খুঁজুন
, ,

বারবার রাত ৩টায় ঘুম ভেঙে যাচ্ছে? জানুন সমাধানের উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৪৬ পূর্বাহ্ণ
বারবার রাত ৩টায় ঘুম ভেঙে যাচ্ছে? জানুন সমাধানের উপায়

রাতের গভীর ঘুম হঠাৎ ভেঙে গেলে অনেকেই ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সময়টা রাত ৩টা বা তার কাছাকাছি। এরপর আর সহজে ঘুম আসে না। এপাশ-ওপাশ করতে করতে সকাল হয়ে যায়। পরদিন সারাদিন ক্লান্তি, বিরক্তি আর ঝিমুনিতে কাটে।

বিশেষজ্ঞরা বলছেন, মাঝরাতে বিশেষ করে ভোর ৩টার দিকে ঘুম ভেঙে যাওয়া সবসময় অস্বাভাবিক নয়। তবে এটি যদি নিয়মিত ঘটতে থাকে, তাহলে শরীর ও মনের কিছু সংকেতের দিকে নজর দেওয়া জরুরি।

ঘুমের স্বাভাবিক চক্রের কারণেও হতে পারে

মানুষের ঘুম সাধারণত ৯০ থেকে ১০০ মিনিটের কয়েকটি চক্রে বিভক্ত। প্রতিটি চক্র শেষে ঘুম কিছুটা হালকা হয়। রাতের দ্বিতীয় ভাগে ঘুম আরও হালকা হয়ে যাওয়ায় তখন জেগে ওঠার সম্ভাবনা বেশি থাকে। বিশেষজ্ঞদের মতে, অনেকেই রাতে আরও আগেও জেগে ওঠেন, কিন্তু তখন গভীর ঘুম থাকায় তা মনে থাকে না। ভোরের দিকে ঘুম হালকা থাকায় মানুষ সেই জেগে ওঠার বিষয়টি বেশি টের পান।

স্ট্রেস ও দুশ্চিন্তা বড় কারণ

অতিরিক্ত মানসিক চাপ, উদ্বেগ বা দীর্ঘদিনের দুশ্চিন্তা মাঝরাতের ঘুম নষ্ট করতে পারে। কাজের চাপ, সম্পর্কের টানাপোড়েন, ভবিষ্যৎ নিয়ে চিন্তা কিংবা স্বাস্থ্যগত ভয়; এসব কারণে মস্তিষ্ক রাতে পুরোপুরি বিশ্রামে যেতে পারে না। ফলে রাতের হালকা ঘুমের সময়, বিশেষ করে ভোর ৩টার দিকে ঘুম ভেঙে যায়। অনেকের ক্ষেত্রে তখন মাথায় নানা চিন্তা ঘুরতে থাকে এবং পুনরায় ঘুমাতে কষ্ট হয়।

কর্টিসল হরমোনের প্রভাব

শরীরের ‘স্ট্রেস হরমোন’ হিসেবে পরিচিত কর্টিসল ভোরের দিকে স্বাভাবিকভাবেই বাড়তে শুরু করে, যাতে মানুষ ঘুম থেকে জাগতে পারে। কিন্তু যাদের মানসিক চাপ বেশি বা স্নায়বিক অস্থিরতা রয়েছে, তাদের ক্ষেত্রে এই হরমোন আগেভাগেই বেড়ে যেতে পারে। ফলাফল—রাত ৩টা বা তার কাছাকাছি সময়ে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া।

খাবারের অভ্যাসও দায়ী হতে পারে

রাতে ভারী খাবার খাওয়া, অতিরিক্ত পানি পান, চা-কফি কিংবা অ্যালকোহল জাতীয় পানীয় গ্রহণ ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, রাতের খাবার খুব তাড়াতাড়ি খেলে বা দীর্ঘ সময় না খেয়ে থাকলেও রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে মাঝরাতে ঘুম ভাঙতে পারে।

কিছু শারীরিক সমস্যার ইঙ্গিতও হতে পারে।

বারবার রাতে ঘুম ভাঙার পেছনে কিছু স্বাস্থ্যগত কারণও থাকতে পারে। যেমন—

শ্বাসকষ্ট বা স্লিপ অ্যাপনিয়া

দীর্ঘমেয়াদি ব্যথা

হৃদরোগজনিত সমস্যা

স্নায়বিক জটিলতা

মেনোপজ বা হরমোনজনিত পরিবর্তন

বিশেষ করে নারীদের ক্ষেত্রে মেনোপজের সময় হট ফ্ল্যাশ ও রাতের ঘাম ঘুম ভাঙার কারণ হতে পারে।

ঘুম ভাঙলে কী করবেন?

ভোররাতে ঘুম ভেঙে গেলে অনেকেই মোবাইল হাতে নিয়ে স্ক্রলিং শুরু করেন। কিন্তু এতে ঘুম আরও দূরে সরে যায়।

বরং বিশেষজ্ঞরা কিছু সহজ কৌশল অনুসরণের পরামর্শ দেন—

গভীর শ্বাস নিন

শরীরকে বিছানায় শিথিলভাবে ছেড়ে দিন

চোখ বন্ধ করে শান্ত কোনো দৃশ্য কল্পনা করুন

শরীরের বিভিন্ন অংশ ধীরে ধীরে শিথিল করার চেষ্টা করুন

সময় দেখার জন্য বারবার ঘড়ির দিকে তাকাবেন না

যদি ১৫-২০ মিনিটেও ঘুম না আসে, তাহলে কিছু সময়ের জন্য বিছানা ছেড়ে শান্ত পরিবেশে বই পড়া বা হালকা রিল্যাক্সেশন করতে পারেন।

ভালো ঘুমের জন্য যেসব অভ্যাস জরুরি

প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও ওঠা

শোবার ঘর ঠান্ডা, অন্ধকার ও শান্ত রাখা

রাতে ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলা

দিনের বেলা স্ট্রেস কমাতে মেডিটেশন বা ব্যায়াম করা

ঘুমানোর আগে মোবাইল ও স্ক্রিন টাইম কমানো

কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?

যদি দীর্ঘদিন ধরে নিয়মিত ভোররাতে ঘুম ভেঙে যায়, দিনের কাজে ক্লান্তি দেখা দেয় বা মানসিক অস্থিরতা বাড়তে থাকে, তাহলে চিকিৎসক বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কারণ অনেক সময় ঘুমের এই সমস্যাই শরীর বা মনের গভীর কোনো সমস্যার প্রাথমিক সংকেত হতে পারে।

তথ্যসূত্রভেরি ওয়েল মাইন্ড

ফরিদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ফরিদপুর প্রতিনিধি:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:২৯ অপরাহ্ণ
ফরিদপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রয়েল পরিবহন এবং মাগুরাগামী আপন পরিবহনের দুটি বাস করিমপুর এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

স্থানীয় লোকজন, কোতোয়ালি থানা পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই কোতোয়ালী থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কের উভয় পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন স্থগিত

আগামী ৪ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফরিদপুর ডায়াবেটিক সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের নির্বাচন। তবে আদালতের আদেশে আপাতত সেই নির্বাচন স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে ফরিদপুরের বিজ্ঞ সিভিল জজ আদালতের বিচারক রুমানা আক্তার এ সংক্রান্ত স্থগিতাদেশ প্রদান করেন।

বিষয়টি ‘ফরিদপুর প্রতিদিন‘-কে নিশ্চিত করেছেন ফরিদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহ মো. আবু জাফর।

জানা গেছে, আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী নির্বাচন স্থগিত চেয়ে আদালতে একটি দেওয়ানি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৩৯৪/২০২৬। মামলার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আদালত আগামী ৪ জুলাই নির্ধারিত ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন স্থগিতের আদেশ দেন।

তবে মামলার আবেদনে কী কী বিষয় উল্লেখ করা হয়েছে এবং পরবর্তী শুনানির তারিখ কবে নির্ধারণ করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

এদিকে আদালতের এ আদেশের ফলে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী নির্বাচন আয়োজনের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ফ্রিজের আয়ু বাড়ানোর সহজ উপায়, এক পলকে দেখে নিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ণ
ফ্রিজের আয়ু বাড়ানোর সহজ উপায়, এক পলকে দেখে নিন

একটা ভালো মানের ফ্রিজ সঠিকভাবে ব্যবহার করলে ১২ থেকে ১৫ বছর পর্যন্ত সার্ভিস দেয়। কিন্তু বাংলাদেশে অনেক পরিবারে দেখা যায় সাত-আট বছরেই ফ্রিজ ঘন ঘন সমস্যা করতে শুরু করে। এর পেছনে যন্ত্রের দোষ কম, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভ্যাসের দোষ বেশি।

বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রিজের বাড়তি চাপ:

ইউরোপ বা আমেরিকার তুলনায় বাংলাদেশে ফ্রিজের উপর চাপ অনেক বেশি। গরমের মাসগুলোতে তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায়। বাইরের তাপমাত্রা বেশি হলে ফ্রিজের কম্প্রেসরকে বেশি কাজ করতে হয়। এর সাথে যোগ হয় লোডশেডিংয়ের সমস্যা। বিদ্যুৎ চলে গিয়ে ফিরে আসার সময় ভোল্টেজের ওঠানামা কম্প্রেসরের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ। এই চাপ কমাতে সহজ কিছু অভ্যাস মেনে চললে ফ্রিজের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব।

ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করুন:

লোডশেডিংয়ের পর বিদ্যুৎ ফিরলে প্রায়ই ভোল্টেজ স্বাভাবিকের চেয়ে বেশি বা কম থাকে। এই অবস্থায় কম্প্রেসর চালু হলে মোটরে অতিরিক্ত চাপ পড়ে এবং ধীরে ধীরে ক্ষতি হয়। ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করলে এই ঝুঁকি অনেকটাই কমে যায়।

গরম খাবার সরাসরি ফ্রিজে রাখবেন না:

রান্নার পরপরই গরম খাবার ফ্রিজে রাখলে ফ্রিজের ভেতরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যায়। স্বাভাবিক তাপমাত্রায় ফিরিয়ে আনতে কম্প্রেসরকে অনেক বেশি কাজ করতে হয়। খাবার ঘরের তাপমাত্রায় ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রাখুন।

পেছনের কয়েল পরিষ্কার রাখুন:

ফ্রিজের পেছনে বা নিচে কালো রঙের কুণ্ডলী পাকানো যে অংশটা থাকে সেটা কনডেন্সার কয়েল। এই কয়েলে ধুলো জমলে তাপ ছাড়তে পারে না, ফলে কম্প্রেসর বেশি চলতে হয়। প্রতি ছয় মাসে একবার নরম ব্রাশ দিয়ে এই কয়েল পরিষ্কার করুন।

দরজার রাবার সিল পরীক্ষা করুন:

ফ্রিজের দরজার চারপাশে রাবারের সিল থাকে যেটা ঠান্ডা বাতাস বের হতে দেয় না। এই সিল নষ্ট হলে বা আলগা হলে ঠান্ডা বাতাস বের হয়ে যায় এবং কম্প্রেসর সারাক্ষণ চলতে থাকে। একটা সহজ পরীক্ষা হলো দরজায় একটা কাগজ রেখে বন্ধ করুন, সহজেই টেনে বের করতে পারলে সিল দুর্বল হয়ে গেছে।

ফ্রিজের চারপাশে বাতাস চলাচলের জায়গা রাখুন:

দেয়াল বা আসবাবপত্রের একদম সাথে লাগিয়ে ফ্রিজ রাখলে কনডেন্সারের তাপ বের হতে পারে না। ফ্রিজের পেছনে এবং দুই পাশে কমপক্ষে চার থেকে পাঁচ সেন্টিমিটার ফাঁকা রাখুন।

অতিরিক্ত ঠেসে ভরবেন না:

ফ্রিজের ভেতর বায়ু চলাচল না হলে সব জায়গায় সমান ঠান্ডা পৌঁছায় না। কম্প্রেসর তখন বেশি কাজ করে। খাবার গুছিয়ে রাখুন যাতে ঠান্ডা বাতাস সব দিকে ছড়াতে পারে।

কখন বুঝবেন মেরামত নয়, বদলানোর সময় হয়েছে:

ফ্রিজের বয়স ১০ বছরের বেশি হলে এবং ঘন ঘন কম্প্রেসর বা কুলিং সমস্যা হলে মেরামতে টাকা ঢালা সবসময় বুদ্ধিমানের কাজ নয়। পুরনো ফ্রিজ বিদ্যুৎও বেশি খরচ করে। সেক্ষেত্রে *বাজারে নতুন ফ্রিজের মডেল ও দাম* [https://www.bdstall.com/refrigerator/] অনলাইনে দেখে তুলনা করে নেওয়াটা সময় ও অর্থ দুটোই বাঁচায়।

ফ্রিজ একটা দীর্ঘমেয়াদি বিনিয়োগ। একটু সচেতন থাকলে এবং সহজ কিছু অভ্যাস মেনে চললে একই ফ্রিজ অনেক বেশি সময় ধরে ভালো সার্ভিস দেবে।