধ সেবনের পর হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যেতে পারে। যারা হার্টের রোগে নাইট্রোগ্লিসারিনজাতীয় ওষুধ সেবন করে থাকেন।

যাদের বুকব্যথা, হার্ট ফেইলিউর, সাম্প্রতিক এনজাইনা, অনিয়ন্ত্রিত হৃৎস্পন্দন, নিম্ন রক্তচাপ (৯০/৫০) বা উচ্চ রক্তচাপ রয়েছে কিংবা যাদের স্ট্রোক হয়েছে- তারা এসব ওষুধ সেবন করবেন না। যে কোনো ওষুধ গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

লেখক : সহকারী অধ্যাপক, ত্বক-চর্ম-যৌন ও হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বিভাগ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা

আলফাডাঙ্গার ইউএনওর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১১:২২ পূর্বাহ্ণ
আলফাডাঙ্গার ইউএনওর সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন গণঅধিকার পরিষদের (জিওপি) নেতৃবৃন্দ।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১২টায় আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

​এ সময় ফরিদপুর জেলা গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক তারেক আজিজ, সাবেক কার্যনির্বাহী সদস্য কৃষিবিদ শাহরিয়ার আজম ও আলফাডাঙ্গা উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো. রঞ্জুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​সাক্ষাৎকালে নেতারা ইউএনওর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে তারা আলফাডাঙ্গা উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও স্থানীয় সমস্যা নিয়ে মতবিনিময় করেন।

ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ
ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়?

ওজন কমলে শরীরের চর্বি আসলে কোথায় যায়? এ প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। গবেষকদের মতে, শরীরে জমে থাকা চর্বির বড় একটি অংশ শেষ পর্যন্ত শ্বাসের সঙ্গে কার্বন ডাই-অক্সাইড হিসেবে শরীর থেকে বের হয়ে যায়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ইউরো নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহামের দুই গবেষক ‘দ্য কনভারসেশন’-এ প্রকাশিত এক নিবন্ধে জানান, শরীরের চর্বি কমার প্রক্রিয়া শুরু হয় যখন খাবার থেকে পাওয়া শক্তির চেয়ে শরীরের শক্তির চাহিদা বেশি হয়। তখন শরীর জমিয়ে রাখা চর্বি থেকে শক্তি নেওয়া শুরু করে।

খাবারের চর্বি হজমের পর ফ্যাটি অ্যাসিডে ভেঙে যায়। শরীর প্রয়োজনীয় অংশ বিভিন্ন কাজে ব্যবহার করে। অতিরিক্ত অংশ ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হয়ে চর্বি কোষে জমা থাকে।

শরীরে মূলত দুই ধরনের চর্বি জমে- ত্বকের নিচে থাকা সাবকিউটেনিয়াস ফ্যাট এবং শরীরের ভেতরে বিভিন্ন অঙ্গের চারপাশে জমা ভিসেরাল ফ্যাট।

শরীরে ক্যালরি ঘাটতি তৈরি হলে হরমোন ও স্নায়ুর সংকেতের মাধ্যমে চর্বি কোষে জমে থাকা ট্রাইগ্লিসারাইড ভাঙতে শুরু করে। এরপর ফ্যাটি অ্যাসিড কোষের মাইটোকন্ড্রিয়ায় গিয়ে শক্তি উৎপাদনের প্রক্রিয়ায় অংশ নেয়। এ সময় কার্বন ডাই-অক্সাইড ও পানি তৈরি হয়।

গবেষকদের হিসাব অনুযায়ী, শরীর থেকে হারানো চর্বির প্রায় ৮৪ শতাংশ কার্বন ডাই-অক্সাইডে পরিণত হয়ে শ্বাসের সঙ্গে বের হয়ে যায়। বাকি প্রায় ১৬ শতাংশ পানি হিসেবে ঘাম, প্রস্রাবসহ বিভিন্ন শারীরিক তরলের মাধ্যমে বের হয়।

তবে এই হারগুলো আনুমানিক বলে জানিয়েছেন গবেষকরা। শরীরের সব ধরনের নির্গমন নির্ভুলভাবে পরিমাপ করা কঠিন।

গবেষকরা আরও বলেন, দ্রুত শ্বাস নিলেই চর্বি কমে না। শ্বাস-প্রশ্বাস চর্বি ভাঙার কারণ নয়; বরং চর্বি ভাঙার পর তৈরি হওয়া পদার্থ শরীর থেকে বের হওয়ার একটি পথ।

শরীরে ক্যালরি ঘাটতি তৈরি করাই চর্বি কমানোর মূল বিষয়। খাবার নিয়ন্ত্রণ ও শারীরিক পরিশ্রমের মাধ্যমে এই ঘাটতি তৈরি করা যায়।

সূত্র: ইউরো নিউজ

সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
সালথায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে অন্তত আড়াই লাখ টাকা মূল্যের ৫০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া বিলে এ অভিযান চালানো হয়। পরে জব্দ করা জালগুলো আইন ও বিধি অনুযায়ী আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

​ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দবির উদ্দিন।

​অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু, সহকারী মৎস্য কর্মকর্তা আনিসুর রহমানসহ পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

​সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, চায়না দুয়ারী জাল মাছের পোনা ও জলজ জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। দেশে সব ধরনের নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।

​একই সঙ্গে নিষিদ্ধ জালের অশুভ প্রভাব থেকে দেশীয় প্রজাতি রক্ষায় স্থানীয় সাধারণ জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।