খুঁজুন
, ,

‘নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর উপহার দিতে চাই ‘ — নায়াব ইউসুফ

মেহেদী সোহেল, ফরিদপুর:
প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
‘নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর উপহার দিতে চাই ‘ — নায়াব ইউসুফ

ফরিদপুর- ৩ (সদর) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর উপহার দিতে চাই। এজন্য আমার আপনাদের সাহায্য প্রয়োজন।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মাধবদিয়া ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বিগত দেড়শত বছর যাবত আমার পরিবার এই ফরিদপুরে নেতৃত্ব দিয়ে আসছে। মানুষ আমাদের ভালোবেসে ভোট দিয়ে এই নেতৃত্ব দিয়ে এসেছে। বিগত দিনে আমরা কখনো আপনাদের রেখে পালাইনি। কারণ আমরা মনে করি এই নেতৃত্ব দেয়া হলো আমাদের একটি দায়িত্ব। আমরা ক্ষমতা দেখানোর জন্য নেতৃত্বে আসি না, দুর্নীতি করার জন্য নেতৃত্বে আসিনা, আমরা নেতৃত্বে আসি মানুষের সেবা করার জন্য। আমরা নিঃস্বার্থভাবে ফরিদপুরবাসীর সেবা করেছি, এখনো করছি এবং ভবিষ্যতেও করব। আমিই একমাত্র আপনাদের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে পারব। আমি নির্বাচিত হলে আপনাদেরকে মাদক ও সন্ত্রাস মুক্ত ফরিদপুর উপহার দিতে চাই।

তিনি আরও বলেন, জনগণের সেবা করার সুযোগ পেতে আপনাদের সহযোগিতা আমার দরকার। আপনাদের সহযোগিতা ছাড়া আমি এমপি – মন্ত্রী কোনটাই হতে পারব না। আপনারাই আমার সব। তাই আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে এই বাকি কয়েকটা দিন একটু কষ্ট করে আমার জন্য ধানের শীষের ভোট চাইবেন।

তিনি আরো বলেন, যারা ধর্মকে নিয়ে রাজনীতি করে তারা মুসলমান হতে পারে না। ধর্ম ধর্মের জায়গায়, রাজনীতি রাজনীতির জায়গায়। যারা রাজনীতির মধ্যে ধর্মকে টানে তাদেরকে আপনারা প্রতিরোধ করবেন।

আমি আপনাদের সতর্ক করতে চাই, বিগত ষোল বছর আপনারা ভোট দিতে পারেন নাই। আপনাদের সুযোগ এসেছে, এখন যদি আপনারা এদিক-ওদিক যান তাহলে আগামী একশত বছর পরাধীনতার অন্ধকারে দেশের মানুষ ডুবে যাবে। তাই আপনাদের বলছি বিশেষ করে মা বোনেদের, আপনারা বোকার মত কাজ করবেন না, সতর্কতার সাথে ভোট দিবেন, সুযোগ কাজে লাগাবেন। ১২ তারিখ পর্যন্ত এই কয়েকটা দিন আপনারা আমার জন্য কাজ করেন। ইনশাআল্লাহ নির্বাচিত হলে ১২ তারিখের পর থেকে পাঁচ বছর আপনাদের জন্য আমি কাজ করবো। আপনাদের সেবায় নিয়োজিত থাকবো। কাজেই আপনারা ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন।

ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়ার মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম।

এ সময় স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার সদস্য সচিব শাহরিয়ার শিথিল, চর মাধবদিয়া ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি মো. রফিকুল ইসলাম, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম বেপারী, মমিন খার হাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখার সভাপতি মির্জা প্রিন্স আলী, জাতীয়তাবাদী প্রবাসী দল ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক কাউসার তালুকদার সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ী-দোকানদার ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ
ফরিদপুরে শিশু ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরের মধুখালীতে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামাল মোল্লা (৬৫) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কড়া পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়।

​দণ্ডপ্রাপ্ত জামাল মোল্লা মধুখালী উপজেলার মাবকান্দি পশ্চিমপাড়া এলাকার মৃত মোমিন মোল্লার ছেলে। অন্যদিকে ভুক্তভোগী শিশুটির বাড়ি রাজবাড়ী সদর থানার বানিয়াবহু হুগলাডাঙ্গী গ্রামে।

​মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৬ সালের ৩ মে বিকেল আনুমানিক ৪টার দিকে শিশুটি দর্জির বাড়ি থেকে জামা আনতে গিয়ে তা না পেয়ে আসামির বাড়ির উঠানে তার নাতনিসহ অন্য শিশুদের সঙ্গে খেলছিল। এ সময় জামাল মোল্লা শিশুটিকে ফুঁসলিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করেন।

​একপর্যায়ে শিশুটি কোনোমতে নিজেকে ছাড়িয়ে পালিয়ে যাওয়ার সময় সিঁড়ির ওপর পড়ে চিৎকার করতে থাকে। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। ঘটনার পর আসামি জামাল মোল্লা এলাকা থেকে পালিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

​আদালত সাক্ষ্য-প্রমাণ গ্রহণ ও দীর্ঘ শুনানির পর আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় এই দণ্ডাদেশ দেন।

​রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, “সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত সঠিক রায় দিয়েছেন। এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজে অপরাধ প্রবণতা কমবে বলে আমরা আশা করি।”

সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
সদরপুরে ইজিবাইকের ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ফরিদপুরের সদরপুরে ইজিবাইকের ধাক্কায় ফারদিন (৭) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

​সোমবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী এলাকার পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত ফারদিন একই এলাকার বাচ্চু মাতুব্বরের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কারীরহাট মধু মন্ডলের ডাঙ্গী এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি চলন্ত ইজিবাইক ফারদিনকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে মাথায় মারাত্মক আঘাত পায়। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডিনঃ সুমাইয়া পারভেজ তাকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ্ জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ফরিদপুরের নগরকান্দায় কালী মন্দিরের তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ৩:৫৫ অপরাহ্ণ
ফরিদপুরের নগরকান্দায় কালী মন্দিরের তালা ভেঙে দুই পিতলের মূর্তি চুরি

ফরিদপুরের নগরকান্দা বাজারে অবস্থিত কেন্দ্রীয় কালী মন্দিরের তালা ভেঙে দুটি পিতলের মূর্তি চুরির অভিযোগ উঠেছে। চুরি হওয়া মূর্তি দুটির আনুমানিক ওজন ২২ কেজি বলে জানা গেছে। এ ঘটনায় লিখিত অভিযোগের পর তদন্তে নেমেছে নগরকান্দা থানা পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) সকালে মন্দিরে পূজা দিতে গিয়ে মূর্তি চুরির বিষয়টি দেখতে পান মন্দিরের সেবায়েত রমা চক্রবর্তী (৩০)। পরে মন্দির কমিটির সঙ্গে আলোচনা করে তিনি নগরকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের দরজায় তালা লাগিয়ে পাশের বাসায় চলে যান সেবায়েত রমা চক্রবর্তী। রাত সাড়ে ১২টার দিকে তিনি মন্দিরটি একবার পরিদর্শন করে পুনরায় বাসায় ফিরে যান।

এরপর সোমবার ভোর ৬টার দিকে পূজা দিতে মন্দিরে গিয়ে তিনি দেখতে পান, ভেতরে রাখা দুটি পিতলের মূর্তি নেই। পরে মন্দিরের তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি।

সেবায়েতের ধারণা, রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টার মধ্যে কোনো এক সময় অজ্ঞাতনামা চোর বা চোরেরা মন্দিরের তালা ভেঙে মূর্তি দুটি চুরি করে নিয়ে যায়।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের নগরকান্দা উপজেলা সভাপতি শ্রী রণদা প্রসাদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ মুঠোফোনে ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘ফরিদপুর প্রতিদিন‘-কে বলেন, চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। অভিযোগটি তদন্ত করে ঘটনায় জড়িতদের শনাক্ত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।