খুঁজুন
, ,

তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট!

গোলাম মাওলা রনি
প্রকাশিত: বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২:৩৬ অপরাহ্ণ
তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট!

লালুপ্রসাদ যাদবের একটি বক্তব্য ইন্টারনেটে রীতিমতো ভাইরাল আকারে ঘুরে বেড়াচ্ছে। বিহারের সাবেক মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব পাক-ভারত উপমহাদেশের অত্যন্ত আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। ঘটনার দিন তিনি ভারতীয় লোকসভায় বক্তব্য দিচ্ছিলেন। কংগ্রেস জামানায় যদিও প্রধানমন্ত্রীরূপে মনমোহন সিং দায়িত্ব পালন করছিলেন, কিন্তু পর্দার আড়ালে সব ক্ষমতার মালিক ছিলেন সোনিয়া গান্ধী।

আর সোনিয়া গান্ধীকে কেন্দ্র করে ভারতবর্ষে যে নয়া চাটুকার শ্রেণির দাপট শুরু হয়েছিল তা প্রকাশ করার জন্য জনাব লালু পার্লামেন্টে যেভাবে বক্তব্য উপস্থাপন করেছিলেন তা আধুনিক গণতন্ত্রের সমালোচনার ক্ষেত্রে এক নতুন মাইলস্টোন স্থাপন করেছে।

লালু বলেছিলেন, ম্যাডামজি! প্লিজ! টিটিএমপি থেকে সাবধান হোন, তা না হলে ওরা আপনার সর্বনাশ করে ছাড়বে। পুরো পার্লামেন্ট লালুর মুখে টিটিএমপি শব্দ শুনে প্রথমে স্তম্ভিত হয়ে পড়ল। তারা মনে করল টিটিএমপি সম্ভবত পাকিস্তানের কোনো সন্ত্রাসবাদী নতুন সংগঠন।

স্বয়ং সোনিয়া গান্ধীও আতঙ্কগ্রস্ত হয়ে লালুর প্রতি তাকালেন। তখন লালু বললেন, টিটিএমপি হলো তেল তোড়কে মালিশ পার্টি-যাদের কাজই হলো তেলের শিশি নিয়ে আপনার পেছনে ছুটে বেড়ানো। লালুর কথা শুনে পুরো পার্লামেন্ট হাসিতে ফেটে পড়ল। সোনিয়া গান্ধীও খুব হাসলেন।

লালু এরপর বললেন-আমারও অনেক টিটিএমপি আছে, কিন্তু আমি তাদের ব্যাপারে সচেতন থাকার কারণে তারা সর্বনাশ ঘটাতে পারে না। কিন্তু আপনাকে নিয়ে যে তেলবাজি চলছে, তা ইতিহাসের সব সীমা অতিক্রম করেছে।
বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতার পর থেকে আজকের দিন পর্যন্ত তেল মালিশ পার্টির দাপট জ্যামিতিক হারে কিভাবে বেড়েছে এবং কিভাবে রাজনীতির সব সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছে তা নিয়ে আলোচনা করব। কিন্তু তার আগে প্রাচীন দুনিয়ার দুটি ঐতিহাসিক ঘটনা আপনাদেরকে বর্ণনা করতে চাই। দুটো ঘটনার সময়কাল প্রায় কাছাকাছি।

একটি ঘটেছিল ভারত সম্রাট হর্ষবর্ধনের রাজদরবারে, অন্যটি ঘটেছিল আব্বাসীয় খলিফা আল মনসুরের দরবারে। হর্ষবর্ধনের ঘটনাটি বর্ণিত হয়েছে পণ্ডিত জওয়াহেরলাল নেহরুর ‘দ্য গ্লিমসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’ বইয়ে এবং খলিফা মনসুরের কাহিনিটি বর্ণনা করেছেন ইমাম গাজ্জালী তাঁর পৃথিবী বিখ্যাত বই ‘ইয়াহইয়ায়ে উলুমুদ্দিন’-এ।
তেলবাজির রাজনীতির ঐতিহাসিক প্রেক্ষাপট!নেহরুর বর্ণনায় জানা যায়, সম্রাট হর্ষবর্ধন একদিন তাঁর সভাকবি বানভট্টকে প্রকাশ্য রাজদরবারে ডেকে পাঠান। বানভট্ট দুনিয়ার সর্বকালের মশহুর কবিদের মধ্যে অন্যতম। কালিদাস-ইমরুল কায়েস-শেখ সাদি-ওমর খৈয়াম-ফেরদৌসি-হোমার কিংবা ঋষি বেদব্যাসের মতো মহাকবিদের তালিকায় বানভট্টের নাম রয়েছে। তাঁর লিখিত হর্ষচরিত ইতিহাসের এক অনন্য কবি হিসেবে বানভট্টের যেমন সুনাম রয়েছে, তেমনি চরিত্রহীন লম্পট হিসেবেও তাঁর কুখ্যাতি কম নয়। আর আমি যে জামানার কথা বলছি তখন জ্ঞানী-গুণী-দার্শনিকদের সম্মান ছিল রাজার চেয়েও বেশি এবং সমাজ ও রাষ্ট্রে কবি ও পর্যটকদের আকর্ষণ ছিল সর্বোচ্চ। আজকের দিনে রাজনীতি-চলচ্চিত্রের সুপারস্টারদের নিয়ে লোকজন যেমন আদিখ্যেতা দেখায় তার চেয়েও বেশি আদিখ্যেতা প্রাচীন দুনিয়ার মানুষ দেখাতেন কবিদের নিয়ে। ফলে রাজা হওয়ার পরও অনেকে চেষ্টা করতেন কবি হওয়ার জন্য, আর সেই বোধ থেকেই সম্রাট হর্ষবর্ধন মাঝেমধ্যে দু-চারটি কবিতা লিখে বানভট্টকে দেখাতেন এবং নিজের কাব্য প্রতিভার বাহাদুরির চেষ্টা করতেন। বাংলাদেশের সাবেক স্বৈরাচার আলহাজ কবি হুসেইন মুহম্মদ এরশাদের মতো।

এরশাদের কবি হওয়ার অপচেষ্টা যেভাবে বাংলার কবিরা রুখে দিয়েছিল এবং তাঁর কাব্যপ্রতিভা নিয়ে ঠাট্টা-মস্করা করে কবি মোহাম্মদ রফিক যেভাবে লিখেছিলেন-‘সব শালা কবি হবে, পিঁপড়ে গোঁ ধরেছে উড়বেই,/দাঁতাল শুয়োর এসে রাজাসনে বসবেই’। ঠিক তদ্রূপ সম্রাট হর্ষবর্ধনকে নিয়েও শুরু হলো প্রাচীন উত্তর ভারতে ঠাট্টা-মশকরার তাণ্ডব। এরশাদকে উদ্ধার করার জন্য যেভাবে কবি আবুল ফজল, ফজল শাহাবুদ্দিনের মতো প্রতিষ্ঠিত কবিরা এগিয়ে এলেন এবং নিজেরা মানসম্পন্ন কবিতা লিখে এরশাদের নামে চালিয়ে দিলেন, ঠিক তদ্রূপ বানভট্টও এগিয়ে এলেন সম্রাট হর্ষকে বাঁচানোর জন্য। কিন্তু সমস্যা দেখা দিল অন্য জায়গায়।

এরশাদের জামানার মতো হর্ষের জামানা ছিল না। আর এরশাদের কবিদের তুলনায় হর্ষের কবি ছিলেন শ্রেষ্ঠত্বের মাপকাঠিতে আকাশের তারকার মতো। দ্বিতীয়ত, কবিদের কুকর্ম সম্পর্কে এরশাদ ওয়াকিফহাল ছিলেন এবং তাঁর আশকারা পেয়েই কবিরা কবিতার বলাৎকার করেছিল। অন্যদিকে সম্রাট হর্ষ ছিলেন মহাকালের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট। কাজেই হর্ষের নামে কবিতা লিখে বানভট্ট সেটা প্রচার করবেন তা সম্রাট হর্ষবর্ধনের জামানার সুশাসন, ন্যায়বিচার এবং শিক্ষা-সভ্যতার সঙ্গে বেমানান। সম্রাট মরে গেলেও এমন কর্ম করবেন না এবং তেলবাজ কবি বানভট্ট সাহস করে সম্রাটের কাছে পূর্বানুমতি নিয়ে নিজের লিখিত কবিতা সম্রাটের নামে চালিয়ে দেবেন, তা কল্পনাও করা যেত না।

উল্লিখিত বাস্তবতায় বানভট্ট গোপনে ভালো ভালো কবিতা লিখে তা সম্রাটের লিখিত কবিতা শিরোনামে সাম্রাজ্যের বড় বড় শহর বন্দর নগরে রাতের আঁধারে সেঁটে দিলেন। ফলে উত্তর ভারতজুড়ে হৈচৈ পড়ে গেল। সব কবিরা বিদ্রোহ করলেন এবং সম্রাটকে প্রকাশ্য রাজদরবারে তাঁদের সামনে কাব্য প্রতিভা জাহিরের চ্যালেঞ্জ জানালেন। খবর যখন সম্রাটের কানে এলো তখন তিনি ভারি বিপদে পড়লেন। প্রথমত, তিনি স্বীকার করলেন যে কবিতাগুলো তাঁর লিখিত নয় এবং তিনি জানেনও না যে অপকর্মটি কে করেছে। বিদ্রোহী কবিরা রাষ্ট্রীয় তদন্ত দাবি করলেন এবং সম্রাট তাঁর গোয়েন্দা বাহিনীর মাধ্যমে জানালেন যে তাঁর সভাকবি বানভট্ট কুকাজটি করেছে। প্রকাশ্য রাজদরবারে বিচার বসল এবং বানভট্টকে দোষী সাব্যস্ত করে সম্রাট তাঁকে সভাকবির পদ থেকে পদচ্যুত করলেন এবং রাজদরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। তারপর সম্রাট তাঁর সেই বিখ্যাত উক্তিটি করলেন, রাজার সবচেয়ে বড় বিপদ হলো চাটুকার আর রাজা ও রাজনীতির জন্য নির্মম বাস্তবতা হলো কোনো রাজা এবং কোনো রাজনীতি চাটুকার ছাড়া চলে না।

হর্ষবর্ধনের পর আমরা খলিফা আল মনসুরের দরবারের কাহিনি বলব। খলিফা মনসুর চাটুকারদের যন্ত্রণায় মাঝেমধ্যে অতিষ্ঠ হয়ে রাজদরবার ছেড়ে বেরিয়ে যেতেন, তেলবাজদের উপর্যুপরি অপমান করে তাড়িয়ে দিতেন এবং মিথ্যা শুনতে শুনতে হয়রান হয়ে সত্য ভাষণ শোনার জন্য অস্থির হয়ে পড়তেন। তো এমনি এক দিনে তিনি তাঁর পরিষদবর্গকে হুকুম করলেন, অবিলম্বে একজন সর্বজনশ্রদ্ধেয় জ্ঞানী-গুণীকে আমার সামনে নিয়ে আসো, যিনি খলিফার সামনে দাঁড়িয়ে সত্য কথা বলতে ভয় পাবেন না।

খলিফার লোকজন রাজধানী বাগদাদে তন্নতন্ন করে উল্লিখিত চরিত্রের আলেম খুঁজতে লাগলেন এবং মদিনার অধিবাসী ওয়াসিল ইবনে আতাকে নিয়ে যখন রাজদরবারে হাজির হলেন তখন রাজদরবারে একটি বিচারকার্য চলছিল মদিনার গভর্নর এবং মদিনার সবচেয়ে প্রভাবশালী গোত্রের বিরোধ নিয়ে। উভয় পক্ষই সর্বোচ্চ কায়দা-কানুন করে মিথ্যা বলে খলিফাকে বিভ্রান্ত করছিল। রাজদরবারে ওয়াসিল ইবনে আতাকে দেখে বিবদমান উভয় পক্ষই খলিফাকে বলল-ওয়াসিল ইবনে আতা নির্ভীক ও সত্যবাদী। আমরা তাকে সাক্ষী মানি। খলিফা মদিনার গোত্রপ্রধানদের সম্পর্কে আতার মতামত জানতে চাইলেন।

আতা বললেন, ওরা খুবই বজ্জাত প্রকৃতির মানুষ। সারাক্ষণ দ্বন্দ্ব-ফ্যাসাদ করে এবং অপরাধ করতে করতে ওরা মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। আতার কথা শুনে গোত্রপ্রধানরা মাথা নিচু করে রইল। খলিফা রাগান্বিত হয়ে তাদের বললেন-এতক্ষণ কেন মিথ্যা বলছিলি। অন্যদিকে মদিনার গভর্নর উল্লসিত হয়ে বললেন, ইয়া আমিরুল মুমেনিন, শুনলেন তো! আপনি অযথাই আমার ওপর রাগ করছিলেন। এ অবস্থায় গোত্রপ্রধানরা বললেন, হে আমিরুল মুমেনিন, এবার আপনি আতার কাছ থেকে আপনার গভর্নর সম্পর্কে কিছু জিজ্ঞেস করুন।

খলিফা যখন মদিনার গভর্নর সম্পর্কে জানতে চাইলেন, তখন আতা বললেন, আপনার গভর্নর শয়তানের সর্দার। সে তার দরবারে মদিনার সব শয়তানকে নিয়ে মজমা তৈরি করে। মদ্যপান এবং অশ্লীল কর্মে লিপ্ত থেকে হারামিপনার নিকৃষ্ট সব উদাহরণ তৈরি করে। তার ও তার সাঙ্গোপাঙ্গদের অত্যাচারে মদিনাবাসী অতিষ্ঠ। এই গভর্নরের চেয়ে খারাপ ব্যক্তি মদিনায় দ্বিতীয়টি নেই। আতার কথা শুনে খলিফা গর্জে উঠলেন এবং গভর্নরকে বললেন-বলো! বলো! এখন বলো যে আতা মিথ্যা বলেছে।

উল্লিখিত অবস্থায় গভর্নর বললেন, আতা সত্য বলেছেন। তবে আপনার সম্পর্কে আতা কী বলেন তা একটু জিজ্ঞেস করেন। খলিফা মনসুর অনেকটা আত্মবিশ্বাস নিয়ে বললেন, এবার বলো তো আমি আসলে লোকটা কেমন। আতা বললেন, আপনার প্রশাসনে যত শয়তান রয়েছে নিশ্চয়ই আপনি সেই সব শয়তানের মধ্যে নিকৃষ্টতর, ধুরন্ধর এবং নিষ্ঠুর। আপনি শয়তানের নিয়োগকর্তা-মদদদাতা এবং ভণ্ড, প্রতারণার নিকৃষ্ট উদাহরণ। আপনার শাসনে প্রজারা যে কি কষ্টে আছে তা এই রাজপ্রাসাদে বসে আপনি কোনো দিন শুনতে পাবেন না।

ওয়াসিল ইবনে আতার কথা শুনে খলিফা মনসুর চিৎকার করে বললেন, ‘ওকে সরিয়ে নাও। আমি আর শুনতে পারছি না। নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছি না।’

আমরা আজকের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খলিফা মনসুর এবং সম্রাট হর্ষবর্ধনের ঐতিহাসিক কাহিনির প্রেক্ষাপট, লালুপ্রসাদ যাদবের বক্তব্য এবং বাংলাদেশের রাজনীতির বর্তমান হালহকিকত যদি আমরা বিশ্লেষণ করি, তবে সোনার বাংলায় কী হচ্ছে তা বোধ করি বিস্তারিত আলোচনার প্রয়োজন নেই।

লেখক: রাজনীতিবিদ ও লেখক

 

ফরিদপুরে প্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষ, বদলে যেতে পারে কৃষির চিত্র

হারুন-অর-রশীদ, ফরিদপুর ও আবু নাসের হোসাইন, সালথা:
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ণ
ফরিদপুরে প্রথম বাণিজ্যিকভাবে আনারস চাষ, বদলে যেতে পারে কৃষির চিত্র

কৃষিপ্রধান জেলা ফরিদপুরে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছেন এক তরুণ কৃষি উদ্যোক্তা। প্রচলিত ধান, পাট, গম কিংবা সবজি চাষের গণ্ডি পেরিয়ে এবার প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আনারস চাষ শুরু হয়েছে ফরিদপুরের সালথা উপজেলায়। উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী গ্রামের কৃষি উদ্যোক্তা মিলন ফকির ৮ বিঘা জমিতে আনারসের বাগান গড়ে তুলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন।

স্থানীয় কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, ফরিদপুর অঞ্চলে এ ধরনের বৃহৎ পরিসরের আনারস চাষ আগে দেখা যায়নি। ফলে মিলন ফকিরের এই উদ্যোগ সফল হলে জেলার কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত হওয়ার পাশাপাশি কৃষকদের জন্য বিকল্প ও লাভজনক ফলচাষের পথ উন্মুক্ত হবে।

সরেজমিনে দেখা যায়, যদুনন্দী গ্রামের দুটি পৃথক প্লটে বিস্তীর্ণ জমিজুড়ে সারিবদ্ধভাবে রোপণ করা হয়েছে হাজার হাজার আনারসের চারা। পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত বাগানজুড়ে চলছে নিয়মিত পরিচর্যা। দূর থেকে দেখলে সবুজের সমারোহে ভরা বাগানটি যে কারও দৃষ্টি কাড়ে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে কৃষকরা বাগান পরিদর্শনে আসছেন এবং আনারস চাষের খুঁটিনাটি বিষয়ে জানার আগ্রহ প্রকাশ করছেন।

জানা গেছে, মিলন ফকির দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের সবজি ও কৃষিপণ্য চাষের সঙ্গে যুক্ত। নতুন কিছু করার চিন্তা থেকেই দুই বছর আগে তিনি বাড়ির ছাদে পরীক্ষামূলকভাবে কয়েকটি আনারস গাছ লাগান। আশাতীত ফলন ও সফলতা তাকে বাণিজ্যিকভাবে আনারস চাষে উদ্বুদ্ধ করে। এরপর তিনি পরিকল্পিতভাবে আনারস চাষের জন্য জমি নির্বাচন করেন এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ ও তথ্য সংগ্রহ শুরু করেন।

চলতি বছরে তিনি টাঙ্গাইলের মধুপুর অঞ্চল থেকে ক্যালেন্ডার ও জলডুগু জাতের প্রায় ৮০ হাজার আনারসের চারা সংগ্রহ করেন। পরবর্তীতে ৮ বিঘা জমিতে এসব চারা রোপণ করা হয়। বর্তমানে বাগানের গাছগুলো সুস্থভাবে বেড়ে উঠছে এবং আগামী বছর থেকে ফলন পাওয়া যাবে বলে আশা করছেন তিনি।

কৃষি উদ্যোক্তা মিলন ফকির বলেন, “প্রথমে শখের বসে বাড়ির ছাদে কয়েকটি আনারস গাছ লাগিয়েছিলাম। গাছে ভালো ফল আসার পর আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। তখন মনে হলো, বাণিজ্যিকভাবে আনারস চাষ করা সম্ভব। সেই চিন্তা থেকেই এবার বড় পরিসরে চাষ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “চারা সংগ্রহ, জমি প্রস্তুত, সেচ ব্যবস্থা, সার, শ্রমিক ও পরিচর্যাসহ এ পর্যন্ত প্রায় ১৬ লাখ টাকা ব্যয় হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে আগামী বছর ফল সংগ্রহ করা যাবে। তখন প্রায় ৮০ লাখ টাকার আনারস বিক্রি করা সম্ভব হবে বলে আশা করছি।”

মিলন ফকির জানান, শুধু ফল বিক্রিই নয়, ভবিষ্যতে আনারসের উন্নত জাতের চারা উৎপাদন ও বিক্রিরও পরিকল্পনা রয়েছে তার। এতে একদিকে যেমন অতিরিক্ত আয় হবে, অন্যদিকে স্থানীয় কৃষকরাও সহজে মানসম্পন্ন চারা সংগ্রহ করতে পারবেন।

তিনি বলেন, “আমার এই উদ্যোগ সফল হলে এলাকার অনেক কৃষক আনারস চাষে আগ্রহী হবেন। কৃষি বিভাগের সহযোগিতা ও পরামর্শ পেলে আগামীতে আরও বড় পরিসরে আনারসের আবাদ সম্প্রসারণ করবো।”

স্থানীয় বাসিন্দারা জানান, সালথা এলাকায় এর আগে কখনো এভাবে বাণিজ্যিক আকারে আনারস চাষ হতে দেখা যায়নি। ফলে বাগানটি নিয়ে সাধারণ মানুষের আগ্রহও অনেক বেশি।

স্থানীয় কৃষক আব্দুর রহমান বলেন, “আমরা সাধারণত ধান, পাট ও সবজি চাষ করি। আনারস চাষের কথা কখনো ভাবিনি। মিলন ফকিরের বাগান দেখে মনে হচ্ছে এটি লাভজনক হতে পারে। ফলন ভালো হলে আমরাও এ ধরনের ফলচাষে আগ্রহী হবো।”

আরেক কৃষক মোস্তাফিজুর রহমান বলেন, “বাগানটি দেখতে খুব সুন্দর। প্রতিদিন অনেক মানুষ দেখতে আসছে। সফল হলে এটি এলাকার কৃষকদের জন্য নতুন দৃষ্টান্ত হবে।”

কৃষি বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে আনারস একটি লাভজনক ফল হিসেবে পরিচিত। বিশেষ করে টাঙ্গাইলের মধুপুর, গাজীপুর, ময়মনসিংহ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ব্যাপকভাবে আনারসের চাষ হয়। বর্তমানে বাজারে আনারসের চাহিদা বাড়ছে এবং ফলটি পুষ্টিগুণেও সমৃদ্ধ। এতে রয়েছে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ, অ্যান্টিঅক্সিডেন্ট ও হজম সহায়ক উপাদান। ফলে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে আনারসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

সালথা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম বলেন, “সালথা উপজেলায় প্রথমবারের মতো ৮ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আনারস চাষ করা হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত ইতিবাচক ও আশাব্যঞ্জক উদ্যোগ। কৃষি অফিস থেকে নিয়মিত কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “বর্তমানে কৃষিতে বহুমুখীকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাভজনক ফল ও ফসলের আবাদ বৃদ্ধি পেলে কৃষকদের আয় বাড়বে এবং নতুন উদ্যোক্তা তৈরি হবে। মিলন ফকিরের এই উদ্যোগ সফল হলে জেলার অন্য কৃষকরাও উৎসাহিত হবেন বলে আমরা বিশ্বাস করি।”

ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. রইচ উদ্দিন বলেন, “ফরিদপুরে বাণিজ্যিকভাবে আনারস চাষের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের জেলায় সাধারণত ধান, পাট, গম ও বিভিন্ন সবজি চাষের প্রচলন বেশি থাকলেও কৃষিতে বহুমুখীকরণের লক্ষ্যে নতুন নতুন ফল ও ফসলের আবাদ সম্প্রসারণ অত্যন্ত প্রয়োজন। মিলন ফকিরের মতো উদ্যোক্তারা নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছেন।”

তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে আমরা বাগানের অবস্থা সন্তোষজনক দেখেছি এবং কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও পরামর্শ প্রদান করা হচ্ছে। যদি ফলন ও বাজারজাতকরণ সফল হয়, তাহলে ফরিদপুরের অনেক কৃষক আনারস চাষে আগ্রহী হবেন। এতে কৃষকদের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং জেলার কৃষি অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আমরা আশাবাদী।”

কৃষি বিভাগের কর্মকর্তারা মনে করছেন, জলবায়ু ও মাটির উপযোগিতা বিবেচনায় ফরিদপুর অঞ্চলেও আনারস চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সঠিক পরিচর্যা, বাজার ব্যবস্থাপনা এবং কৃষি বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হতে পারে।

প্রচলিত ফসলের বাইরে গিয়ে নতুন সম্ভাবনার সন্ধানে মিলন ফকিরের এই সাহসী পদক্ষেপ ইতোমধ্যেই কৃষকদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তার স্বপ্ন সফল হলে শুধু একজন উদ্যোক্তার আর্থিক উন্নয়নই নয়, বরং ফরিদপুরে আনারস চাষের নতুন অধ্যায়ের সূচনা হবে। একই সঙ্গে কৃষিভিত্তিক অর্থনীতিতে যোগ হবে নতুন সম্ভাবনা, সৃষ্টি হবে কর্মসংস্থান এবং কৃষকদের জন্য উন্মুক্ত হবে আয়ের নতুন দিগন্ত।

কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২১ জুন, ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ণ
কমলা নাকি কলা, রক্তে শর্করার জন্য কোনটি বেশি ভালো?

সুস্থ থাকতে ফলের কোনো বিকল্প নেই। তবে যখন প্রশ্ন আসে রক্তে শর্করার বা ব্লাড সুগার নিয়ন্ত্রণের, তখন অনেকেই দ্বিধায় পড়ে যান যে কোন ফলটি বেছে নেবেন। বিশেষ করে জনপ্রিয় দুটি ফল কমলা এবং কলার মধ্যে কোনটি ডায়াবেটিস রোগীদের জন্য বা যারা চিনি নিয়ে সচেতন তাদের জন্য বেশি উপকারী, তা নিয়ে বিতর্ক অনেক দিনের।

যদিও উভয় ফলেই প্রাকৃতিক চিনি থাকে, কিন্তু পুষ্টিগত গঠন এবং গ্লাইসেমিক ইনডেক্সের (জিআই) পার্থক্যের কারণে শরীরের রক্তে শর্করার মাত্রায় এদের প্রভাব ভিন্ন হয়।

আজকের ফিচারে আমরা বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে খুঁজে দেখব, আপনার শরীরের জন্য এই দুটি ফলের মধ্যে কোনটি বেশি নিরাপদ এবং কীভাবে খেলে আপনার শর্করা থাকবে নিয়ন্ত্রণে।

গ্লাইসেমিক ইনডেক্সে কে এগিয়ে?

রক্তে শর্করার ব্যবস্থাপনায় কমলার পাল্লা কিছুটা ভারী বলে মনে করা হয়। কারণ কমলার গ্লাইসেমিক ইনডেক্স (জিআই) মাত্র ৩৫, যা বেশ কম। অন্যদিকে, একটি পাকা কলার গ্লাইসেমিক ইনডেক্স সাধারণত ৪৮ এর কাছাকাছি থাকে। যেহেতু কমলার জিআই কম, তাই এটি রক্তে শর্করার মাত্রা কলার তুলনায় ধীরে বৃদ্ধি করে।

পুষ্টির তুলনা: একনজরে

একটি মাঝারি আকারের কলা (১১৮ গ্রাম) এবং একটি মাঝারি কমলার (১৩১ গ্রাম) পুষ্টিগুণ বিশ্লেষণ করলে দেখা যায়:

ক্যালরি: কলায় থাকে ১০৫ ক্যালরি, যেখানে কমলায় থাকে মাত্র ৬১.৬ ক্যালরি।

কার্বোহাইড্রেট বা শর্করা: কলায় শর্করার পরিমাণ ২৬.৯ গ্রাম, অন্যদিকে কমলায় তা ১৫.৫ গ্রাম।

ভিটামিন সি: কমলায় প্রায় ৬৯ দশমিক ৭ মিলিগ্রাম ভিটামিন সি থাকে (দৈনিক চাহিদার ৭৭%), যা কলার (১০.৩ মিলিগ্রাম) তুলনায় অনেক বেশি। শর্করার পরিমাণ কম এবং ভিটামিন সি-এর আধিক্যের কারণে কমলা রক্তে শর্করার ভারসাম্য রক্ষায় কিছুটা বেশি সুবিধাজনক।

কলার গুণাগুণ: পাকা নাকি আধাপাকা?

কলা খাওয়ার ক্ষেত্রে এর পরিপক্কতা বা কতটা পেকেছে তা খুবই গুরুত্বপূর্ণ। কম পাকা বা কিছুটা সবুজ কলায় ‘রেজিস্ট্যান্ট স্টার্চ’ নামক এক ধরণের কার্বোহাইড্রেট থাকে, যা সহজে হজম হয় না এবং রক্তে শর্করার শোষণকে ধীর করে দেয়। গবেষণায় দেখা গেছে, এই ধরণের স্টার্চ ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতেও সাহায্য করতে পারে। তবে কলা যত বেশি পাকে, তার জিআই তত বাড়তে থাকে এবং তা দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দিতে পারে।

কমলার বিশেষ বৈশিষ্ট্য

কমলায় থাকা সাইট্রাস পেকটিন নামক দ্রবণীয় ফাইবার হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় এবং খাবারের পর রক্তে শর্করার শোষণ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া এতে থাকা হেস্পেরিডিন এবং নারিঞ্জিনের মতো ফ্ল্যাভোনয়েডগুলি অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা বিপাকীয় স্বাস্থ্যের উন্নতি ঘটায়।

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রেখে ফল খাওয়ার কিছু কৌশল

আপনি কলা বা কমলা যা-ই পছন্দ করুন না কেন, রক্তে শর্করার প্রভাব কমাতে নিচের নিয়মগুলো মেনে চলতে পারেন:

১. আস্ত ফল খান, রস নয়: ফলের রস করলে এর প্রয়োজনীয় ফাইবার নষ্ট হয়ে যায়, ফলে তা দ্রুত রক্তে শর্করা বাড়িয়ে দেয়। তাই সব সময় আস্ত ফল খাওয়ার চেষ্টা করুন।

২. প্রোটিন বা স্বাস্থ্যকর ফ্যাটের সাথে খান: ফলের সাথে কিছু বাদাম, গ্রিক ইয়োগার্ট বা পনির মিশিয়ে খেলে হজম ধীর হয় এবং সুগার স্পাইক বা শর্করার হঠাৎ বৃদ্ধি কমে।

৩. পরিমিত মাত্রা: ফল যত উপকারীই হোক না কেন, পরিমাণে বেশি খেলে কার্বোহাইড্রেটের পরিমাণ বেড়ে যায়। তাই সব সময় পরিমিত পরিমাণে খাওয়ার অভ্যাস করুন।

৪. কলা কিনুন কিছুটা কাঁচা: ডায়াবেটিস বা প্রি-ডায়াবেটিস থাকলে খুব বেশি পাকা কলার চেয়ে কিছুটা কম পাকা বা শক্ত কলা বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ।

শেষকথা

কমলা এবং কলা উভয়ই স্বাস্থ্যকর ডায়েটের অংশ হতে পারে। তবে যাদের রক্তে শর্করার সমস্যা আছে, তাদের জন্য কম শর্করার কারণে কমলা কিছুটা এগিয়ে থাকলেও, নিয়ম মেনে পরিমিত পরিমাণে কলা খাওয়াও সম্পূর্ণ নিরাপদ।

তথ্যসূত্র: ভেরিওয়েল হেলথ

 

ফরিদপুরে সাপের কামড়ে ছটফট করছিল শিশু আব্দুল্লাহ, ফকিরের আশ্বাসেই হারিয়ে গেল প্রাণ

মুস্তাফিজুর রহমান শিমুল, চরভদ্রাসন:
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ১০:২৭ অপরাহ্ণ
ফরিদপুরে সাপের কামড়ে ছটফট করছিল শিশু আব্দুল্লাহ, ফকিরের আশ্বাসেই হারিয়ে গেল প্রাণ

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে সেক আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) দুপুর ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আব্দুল্লাহ উপজেলার গাজিরটেক ইউনিয়নের চর অমরাপুর গ্রামের সেক শাহেদের ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল পরিবারের সবার ছোট এবং অত্যন্ত আদরের সন্তান।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টার দিকে বাড়ির পেছনে খেলাধুলা করছিল আব্দুল্লাহ। এ সময় একটি কংক্রিটের স্ল্যাবের নিচে থাকা বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। কামড় খাওয়ার পর শিশুটি বাড়িতে এসে মাকে জানায়, তাকে ‘ব্যাঙে কামড় দিয়েছে’। প্রথমে বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় পরিবারের সদস্যরা স্থানীয় এক ব্যক্তির কাছে নিয়ে যান, যিনি নিজেকে ঝাড়ফুঁক ও চিকিৎসাজ্ঞানসম্পন্ন বলে পরিচয় দেন।

শিশুটির চাচি আখি আক্তার জানান, স্থানীয় শহীদ ফকির নামে এক ব্যক্তির কাছে নেওয়ার পর তিনি কিছু পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, এটি সাপের কামড় নয়। তার কথায় আশ্বস্ত হয়ে কিছু সময় সেখানে কাটানো হয়। কিন্তু অল্প সময়ের মধ্যেই আব্দুল্লাহর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে শুরু করে।

পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও দুপুরের দিকে শিশুটি মারা যায়।

গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রথমে শিশুটিকে স্থানীয় এক ফকিরের কাছে নেওয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

আব্দুল্লাহর অকাল মৃত্যুতে পরিবারজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো চর অমরাপুর গ্রাম। প্রতিবেশীরাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।