খুঁজুন
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০ বৈশাখ, ১৪৩৩

‘নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস’

রেহেনা ফেরদৌসী
প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
‘নারী শক্তির প্রতীক, সম্ভাবনার উৎস’

নারী দিবস বলতেই আমরা সবাই শুধু নারীদের পিছিয়ে রাখার, বঞ্চিত করার গল্প শুনি এবং বলি। তবে আমি আজ নারীদের জয় যাত্রার কথা বলবো এবং কিভাবে তা আরো বৃদ্ধি করা যায়…সেটি নিয়ে কথা বলবো। বাংলাদেশের প্রেক্ষাপটে নারীর অর্থনৈতিক অবস্থান বেশ উন্নত।

নারীরা এখন অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে পোশাক শিল্পে। বাংলাদেশের পোশাক শিল্পে ৪৫ লক্ষ নারী কর্মরত রয়েছে, যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালী করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক “নারী উদ্যোক্তা ফাইন্যান্সিং স্কিম” চালু করেছে, যার সুদহার ৪% থেকে কমিয়ে ২% করা হয়েছে। নারীরা এখন ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ করছে, ৫৫% নারী মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করছে।

নারীরা শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নারীরা পোশাক শিল্পে বিপ্লবের সূচনা করেছে। এখন কৃষি, শিল্প, এবং সেবা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নারীর এ অগ্রযাত্রা কে এগিয়ে নিতে নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ঋণ ও প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার পরও বেতন বৈষম্য এবং সামাজিক বাধার সম্মুখীন হচ্ছে। যা পরিবর্তন এখন সময়ের ন‍্যায‍্য দাবি। পাশাপাশি কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার এবং ডে-কেয়ার সেন্টারের ব্যবস্থা করা প্রয়োজন।

আবার রাজনৈতিক ক্ষেত্রে নারীরা সক্রিয় ভূমিকা পালন করছে। নারীদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থা চালু রয়েছে। বাংলাদেশের সংবিধানে নারী-পুরুষের সমান অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। নারীরা সংসদে ৫০টি আসন সংরক্ষিত পেয়েছে, যা তাদের রাজনৈতিক অংশগ্রহণকে নিশ্চিত করে। নারী নেতারা বিভিন্ন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে ইতোমধ্যেই অধিষ্ঠিত রয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

নারী উন্নয়ন নীতি ২০১১ নারীদের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্যে প্রণীত হয়েছে। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করা হচ্ছে। তবে নারীরা এখনও রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, যেমন নিরাপত্তাহীনতা, অর্থনৈতিক বৈষম্য ও সামাজিক প্রতিবন্ধকতা। তবে, নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির জন্য সরকার ও বিভিন্ন সংস্থা কাজ করছে। নারীরা নিজেদের অধিকার আদায়ের জন্য সোচ্চার হচ্ছেন এবং রাজনৈতিক ক্ষেত্রে তাদের ভূমিকা বৃদ্ধি পাচ্ছে।

সামাজিক ক্ষেত্রে নারীরা শিক্ষা, স্বাস্থ্য, এবং সামাজিক সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায়। তবে, নারীদের অংশদারিত্ব নিশ্চিত করতে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে, যেমন ঃ নারীরা এখনও নির্যাতন ও সহিংসতার শিকার হচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব এখনও সীমিত। এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে, সরকার, বেসরকারি সংস্থা ও সমাজকে একসাথে কাজ করতে হবে।

নারীদের অংশদারিত্ব নিশ্চিত করতে, কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে:

– নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে আইন ও নীতি প্রণয়ন করা উচিত।

– নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য প্রশিক্ষণ তা ও সহজ শর্তে ঋণ প্রদান করতে হবে।

– নারীদের রাজনৈতিক প্রতিনিধিত্ব বৃদ্ধির জন্য পদক্ষেপ নিতে হবে।

– নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য আরও বেশি বিনিয়োগ প্রয়োজন।

এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে, সরকার, বেসরকারি সংস্থা ও সমাজকে একসাথে কাজ করতে হবে।

নারী মানেই শুধু পিছিয়ে পড়া গল্প নয়, নারী মানেই প্রতিবন্ধকতা সকল ক্ষেত্রে ছিলো, আছে এবং থাকবে। তবে এরই মাঝে নিজ যোগ্যতায় ধ্বনীত হবে…আলোকিত নারী! এবারের নারী দিবসের যে প্রতিপাদ্য বিষয় “Give to Gain” অর্থাৎ “দেওয়ার মাধ্যমে লাভ করা”। যা নারীদের অধিকার, সমতা এবং ক্ষমতায়নের জন্য দেওয়ার গুরুত্ব তুলে ধরে…আর তা নারীর অবদান কে গুরুত্ব ও সঠিক ভাবে মূল্যায়ন করা হলেই অর্জন করা সম্ভব হবে।

লেখক: সহ-সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ, কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

পুলিশের অতিরিক্ত ডিআইজি ও ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

বুধবার (২২ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সব ধরনের সুবিধা পাবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা হলেন ড. এ কে এম মাসুম রব্বানী (ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ), মো. সাখাওয়াত হোসেন (অতিরিক্ত ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ), মহ. আশরাফুজ্জামান (কমান্ড্যান্ট-ডিআইজি, পিটিসি, রংপুর, বর্তমানে পলাতক), এ জেড এম নাফিউল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, ঢাকায় সংযুক্ত), মোহাম্মদ আবুল ফয়েজ (ডিআইজি, নৌ পুলিশ, ঢাকায় সংযুক্ত), মো. মনিরুল ইসলাম (ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট), মাহফুজুর রহমান (ডিআইজি, পুলিশ অধিদপ্তর, বর্তমানে রাজশাহীর বিপিএ সারদায় বদলির আদেশপ্রাপ্ত), মো. মুনিবুর রহমান (ডিআইজি, এফপিবিএন হেডকোয়ার্টার্স), মো. ইকবাল হোসেন (অতিরিক্ত ডিআইজি, ওএসডি, বর্তমানে রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত), শামীমা বেগম (ডিআইজি, পুলিশ অধিদপ্তর), মো. আবু কালাম সিদ্দিক (ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ), মো. আমিনুল ইসলাম (ডিআইজি, পুলিশ টেলিকম) ও সালমা বেগম (ডিআইজি, এপিবিএন, পার্বত্য জেলাসমূহ)।

ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক পুনরুত্থান পত্রিকার ১৩তম বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:২০ অপরাহ্ণ
ফরিদপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক পুনরুত্থান পত্রিকার ১৩তম বর্ষপূর্তি উদযাপন

ফরিদপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে দৈনিক পুনরুত্থান-এর ১৩তম বর্ষপূর্তি। বর্ণাঢ্য এই আয়োজনকে ঘিরে দিনব্যাপী কর্মসূচিতে ছিল আনন্দঘন র‍্যালি, আলোচনা সভা, দোয়া ও কেক কাটা—যা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও শিক্ষকদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় একটি বর্ণিল র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে সকাল ১১টায় শুরু হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক পুনরুত্থানের সহযোগী ব্যবস্থাপনা সম্পাদক মিজান উর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খরসূতী সরকারি কলেজের অধ্যক্ষ মো. সাদীন উর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মাগুরার মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক ও প্রবীণ শিক্ষাবিদ মো. আবুল কালাম আজাদ। তিনি তার বক্তব্যে বলেন, “সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজকে আলোকিত করে এবং একটি গণমাধ্যমের দীর্ঘ পথচলার পেছনে থাকে নিরলস পরিশ্রম ও জনগণের আস্থা।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- প্রথিতযশা সাংবাদিক ও সমকাল প্রতিনিধি কাজী আমিনুল ইসলাম। তিনি স্থানীয় সাংবাদিকতার বিকাশে দৈনিক পুনরুত্থানের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

দ্বিতীয় পর্বের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন খরসূতী চন্দ্র কিশোর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. আব্দুল্লাহ আল মাসউদ। পরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে পত্রিকাটির উত্তরোত্তর সফলতা কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী অধ্যাপক (ইসলাম শিক্ষা) মো. নিজাম উদ্দিন।

খরসূতী সরকারি কলেজের প্রভাষক গৌতম সিংহের সুনিপুণ উপস্থাপনায় অনুষ্ঠিত এই আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মো. নায়েব আলী, বোয়ালমারী উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মো. নবির হোসেন চুন্ন, চিকিৎসক ডা. মো. জিকরুল হক সিকদারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও সুধীজন।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রভাষক, সহকারী অধ্যাপক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে কেক কেটে ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

উল্লেখ্য, প্রতিষ্ঠালগ্ন থেকে দৈনিক পুনরুত্থান স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও জনমানুষের কথা তুলে ধরে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে সমাজের দর্পণ হিসেবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

ফরিদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় আলোচিত সেই কবির খান গ্রেপ্তার

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৫:৪৪ অপরাহ্ণ
ফরিদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় আলোচিত সেই কবির খান গ্রেপ্তার

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া আসামি চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি কবির খানকে (৫৩) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিচন্ডিপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চরভদ্রাসন থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক খানের নেতৃত্বে একটি দল দোহার থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করে। তিনি চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের চর সালেপুর গ্রামের মৃত সুরমান খানের ছেলে। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মুন্সির চর বাজার এলাকায় অভিযান চালিয়ে কবির খানকে গ্রেপ্তার করেছিল পুলিশ। কিন্তু গ্রেপ্তারের পরপরই তাকে মোটরসাইকেলে তোলার সময় তার স্বজন ও অনুসারীরা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশ সদস্যরা গুরুতর আহত হন এবং পরিস্থিতির সুযোগ নিয়ে কবির খানকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

ওই অভিযানে নেতৃত্ব দেন এসআই রফিকুজ্জামান। তার সঙ্গে ছিলেন এসআই মোজাম্মেল হক, এসআই কাজী রিপন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা ও কনস্টেবল উজ্জ্বলসহ মোট পাঁচজন পুলিশ সদস্য। হামলার সময় এসআই রফিকুজ্জামানসহ সকল সদস্য আহত হন বলে জানা গেছে।

এ ঘটনায় পুলিশ দ্রুত অভিযান জোরদার করে এবং সংশ্লিষ্ট এলাকায় তল্লাশি চালায়। একই ঘটনায় মঙ্গলবার চরহরিরামপুর ইউনিয়নে অভিযান চালিয়ে আলমগীর (২৫) নামে এক সহযোগীকে আটক করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

চরভদ্রাসন থানার এসআই এনামুল হক খান জানান, কবির খানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে আগে থেকেই দুটি মামলা রয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় নতুন করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একই সঙ্গে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা যায়।