খুঁজুন
, ,

রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন?

হাবিবুল্লাহ রায়হান
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ণ
রমজানে শয়তান বন্দি, তবু গোনাহ কেন?

রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, এ মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয় এবং শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয় (বোখারি : ১৮৯৯)। তবু বাস্তবতা হলো, রমজানেও মানুষ গোনাহ থেকে পুরোপুরি মুক্ত হতে পারে না। প্রশ্ন জাগে, শয়তান বন্দি থাকলে প্ররোচনা আসে কোথা থেকে?

উত্তর খুঁজতে হলে মানুষের অন্তর্জগৎকে বুঝতে হবে। মানুষের ভেতরে আছে নফস, প্রবৃত্তি, যা ভালো ও মন্দের মাঝখানে দোল খায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই নফস মানুষকে মন্দের দিকেই আহ্বান করে, তবে সে নয় যার প্রতি আমার রব দয়া করেন।’ (সুরা ইউসুফ : ৫৩)

আবার সুরা কিয়ামাহ (২)-এ নফসে লাওয়ামার শপথ করা হয়েছে, আর সুরা ফজর (২৭)-এ নফসে মুতমাইন্নাহর প্রশান্ত অবস্থার কথা উল্লেখ আছে। অর্থাৎ মন্দের বীজ মানুষের ভেতরেই রোপিত। শয়তান সেই বীজে পানি দেয়, কিন্তু বীজটি আমাদেরই।

অনেক আলেমের ব্যাখ্যায় এসেছে, রমজানে সব শয়তান নয়; বরং প্রধান শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। ফলে কুমন্ত্রণা কমে, কিন্তু মানুষের বহু বছরের গড়ে ওঠা অভ্যাস, আসক্তি ও পরিবেশগত প্রভাব থেকে যায়। এক মাসের জন্য বাইরের প্ররোচনা সীমিত হলেও ভেতরের দুর্বলতা রাতারাতি বদলে যায় না।

যে চোখ দীর্ঘদিন অবাধ্য ছিল, যে জিহ্বা গিবত বা কটু কথায় অভ্যস্ত, সে কি একটি ঘোষণায় থেমে যাবে? পরিবর্তনের জন্য প্রয়োজন সচেতন সাধনা, আত্মসংযমের অনুশীলন।

ইসলাম মানুষকে দায়িত্বশীল সত্তা হিসেবে উপস্থাপন করেছে। কোরআনে বলা হয়েছে, ‘যে সৎকর্ম করে সে নিজের জন্যই করে, আর যে অসৎকর্ম করে তা তারই বিরুদ্ধে যায়।’ (সুরা জাসিয়া : ১৫)

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বুদ্ধিমান সেই ব্যক্তি, যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে (তিরমিজি )।’ এই শিক্ষাই স্পষ্ট করে, আসল জিহাদ বাইরের কারও বিরুদ্ধে নয়; নিজের নফসের বিরুদ্ধে।

রমজান মূলত এক মাসের আত্মশুদ্ধির প্রশিক্ষণ। কোরআনে ঘোষণা এসেছে, ‘হে ঈমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা : ১৮৩)

রোজা শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়। রাসুল (সা.) সতর্ক করেছেন, ‘যে ব্যক্তি মিথ্যা কথা ও মিথ্যা কাজ পরিত্যাগ করে না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। (সহিহ বোখারি)

অতএব রমজান আমাদের শেখায়, আত্মনিয়ন্ত্রণই মুক্তির পথ। এখানে শয়তানের প্রভাব কমিয়ে আমাদের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা হয়, যেন আমরা নিজের ভেতরটাকে চিনতে পারি।

তাই রমজানে গোনাহ হলে শুধু শয়তানকে দোষ দিয়ে দায় সারা যাবে না। নিজের সিদ্ধান্ত, নিজের অভ্যাস, নিজের দুর্বলতার মুখোমুখি দাঁড়াতে হবে। এ মাস অজুহাতের নয়; আত্মসমালোচনার। ব্যর্থতার নয়; ফিরে আসার।

আসুন, আমরা শয়তানকে নয়, নিজের নফসকে প্রশ্ন করি। প্রতিদিন একটু করে বদলাই। তাহলেই রমজান আমাদের জীবনে কেবল একটি মাস হয়ে থাকবে না; হয়ে উঠবে আত্মশুদ্ধির নতুন সূচনার দরজা।

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৮:২৮ পূর্বাহ্ণ
হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

ভ্রমণে বের হলে হোটেলে থাকা অনেকটাই স্বাভাবিক বিষয়। কিন্তু হোটেলকক্ষে ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষিত রাখা যে কতটা জরুরি, তা সাম্প্রতিক সময়ের নানা ঘটনার পর আরও স্পষ্ট হয়ে উঠেছে।

বিভিন্ন দেশে এমনকি আমাদের দেশেও হোটেল রুমে লুকানো গোপন ক্যামেরা বসিয়ে অতিথিদের ব্যক্তিগত মুহূর্ত ধারণের ঘটনা সামনে এসেছে। শুধু গোপনীয়তা নয়, এই ধরনের কার্যকলাপ ব্যক্তিগত নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ফলে ভ্রমণে নিশ্চিন্তে থাকার আগে সতর্ক থাকা এখন জরুরি হয়ে পড়েছে।

অনেকে মনে করেন, এসব গোপন ক্যামেরা শনাক্ত করতে আলাদা কোনো আধুনিক যন্ত্রের প্রয়োজন হয়। কিন্তু বাস্তবে স্মার্টফোনই হতে পারে কার্যকর হাতিয়ার। হাতে থাকা মোবাইলের ফ্ল্যাশলাইট, ক্যামেরা বা বিশেষ অ্যাপ ব্যবহার করেই সহজে গোপন ক্যামেরা চিহ্নিত করা সম্ভব। এমনকি ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমেও অনেক সময় লুকানো ক্যামেরার খোঁজ পাওয়া যায়। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণে বের হলে সামান্য কিছু সচেতনতা আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে পারে।

আপনার হাতে থাকা স্মার্টফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করে গোপন ক্যামেরার লেন্স খুঁজে পাওয়া সম্ভব। লুকানো ক্যামেরার লেন্স থেকে আলো প্রতিফলিত হয়। এজন্য কক্ষের সব আলো বন্ধ করে ফ্ল্যাশলাইট চালু করতে হবে। এরপর এয়ার ভেন্ট, ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, ঘড়ি বা আয়নার মতো জায়গায় আলো ফেলতে হবে। আলোয় যদি ক্ষুদ্র প্রতিফলন বা লেন্সের মতো কিছু দেখা যায়, সেটি সন্দেহজনক হতে পারে।

ক্যামেরার মাধ্যমে ইনফ্রারেড আলো শনাক্ত

গোপন ক্যামেরা থেকে নির্গত অতি লাল বা ইনফ্রারেড আলো খালি চোখে দেখা যায় না। তবে স্মার্টফোনের ক্যামেরা দিয়ে তা শনাক্ত করা যায়। এজন্য কক্ষের আলো নিভিয়ে ফোনের ক্যামেরা চালু করে সন্দেহজনক স্থানগুলো স্ক্যান করতে হবে। ক্যামেরার স্ক্রিনে ক্ষুদ্র আলোকবিন্দু বা ঝলক দেখা গেলে সেটি ইনফ্রারেড আলো হতে পারে, যা গোপন ক্যামেরার উপস্থিতির ইঙ্গিত দেয়।

ক্যামেরা শনাক্তকারী অ্যাপ ব্যবহার

বর্তমানে স্মার্টফোনের জন্য এমন অনেক অ্যাপ রয়েছে, যা দিয়ে গোপন ক্যামেরা শনাক্ত করা সম্ভব। এসব অ্যাপ ইনফ্রারেড আলো, চৌম্বকক্ষেত্র বা অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে। নির্ভরযোগ্য একটি অ্যাপ ডাউনলোড করে রুমের সন্দেহজনক স্থানে পরীক্ষা করলেই সম্ভাব্য লুকানো ক্যামেরা ধরা পড়তে পারে।

ওয়াই-ফাই নেটওয়ার্কে সন্দেহজনক ডিভাইস শনাক্ত

অনেক গোপন ক্যামেরা ওয়াই-ফাই নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। স্মার্টফোন দিয়ে রুমের ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত যন্ত্র শনাক্ত করা সম্ভব। স্মার্টফোনের ওয়াই-ফাই সেটিংসে গিয়ে নেটওয়ার্কে যুক্ত যন্ত্রগুলোর তালিকা দেখতে হবে। তালিকায় যদি অপরিচিত বা সন্দেহজনক নামের ডিভাইস যেমন আইপি ক্যামেরা বা ক্যামেরা দেখা যায়, সেটি নিয়ে সতর্ক হতে হবে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, ভ্রমণের সময় হোটেলে ওঠার পর শুধু আরামের কথা না ভেবে নিরাপত্তার দিকেও গুরুত্ব দিতে হবে। সামান্য সচেতনতা আপনাকে অস্বস্তিকর এমনকি ভয়াবহ পরিস্থিতি থেকেও রক্ষা করতে পারে।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

ফরিদপুরে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা, ‘আগমনী বার্তা’র ১ লাখ ফলোয়ার উদযাপন

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১০:১১ অপরাহ্ণ
ফরিদপুরে কন্টেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা, ‘আগমনী বার্তা’র ১ লাখ ফলোয়ার উদযাপন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জনপ্রিয় ফেসবুকভিত্তিক সংবাদ ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম ‘আগমনী বার্তা’ এক লাখ ফলোয়ারের মাইলফলক স্পর্শ করায় পেজটির প্রতিষ্ঠাতা ও এডমিন সোহাগ মাতুব্বরকে সংবর্ধনা দিয়েছেন উপজেলার কন্টেন্ট ক্রিয়েটররা।

মঙ্গলবার (২১ জুলাই) ভাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, সামাজিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।

সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজক ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাফেজ মাহমুদ, সোহেল রানা, তুহিন মুন্সী, সাগর মাহমুদ ও রাসেল। এ সময় উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, রেজাউল শেখ, সোহাগ মোল্লা, জিয়া শিকদার, ফারুক তালুকদার, হারুন-অর-রশীদ তালুকদার, সুমন মোল্লাসহ উপজেলার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তথ্যপ্রচার, জনসচেতনতা সৃষ্টি এবং ইতিবাচক সামাজিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই দায়িত্বশীল, তথ্যভিত্তিক ও মানসম্মত কন্টেন্ট তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে নতুন প্রজন্মের কন্টেন্ট ক্রিয়েটরদের সৃজনশীলতা বিকাশ এবং ডিজিটাল প্ল্যাটফর্মকে সমাজকল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

সংবর্ধনা গ্রহণকালে ‘আগমনী বার্তা’ পেজের প্রতিষ্ঠাতা ও এডমিন সোহাগ মাতুব্বর বলেন, “এক লাখ ফলোয়ার অর্জন আমার একার সাফল্য নয়। এটি আমার সকল দর্শক, ফলোয়ার, শুভাকাঙ্ক্ষী এবং সহকর্মীদের ভালোবাসা ও আস্থার ফল। ভবিষ্যতেও ভাঙ্গার মানুষের কথা, স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং ইতিবাচক সংবাদ তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল কন্টেন্ট তৈরির মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই তাঁর মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষে সংবর্ধনা স্মারক প্রদান, কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। স্থানীয় কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলতেও এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

দোয়া চেয়ে নতুন আন্তর্জাতিক সফরে মাওলানা এমএ করিম ইবনে মছব্বির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ণ
দোয়া চেয়ে নতুন আন্তর্জাতিক সফরে মাওলানা এমএ করিম ইবনে মছব্বির

আন্তর্জাতিক ইসলামি ব্যক্তিত্ব মাওলানা এমএ করিম ইবনে মছব্বির দীর্ঘ কয়েক মাসের সফর শেষে এবার নতুন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছেন।

তিনি জার্মানির ফ্রাঙ্কফুট থেকে লুফথানসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উজবেকিস্তানের বুখারা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। উজবেকিস্তানে পৌঁছানোর পর, তিনি পবিত্র বুখারী শরীফের রচয়িতা হযরত ইমাম বুখারী (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে সমরকন্দে গমন করবেন। উজবেকিস্তানে তিন দিন অবস্থান করার পরিকল্পনা রয়েছে তার।

​উজবেকিস্তান সফর শেষে তিনি ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় যাত্রা করবেন। এই সফরের একটি অত্যন্ত আবেগপূর্ণ ও বিশেষ উদ্দেশ্য রয়েছে—ইথিওপিয়ার প্রধানমন্ত্রী এবং শান্তিতে নোবেল বিজয়ী আবি আহমেদের পিতা, মরহুম আলী আহমেদের কবর জিয়ারত করা।

উল্লেখ্য, মাওলানা এমএ করিম ইবনে মছব্বিরের জীবনে মরহুম আলী আহমেদের অবদান অপরিসীম; তিনি এক সময় নিজের জীবন বাজি রেখে মাওলানা করিম ইবনে মছব্বিরের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকার করেছিলেন। এই কৃতজ্ঞতা থেকেই তিনি মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে যাচ্ছেন।

​মাওলানা এমএ করিম ইবনে মছব্বির এই গুরুত্বপূর্ণ সফরের জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি।