খুঁজুন
বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৫ ফাল্গুন, ১৪৩২

সদরপুরে লাইসেন্স ছাড়া গো-খাদ্যে উৎপাদন, অর্ধলক্ষ টাকা জরিমানা

শিশির খাঁন, সদরপুর:
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:২৮ পিএম
সদরপুরে লাইসেন্স ছাড়া গো-খাদ্যে উৎপাদন, অর্ধলক্ষ টাকা জরিমানা

ফরিদপুরের সদরপুরে লাইসেন্স ছাড়া গবাদি পশুর নিম্নমানের ক্ষতিকর ভিটামিন ও মিনারেল উৎপাদন করে বিক্রয়ের অপরাধে এক দোকানীকে ৫০ হাজার টাকা জরিমানা সহ তৈরিকৃত ২২৭ কেজি গো-খাদ্য জব্দ করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার সদর ইউনিয়নের সাড়ে সাত রশি বাজার এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, সদরপুর থানার এস,আই আসাদুজ্জামান রিপন ও সংগীয় ফোর্স।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদরপুরের সাড়ে সাতরশি বাজারে এলাকার দীর্ঘদিন ধরে ভেজাল গো খাদ্য উৎপাদন করে আসছিল ‘সদরপুর পোল্ট্রি ফিড’ নামের একটি দোকানি। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে দোকানটিতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের একটি দল। অভিযানের সময় দোকানটিতে লাইসেন্স ছাড়া গবাদি পশুর নিম্নমানের ক্ষতিকর ভিটামিন ও মিনারেল উৎপাদন করে বিক্রয়ের সত্যতা পাওয়ায় মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন ২০১০ দোকানের মালিক মো. দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা ও তৈরিকৃত ২২৭ কেজি পণ্য ও মালামাল ধ্বংসের জন্য অভিযানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদারের জিম্মায় দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার বলেন, ভিটামিন ও ক্যালসিয়ামের নামে নিম্ন মানের চুন পাউডারের সাথে ভ্যানিলা ফ্লেভার মিশিয়ে মেয়াদহীন ভেজাল ভিটামিন ও ক্যালসিয়াম ২২৭ কেজি গো-খাদ্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জব্দ করে ধ্বংস করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, সাধারন মানুষের স্বাস্থ্য সুরক্ষায় আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসব ভেজাল গো-খাদ্য বিক্রি করে সাধারন মানুষের সাথে প্রতারনা করা হচ্ছে। ভেজাল ওষুধ দিয়ে গরু মোটা তাজা করন করলে এসব গরুর মাংশ মানব দেহের জন্য খুবই ক্ষতিকর।

ফরিদপুরে আনন্দ মিছিল-সমাবেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় শামা ওবায়েদকে ঘিরে বিএনপির উচ্ছ্বাস

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:২১ পিএম
ফরিদপুরে আনন্দ মিছিল-সমাবেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় শামা ওবায়েদকে ঘিরে বিএনপির উচ্ছ্বাস

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় ফরিদপুরে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে শহরের জেলখানার সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এসময় নেতাকর্মীরা শামা ওবায়েদের নেতৃত্বের প্রশংসা করে বিভিন্ন স্লোগান দেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মিছিল শেষে জনতা ব্যাংক মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শামা ওবায়েদ ইসলাম দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে সাহসী ভূমিকা পালন করে আসছেন এবং কেন্দ্রীয় রাজনীতিতে নিজস্ব অবস্থান তৈরি করেছেন।

সমাবেশে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল বলেন, “দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শামা ওবায়েদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ফরিদপুরের রাজনীতি যেমন শক্তিশালী করেছেন, তেমনি ঢাকার কেন্দ্রীয় রাজনীতিতেও সক্রিয় অবদান রেখেছেন। তার মতো একজন যোগ্য নেত্রীর হাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করায় আমরা গর্বিত।”

তিনি আরও বলেন, “ফরিদপুর বিভাগ থেকে এই প্রথম এমন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে প্রতিনিধিত্ব পাওয়া আমাদের জন্য বড় অর্জন। এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”

নেতারা আশা প্রকাশ করেন, শামা ওবায়েদ ইসলাম তাঁর নতুন দায়িত্বে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বল করবেন এবং উন্নয়ন ও কূটনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সমাবেশে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আত্মশুদ্ধি, সংযম আর রহমতের বার্তায় পবিত্র রমজান

রেহেনা ফেরদৌসী
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৫২ পিএম
আত্মশুদ্ধি, সংযম আর রহমতের বার্তায় পবিত্র রমজান

রমজান মাস মুসলিম বিশ্বে রহমত ও বরকতের বার্তা নিয়ে আসে। আজ থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। মুসলিম উম্মাহর জন্য এটি আত্মশুদ্ধি, সংযম এবং আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ সময়। রমজান মাসে মুসলমানরা সিয়াম সাধনা করে, ইবাদত-বন্দেগিতে মশগুল থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে।

বিশ্বজুড়ে মুসলমানদের জন্য, পবিত্র রমজান মাস হলো প্রতিফলন এবং প্রার্থনার একটি পবিত্র সময়। রমজান আশা, রহমত এবং বরকত এর এক মহৎ দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে। এ মাস হলো বিশ্বজুড়ে মুসলমানদের জন্য আত্মচিন্তা ও প্রার্থনার এক পবিত্র সময়, আশা ও এক মহৎ দর্শনের প্রতীক।

এই পবিত্র মাসে সবাই একসঙ্গে কাজ করলে মানুষের জন্য আরও সুন্দর, উদার ও ন্যায়ভিত্তিক বিশ্ব গড়ে তোলা সম্ভব হবে। কিন্তু মানব পরিবারের অনেক সদস্যের কাছে এই দৃষ্টিভঙ্গি দূরবর্তী থেকে যায়।

রমজানের রহমত ও বরকত:

আল্লাহ তায়ালা রমজান মাসে তার বান্দাদের প্রতি বিশেষ রহমত ও বরকত নাজিল করেন। এই মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছে, যা মুসলমানদের জন্য হেদায়েত ও পথনির্দেশিকা।

ভ্রাতৃত্ব ও ঐক্যের সুর:

রমজান মাসে মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব ও ঐক্যের সুর বয়ে যায়। এ মাসে মুসলমানরা একে অপরের প্রতি সহমর্মিতা ও সহানুভূতি প্রদর্শন করে, একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখে এবং ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে। এই মাসে মসজিদগুলোতে তারাবির নামাজের জন্য মুসলমানরা একত্রিত হয় এবং একসাথে ইবাদত করে। এই সম্মিলিত ইবাদত মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের অনুভূতি জাগ্রত করে।

রমজানের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত ও মাগফিরাতের দরজা খোলা থাকে। অথচ আফগানিস্তান থেকে ইয়েমেন, গাজা থেকে সুদান এবং তারও বাইরে সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি, বৈষম্যসহ নানান দুর্ভোগে মানুষ কষ্ট পাচ্ছে। বিভেদ দূর করতে ও দুঃখ কষ্টে থাকা মানুষের কাছে সহায়তা ও আশা পৌঁছে দিতে এবং প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষা করতে এই কঠিন ও বিভক্ত সময়ে রমজানের চিরন্তন বার্তা স্মরণ করা প্রয়োজন।

আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ:

রমজান মাসে আল্লাহ তায়ালা তার বান্দাদের জন্য অনেক সুসংবাদ দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, রমজান মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এবং শয়তানকে শৃঙ্খলিত করা হয়। এই মাসে একটি রাত আছে যা হাজার মাসের চেয়ে উত্তম, তা হলো লাইলাতুল কদর। রমজান মাসে মুসলমানরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, এবং আল্লাহ তাদের ক্ষমা করেন…ইনশাআল্লাহ। এই মাসে দান-সদকা ও ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি করা হয়।

সহমর্মিতা ও সহানুভূতি:

রমজান মাসে মুসলমানরা সহমর্মিতা ও সহানুভূতির মাধ্যমে একে অপরের প্রতি সহযোগিতা করে। সিয়াম সাধনার মাধ্যমে মুসলমানরা ক্ষুধার্ত ও দরিদ্রদের কষ্ট অনুভব করে এবং তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা দরিদ্র ও অভাবী মানুষদের সাহায্য করে এবং তাদের জন্য খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবস্থা করে। এই সহমর্মিতা ও সহানুভূতি মুসলিম সমাজে শান্তি ও স্থিতিশীলতা বয়ে আনে।

রমজানের শিক্ষা ও তাৎপর্য:

রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। সিয়াম সাধনার মাধ্যমে তারা তাদের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে এবং আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করে। মুসলমানরা এই মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বিশ্ববাসীর জন্য শান্তি ও সমৃদ্ধির দোয়া করে।রমজান মাসে, অনেক শিশু রাতের নামাজের জন্য একত্রিত হওয়া, একসাথে ইফতার করা এবং শিল্প, খেলাধুলার মতো কার্যকলাপে অংশগ্রহণ করে আনন্দ খুঁজে পায় যা উৎসবের সময় তাদের বিনোদন দিতে সাহায্য করে।

রমজান মাস মুসলিম বিশ্বে শান্তি, বরকত, ও রহমতের বার্তা বয়ে আনে। এই মাসে আল্লাহ তায়ালা তার বান্দাদের প্রতি বিশেষ রহমত ও মাগফিরাত নাজিল করেন। মুসলমানরা এই মাসে সিয়াম সাধনা, ইবাদত-বন্দেগি এর পাশাপাশি দান-সদকা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে। রমজানের এই পবিত্র মাসে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য, সহমর্মিতা, এবং শান্তির সুর বয়ে যাক, এই কামনা করি।

আল্লাহ আমাদের সকলকে রমজানের বরকত দান করুন এবং আমাদের মধ্যে মানবিকতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করুন। বিশ্বে মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সহমর্মিতার সুর বয়ে যাক এবং পৃথিবীতে শান্তি বর্ষণ করুক, আমিন।

লেখক: সহ-সম্পাদক, সমাজকল্যাণ বিভাগ, কেন্দ্রীয় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

বিএনপি সরকার গঠনে ফরিদপুরে দোয়া মাহফিল, উন্নয়নের প্রত্যাশায় মুখর নেতাকর্মীরা

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম
বিএনপি সরকার গঠনে ফরিদপুরে দোয়া মাহফিল, উন্নয়নের প্রত্যাশায় মুখর নেতাকর্মীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় ফরিদপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শহরের সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে ১১ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের উপস্থিতিতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়ে বিএনপি সরকার গঠন করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, নতুন সরকারের নেতৃত্বে দেশ উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের পথে আরও এগিয়ে যাবে।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক সংকট কাটিয়ে দেশের মানুষ এখন একটি স্থিতিশীল ও উন্নয়নমুখী সরকার প্রত্যাশা করে, যা বিএনপি পূরণ করতে সক্ষম হবে বলে তাদের বিশ্বাস।

এ সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে নেতাকর্মীরা বলেন, তার দূরদর্শী নেতৃত্বে দল আরও সুসংগঠিত হয়েছে এবং জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। তারা দেশ পরিচালনায় সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন এবং একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের শান্তি, অগ্রগতি এবং জনগণের কল্যাণ কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শহীদ সরোয়ার জামে মসজিদের পেশ ইমাম আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক চৌধুরী ফারিয়াল ইউসুফ, শামসুর রহমান কুটু, মোহাম্মদ আতাউর রহমান, তাসলিম আশিকুর রহিম বাচ্চু, খন্দকার ইয়াকুব আলী, গাজী মাহবুব, আব্দুল আউয়াল খান, লালন শেখ, উজ্জ্বল, হুমায়ুন খান ববি, মো. আব্দুল হাকিম, আক্তার হোসেন সানি, মাহমুদুল হাসান, টিটন খান, সরফরাজ খান সুন্দর, মুক্তার খান ও বাইজিদ শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়া অনুষ্ঠানে সাজেদা কবির উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় আবহে অনুষ্ঠিত এই আয়োজন শেষে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।